Tag Archives: বিমান

বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় ৪০০ চাকমা, সীমান্তের ওপারে চলছে বিমান হামলা

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে বেতবুনিয়া রাইট ক্যাম্প দখলে নিতে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে। এ গোলাগুলির মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে ৪০০ চাকমা। আর ইতোমধ্যে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) ৯৮ জন সদস্য।

আজ সোমবার সকাল থেকে মিয়ানমার সরকারি বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে। আরাকান আর্মির আক্রমণের মুখে বিজিপির ৯৮ জন সদস্য বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন। বিজিবি পাহারায় গুলিবিদ্ধ ৯ জন বিজিপি সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আজ দুপুরে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বাংলাদেশে দুজন নিহত হয়েছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের জলপায়তলী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন রোহিঙ্গা।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর জলপায়তলীর ইউপি সদস্য শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, মিয়ানমার সীমান্তে বসবাসকারী ৪০০ চাকমা খাদ্যাভাব এবং নিরাপত্তার ঝুঁকির কারণে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কমিশনার মো. মিজানুর রহমান। তিনি বলেন, মিয়ানমারে দেশটির সরকারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ চলছে। এতে মিয়ানমার সীমান্তে বসবাসকারীদের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে এবং তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় তারা জীবন বাঁচাতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে।

এদিকে, সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে কোনো রোহিঙ্গা অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোকজন যাতে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

আজ সকালে বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত মিয়ানমারের বিজিপির ৯৮ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।

এদিকে, আজ বেলা ১১টার দিকে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্ত পার হয়ে একটি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে ঢুকে পড়লে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। স্বামী-স্ত্রী ছাড়াও তাদের সঙ্গে ৩ শিশু রয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্তে আমরা সতর্ক অবস্থানে আছি এবং সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিজিবি সদস্যরা সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’

উল্লেখ্য, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের রয়েছে ২৭১ কিলোমিটার সীমান্ত। এর বড় অংশ বান্দরবান ও কক্সবাজার জেলায়। কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত–সংলগ্ন এলাকায় যুদ্ধ জোরালো করেছে আরাকান আর্মিসহ কয়েকটি গোষ্ঠী।

আবারও বিমান থেকে গাজায় চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিমান থেকে আবারও চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং কাতারের সহযোগিতায় সহায়তা প্রদানের এই কাজটি সম্পন্ন করে জর্ডানের সেনাবাহিনী।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহেও ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায় বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছিল জর্ডান। রোববার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় তাদের ফিল্ড হাসপাতালের জন্য চিকিৎসা সহায়তার আরেকটি চালান রয়্যাল এয়ার ফোর্সের একটি বিমান থেকে নিচে ফেলা হয়েছে বলে জর্ডানের সেনাবাহিনী রোববার জানিয়েছে।

জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতালের সক্ষমতা বাড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং কাতারের সহযোগিতায় চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ার এই অভিযানটি চালানো হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতির উদ্ধৃতি দিয়ে জর্ডানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা পেট্রা জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলের ক্রমাগত রক্তক্ষয়ী হামলার মধ্যে প্যারাসুটের মাধ্যমে হাসপাতালে ত্রাণ পাঠানো হয়েছে।

এর আগে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গত ৬ নভেম্বর জানান, জর্ডানের বিমান বাহিনী গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল সহায়তা পাঠিয়েছে।

সেসময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের বিমান বাহিনীর নির্ভীক সেনারা মধ্যরাতে জরুরি চিকিৎসা সরঞ্জাম প্যারাসুটের মাধ্যমে গাজায় অবস্থিত জর্ডানের ফিল্ড হাসপাতালে পৌঁছে দিয়েছে। গাজা যুদ্ধে আহত আমাদের ভাই ও বোনদের প্রতি এটি আমাদের দায়িত্ব। আমরা সবসময় আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে থাকব।’

অবশ্য জর্ডান কি ইসরায়েলের সঙ্গে আলোচনা করে বা আগে থেকে জানিয়ে গাজায় এই চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। কারণ ইসরায়েলের ভয়- গাজায় তাদের অনুমতি ছাড়া ত্রাণ সহায়তা পাঠালে; ত্রাণের আড়ালে অস্ত্র বা প্রতিরক্ষার সরঞ্জাম নিয়ে আসতে পারে হামাস।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের এই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১১ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে সাড়ে চার হাজারেরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারের বেশি।

এছাড়া গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর গাজাকে পুরেপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। যদিও সাম্প্রতিক দিনগুলোতে মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে পরিমাণে খুবই অল্প জরুরি ত্রাণ গাজায় পাঠানো হচ্ছে।

অবশ্য সেগুলোর ওপরও কড়া নজর রাখছে ইসরায়েল।

১৫৯ আরোহী নিয়ে রাশিয়ান বিমানের জরুরি অবতরণ

১৫৯ আরোহী নিয়ে রাশিয়ান বিমানের জরুরি অবতরণ

ডেস্ক রিপোর্ট:

১৫৯ জন আরোহী নিয়ে রাশিয়ায় একটি শস্যখেতে জরুরি অবতরণ করেছে একটি বিমান। রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের বিমানটি দেশটির সোচি শহর থেকে ওমস্কে যাচ্ছিল এবং মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ার পর পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে এটি জরুরি অবতরণ করে।

বেশ কয়েকটি বার্তাসংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের একটি বিমান ১৫৯ জন আরোহী নিয়ে সোচি থেকে ওমস্কের দিকে যাওয়ার সময় পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে জরুরি অবতরণ করেছে বলে রাশিয়ান সংস্থাগুলো মঙ্গলবার জানিয়েছে।

অবশ্য এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও আহত হওয়ার কোনও খবর বা জরুরি অবতরণের কারণও জানা যায়নি।

রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটিতে ১৫৯ জন আরোহী ছিলেন। এর আগে আরেক বার্তাসংস্থা তাস জানায়, জরুরি অবতরণ করা বিমানটিতে আরোহীর সংখ্যা ছিল ১৫৬ জন।

পৃথক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, সোচি থেকে ওমস্ক যাওয়ার পথে এয়ারবাস এ৩২০ মডেলের একটি বিমান মঙ্গলবার সকালে মাঝ আকাশে থাকা অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করে এবং সেটিকে নোভোসিবিরস্কের একটি এয়ারফিল্ডে অবতরণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিমানটি সেখানেও পৌঁছাতে ব্যর্থ হয় বলে জরুরি পরিষেবাগুলো রাশিয়ান মিডিয়াকে জানিয়েছে।

পরে বিমানটি নোভোসিবিরস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮০ কিলোমিটার দূরে একটি মাঠে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হাইড্রলিক্সের ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরটি বলছে, ইউরাল এয়ারলাইন্সের এই ফ্লাইটে ২৩ শিশুসহ ১৭০ জন লোক ছিল। প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জরুর অবতরণের ঘটনায় যাত্রী বা ক্রুদের কেউই গুরুতর আহত হননি। কর্তৃপক্ষ বলেছে, বিমানটি অবতরণ করার পরে প্লেনের বডিতে কোনও ফাঁটল বা ভাঙন দেখা দেয়নি এবং আগুনও ধরে যায়নি।

শস্যখেতে অবতরণের পর জরুরি স্লাইড ব্যবহার করে সবাই নিরাপদে বিমানটি থেকে বাইরে বেরিয়ে আসেন।

রুশ এই সংবাদমাধ্যমটি বলছে, একাধিক টেলিগ্রাম চ্যানেল ঘটনাস্থল থেকে ওই বিমানের ছবি শেয়ার করেছে। এসব ছবিতে অবতরণের পর ঘটনাস্থলে প্রথম উপস্থিত হওয়া কয়েকজন ব্যক্তিকে বেষ্টিত অবস্থায় শস্যখেতের মধ্যে জরুরি নির্গমণের স্লাইডসহ বিমানটিকে দেখা যাচ্ছে।

অন্যান্য ছবিতে যাত্রীদের একটি দলকেও কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এদিকে নোভোসিবিরস্ক এবং ওমস্ক অঞ্চলের গভর্নররা ওই ফ্লাইটের যাত্রীদের অস্থায়ী আশ্রয় এবং পরিবহনসহ সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে।

এর আগে ২০১৯ সালে ইউরাল এয়ারলাইন্সের আরেকটি বিমান মস্কোর কাছে একটি ভুট্টা ক্ষেতে (কর্নফিল্ডে) একই রকমভাবে অলৌকিক অবতরণ করেছিল। মূলত বিমানটি টেকঅফের সময় পাখির একটি ঝাঁককে আঘাত করার পর অবতরণ করে। পরে ক্রুরা ২২৬ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নিতেও সক্ষম হন।