Tag Archives: বিডিআর

আ'লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে

আ’লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল

আ’লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক চক্রান্তে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক একটি কৌশল হিসেবে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এর মাধ্যমে সংবিধানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। কারণ পিলখানা হত্যাকাণ্ডের পরই সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্ভব হয়েছিল। বাংলাদেশের মানুষকে জিম্মি করে, ভোটের অধিকার হরণ করে এবং নৈরাজ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্যই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল।

তিনি আরও বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে হবে।

ভারতের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নামে বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন তারা একজন খুনিকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়েছে।

বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার একটি ষড়যন্ত্র

বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার একটি ষড়যন্ত্র: তদন্ত কমিশন প্রধান

বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার একটি ষড়যন্ত্র: তদন্ত কমিশন প্রধান

ডেস্ক রিপোর্ট:

তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান বলেছেন, বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের জন্য নয়, বরং এটি ছিল দেশকে দুর্বল করার একটি ষড়যন্ত্র।

আজ সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

১৫ বছর আগে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি, তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় রক্তে রঞ্জিত হয়। দুই দিনের সেই হামলায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন। ভয়ংকর নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফিরে আসেন ৫৫ জন। আজও তাদের স্মৃতিচারণে ফুটে ওঠে সেই যন্ত্রণার চিহ্ন।

তারা বলেন, ‘চরমভাবে নির্যাতন চালিয়ে রক্তাক্ত করা হয়েছিল। গলা টিপে হত্যা করা হয়। সেই মৃত্যুর কাছ থেকে আমরা ফিরে এসেছি।’

এত বছর পর গেল ডিসেম্বরে গঠন করা হয় ৭ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় সভায় উঠে আসে নির্মমতার বিবরণ। সঠিক বিচার না হওয়ায় দীর্ঘদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছেন স্বজনহারারা।

বিডিআর হত্যাকাণ্ডকে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত দাবি করে শহীদ পরিবারের সদস্যরা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উন্মোচিত হোক এবং দোষীদের বিচার করা হোক।

নিরপেক্ষভাবে কাজ করার কথা জানিয়ে কমিশনের সভাপতি বলেন, স্বচ্ছভাবে তদন্ত শেষে তিন মাসের মধ্যে পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

আ ল ম ফজলুর রহমান বলেন, “আমাদের ওপর আস্থা রাখুন। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টি আগামী দুমাসের মধ্যে শেষ করতে চাই। একটি মাস আমরা রাখবো, আমরা যাদের সন্দেহ করি, বিশেষ করে ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে হয় শেখ হাসিনা এসে কথা বলবেন, অথবা আমাদের টিম সেখানে গিয়ে তার সাক্ষাৎকার নেবে।”

এ সময়, পিলখানা হত্যায় ভারতের জড়িত থাকার বিষয়ে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান কমিশন সভাপতি।