Tag Archives: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়ালো

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে মূল্য বাড়ানোর চিন্তা নেই: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। তবে দেশে এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। তবে দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।

তিনি বলেন, আমদানির ক্ষেত্রে এখনো আগের দামেই জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আসছে। তবে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তখন নতুন করে চিন্তা করা হতে পারে।

ইরান-ইসরায়েল যুদ্ধে প্রভাব বাংলাদেশে পড়তে পারে উল্লেখ্য করে অর্থ উপদেষ্টা বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা।

হরমুজ প্রণালি সম্পর্কে তিনি বলেন, এ ছাড়া হরমুজ প্রণালি বিশ্ববাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এ যুদ্ধ দীর্ঘায়িত হবে না।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়ালো

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়িয়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) গুরুত্বপূর্ণ পণ্যটির দাম বাড়লো। রাশিয়ার রপ্তানিতে ব্যাঘাত, প্রধান সরবরাহকারীদের উৎপাদন কমানোর সম্ভাবনা ও মার্কিন শোধনাগারের আংশিক বন্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার ১২টা ৩০ মিনিটের দিকে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ৩২ সেন্ট বা শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে ৯৫ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে।

উভয় অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক বুধবার তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়। কারণ সৌদি জ্বালানিমন্ত্রী পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ও এর মিত্ররা দামকে সমর্থন করার জন্য উৎপাদন কমিয়ে দেওয়ার সম্ভাবনার কথা জানান। মূলত এরপরই জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

এর আগে সোমবার (২২ আগস্ট) সকাল ৬টা ৫৪ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৭ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৫ দশমিক ৫৫ ডলারে নামে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ১২ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৯ দশমিক ৬৫ ডলারে দাঁড়ায়। পরপর তিন দিন বাড়ার পর এই চিত্র দেখা যায়।

মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কন্দ্রে করে চলতি বছরের প্রথম দিকে তেলের দাম বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে যায়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গুরুত্বপূর্ণ পণ্যটির দাম ১০০ ডলারের নিচে নেমে আসে। যদিও এখন তা আবার বাড়তে শুরু করেছে।