সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩০, ২০২৫
news-image

সেলিম সজীব:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা। তিনি কুমিল্লা ৯ আসনে (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন চাচ্ছেন।

গত রবিবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইন প্ল্যাটফর্মে কুমিল্লা জেলার সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে কুমিল্লা জেলার একমাত্র নারী প্রার্থী ছিলেন সামিরা আজিম দোলা। এই সাক্ষাৎকারের পর থেকেই জেলাজুড়ে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সামিরা আজিম দোলা বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক প্রয়াত এমপি কর্ণেল (অব.) আনোয়ারুল আজিমের কন্যা।

পিতার উত্তরাধিকারী হিসেবে রাজনীতিতে আসেন সামিরা আজিম দোলা। নিজ গুনে লাকসাম মনোহরগঞ্জ উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেছেন।

লাকসাম ও মনোহরগঞ্জ দু’টি উপজেলা নিয়ে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা। লাকসামের একটি পৌরসভাসহ ৮টি ইউনিয়ন। অপরদিকে, মনোহরগঞ্জ উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার ভোটার। দীর্ঘদিন থেকে লাকসাম পৌরএলাকা আওয়ামী লীগের ঘাঁটি ছিল। কিন্তু গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা এলাকা ছাড়া। অপরদিকে, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র দুর্গ। ১৯৯৬ সালে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা থেকে কর্নেল (অব.) আনোয়ারুল আজিম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে সামান্য ভোটের ব্যবধানে আওয়ামী লীগ থেকে তাজুল ইসলাম নির্বাচিত হন। এরপর থেকে বিএনপি ও জামায়াত গত ১৬ বছর পর্যন্ত কেউ নির্বাচন করতে পারেনি।

উপমহাদেশের রাজনীতি পর্যালোচনা করলে এর অনেক উদাহরণ পাওয়া যায়। যারাই রাজনীতিতে সফল হয়েছেন, তারা পিতৃতান্ত্রিক বা পরিবারতান্ত্রিক পরিচয়েই হয়েছেন। এর বাইরে সফল হয়েছেন এমন সংখ্যা খুবই বিরল। যেমন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েক ও চন্দ্রিকা কুমারাতুঙ্গা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো। তেমনি ফিলিপাইনের প্রেসিডেন্ট কোরাজন একুইনো। এক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম ইন্দিরা গান্ধী। রাজনীতিতে তার পরিচয় শুধু উত্তরাধিকার সূত্রেই নয়, তিনি বাবা জওহরলাল নেহরুর মেয়ে হওয়ার সুবাদে দীর্ঘ সময় রাজনীতি শেখা বা চর্চা করার সুযোগ পেয়েছেন। অক্সফোর্ডে পড়েছেন এবং উপমহাদেশের রাজনীতিতে একজন দক্ষ রাজনীতিক হয়ে উঠেছিলেন। বেনজীর ভুট্টোর বাবা জুলফিকার আলী ভুট্টো ১৯৭২ সালে পাকিস্তান-ভারত সিমলা চুক্তি করার সময় মেয়েকে সঙ্গে করে ভারতের সিমলায় নিয়ে গিয়েছিলেন। তিনিও রাজনীতিতে বাবার সান্নিধ্য পেয়েছেন।

বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যতিক্রম। স্বামীর পরিচয়সূত্রে রাজনীতিতে এলেও তিনি জিয়াউর রহমান বেঁচে থাকাকালে রাজনীতিতে সক্রিয় ছিলেন না। একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি রাজনীতির মাঠে এসেছেন। রাজপথে তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করার মাধ্যমে। তিনি সক্রিয় কর্মসূচির মাধ্যমে বিএনপিকেও শক্তিশালী দলে পরিণত করেছেন। এর ফলে তিনি রাজনীতিতে নিজের একটি স্বকীয় পরিচয় দাঁড় করাতে সক্ষম হন। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি আলোকিত এবং আলোড়িত করেন। অন্যদিকে ভারতে পলাতক শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারী হিসেবে রাজনীতিতে আসেন এবং ক্ষমতা লাভ করেন। তিনি যতদিন রাজনীতি ও ক্ষমতায় ছিলেন, বাবার রাজনীতিকে পুঁজি করেই ছিলেন। বাবার জয়গান গেয়েই তিনি বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে থাকেন।