Tag Archives: ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

চান্দিনায় ১০টি ঘর ভাংচুর, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি: আহত ৪

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে হামলা হয়। ওই হামলায় পানিপাড়া গ্রামের মো. ছফিউল্লাহ্ প্রধান ও তার চার ছেলের ৫টি বসত ঘর, ৩টি রান্না ঘর, ১টি সেচ প্রকল্পের মেশিন ঘর, ১টি দোকান ঘর ভাঙচুর করা হয়। এতে তাদের ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনার জের ধরে পাল্টা হামলায় ছুরিকাঘাতে ৩জন সহ মোট ৪জন আহত হয়।

আহতরা হলেন- পানিপাড়া গ্রামের মো. সরবত আলী (৫৫), তার ছেলে হাসেম (২৬), কালু মিয়ার ছেলে অটোচালক ইব্রাহীম (১৮) ও হতে আলীর ছেলে আবুল কাশেম (২৮)। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত ওই হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে।

সরেজমিনে বুধবার (১ এপ্রিল) প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানাযায়, পানিপাড়া দক্ষিণপাড়া সংলগ্ন মাঠে ওই গ্রামের মো. ছফিউল্লাহ্ প্রধান এর ছেলে মো. মিজানুর রহমান এর তরমুজ আবাদ করা জমিতে মঙ্গলবার বিকেলে জনৈক হতে আলীর ছেলে আবুল কাশেম (২৮) এর গরু ফসল খেয়ে ফেলে। ওই গরুটি আটক করলে আবুল কাশেম এর সাথে মিজানুর রহমান এর বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ হয়। এতে আবুল কাশেম আহত হয়। আহত আবুল কাশেম চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনার জের ধরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ মো. ছফিউল্লাহ্ প্রধান এর ছেলে মো. মিজানুর রহমান ও মো. মিলন জানান, অন্য গ্রামের আবুল কাশেম এর সাথে আমাদের বাক বিতন্ডা হয়। এই সুযোগ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমাদের গ্রামের ৬০-৭০ জন লোক মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় আমাদের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা মো. ছফিউল্লাহ্’র বাসতঘরসহ ২টি ঘর, তার ছেলে কামাল হোসেনের ২টি ঘর, মিজানুর রহমানের ২টি ঘর, ১টি সেচ প্রকল্পের মেশিন ঘর, ১টি দোকান ঘর, মোখলেছুর রহমান এর ২টি ঘর এবং মিলনের ১টি ঘরে ব্যাপক ভাঙচুর চালায়।
ক্ষতিগ্রস্থরা আরও জানান, এসময় তাদের ঘরের ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ অনেক মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে তাদের ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এদিকে প্রতিপক্ষের সরবত আলীর ছেলে আহত হাসেম (২৬) জানান, গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে মো. ছফিউল্লাহ্ প্রধান এর বাড়ি ঘরে হামলা চালায়। কিন্তু ছফিউল্লাহ্র ছেলে মিলন মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে রামমোহন ফলবাজারে আমাদের দোকানে এসে আমার বাবা সরবত আলীর কাধে-পায়ে এবং আমার গলায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। এসময় কালু মিয়ার ছেলে অটোচালক ইব্রাহীম (১৮) এর পায়েও ছুরিকাঘাত করে আহত করে মিলন। আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছি।

এব্যাপারে মাইজখার ইউপি চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান জানান, আমার বাড়ির পাশেই এই ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এব্যাপারে চান্দিনা থানার উপ-পরিদর্শক ডালিম কুমার মজুমদার জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার ঘটনা সত্য। বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর হয়েছে।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল জানান, হামলার পরে ঘটনা শুনেছি। একজন এসআইসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোন লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার রামপুরে ৪ পরিবারের বসতঘর আগুনে পুড়ে আনুমানিক ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের দেবপুর ওয়াজউদ্দিন বেপারী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন একই বাড়ির মৃত সুলতান বেপারীর পুত্র মোঃ কামাল বেপারী (৫০), মোঃ জামাল (৪০),কালাম বেপারী (৩০) ও কালু বেপারীর পুত্র মোঃ বিল্লাল বেপারী (৫৫)। ক্ষতিগ্রস্ত হয়েছে আউয়াল বেপারী ও ইমান বেপারীর ২টি বসতঘর। ঘরে থাকা নগদ স্বর্ণালংকার, ফার্নিসার, মূল্যবান কাগজপত্রসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহানে ঘরে থাকা কোন কিছুই সরাতে পারেনি স্থানীয়রা। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ক্ষতিগ্রস্তরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে জামাল বেপারীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন আশপাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। এতে কালাম বেপারী, কামাল বেপারী ও বিল্লাল বেপারীর বসতঘরেও আগুন লেগে যায়। আগুন লাগা আধা ঘন্টা পর অর্থাৎ বেলা ১১টার দিকে চাঁদপুর (উত্তর) ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে চাঁদপুর (উত্তর) ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছালে স্হানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে ৪টি বসতঘর ও ৩টি রান্নাঘর। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ২টি বসতঘর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর (উত্তর) ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ লিটন আহম্মেদ বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছি। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও বলেন এতে ৭টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বিল্লাল বেপারী জানান, অগ্নিকান্ডের সময় আমরা পুরুষরা বাড়ির বাহিরে ছিলাম। খবর দিলে বাড়িতে এসে চোখের সামনে আমার ঘরটি পুড়ে যাচ্ছে। প্রথমে জামাল বেপারীর ঘর থেকে আগুন লাগার সাথে সাথে আমাদের অন্যান্য ঘরগুলোও পুড়ে যায়। স্থানীয়দের অক্লান্ত পরিশ্রম আর ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় বাড়ির আরো কয়েকটি ঘর অগ্নিকান্ড থেকে রক্ষা পায়।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে মুহুর্তের মধ্যেই ছুটে আসেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ আল মামুন লিটু, ইউপি সদস্য আব্দুল খালেক খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

পুরো বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আহাজারিতে ভারি হয়ে পুরো এলাকা। সাময়িকভাবে ২ বস্তা চাউলসহ অন্যান্য সামগ্রী প্রদান করেন ইউপি চেয়ারম্যান। এ ব্যাপারে রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী জানান, আমার সাথে মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা: দীপু মনি এমপি ও উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সাথে কথা হয়েছে। কালকের (রবিবার) মধ্যে টিন, চালসহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে দেওয়া হবে।