বিসিএস প্রশ্নফাঁসে জড়িত থেকেও অব্যাহতি পেয়েছেন কুবি শিক্ষক
ভুয়া সনদ ও নিয়মবহির্ভুতভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিয়োগ পাওয়া মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ এর আগে বিসিএস প্রশ্নফাঁস চক্রের সঙ্গেও জড়িত ছিলেন। ৪০তম বিসিএস পরীক্ষার সময় ঢাকার একটি পরীক্ষা কেন্দ্র থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ হাতেনাতে আটক হন তিনি। মামলার এজহার এবং পরবর্তীতে চার্জশীটে রাহিদের বিরুদ্ধে প্রশ্নফাঁসে সংশ্লিষ্টতার প্রমাণ উল্লেখ করা হলেও রাজনৈতিক প্রভাবশালীদের তদবিরে পরবর্তীতে এ মামলা থেকে অব্যাহতি পান তিনি। এই মামলায় দশদিনের রিমান্ডেও ছিলেন তিনি।
মামলার চার্জশিটসূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ মে অনুষ্ঠিত ৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন সময় ঢাকা কলেজ থেকে আবু ওবায়দা রাহিদকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ আটক করে ডিবি পুলিশ। এর পাশাপাশি মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় থেকে মোঃ ওবাইদুল্লাহ আল-মামুন এবং টিচার্স ট্রেনিং কলেজ থেকে মোঃ রাশিদ উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ছিলেন জাফর আহম্মেদ ও তার সহকারী মোঃ নাজমুল হায়দার। তারাও একই দিন আটক হন। তাদের বিরুদ্ধে ৪ মে পাবলিক পরীক্ষা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়।
চার্জশিটে বলা হয়, চক্রটি আগে থেকেই বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল এবং মোবাইলের মাধ্যমে বিসিএসের প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীদেরকে সরবরাহ করত। তারা অন্য সহযোগীদের যোগসাজশে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে ফাঁস করার পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে পরিকল্পনা মোতাবেক প্রশ্নপত্র ফাঁস করার সকল প্রস্ততি সম্পন্ন করা এবং প্রচেষ্টা করায় পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ১৩ ধারায় অপরাধ প্রমাণিত হইয়াছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়। ২০২০ সালের ১২ নভেম্বর এই মামলার চার্জশীট গঠন করা হয়।
তবে প্রশ্নপত্র ফাঁসের মতো স্পর্শকাতর ঘটনায় ডিভাইসসহ আটকের পরেও ‘সাক্ষী উপস্থিত না থাকায়’ পরবর্তীতে রাহিদসহ অন্যদের অব্যাহতি দেন আদালত। যদিও মামলার সংবাদদাতা এবং অভিযোগকারী এসআই মো: আশিক বাহার বলেন, আমাকে সাক্ষী দেওয়ার জন্য যতবার ডাকা হয়েছে আমি গিয়েছি। দুই একবার হয়তো রাষ্ট্রীয় কাজে থাকার কারণে যেতে পারিনি। সাক্ষী না আসার কারণে আসামীকে অব্যাহতি দেওয়া হয়েছে এই রায় কেন দিয়েছে এটা বিচারক জানে। আমি বদলি হয়ে যাওয়ার পর এই মামলার ব্যাপারে আর কিছু জানিনা।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সুশংকর মল্লিক বলেন, প্রশ্নফাঁসে অভিযুক্ত পাঁচজনকে ইলেকট্রনিক ডিভাইস সহ আটক করা হয়। পরবর্তীতে চার্জশিট হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের নামে মামলা হয়। মামলার বাকি বিষয় কোর্ট জানবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবেক আইন মন্ত্রী আনিসুল হক ও আব্দুল মতিন খসরুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিতেন আবু ওবায়দা রাহিদ। তাদের তদবিরেই এ মামলা থেকে ডিভাইসসহ আটকের পরও তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এ মামলায় সরাসরি তদবিরকারক ছিলেন শিদলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জসীম উদ্দিন। তিনি সম্পর্কে রাহিদের মামা। আওয়ামী লীগের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রয়াত আবদুল মতিন খসরুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন জসীম উদ্দিন। যদিও তিনি বলেন, আমি কোনো তদবির করিনি। ও যখন জেলে ছিল তখন একবার দেখতে গিয়েছি। আমার নাম এখানে কিভাবে আসছে আমি জানি না।
তবে আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রভাব খাটিয়ে এ অব্যাহতি নেয়া হয় বলে অভিযোগ রয়েছে। বিসিএসের মতো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থেকেও কিভাবে আসামীরা অব্যাহতি পায় এ বিষয়ে জানতে চাইলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, এ মামলার বিষয়টি খোঁজ নিয়ে বলতে হবে। এরকম অব্যাহতি রাজনৈতিক বা মিথ্যা মামলার ক্ষেত্রে হয়। কিন্তু সাধারণত প্রশ্নপত্র ফাঁস বা প্রমাণ সাপেক্ষ মামলাগুলোতে হয় না। উনি যখন অব্যাহতি পেয়েছিল তখন তো ফ্যাসিস্টের আমল ছিল। তখন অনেক মামলাতেই এমন রাজনৈতিক প্রভাবের ফলে রায় হয়েছে।
এই মামলায় রাহিদের পক্ষের আইনজীবী মফিজ উদ্দিন আহমেদ বলেন, এই মামলার সাক্ষ্যপ্রমাণ দিতে না পারায় আসামী খালাস পেয়েছে। এমন কত আসামী আছে প্রমাণসহ আটক হয়েও খালাস পেয়ে যায়।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের এ মামলায় রাহিদ অব্যাহতি পান ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। আর সে বছরের ২৯ জানুয়ারি তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান। যোগ্যতার শর্ত পূরণ না করলেও তাকে নিয়মবহির্ভূতভাবে তখন নিয়োগ দেন তৎকালীন আওয়ামী সমর্থিত উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন।
ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক নিয়োগের বিধিমালা অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম জিপিএ ৩.৭০ থাকার কথা থাকলেও সেই যোগ্যতা না থাকা সত্ত্বেও আবু ওবায়দা রাহিদকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে নিয়োগ দেওয়া হয়। তার স্নাতক ও স্নাতকোত্তরের ফল ছিল যথাক্রমে ৩.৫৬ ও ৩.৫৪।
এই নিয়োগের জন্য তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন অননুমোদিতভাবে একটি নতুন শর্ত যুক্ত করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যেখানে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ফলাফলের যোগ্যতায় শিথিলতার সুযোগ রাখা হয়—যা সে সময় বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ছিল না।
রাহিদ যোগদানের সময় কুমিল্লার বেসরকারি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ছয় বছর শিক্ষকতার ‘ভুয়া’ অভিজ্ঞতা সনদ জমা দেন। তবে ওই বিশ্ববিদ্যালয় তার ছয় বছরের চাকরি, নিয়োগপত্র বা সংশ্লিষ্ট কোনো নথি দেখাতে পারেনি। তিনি অল্প কিছুদিন চুক্তিভিত্তিক ক্লাস নিয়েছিলেন। সেখানেও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর সুপারিশ ব্যবহার করেন তিনি। এই ভুয়া সনদ নিয়ে তিনি গত প্রায় তিন বছর ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছেন।
এসব বিষয়ে অভিযুক্ত আবু ওবায়দা রাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই মামলার বিষয়ে কিছুই জানিনা। আমি অনেক ব্যস্ত আছি। আপনার সঙ্গে কথা বলতে পারবো না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, প্রশ্নপত্র ফাঁসের এ ব্যাপারে আমরা অবগত নই। অবগত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় কিনা দেখবো।








