নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুবি, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
নাজনীন আক্তার , কুমিল্লা বিশ্ববিদ্যালয়:
ঘড়ির কাটায় তখন সকাল ৯ টা ছুঁই ছুঁই। গতরাতে অ্যাসাইনমেন্ট শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। হুট করে এলার্মের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভাঙল। চোখ খুলে ঘড়িতে তাকিয়ে দেখি ক্লাস শুরু হতে আর মাত্র ১০ মিনিট বাকি। ডাটা অন করতেই মুটোফোনে নোটিফিকেশন বেজে উঠলো। ক্লাসের সিআর মেসেঞ্জার গ্রুপে জানান দিচ্ছে, ‘সবাই তাড়াতাড়ি ক্লাসে আয়, স্যার এসে পড়েছেন’! কোনমতে ফ্রেশ হয়ে ছুটতে ছুটতে চললাম ক্যাম্পাসের দিকে। ক্যাম্পাস গেইটে যেতেই দেখি প্রচুর নতুন মুখ। যাদেরকে আগে কখনো দেখি নাই। তাদের হাঁটাচলা অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে তারা এই ক্যাম্পাসে নতুন। অতঃপর মনে পড়ল আজকে তো প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ! তাদেরকে দেখে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের কথা মনে পড়ে গেল! অতঃপর আবার ছুটে চললাম বিভাগের দিকে কেননা ক্লাস শুরু প্রায় হয়ে গিয়েছে। ক্লাসরুমের সামনে পৌঁছাতেই আবারো দেখলাম কিছু অচেনা মুখ সালাম দিয়ে উঠলো। বুঝলাম তারা আমার বিভাগের নবীর শিক্ষার্থী। তাদেরকে বরণ করে নেওয়ার জন্যই ক্যাম্পাস সেজে উঠেছে নতুন আঙ্গিকে। বিভাগ গুলো সেজে উঠেছে নানা রঙের ফুল, বেলুন, ব্যানারে।
নবীন শিক্ষার্থীদের অনুভূতি নিয়ে লিখছি আমি নাজনীন আক্তার। নতুন মুখ, নতুন গল্প আর নতুন স্বপ্ন নিয়ে আবারও জেগে উঠেছে লাল মাটির ৫০ একরের ক্যাম্পাস। করিডোর, ক্লাসরুম , ক্যাম্পাস সবখানে এখন নতুন এক অধ্যায়ের সূচনা।
বাংলা বিভাগের একজন নবীন শিক্ষার্থী রিফাত হাসান নিজের প্রথম দিনের বিশ্ববিদ্যালয়ের জীবনের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে বলেন, “আসনসংখ্যা কম হলেও প্রতিযোগিতা অনেক কঠিন ছিল। আমি শেষ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পেরেছি, এটা অনেক বড় পাওয়া। এখন শুধু নিজের সেরা দিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে চাই।”
মার্কেটিং বিভাগের নবীন শিক্ষার্থী জয়নাল আবেদিন হ্নদয় বলেন, “ভর্তি পরীক্ষা আমাদের জীবনে একটা যুদ্ধের মতো। এই যুদ্ধ সফল হয়ে আজকে আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছি সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ, সিনিয়রদের আন্তরিকতা সবকিছুই আমাকে মুগ্ধ করছে। আশা করছি নিজের জীবনকে সুন্দর করতে ক্যাম্পাস থেকে অনেক কিছু শিখতে পারবো।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থী সানজিদা হক বলেন,
“কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারাটা আমার কাছে স্বপ্নপূরণের মতো। ক্লাস শুরুর আগেই নবীন বরণ অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে। সবাই এতো আন্তরিক, মনে হচ্ছে আমি একটা নতুন পরিবারের অংশ হয়ে গেছি।”
প্রত্নতত্ত্ব বিভাগের নবীন শিক্ষার্থী ইকরা আক্তার জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আমার স্বপ্ন কিন্তু ভাগ্য ভিন্ন পথে নিয়ে এলো। হতাশা কাটিয়ে নতুন করে লক্ষ্য স্থির করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ঘিরে, আর আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। নতুন ক্যাম্পাসে জীবনে নতুন অধ্যায় শুরু করার আশায় এসেছি। প্রাকটিক্যাল ও রিসার্চভিত্তিক পড়াশোনার প্রতি ভালোবাসা থেকেই প্রত্নতত্ত্বে এডমিশন। চেষ্টা করবো যেন প্রত্ন পরিবারের সহযোগিতায় জীবনের লক্ষ্য পূরণ করতে পারি এবং আমার লাল মাটির প্রিয় বিদ্যাপীঠকে নিজের সর্বোচ্চটুকু দিতে পারি।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান বলেন, “ক্যাম্পাসে নতুন ব্যাচ আসার সাথে সাথে শিক্ষকদের নতুন দায়িত্ব নিতে হয়। নতুনদের জন্য কোর্স নেয়া, তাদের জন্য গঠিত কমিটিতে দায়িত্ব পালন করা, তাদের সুবিধা-অসুবিধার দিকে লক্ষ্য রাখাসহ বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এতে কাজের পরিধি কিছুটা বাড়ে তবে সেটা চাপ অনুভূত হওয়ার মতো না। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে সচেতন হলে পরবর্তী দিনগুলোতে পথচলা সহজ হয়ে যায়। এজন্য নিয়মিত পড়ালেখা করা, সময়ের কাজ সময়ের মধ্যে সম্পন্ন করা, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়া, নিজের নৈতিকতাকে ধরে রাখা প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরী।”