,

হোমনা উপজেলা বিএনপির কমিটিতে আ.লীগ নেতা মোজাম্মেল হক, এলাকায় তীব্র সমালোচনা

আজকের কুমিল্লা ডট কম :
August 25, 2026
news-image

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোজাম্মেল হকের নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মোজাম্মেল হক অতীতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। একই সঙ্গে তিনি চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
এমন একজন আওয়ামী লীগ নেতা কীভাবে হোমনা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেলেন, তা নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অনেক ত্যাগী নেতাকর্মী দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও যেখানে কাঙ্ক্ষিত মূল্যায়ন পাচ্ছেন না, সেখানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নেতাকে উপজেলা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে তৃণমূলের মধ্যে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক।

এদিকে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে, দলীয় আদর্শ ও রাজনৈতিক পরিচয়ের এত বড় পরিবর্তনের ক্ষেত্রে কী প্রক্রিয়ায় তাকে বিএনপির উপজেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে? তার আওয়ামী লীগের পদ-পদবি ও নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি কি দলীয়ভাবে যাচাই করা হয়েছিল?

তবে মোজাম্মেল হককে উপজেলা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা তুলে ধরা হবে।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যে হোমনার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ, বিস্ময় ও নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তৃণমূলের প্রশ্ন এখন একটাই—আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কীভাবে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন?