Tag Archives: বিডিআর হত্যাকাণ্ডের

পাঁচ কার্যদিবসের মধ্যে

পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন বলেও তিনি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। সরকার গঠনের পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে। প্রথম থেকেই আমি ন্যায়বিচার নিশ্চিতে সোচ্চার ছিলাম এবং এখনো রয়েছি।”

তিনি আরও বলেন, “গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং ৪ নভেম্বর বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার এ বিষয়ে ঘোষণা দিয়েছিলাম, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “শুধু দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছি। বর্তমান সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুশাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “সবার অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকবেন। তবে কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা বেশি থাকবে।”

কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, “সদস্য সংখ্যা পাঁচ, সাত বা নয়জন হতে পারে। এটি নাম চূড়ান্ত হওয়ার পরই নিশ্চিত করা হবে। এছাড়া কমিটির কাজের সময়সীমা ও পরিধি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

কমিটি ও কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “কমিটি এবং কমিশন গঠনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমরা যখন আলোচনায় বসবো, তখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

কমিটির নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “কমিটির সবচেয়ে জ্যেষ্ঠ সদস্যই নেতৃত্ব দেবেন।”

আইন মন্ত্রণালয়ের সঙ্গে বিভ্রান্তির বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে কোনো বিভ্রান্তি নেই। প্রয়োজনে আইন উপদেষ্টার সঙ্গেও আলোচনা করা হবে এবং তাদের মতামত নেওয়া হবে।”

বিডিআর হত্যাকাণ্ডের

বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন: আইন উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন।”

তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশ অনুসারে ৩ ডিসেম্বর মতামত প্রদান করে যে, আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মত দিয়েছে।

তবে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়। এতে আইন মন্ত্রণালয়ের মতামতের উল্লেখ ছিল না। হাইকোর্টের আদেশ অনুসারে কমিটি গঠনের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ভবিষ্যতে যদি তারা তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়, আইন মন্ত্রণালয় অবশ্যই সহযোগিতা করবে। ব্যক্তিগতভাবে আমার দৃঢ় বিশ্বাস, বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রয়োজন।”**

পিলখানায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা চলমান থাকায় আপাতত ‘জাতীয় স্বাধীন কমিটি’ গঠন করা হচ্ছে না বলে রোববার আদালতকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই হত্যাকাণ্ডের সঠিক তথ্য উদঘাটনের লক্ষ্যে জাতীয় স্বাধীন কমিটি গঠনের আবেদন করা হলে আদালতে এ তথ্য উপস্থাপন করে মন্ত্রণালয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন। রিটের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার।

২০০৯ সালের সেই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়, যা দেশের ইতিহাসে অন্যতম বর্বর হত্যাকাণ্ড।

বিডিআর হত্যাকাণ্ডের

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই হবে: উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই হবে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন যে রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে। প্রায় ১৫ বছর আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে (বর্তমান বিজিবি) বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এই ঘটনা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন তোলে।

এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। হত্যা মামলায় খালাসপ্রাপ্ত বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জন বিডিআর সদস্য এখনও মুক্তি পাননি।

প্রায় দেড় দশক আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হবে এবং তা দ্রুতই সম্পন্ন করা হবে।”

বিজিবি সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চোরাচালান রোধে কঠোর নজরদারি রাখতে হবে।”