Tag Archives: অনিয়ম

চাঁদপুর শহরের তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোড এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ মার্চ) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে শহরের জে এম সেনগুপ্ত রোড এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে বিউটি স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় একই এলাকার এ ওয়ান প্লাস এবং ফাতেমা ফেব্রিক্স কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

চাঁদপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তারের সার্বিক সহযোগিতা ও চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এবং জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়।

এছাড়াও নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। তবে চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে

শাকপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ, অপসারণ চায় বিভিন্ন পক্ষ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ইউসুফের পদত্যাগের দাবিতে সোচ্চার স্থানীয় এলাকাবাসি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকগণ এবং অভিভাবকরা। বিগত ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর অনেকটা প্রভাব খাটিয়ে তিনি অধ্যক্ষ পদে আসীন হন। অধ্যক্ষ পদে দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব না দেওয়া, শিক্ষক-কর্মচারি-অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, পরীক্ষার অতিরিক্ত ফি নেয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরোধীতা করাসহ নানা অভিযোগ উঠে অধ্যক্ষ এ কে এম ইউসুফের বিরুদ্ধে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগী আবুল কালাম পাটোয়ারি, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আবুল কালাম জানান, বিগত স্বৈরাচার সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠভাজন হওয়ায় এ কে এম ইউসুফকে অবৈধ উপায়ে সকল প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই নিয়োগ দেন তৎকালিন সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। তৎকালিন এমপি নাছিমুল আলম চৌধুরী (নজরুল) এর সহযোগিতায় অস্ত্রের মুখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ও এলাকার মানুষদের বাধ্য করে বিশাল নিয়োগ বাণিজ্যের বিনিময়ে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়। ইন্টারভিউর দিনে মারধর করা হয় গভর্নিং বডির সদস্য মাস্টার মোঃ আশরাফ উদ্দিন ভূইয়া ও ছাদেক হোসেন খন্দকারকে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ইন্টারভিউ’র দিনে নিয়োগ বোর্ডের ২ জন সদস্য জ্যেষ্ঠ প্রভাষক মোঃ গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক (গণিত) মোঃ জাকির হোসেন নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন না। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে উপাধ্যক্ষ ও জ্যেষ্ঠ প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ না করে জুনিয়র প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়। জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়ে উপাধ্যক্ষ ও জ্যেষ্ঠ প্রভাষক মোঃ গোলাম মোস্তফা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশনের রায়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে মর্মে রায় প্রদান করা হয়। নিয়োগ রেজুলেশনে গভর্নিং বডির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে ‘অস্ত্রের মুখে সন্ত্রাসীদের মাধ্যমে বাধ্য করে স্বাক্ষর নেওয়া হয়। সব মিলিয়ে অধ্যক্ষ পদে এ কে এম ইউসুফের নিয়োগটি সম্পূর্ণ অবৈধ বলে জানা গেছে।

স্থানীয় সূত্র আরো জানায়, অধ্যক্ষ এ কে এম ইউসুফের কর্মকান্ডের কারণে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন হচ্ছে। শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অধ্যক্ষের নেতিবাচক ব্যবহারের কারণে মাদ্রাসাটি আজ ধ্বংসের মুখোমুখি। পরীক্ষার ফি, ফরম ফিলাপ ফি, রেজিঃ ফি, মার্কসীট ও সার্টিফিকেট দেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অধ্যক্ষ মোটা অংকের টাকা নেন, যার পরিমাণ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশী । গরীব শিক্ষার্থীদের অভিভাবকরা টাকা দিতে না পারায় তাদের সাথে দুর্ব্যবহার করেন এই অধ্যক্ষ। অনেক শিক্ষার্থী অধ্যক্ষের চাহিদা অনুযায়ী অতিরিক্ত টাকা দিতে না পেরে মাদ্রাসা ত্যাগ করেছে। নাজমুল হাসান নামের এক সাবেক শিক্ষার্থী তার ফাযিল (বি.এ) পরীক্ষার সনদের জন্য অধ্যক্ষের নিকট গেলে তিনি তাকে অনেক গালমন্দ করেন। সনদের জন্য টাকা নিয়েও তার সনদ দেননি, বরং দেখে নিবেন বলে হুমকি ধমকি দেন। ফলে নাজমুল হাসানের সনদ না থাকার কারণে চাকুরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এতে তার অনেক ক্ষতি হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী দশম শেণির শিক্ষার্থী মুজাহিদ হাসান, আরিফুর রহমান ও ফাযিল প্রথম বর্ষের শিক্ষার্থী আবু তালেব জানান, শাকপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এ.কে.এম ইউসুফ স্যার বিগত জুলাই মাসে দেশ ব্যাপী সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধিতা করেছেন। এমনকি বিগত সময়ে মাদ্রাসার নানা অনুষ্ঠানে তিনি ফ্যাসিবাদী সরকারের পক্ষে বিভিন বক্তব্য দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাদ্রাসার শিক্ষক, কর্মচারীদের তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা অন্য কোনভাবে শিক্ষার্থীদের সমর্থন জানাতে কঠোরভাবে নিষেধ করেন। মাদ্রাসার কোন শিক্ষক-শিক্ষার্থী অধ্যক্ষের মতামত কিংবা সিদ্ধান্তের সাথে একমত পোষণ না করলে তিনি নানাভাবে তাদের সাথে অসদাচরণ করেছেন। ছাত্রীরা প্রয়োজনে অধ্যক্ষের কাছে গেলে ছাত্রীদের তিনি অশ্লীল ভাষায় গালমন্দ করে বিতাড়িত করেন এবং অসদাচরণ করেন। অধ্যক্ষ মাদ্রাসার মসজিদে নামাজ পড়েন না। দশম শ্রেণির শিক্ষার্থী মুজাহিদ একদিন অধ্যক্ষকে মাদ্রাসা মসজিদে যোহরের নামাজ আদায় করতে বলায় তিনি এ ছাত্রের উপর ক্ষেপে যান এবং তাকে মাদ্রাসা হতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন বলে হুমকি দেন।

স্থানীয় সূত্র ও আরো কিছু অভিযোগের মাধ্যমে জানা যায়, মাদরাসার অধ্যক্ষ এ কে এম ইউসুফ অত্র প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আয়-ব্যয়ের কোন হিসাব প্রদান করেননি। শিক্ষক-কর্মচারীরা হিসাব চাইলে অধ্যক্ষ বলতেন, শিক্ষক কর্মচারীরা হিসাব চাওয়ার কোন অধিকার নাই এবং হিসাব দেওয়া যাবে না। সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মাদ্রাসার আয়-ব্যয়ের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ তাকে বলেন তুই কে হিসাব চাওয়ার ? তুই কাজের বদলা বলে মারধর করার জন্য চেয়ার থেকে ওঠে তেড়ে আসেন এবং বলেন তুকে চাকরি ছাড়া করবো । শিক্ষক কর্মচারীগণ অভ্যান্তরীণ অডিট কমিটি করার জন্য প্রস্তাব করলে তিনি উক্ত প্রস্তাব প্রত্যাখান করেন এবং বলেন আমি যা বলবো, তাই শিক্ষক কর্মচারীগণ মানতে হবে। অধ্যক্ষ সাহেব যোগদানের পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোন টাকা ব্যাংকের জেনারেল ফান্ডে জমা না দিয়ে নিজের কাছে রেখে নিজেই খরচ করে ভাউচার পাশ করেন। স্থানীয় কোন দাতাদের অনুদানের টাকা গ্রহণ করে রশিদ প্রদান করেন না। এক দুটি ছাড়া আয়ের কোন রশিদ কাটেন নি। অধ্যক্ষ যোগদানের পর থেকে কোন উপকমিটি গঠন করেন নি এবং বার্ষিক আয় ব্যয়ের কোন বাজেট তৈরী করেন নি। অধ্যক্ষ সরকারী নির্দেশনা অমান্য করে নিয়ম বর্হিভূতভাবে ক্লাস রুটিন তৈরী করে শিক্ষকদের উপর চাপিয়ে দেন। শিক্ষকগণ কারিকুলাম অনুযায়ী ক্লাস রুটিন তৈরী করে অধ্যক্ষকে প্রদান করলে তিনি তা প্রত্যাখান করেন। নতুন কারিকুলামে ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ইংরেজি ক্লাস ২০২৪ সালের শুরু থেকে এই পর্যন্ত হচ্ছে না,যার প্রমাণ ছাত্র-ছাত্রীদের শ্রেণিওয়ারী দরখাস্ত রয়েছে । এ অধ্যক্ষ যোগদান করার পর থেকে শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে অশোভন আচরণ করার কারনে অনেক ছাত্র-ছাত্রী মাদরাসা ত্যাগ করে অন্যত্র চলে যায়। শিক্ষক কর্মচারীগণ তাঁর এহেন আচরণে খুবই অসন্তুষ্ট । ফরম ফিলাপ ফি, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, নির্ধারিত বেতন ফি থেকে অতিরিক্ত টাকা অধ্যক্ষ ধার্য্য করেন যা সরকারি বিধির পরিপন্থী। এই কারনে অনেক ছাত্র/ছাত্রী মাদরাসায় আসা বন্ধ করে দিয়েছে। সহকারী অধ্যাপক (বাংলা) নাজমা আক্তারকে রুটিনে চতুর্থ শ্রেণিতে ক্লাস দেওয়ায় নাজমা আক্তার মাধ্যমিক স্তরে ক্লাস দেওয়ার জন্য অনুরোধ করলে অধ্যক্ষ তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং রাস্তার টোকাই ও বাদুরনি বলে গালমন্দ করেন। বাংলা প্রভাষক রাবেয়া আক্তারকে অফিসে ডেকে নিয়ে অধ্যক্ষ বলেন- চাকুরি করতে হলে মাসিক ৫ হাজার টাকা করে দিতে হবে অন্যথায় চাকুরি করতে পারবানা ৷ এতে রাবেয়া আক্তার অস্বীকৃতি জানালে অধ্যক্ষ তাকে বলেন তুমি রেন্ডি পাড়ার মহিলা, তোকে ঘাড় ধাক্কা দিয়ে মাদরাসা থেকে বের করে দিবো। ইংরেজি প্রভাষক নাজমুন নাহার আখি মনি যানজটের কারনে মাদরাসায় আসতে একটু দেরি হওয়ায় হাজিরা খাতায় স্বাক্ষর করতে গেলে তাকে স্বাক্ষর করতে না দিয়ে তার শরীরে হাজিরা খাতা ছুড়ে মারেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন। সিনিয়র সহকারী শিক্ষক অনিলচন্দ্র সরকারকে অধ্যক্ষ বলেন হিন্দু শিক্ষক টাউট বাটপার ৷ সরকারের মাথা খারাপ মাদ্রাসায় হিন্দু শিক্ষক নিয়োগ দেয়। সহকারি অধ্যাপক মলিন কৃষ্ণ তালুকদারের নিকট চাঁদা চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করলে অধ্যক্ষ তাকে অযোগ্য বলেন। এ সময় তিনি তার সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন বললে অধ্যক্ষ বলেন সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের পিছন থেকে কুড়িয়ে এনেছেন। সহকারী মৌলভী কোহিনুর আক্তারের সাথে অধ্যক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আপত্তিজনক অশালিন ও কুরুচিপূর্ণ আচরণ করেছেন।

শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় ৩ মাস শিক্ষকদের বেতন বন্ধ রাখা হয়, যা বিগত মাস থেকে চালু করা হয়।

এ শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক মাওলানা নজরুল জানান, অধ্যক্ষ সাহেবকে অবৈধ উপায়ে এখানে নিয়োগ দেয়া হয়েছে। মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছের মানুষ হওয়ায় কোন নিয়ম-নীতি তোয়াক্কা না করেই তাকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি যা বলেন তা এখানেই নিয়মে পরিণত হয়। ১৬ অক্টোবর অধ্যক্ষের অপসারণ চেয়ে আন্দোলন করায় অধ্যক্ষ সাহেব বাইরে থেতে সন্ত্রাসী এনে ছাত্রদের মারধর করান এবং ছাত্রীদের ওড়না ধরে টানাটানি করান। উনার অত্যাচারের মাত্রা সীমাহীন। উনার অপকর্মের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, অতি: জেলা প্রশাসক (শিক্ষা), মাদ্রাসা অধিদপ্তর বরাবর অভিযোগ করেছি। কিন্তু এখনো কোন সমাধান হয়নি।

শাকপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ইউসুফ জানান, আমার বিরুদ্ধে আণীত অভিযোগ মিথ্যে । কিছু শিক্ষক দুর্ণীতি করতে না পেরে আমার বিরুদ্ধে এ অভিযোগ এনেছে। এ প্রতিষ্ঠানের সভাপতি কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। উনার নির্দেশমত আমরা নিয়ম অনুযায়ী কাজ করছি।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ জানান, এ প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে কোন বিষয় নিয়ে কোন্দল থাকতে পারে। ফলে এ বিষয়গুলো নিয়ে সবাই বিচলিত। এখানে অনেক অনিয়ম ছিল। আমি সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর এসব অনিয়মগুলো দূর করার জন্য কাজ করেছি। অনেকটা অনিয়ম দূর হয়েছে। সকল অনিয়ম দূর করে শিক্ষার্থীদের জন্য শিক্ষার সঠিক পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করছি।

অনিয়ম দুর্নীতির অভিযোগ

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির পিপইয়াকান্দি আমানুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছেন ওই প্রতিষ্টানের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় মাদরাসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমবাবেশ বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক ছালেহ উদ্দিন ভুঞা, আবুল কালাম বিশ্বাস, প্রভাষক রাশিদা আক্তার, মাদরাসার প্রাক্তন ছাত্র সাচার কলেজের প্রভাষক ইসমাইল হোসেন ও স্থানীয় কামাল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমান ২০০১সালে এই মাদরাসায় যোগদান করেন। প্রথম দিকে ভালো থাকলেও পরে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এমন অভিযোগ মাথায় নিয়ে ২০১৪ সালের জুন মাসে স্বেচ্ছায় পদত্যাগ করেন অধ্যক্ষ মতিউর রহমান। পরে কূটকৌশল অবলম্বন করে প্রভাবশালী লোকজনের মাধ্যমে একবছর তিনমাস পর আবার সে মাদরাসায় যোগদান করেন। এরপর তিনি বেপরোয়া হয়ে উঠেন। ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতে মেতে উঠেন।

মাদরাসার পানি নিস্কাশন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সরকারি অনুদানের পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়েও অনিয়মের মাধ্যমে টাকার বানিজ্য করেছেন।

বক্তারা বলেন , গত ১সেপ্টেম্বর মাদরাসার শিক্ষক কর্মচারীরা অধ্যক্ষের অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ করেছি। বার বার অভিযোগ করলেও টাকার জোরে ধামাচাপা দিয়ে দেয় অধ্যক্ষ মতিউর রহমান।

বক্তারা আরও বলেন, অধ্যক্ষ মতিউর রহমান মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্রীসহ অন্যান্য ছাত্রীদের যৌন হয়রানী করাসহ নানা কৌশলে ছাত্রীদের বিরক্ত করতেন। দুইজন মহিলা প্রভাষক রাশিদা আক্তার- (গণিত) ও রাশিদা আক্তার (জীব বিজ্ঞান) অধ্যক্ষের বিরুদ্ধে গত মার্চ মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যৌন হয়রানির লিখিত অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। মাদরাসার শিক্ষক- শিক্ষিকাদের সাথে চরম দুর্ব্যবহার এবং কুরুচিপূর্ণ ও অশালিন ভাষা ব্যবহার করতেন। সরকারী সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করাসহ ছুটির আবেদনপত্র আবেদনকারী শিক্ষকের সামনেই ছিড়ে ফেলে দিতেন। আমরা এমন দুর্নীতিবাজ অধ্যক্ষের দ্রুত অপসারণের দাবী জানাচ্ছি।

অধ্যক্ষ মতিউর রহমান এবিষয়ে পরে কথা বলবেন বলে মুঠোফোনে এ প্রতিবেদককে জানান।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করছে। তদন্ত রিপোর্ট পেলে মাদরাসা শিক্ষাবোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। ওখান থেকেই চুড়ান্ত সিদ্ধান্ত হবে।

কুবির ‘তিন অনিয়মের দায়’ উপাচার্যের উপর চাপালেন ট্রেজারার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষকদের তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের সমালোচিত ‘তিন অনিয়মে’ উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে দোষারোপ করলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান।

গত বুধবার (৩১ জানুয়ারি) “সার্ভিস রুলস, একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশন” (পরীক্ষা, ছুটি এবং আপগ্রেডেশন বিধি) শিরোনামে একটি প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে রিসোর্স পারসন হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ।

কিন্তু এমন একটি প্রশিক্ষণে নির্ধারিত বিষয়ের উপর কোন বিশেষজ্ঞকে না রেখে কোষাধ্যক্ষকে রিসোর্স পারসন হিসেবে কেন রাখা হয়েছে, অংশগ্রহণকারী শিক্ষকগণ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এসময় শিক্ষকগণ কোষাধ্যক্ষের কাছে বিশ্ববিদ্যালয়ের সমালোচিত বিভিন্ন অনিয়মের বিষয়েও প্রশ্ন তোলেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষকদের প্রাপ্ত ভাতা থেকে কোন প্রকার নীতিমালা ছাড়াই ভাইস চ্যান্সেলরের নামে বৃত্তি প্রদান, বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচে গেস্ট হাউজ রাখা হলেও শিক্ষকদের বঞ্চনায় ডুবিয়ে সেটি উপাচার্যের দখলের কারণ, বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ ও ইউজিসির আইন অমান্য করে শিক্ষক নিয়োগে, পদোন্নতিতে বৈষম্য সৃষ্টির পাশাপাশি সঠিক নিয়মে আপগ্রেডেশন না দেওয়াসহ গুরুতর অনিয়মের বিষয়গুলো নিয়ে শিক্ষকগণ প্রশ্ন তোলেন। পরে এসকল অনিয়মের দায় উপাচার্যের উপর চাপান কোষাধ্যক্ষ।

এবিষয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ‘আমরা ট্রেজারারের কাছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নিয়মনীতির তোয়াক্কা না করে প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর পিএইচডি নথিভুক্তি, উপাচার্যের পছন্দের ব্যক্তিদের পদোন্নতি স্থায়ী করন এবং সকল শর্ত পূরণ হলেও ব্যক্তিগত আক্রোশে অন্য শিক্ষকদের পদোন্নতি প্রদানে অযাচিত শর্তারোপের বিষয়ে ব্যাখ্যা জানতে চাইলে তিনি বিব্রতবোধ করেন। তিনি বলেন, “এসব সিদ্ধান্ত আমি নিতে পারি না। হায়ার অথরিটি আছে; বোর্ড আছে। উপাচার্য এ ব্যাপারে ভাল বলতে পারবেন।” এভাবে তিনি আমাদের প্রশ্ন এড়িয়ে উপাচার্যের উপর দায় চাপান। বস্তত এসকল অনিয়মের কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান জানান, ‘ আমি কোষাধ্যক্ষের কাছে জানতে চাই, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম আছে, কিন্তু এসব নিয়মের ব্যত্যয় ঘটিয়ে একাধিক ব্যক্তিকে কোন আইনে নিয়োগ দেওয়া হয়েছে? যোগ্যতা থাকার পরও কেন প্রমোশন আটকিয়ে দেওয়া হচ্ছে? এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচে গেস্ট হাউজ রাখা হয়েছে, কিন্তু শিক্ষকদের বঞ্চনায় ডুবিয়ে উপাচার্য একাই সেটি কিভাবে দখল করতে পারেন? যে পদ্ধতিতে বৃত্তি দেওয়া হচ্ছে সেটার খাত নিয়েও কোষাধ্যক্ষকে প্রশ্ন করলে তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। উল্টো শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি এটির সম্পূর্ণ দায়ভার উপাচার্যকে চাপিয়ে দেন। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি উপাচার্য একাই সকল দুর্নীতির মূল হোতা?

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহযোগী অধ্যাপক বলেন, শিক্ষক পদোন্নতির নীতিমালা অনুযায়ী আবেদনের সময় তো Q1 এবং Q2 নীতিমালা ছিল না। কিন্তু এসব নিয়ে পদোন্নতির সময় আমাদের আটকে দিচ্ছে। এসব নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন কোষাধ্যক্ষ বলেন “এসব বিষয়ে আমার হাতে থাকে না। এখানে হায়ার অথরিটি আছে। যাচাই বাছাই বোর্ড আছে তাদের উপর নির্ভর করে।” আবার উপাচার্য তার নিজের কাছে গেস্ট হাউজের চাবি রেখে দেওয়াতে আমাদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। এরপর তার অপছন্দের শিক্ষকদের পদোন্নতিতে নিয়মবহির্ভূত শর্তারোপ করছেন। শিক্ষকরা এসব প্রশ্নবাণে জর্জরতি করলে তখন কোষাধ্যক্ষ বিব্রত হয়ে বলেন, “এসব বিষয়ে উপাচার্য ভালো বলতে পারবেন।”

এদিকে শিক্ষকদের তোপের মুখে উপাচার্যের উপর দায় চাপানোর বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, উপাচার্যের উপর দায় চাপানোর বিষয়টি সম্পূর্ণ অসত্য। শিক্ষক নিয়োগ এবং আপগ্রেডেশনের বিষয়টি হায়ার বোর্ডের বিষয়। সেখানে উপাচার্যসহ অন্যান্য বোর্ড মেম্বাররা সিদ্ধান্ত নেন। সেখানে কাছের লোকদের সুযোগ দেয়া কিংবা দূরের লোকদের ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়টি সম্পূর্ণ ওনাদের। আমি সেখানে ছিলামও না। কি হয়েছে জানিও না।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ নিয়ে বিড়ম্বনা ও মেধাবৃত্তির বিষয়ে উপাচার্যের কর্মকাণ্ডের বিষয়ে শিক্ষকদের কাছে কোষাধ্যক্ষের দেয়া মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “একটা সময় ভর্তি পরীক্ষার লভ্যাংশ থেকে শিক্ষকদের একটি অংশ দেয়া হতো। যা পুরোপুরি প্রচলিত নিয়ম। কিন্তু বর্তমানে সেই অর্থ দিয়ে মেধাবৃত্তি দেয়ার বিষয়টি ‘নিয়ম মেনে করা হয়নি’ এই ধরনের অভিযোগ সঠিক নয়।”

বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজের অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, আমি শিক্ষকদের তখন বলেছি গেস্ট হাউজ অব্যবস্থাপনার বিষয় নিয়ে উপাচার্যের সাথে কথা বলবো।

জানা যায়, ড. মো. আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক। পাশাপাশি তিনি বায়ো সায়েন্স, বায়ো ইলেক্ট্রনিক, বায়োটেকনোলজি, পলিমার সায়েন্সসহ কয়েকটি বিষয়ে ইতোপূর্বে গবেষণার কাজ করেছেন।

তবে কোষাধ্যক্ষের দায় ছাপানোর বিষয়ে কথা বলতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের দপ্তরে গেলে তিনি অন্যান্য সাক্ষাৎ প্রার্থীদের সাথে কথা বললেও প্রতিবেদককে ব্যস্ততা দেখিয়ে প্রায় দুই ঘন্টা বসিয়ে রাখেন। উপাচার্যের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোন সাড়া দেননি। মুঠোফোনে ক্ষুধেবার্তা পাঠালেও তার উত্তর পাওয়া যায়নি।

বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্তে তুলে ধরে আজকের জীবন: প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

কুমিল্লা প্রতিনিধি:

আগামির পথ চলায় দৈনিক আজকের জীবন সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, স্বাধীনতার পক্ষে দেশের কথা, দেশের মানুষের কথা বলবে- এ আশাবাদ ব্যক্ত করে পত্রিকাটির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কুমিল্লার অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সত্য প্রকাশে আপোষহীন- এ শ্লোগানকে ধারণ করে দৈনিক আজকের জীবন পত্রিকাটি নিরপেক্ষ খবর পরিবেশনের মাধ্যমে দেশের সচেতন মহলের কাছে একটি গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গত ২৪ বছরে এটি দেশের অবহেলিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হয়েছে। বিভিন্ন সেক্টরের অনিয়মকে নির্ভীক চিত্তে তুলে ধরার পাশাপাশি দেশের সার্বিক এগিয়ে যাওয়ার চিত্রও ব্যাপকভাবে ফুটিয়ে তুলছে দৈনিক আজকের জীবন। পত্রিকাটির সম্পাদক সফিকুর রহমান পত্রিকাটির ২৪ বছর পার করে ২৫ বছরে পদার্পণের মাইলফলকে আসতে অনেক বন্ধুর পথ অতিক্রম করেছেন।

বুধবার (১ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক আজকের জীবন পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান।কুমিল্লা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার জেলা প্রতিনিধি নেকবর হোসেন।

অনুষ্ঠানে দৈনিক আজকের জীবন পত্রিকার সফলতা ও শুভ কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়্যেদ মাহমুদ পারভেজ,জনকন্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম,দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সাদেক মামুন,দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক,দৈনিক শিরোনামের স্টাফ রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব,আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বাহার রায়হান, কালেরকন্ঠের কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু,দৈনিক একুশে সংবাদ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি জুয়েল রানা।

অনুষ্ঠান উপস্থাপনা করেন কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিটিভি নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক ওমর ফারুকী তাপস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন।

আলোচনা শেষে অতিথি ও আমন্ত্রিত সাংবাদিকরা মিলে দৈনিক আজকের জীবন পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে মুভকামনা জানায়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল,দৈনিক সুর্যদয়ের ব্যুরো চিফ তাপস চন্দ্র সরকার, সামাজিক সংগঠন নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন,দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক আজকের কুমিল্লার সিনিয়র রিপোর্টার বিএম মহিউদ্দিন মন্টি, ফটো সাংবাদিক এন কে রিপন,নাগরিক টিভি ক্যামেরা পারসন আলমগীর হোসেন,ঢাকা ক্যানপ্যাস কুমিল্লা প্রতিনিধি মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, দৈনিক নতুন কাগজের জেলা প্রতিনিধি ও চেতনায় একাত্তর নিউজের সম্পাদক মাইনুল হক স্বপন, দৈনিক ডাক প্রতিধিনের বার্তা সম্পাদক নুরুল ইসলাম, দৈনিক মানবজমিন সদর দক্ষিণ প্রতিনিধি সোহিবুল ইসলাম সোহাগ, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার রিপোর্টার স্টাফ মোতালেব হোসেন, সংবাদ বিচিত্রার প্রতিনিধি প্রদিপ মজুমদার, দৈনিক আমাদের কন্ঠের কুমিল্লা প্রতিনিধি ফেরদৌস মিঠু, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার শাহ ইমরান,দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার সালাউদ্দিন সোহেল, সাংবাদিক রাজিব সাহা, ফটো সাংবাদিক মোঃ শাফি, দৈনিক আজকের আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার উজ্জল, দৈনিক ভোরের কলামের মহানগর প্রতিনিধি আয়েশা আক্তার, আজকের দর্পনের প্রতিনিধি রবিউল বাশার, দৈনিক পূর্বাশার প্রতিনিধি মো: আলাউদ্দিন,
দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি মো: গাজী রুবেল,দৈনিক মাতৃভূমির প্রতিনিধি মাহ্ফুজ আনোয়ার সৌরভ,সাংবাদিক নারায়ন কুন্ড, সাংবাদিক শাহিন আলম, দৈনিক ভোরের কলামের হাবিবুর রহমান মুন্না,কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার নুরুল হক রনি,আজকের জীবনের মহানগর প্রতিনিধি মজিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিদিনের সম্পাদক ইকরাম হোসেন, বেঙ্গল টাইমসের প্রতিনিধি আলমগীর হোসেন ,সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।