Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৩ বিশ্ববিদ্যালয় কানাডায় আবেদনের যোগ্যতা হারিয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অপহরণ করে টাকা লুট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অপহরণ করে টাকা লুট

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন। কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করা হয়।

ভুক্তভোগী প্রভাষক বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ থানায় ৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

আবদুর রাজ্জাক সোহেল জানিয়েছেন, বুধবার দুপুরে তিনি সহকর্মীর প্রাইভেট কারে কোটবাড়ি এলাকায় যান এবং বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেট কারে থাকা চারজন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে থাকা দুর্বৃত্তরা তার বুকে ও মাথায় আঘাত করে।

পরে তাকে দাউদকান্দি এলাকায় ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে নিয়ে গিয়ে চার ধাপে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। এছাড়া তার মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও বিকাশ থেকে ২,৫০০ টাকা নিয়ে মোট ৯৭,৫০০ টাকা লুট করা হয়। মোবাইল ফোনের সিম খুলে ফোনটি ফরম্যাট করা হয়।

দুর্বৃত্তরা গাড়ির ভেতরে তাকে এসিড ছোঁয়ার এবং চেতনানাশক প্রয়োগের হুমকি দেয়। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সতর্ক করে বলেন, “পেছনে ফিরেও তাকালে গুলি করা হবে।”

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর হত্যা’, আসামির স্বীকারোক্তি

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিনকে ‘ধর্ষণের পর হত্যা’ করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি মো. মোবারক হোসেন।

রোববার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

তিনি জানায়, আসামি মো. মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন যে হত্যার আগে সুমাইয়াকে ধর্ষণ করেছিলেন তিনি। মূলত, ঝাড়ফুঁক করে সুমাইয়াকে বসে এনে তাকে প্রথমে ধর্ষণ করেন মোবারক। ঘটনাটি দেখে ফেলেন সুমাইয়ার মা। তাই তার মাকে হত্যা করেন তিনি। এরপর সুমাইয়ার কাছে আবার যান মোবারক। তখন সুমাইয়া বাঁধা দিলে তাকেও হত্যা করেন তিনি।

ওসি মহিনুল ইসলাম আরও জানায়, বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য বাসা থেকে উদ্ধার হওয়া কাপড়চোপড়, বিছানা-চাদরসহ যাবতীয় বিষয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর আরও ভালোভাবে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার কালিয়াজুরী এলাকায় নিজ ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তার মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই সন্ধ্যায় মোবারক হোসেন নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত আসামি মোবারক হোসেনই ওই হত্যাকাণ্ডের মূল হোতা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২০তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’-এর কুমিল্লা জেলা পর্ব। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিবেন।

মঙ্গলবার (১৫ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২১ জুলাই (সোমবার) বিকাল ২টা থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের কনফারেন্স রুমে প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। এতে সিনিয়র ও- জুনিয়র দুটি গ্রুপ থাকবে। জুনিয়র গ্রুপে ১৪–১৫ বছর বয়সী এবং সিনিয়র গ্রুপে ১৬–১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

প্রতিযোগিতায় সর্বমোট ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৯ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।

এ প্রতিযোগিতা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে, যা আগামী ২৬ জুলাই (শনিবার) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ও ৩০ জুলাই ঢাকায় আয়োজিত ক্লোজড ক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের বাছাই করা হবে।

প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র উভয় গ্রুপ থেকে শীর্ষ ১০ জনের জন্য থাকবে নগদ অর্থ পুরস্কার— ১ম স্থান: ১৫,০০০ টাকা, ২য় স্থান: ১০,০০০ টাকা, ৩য় থেকে ৫ম স্থান: ৫,০০০ টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম স্থান: ১,০০০ টাকা করে।

এছাড়াও ক্লোজড ক্যাম্পে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং তারা আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের (IAO, WAO এবং APAO) জন্য বিবেচিত হবে।

এ আয়োজনের সকল কার্যক্রম বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আজহারউদ্দীন বলেন, “এস্ট্রো অলিম্পিয়াড ২০২৫-এর রিজিওনাল সিলেকশন চ্যাপ্টার আয়োজন করতে পেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব গর্বিত। এই আয়োজন কুমিল্লা অঞ্চলের তরুণদের মাঝে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আগ্রহ ও ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। আমরা আশা করি, এখান থেকে মেধাবীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্বেও নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।”

সভাপতি জনি সরকার বলেন, “এই অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়, বরং কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাবনার জানালা। এটি তাদের বৈজ্ঞানিক কৌতূহল জাগিয়ে তুলবে এবং ভবিষ্যৎ জ্যোতির্বিজ্ঞানীদের জন্ম দেবে বলে আমরা বিশ্বাস করি।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে প্রত্নতত্ত্ব বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় কুবির সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

এছাড়াও সম্মেলনের আহ্বায়ক ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষাদানের স্থান নয়, এটি জ্ঞান সৃষ্টি ও তা ছড়িয়ে দেওয়ার কেন্দ্র। আজকের এই আয়োজন সেই দুই উদ্দেশ্যই পূরণ করছে, যা শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত সবার জন্য উপকারী হবে।”


তিনি আরও বলেন, “প্রত্নতত্ত্ব শুধু অতীতের নিদর্শন সংগ্রহ নয়, এটি আমাদের সভ্যতা, সংস্কৃতি ও সামাজিক বিকাশ বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে চিহ্নিত করে তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা আমাদের দায়িত্ব।”

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “প্রত্নতত্ত্ব মানে কেবল পুরনো জিনিস খোঁজা নয়; বরং পুরনোকে নতুনভাবে উপলব্ধি করে ইতিহাসকে জানার, শেখার ও লালনের একটি চর্চা। দুর্ভাগ্যজনকভাবে, আমরা ছাত্রজীবনে এই বিষয়ের গুরুত্ব বুঝিনি, যার ফলে সমাজের একটি বড় অংশ এখনও এ বিষয়ে অনীহা বা অজ্ঞতা প্রকাশ করে।”
তিনি আরও বলেন, “প্রত্নতত্ত্ব বিভাগের এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলন আন্তর্জাতিক মানের জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবুল কাশেম বলেন, “ইতিহাসচর্চার কষ্টিপাথর হচ্ছে প্রত্নতত্ত্ব। আমরা যদি ইতিহাসকে বিভিন্ন স্তরে ভাগ করি—প্রাচীন, মধ্য ও আধুনিক—তবে ভিত্তির স্তরে প্রত্নতত্ত্বকেই দেখতে পাব।”

তিনি আরও বলেন, “ময়নামতির কাছাকাছি এই সম্মেলন আয়োজন করায় আমরা কৃতার্থ। এই অঞ্চলটি আমাদের প্রাচীন ইতিহাস বোঝার জন্য একটি ‘ল্যান্ড অফ ভ্যারাইটিজ’, যা নিয়ে গর্ব করার মতো।”

উল্লেখ্য, সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের শতাধিক প্রবন্ধ উপস্থাপিত হবে। ১৬ ও ১৭ মে, দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতির যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন ২০২৫’ আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মিলনায়তন কক্ষে আগামী ১৬ ও ১৭ মে এই সম্মেলনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ মে) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, মোহাম্মদ মশিউর রহমান, ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান ও মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।

এই সম্মেলনে দেশ ও বিদেশের খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ, আন্তঃবিভাগীয় গবেষক, ঐতিহ্য সংরক্ষণবিদ এবং নবীন গবেষকরা অংশগ্রহণ করবেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অনিল কুমার। সম্মেলনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইতিহাস সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের চেয়্যারমান ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন ও সম্মেলনের আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, এই আন্তর্জাতিক সম্মেলন পারস্পারিক একাডেমিক কাজের আলাপ, আন্তঃবিভাগীয় সংলাপ এবং প্রত্নতাত্ত্বিক জ্ঞানের প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা প্রত্নতাত্ত্বিক গবেষণা ও শিক্ষার কেন্দ্র হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির কর্তৃক ঈদ সামগ্রী বিতরন

 

চাঁদনী আক্তার, কুবি:

ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী, আনসার, হল ডাইনিং ও ক্যাম্পাস সংলগ্ন দোকান কর্মচারীদের মাঝে ‘ঈদ ফুড প্যাকেজ’ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা।

সোমবার (২৪ মার্চ) রাতে কুবি ক্যাম্পাসে এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রশিবির সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী ও সেক্রেটারি হাফেজ মো. মাজহারুল ইসলামসহ ছাত্রশিবিরের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ক্যাম্পাসে দায়িত্বরত প্রহরীদের ও দোকানের কর্মচারীদের মাঝে সর্বমোট ৬৫ প্যাকেট ঈদ সামগ্রী বিতরন করে তারা।

এবিষয়ে কুবি শাখা ছাত্রশিবির সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন‚ ‘সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে ক্যাম্পাসের সিকিউরিটির দায়িত্বে থাকা সবার জন্য এবং ক্যাম্পাসের আশেপাশের দোকানগুলোতে কাজ করা হোটেল বয়দের নিকট আজ আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ৬৫ প্যাকেট ঈদ সামগ্রী পৌঁছে দেই। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসকে নিরাপত্তা দিতে গিয়ে এই আনসার সদস্যরা পবিত্র ঈদেও তাদের পরিবারের কাছে যেতে পারেনা। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের মুখে হাসি ফুটানোর। তেমনিভাবে ক্যাম্পাসের আশেপাশের হোটেলগুলোতে কাজ করা এই হোটেলবয়দেরও দিনশেষে পরিবারের পাশে দাঁড়ানোর খুব বেশি সামর্থ্য হয়না। সেখান থেকেও তাদের পাশেও নিজেদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। ঈদটা গরিব-ধনী সবার জন্যই আনন্দের হোক এই কামনা করি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আবারও আগুন!

 

চাঁদনী আক্তার, কুবি:

প্রতি বছরের মতো এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের উত্তর পাশে অবস্থিত একটি পাহাড়ে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন আনসার সদস্য সবুজ গাছের ডালপালা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে, দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুসলেম উদ্দিন মিয়াজি বলেন, ‘ঘটনাস্থলের আশপাশে আগুন ছড়ানোর মতো কোনো দ্রব্য বা জনসমাগম ছিল না। তাই আগুনের মূল উৎস নির্দিষ্ট করে বলা কঠিন।’

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে অনুমান করা যায়, ছোট বাচ্চাদের খেলাধুলা বা বিড়ি-সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আনসার সদস্যদের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও তিন প্রক্টরের বিরুদ্ধে মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও তিন প্রক্টরের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সদ্য সাবেক উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন, তিনজন প্রক্টর, কিছু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতাসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাখাওয়াত হোসেন। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, আবু উবাইদা রাহিদ, সহকারী প্রক্টর অমিত দত্ত এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক রাশিদুল ইসলাম শেখ।

অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুলাই দুপুর ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অগ্রসর হচ্ছিল। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন। যখন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের কাছে পৌঁছায়, তখন একদল সশস্ত্র সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতরভাবে আহত হন।

মামলার অভিযোগ অনুযায়ী, এ হামলা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, আবু উবাইদা রাহিদ, সহকারী প্রক্টর অমিত দত্ত এবং অধ্যাপক রাশিদুল ইসলাম শেখের নির্দেশে হয়। এজাহারে নাম উল্লেখ করা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগের নেতাদেরও হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাখাওয়াত হোসেন মামলাটি দায়ের করেন। অভিযোগের বিষয়টি পুলিশ তদন্ত করছে।

কাভার্ডভ্যানের চাপায় নিহত

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে কাভার্ডভ্যানের চাপায় মো. মাসুম মিয়া ও মো. হাসান মিয়া নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই কুমিল্লা ইপিজেডে অবস্থিত চায়না প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মো. মাসুম হোসেন ইপিজেডের ওয়েজিং বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেক টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন, এবং হাসান মিয়া একই প্রতিষ্ঠানের মেটাল ব্রাঞ্চের ট্রেইনি ইঞ্জিনিয়ার ছিলেন। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠানটির ছুটি হলে তারা দুজন মোটরসাইকেলে করে বাসার দিকে রওনা দেন। ইয়াছিন মার্কেট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে চাপা দেয়। ঘটনাস্থলেই হাসান মিয়া মারা যান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মাসুমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক কবির আহমেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) এর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (৮ই সেপ্টেম্বর) বাংলাদেশ গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্যাডে উপজেলা সভাপতি মিজানুর রহমান মানিক এবং সদস্য সচিব মোঃ ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঁচিশ সদস্য বিশিষ্ট চিওড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

এতে আহবায়ক হিসেবে কাজী মোঃ হাসান এবং মোঃ ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো; যুগ্ম আহবায়ক- আসফাকুর রহমান, শাহাবুদ্দিন, কামাল মিয়া, জাকারিয়া রবিন, আরিফুর রহমান, কাজী বিপ্লব, যুগ্ম সদস্য সচিব- তৌহিদ হোসেন, ইকবাল হোসেন বাপ্পি, আবদুল হান্নান, শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, ইমরান হোসেন, কার্যকরী সদস্য- ইসমাইল হোসেন, মিল্লাল হোসেন, তারেক রহমান, খোরশেদ আলম, মহিউদ্দিন, সুমন, আবুল ফয়সাল, মোঃ বাবলু, শিপন, রাজন, নজরুল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত কমিটি ০৬ (ছয়) মাস সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এদিকে চিওড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের নব-মনোনীত ২৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক কে এম ফরিদ আমিন। এক অভিনন্দন বার্তায় তিনি মনোনীত নেতৃবৃন্দের এবং ইউনিয়ন শাখার সাংগঠনিক কাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।