Tag Archives: দম্পতি আটক

কুমিল্লার নাঙ্গলকোটে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, দম্পতি আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ প্রতিবেশী রবিউল হোসেন (৫০) ও তাঁর স্ত্রী রেহানা বেগমকে (৪৫) আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, জাকির হোসেন তাঁর মেয়ে রৌশন আরাকে কামাল হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর কামাল হোসেন স্ত্রীকে ৩৪ দশমিক ৫ শতক জমি দানপত্র করে দেন। তাদের সংসারে একটি মেয়ে রয়েছে। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে কামালের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল।

ঘটনার দিন রাতে কামাল হোসেন জমিতে চাষাবাদ করতে গেলে তাঁর বড় ভাই রবিউল ও রবিউলের স্ত্রী রেহানা বাঁধা দেন। এ সময় কামাল ও তার শ্বশুর জাকির হোসেন ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়।

কিছুক্ষণ পর জাকির হোসেন অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের মেয়ে রৌশন আরা অভিযোগ করেন, তাঁর বাবাকে লোহার টর্চলাইট দিয়ে পেটানো হয়েছে এবং অণ্ডকোষ চেপে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত নজরুল ইসলাম দাবি করেন, “দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে চাচার সঙ্গে বিরোধ চলছে। প্রায় ১৫-২০ বছর ধরে আমরা জমিটি চাষ করে আসছি।

মঙ্গলবার রাতে জমিতে হাল চাষ করতে গেলে চাচা কামাল হোসেন ও তাঁর শ্বশুর জাকির হোসেন বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকির হোসেন ও কামাল আমার মাকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি থামায়। এরপর শুনি জাকির হোসেন অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এখন আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরাও চাই ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক।”

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

কুমিল্লায় ওয়ার্কশপ মালিকের লাশ উদ্ধার, দম্পতি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক ওয়ার্কশপ দোকানদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুলের বিপরীতে মৃত হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে মো. দুলাল মিয়া (৪৫) নামে ওই ওয়ার্কশপ মালিকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ড বড় দুর্গাপুর এলাকার মৃত আমির হোসেনের তৃতীয় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক এলাকায় না থাকায় দুলাল মিয়া ভাড়া সংগ্রহ করতেন।

রাত সাড়ে ১১টার দিকে তিনি ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। রাতভর খোঁজাখুঁজির পর শনিবার সকালে হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং বাড়ির ভাড়াটিয়া স্বামী-স্ত্রীকে আটক করে।

এ সময় ঘটনাস্থল থেকে সিআইডি বিভিন্ন আলামত সংগ্রহ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।