জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
দাউদকান্দিতে মহিউদ্দিন(২৪) নামে এক যুবককে প্রকাশ্যে পিটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে মোবারকপুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকালে ইলিয়টগঞ্জ খেলার মাঠে এ ঘটনার ভিডিওটি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়। ভিডিওতে ১০-১২ জনের একটি গ্রুপ সমবয়সী মহিউদ্দিনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটাচ্ছে। পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনিয় এবং কিশোর গ্যাংয়ের সামিল। আর যারা ঘটিয়েছে সবাই কিশোর। কিন্তু কেউ যদি করেই থাকে তাহলে দেশে প্রচলিত আইন আছে। আইনের মাধ্যমে বিচার হবে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক দেশ রূপান্তরকে বলেন, কেউ আইন হাতে তুলে নিতে পারে না। এটা অবশ্যই অপরাধ। এব্যাপারে আহত মহিউদ্দিনের ভাই গিয়াস উদ্দিন একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলায় রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।