All posts by jitu

ফিলিস্তিনের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন

ফিলিস্তিনের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট:

দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

আগামী শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি। গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শিয়ালের মাংস বিক্রির অপরাধে ৬ মাসের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বেগমগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত আবুল বাশার (৫৫) সেনবাগ উপজেলার মজেদীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের ব্যাংক রোডে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপারও র‍্যাব-১১, সিপিসি-৩ স্কোয়াড কমান্ডার মো.গোলাম মোর্শেদ। এছাড়াও র‍্যাব-১১, সিপিসি-৩, একটি আভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাশার অধিক মুনাফা লাভের আশায় জনসাধারণকে কথার মায়া জালে ফাঁসিয়ে দীর্ঘদিন যাবৎ শেয়ালের মাংসকে ঔষুধী গুনাগুন সম্পন্ন মাংস হিসেবে আখ্যা দিয়ে বিক্রি করে আসছিলো। বুধবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব -১১ এর আভিযানিক দল নোয়াখালী জেলা প্রশাসনের সহায়তায় চৌমুহনী বাজারের ব্যাংক রোডে যৌথ ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধী ও প্রতারক আবুল বাশারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিএনপির কথা ও কাজ সবই ধ্বংসাত্মক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপির কথা ও কাজ সবই ধ্বংসাত্মক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দলটির কথা ও কাজ সবই ধ্বংসাত্মক।

এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহের কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজ উদ্বোধন এবং সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন।

এ দিন প্রধানমন্ত্রী সারাদেশে ১৬৪ টি সেতু ও আন্ডারপাসের উদ্বোধন করেন। এসব স্থাপনা দেশের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে।

শেখ হাসিনা বলেন, ২৯ বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশকে কী দিয়েছে? তারা দেশের মানুষের জন্য কতটুকু করেছে? তারা দেশের কতটুকু উন্নতি করেছে, সেটাই হলো বড় প্রশ্ন।

তিনি বলেন, আমরা সারা বাংলাদেশে ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত যতগুলো ব্রিজ, পুল ব্রিজ, রাস্তা-ঘাট আমরা করেছি সব হিসাব দিতে গেলে অনেক সময় লাগবে।

এ সময় উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়নের বর্ণনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

২০০১ সালের নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে সরকার প্রধান বলেন, ২০০১ সালে সরকারে আসতে পারিনি, সেটা আমি বহুবার বলেছি। কারণ আমাদের গ্যাস অন্য দেশ কিনবে; আমি রাজি হইনি। খেসারত দিতে হয়েছে, ক্ষমতায় আসতে পারিনি। জনগণের ভোট পেয়েছিলাম কিন্তু চক্রান্তের শিকার হয়েছিলাম। তার পরে দেশটার অবস্থা কী হয়েছিল?

বিএনপি-জামায়াত সরকারের লুটপাটের চিত্র তুলে ধরে তিনি জানান, সেই সময়টার কথা একবার চিন্তা করে দেখেন মানুষের কী দুরাবস্থা ছিল। ব্যবসা-বাণিজ্য করার কোনো সুযোগ ছিল না। বিএনপির আমল থেকে যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল এ দেশের মানুষের ওপর, তারই ধারাবাহিকতা চলতে থাকে। যা হোক একটা পর্যায়ে ২০০৮ সালে তারা নির্বাচন দিতে বাধ্য হয়।

বিএনপির গ্রহণযোগ্যতা নেই উল্লেখ ক রে শেখ হাসিনা জানায়, ২০০৮ এর নির্বাচনের রেজাল্ট; ২০ দলীয় ঐক্যজোট বিএনপি-জামায়াত পেয়েছিল মাত্র ২৯টি সিট। পরে বোধ হয় রিইলেকশনে একটা—৩০টা। ৩০০ সিটের মধ্যে তাদের প্রাপ্তি ছিল মাত্র ৩০টি সিট। এই হলো তাদের শক্তি, জনগণের কাছে গ্রহণযোগ্যতা।

আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরে তিনি জানান, ‘আমরা তো সারা জীবন আন্দোলন করে তার পরে না ক্ষমতায় এসেছি। তারা যেতে চাচ্ছে কিন্তু এই ধরনের মানুষের ক্ষতি করা, এটা যেন করতে না পারে। সে ক্ষেত্রে আমি মনে করি, আপনারা সবাই সজাগ থাকবেন।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) অত্র কলেজ মিলনায়তনে দিনটি উদযাপন করা হয়।

শুরুতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রতিষ্ঠানের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। পরবর্তীতে কলেজ মিলনায়তনে শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম এর সভাপতিত্ব এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নাজমা আহমেদ এবং কামরুর রশিদ।

শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক আবু জাহেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক বাংলা বিভাগের প্রভাষক রাশেদুল হক, কলেজ ছাত্র লীগের আহ্বায়ক নাসিম উদ্দিন ফয়সাল এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন ৭৫’র ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা ছিলো ইতিহাসের নারকীয় ঘটনা। সেদিন ঘাতকদের নির্মমতা থেকে শিশু রাসেলও রেহাই পায়নি।অথচ বেঁচে থাকলে এক সময় হয়তো তিনিও জাতির নেতৃত্ব দিতেন। আগামীতে শিশু-কিশোরদের মধ্য থেকে একেকজন শেখ রাসেল তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষের দিকে শেখ রাসেলকে নিয়ে দেয়ালিকা প্রকাশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইনজুরিতে নেইমার, ৯ থেকে ১০ মাস মাঠের বাইরে

ইনজুরিতে নেইমার, ৯ থেকে ১০ মাস মাঠের বাইরে

ডেস্ক রিপোর্ট:

কাতার বিশ্বকাপের দুঃস্বপ্ন ধীরে ধীরে ভুলতে বসেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে তাদের সুষম প্রতিযোগিতা ছিল পয়েন্ট টেবিলে। ভেনেজুয়েলার বিপক্ষে ড্র তাদের সেই দৌড়ে ‘দাড়ি’ টেনে দেয়, এরপর পেরুর বিপক্ষেও সেলেসাওরা ২-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে। তবে এরচেয়েও বড় দুশ্চিন্তার বিষয়– হাঁটুর চোট নিয়ে ম্যাচটি থেকে নেইমার জুনিয়রের ছিটকে যাওয়া। যা বড় ধাক্কা হিসেবে এসেছে ব্রাজিল শিবিরে!

এর আগেও অনেকবার চোটে পড়েছিলেন ব্রাজিল সেনসেশন। তবে এবার ভয়াবহ ইনজুরিতে পড়েছেন এই তারকা ফুটবলার। ধারণা করা হচ্ছে, আগামী ৯-১০ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান এ তারকাকে।

দীর্ঘ ৭ মাস মাঠের বাইরে কাটানো নেইমার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪৫ মিনিটে চোটে পড়েন। প্রতিপক্ষের নিকোলাস ডে লা ক্রুজের করা ফাউলের শিকার হন তিনি। মাঠে কয়েক মিনিট প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয় ৩১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে। চোট এতটা গুরুতর ছিল যে, হাত দিয়ে চোখ ঢেকে তিনি কাঁদতে কাঁদতে নেইমার মাঠ ছেড়েছেন। এরপর তার বদলি হিসেবে মাঠে নামানো হয় রিচার্লিসনকে।

ম্যাচের পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, উরুগুয়ের বিপক্ষে মাঠের চোটে বাম হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে গেছে নেইমারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার নিজে এবং তার ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, খুব শিগগিরই হাঁটুর অপারেশন করা হবে নেইমারের। তবে কবে এবং কখন এই অপারেশন হবে সেটা এখনও ঠিক করা হয়নি। ব্রাজিল জাতীয় দল এবং আল হিলালের মেডিকেল টিম সার্বক্ষণিক নেইমারের চিকিৎসায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়।

স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, নেইমারের চোট বড়সড় বিপদে ফেলতে পারে ব্রাজিল এবং আল হিলালকে। তাদের মতে, অপারেশন এবং পুনর্বাসন মিলিয়ে এই চোট সেরে উঠতে নেইমারের সময় লাগবে ৭-৯ মাস। এদিকে, ৮ মাসের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকার আগামী আসর। আর তাই মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে এবার নাও দেখা যেতে পারে ব্রাজিলিয়ান সেনসেশনকে।

চাঁদপুরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন ও দুইজনের ৫ বছর কারাদন্ড

চাঁদপুরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন ও দুইজনের ৫ বছর কারাদন্ড

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে মাদক মামলায় মো.রাসেল (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই মামলায় অপর দুই আসামী মো. তাজুল ইসলাম (৪৩) ও ফারুক আহমেদকে (৩৮) ৫ বছর করে কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড এবং ১ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত-২) এর বিচারক মো. শাহেদুল করিম এই রায় দেন।

আসামীদের মধ্যে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী রাসেলের বিরুদ্ধে আরো দুটি ধারায় সাজা হয়। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ (খ) ধারায় ৫বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড এবং ৯ (ক) ধারায় ২ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম খলিল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ধরণের মাদকসহ আসামী রাসেল ও তাজুল ইসলামকে গ্রেফতার করে। একই সাথে এই ঘটনায় জড়িত ছিল আসামী ফারুক আহমেদ। তবে সে পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ওইদিন চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

মামলাটির তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয় তৎকালীন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপ-পরিদর্শক মামুনুর রশিদকে। তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ৩১ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মজিবুর রহমান ভুঁইয়া ও দেবাশীষ কর মধু জানান, মামলাটি দীর্ঘ ১২ বছরের অধিক সময় চলাকালীন আদালত ৮জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। মামলার স্বাক্ষ্য গ্রহন ও নথিপত্র পর্যালোচনা করে আদালত এই রায় দেন। তবে রায়ের সময় আসামীরা উপস্থিত ছিলেন না। আসামী পক্ষে আইনজীবী ছিলেন এসডিএলআর শিব গোপাল মজুমদার।

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ২৭ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ২৭ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাট এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ হাজার ১০০ কেজি (২৭.৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, আজ ভোর ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে চাঁদপুর সদরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ১ হাজার ১০০ কেজি অবৈধ জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ সবসময় আছে: প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের পাশে বাংলাদেশ সবসময় আছে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যায় গণভবনে ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এসময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে অংশ নেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, কাতারের রাষ্ট্রদূত আলি মাহদি সাঈদ আল-কাহতানি, লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব সুলিমান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি, ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওথমান।

এছাড়া আরও অংশ নেন সংযুক্ত আরব আমিরাতের চার্জ দি অ্যাফেয়ার্স হামিদ আল তামিমি, ইরাকের চার্জ দি অ্যাফেয়ার্স মোহামাদ আল দারাজি, ওমানের চার্জ দি অ্যাফেয়ার্স ফাতিহা আল বুলুশি, ইন্দোনেশিয়ার চার্জ দি অ্যাফেয়ার্স রাদেন উসমান ইফেন্দি এবং মিশরের চার্জ দি অ্যাফেয়ার্স মিনা মাকারি।

কুমেক হাসপাতালে চিকিৎসকের হাতে লাঞ্চনার শিকার ২ সাংবাদিক

কুমেক হাসপাতালে চিকিৎসকের হাতে লাঞ্চনার শিকার ২ সাংবাদিক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গৃহকর্ত্রী দ্বারা নির্যাতিত এক শিশুর ভিডিও বক্তব্য নিতে গিয়ে ডা. আবু জাফর সানির হাতে লাঞ্ছিত হয়েছেন যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো রিপোর্টার খোকন চৌধুরী ও ক্যামেরাপার্সন কামরুল ইসলাম। বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ডা. আবু জাফর সানি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত।

ভুক্তভোগী সাংবাদিক খোকন চৌধুরী জানান, খবর সংগ্রহকালে হঠাৎ ডা. আবু জাফর সানি এসে আমার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এরপর তিনি কর্মচারীদের নিয়ে ধাক্কাতে ধাক্কাতে আমিসহ আমার ক্যামেরাপার্সন কামরুল ইসলামকে ওই ওয়ার্ড থেকে বের করে দেন। তাদের এমন অশালীন আচরণের ভিডিও ধারণ করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত ডা. আবু জাফর সানির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, সরকারি একটি অনুষ্ঠানে ছিলাম ঘটনার সময়। খবর পেয়ে হাসাপাতালে এসে খোঁজখবর নিয়েছি এবং ওই সাংবাদিকের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লার কর্মরত সকল সাংবাদিকরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।