মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় গণমাধ্যমের মিথ্যা সংবাদ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৪, ২০২৪
news-image

ভারতীয় গণমাধ্যমের মিথ্যা সংবাদ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কিছু ভারতীয় গণমাধ্যম অহরহ মিথ্যা সংবাদ প্রচার করছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সমস্যা এবং সংকট রয়েছে, সেগুলো সমাধান করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য মতবিনিময় সভায় আলোচনা হয়েছে।

সাগর রুনির মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৬ মাস সময় দেওয়া হয়েছে এবং একটি নতুন টিম গঠন করা হয়েছে। এবার অবশ্যই মামলার সুরাহা হবে।

গণঅভ্যুত্থানের পর মামলার বিষয়ে তিনি বলেন, অনেক নির্দোষকে মামলায় আসামি করা হচ্ছে। যদি কেউ এমন মামলা করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আজ গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় প্রশাসন, পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার সফরসঙ্গী ছিলেন আইজিপি ময়নুল ইসলাম।