মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ লাখ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অটোরিকশাচালক অনিক

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

সততার বিরল উদাহরণ সৃষ্টি করেছেন কুমিল্লার একজন তরুণ অটোরিকশাচালক। যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা প্রায় ১৫ লাখ টাকা অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন মোহাম্মদ অনিক।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে। কুমিল্লা নগরীর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা অনিক ব্যাটারিচালিত অটোরিকশা চালান। সেদিন এক অভিভাবক তার সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে তাড়াহুড়োর মধ্যে টাকা ভর্তি একটি ব্যাগ অটোরিকশায় ফেলে যান।

ব্যাপারটি বুঝতে পেরে কিছুক্ষণ পর যাত্রী ফিরে আসলেও তখন আর অটোরিকশাটি খুঁজে পাননি। তবে ৩০-৪০ মিনিটের মধ্যেই নিজেই সেই যাত্রীর বাড়ির আশপাশে গিয়ে তাকে খুঁজে বের করেন অনিক এবং সবার সামনে ব্যাগটি হস্তান্তর করেন।

ব্যাগের ভেতর এত বিপুল পরিমাণ টাকা পেয়েও এক মুহূর্তের জন্যও লোভে পড়েননি অনিক। তিনি জানান, “ব্যাগ খুলে টাকার পরিমাণ দেখে আমি প্রথমেই বাবাকে কল দিই। তিনি বললেন, ‘যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়। অন্যের টাকা নিয়ে বাঁচতে চাই না।'”

অনিকের বাবা নিজেও একজন অটোরিকশাচালক। সৎ আদর্শে গড়ে ওঠা এই পরিবার বড় অঙ্কের অর্থ পেলেও মানবিকতার পথ থেকে বিচ্যুত হয়নি।

এই ঘটনার পর অনিকের সততা ছড়িয়ে পড়ে এলাকায় ও অনলাইনে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা বলছেন, “অনিকের মতো সৎ মানুষ আমাদের সমাজের গর্ব। তাদের সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব।”