স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৩৬ কেজি গাঁজাসহ মোঃ ইমাম হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
২৬ এপ্রিল রাত ১ টা ৪০ মিনিটে উপজেলার মান্দারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মাদক কারবারি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।







