কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ
“তুই নে খসড়া, ফিরিয়ে দে ঠিকানা”—এমন স্লোগানে বুধবার (৬ আগস্ট) বিকেলে উত্তাল হয়ে ওঠে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড। কুমিল্লা-৯ (সাবেক) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে হাজারো মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেমে এসে এক ঘণ্টারও বেশি সময় অবরোধ কর্মসূচি পালন করেন।
বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এই সময় সদর দক্ষিণ, লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন। প্রতিবাদকারীদের মুখে ছিল—”আমার ঠিকানা ফিরিয়ে দাও”, “আমার আসন ফিরিয়ে দাও”, “বিভাজন নয়, ঐক্য চাই”—এমন দাবিমুখর স্লোগান।
সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া সীমানা পুনঃনির্ধারণে কুমিল্লা-৯ (সাবেক) আসনের কাঠামো ভেঙে ফেলার প্রস্তাবের পর থেকেই শুরু হয় জনমনে ক্ষোভ। কুমিল্লার তিনটি সংসদীয় আসনের মধ্যে এই আসনের ঐতিহাসিক ঐক্য ভেঙে নতুনভাবে বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।
এই দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মুহম্মদ আখতার হোসেন। বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান, মো. ইউসুফ আলী মীর পিন্টু, সদর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল মজুমদার, হানিফ মিয়া, সোহেল মজুমদার, যুবদল নেতা নাজমুল হাসান রনি, ছাত্রদল সমন্বয়ক নূর মোহাম্মদসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, “এই আন্দোলন শুধু একটি আসনের নয়, এটি একটি অস্তিত্বের লড়াই। আমাদের নির্বাচনী অধিকার থেকে এক চুলও সরব না। খসড়া বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।”
বিক্ষোভ শেষে অ্যাডভোকেট আখতার হোসেন ঘোষণা দেন—আগামী ১২ আগস্ট লালমাই ও ১৩ আগস্ট সদর দক্ষিণে বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।









