All posts by jitu

কুবির আইন অনুষদের নতুন ডিন উপাচার্য আবদুল মঈন

কুবির আইন অনুষদের নতুন ডিন উপাচার্য আবদুল মঈন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আগামী ২০ সেপ্টেম্বর থেকে উপাচার্য ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম। আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তার দায়িত্বের মেয়াদ শেষ হবে ।

অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে কোন শিক্ষক নিয়োজিত না থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন-২০১৩ ধারা ২২(৬) অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন-২০১৩ ধারা ২২(৬) ধারায় বলা হয়, ‘ছুটি, অসুস্থতা বা অন্য কোন কারণে ডীনের পদ শূণ্য হইলে ভাইস-চ্যান্সলর ডিন পদের দায়িত্ব পালনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।’

কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু

কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে আদনান শাহরিয়ার সামি (৯) ও আহনাফ (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন চাচাতো ভাই।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর পাড়া গ্রামে এই প্রাণহানীর ঘটনা ঘটে।

নিহতরা হলো- মোহনপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ আল নোমান শিবলুর ছেলে আহনাফ এবং শাহরিয়ার সুমনের ছেলে আদনান (৮)। তারা মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আদনান শাহরিয়ার শামী’র বাবা সুমন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং আহনাফ এর বাবা শিপলু দুবাই প্রবাসী।

নিহতদের ফুফাত ভাই সোহেল জানান, স্কুল থেকে ফিরে দুপুরে গোসলের সময় আফনান ও আদনান দুইজনই স্কুল থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। বেশ কিছুক্ষণ পরিবারের লোকজন তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে শিশু আদনানের মা সোনিয়া আক্তার বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে জড়াজড়ি করা অবস্থায় ভাসতে দেখেন। এসময় দ্রæত তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে খেলার ছলে যে কোন একজন পানিতে পড়ে গেলে হয়তো তাকে বাঁচাতে ওই শিশুটিও নামে। তাদের কেউ সাঁতার না জানায় একে অপরকে জড়িয়ে ধরে রাখা অবস্থায় মৃত্যু ঘটে।
এদিকে, এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠেছে মোহনপুর গ্রামের বাতাস।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাদেকুর রহমান জানান, পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা পুকুরের ঘাটলার নিচে চলে যায়। পরে পুকুর থেকেই তাদের নিথর দেহ উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, বাতাঘাসী ইউনিয়নের মোহনপুরে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হয়েছি।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের শর্তেই মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতো খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এ দুটি শর্তে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

গেল ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর বিষয়ে মত দিয়ে এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেদিন আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এ নিয়ে অষ্টমবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল। আগের প্রজ্ঞাপন অনুযায়ী খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা।

এর আগে, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়।

জানা যায়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝে মাঝে তাকে হাসপাতালে নিতে হচ্ছে।

বেগম জিয়া এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। পরে আবার তাকে কেবিনে নেওয়া হয়।

দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত।

রায় ঘোষণার পর খালেদাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। এরপর ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই আদালত। রায়ে সাত বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে দুটি শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল ২০২০ সালের ২৫ মার্চ। তখন দেশে করোনা মহামারি চলছিল। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।

কুমিল্লায় আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে সিএনজি ছিনতাই, গ্রেফতার ৩

কুমিল্লায় আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে সিএনজি ছিনতাই, গ্রেফতার ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার কোতয়ালী থানার অশোকতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে আমির হোসেন প্রকাশ ইমন, নোয়াপাড়া গ্রামের রিয়াজ মিয়ার ছেলে রাব্বি ও আড়াইওড়া উত্তর পাড়ার হাবিব মিয়ার ছেলে ফারুক।

থানা সূত্রে আরও জানা যায়, গত ৫ সেপ্টেম্বর কুমিল্লা শহরে যাওয়ার কথা বলে ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের দুলাল মিয়ার সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নেয় পৌর এলাকার কমলপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে মোঃ কাউছার ও সদর দক্ষিণের পিপুলিয়ার সেলিম মিয়ার ছেলে আশিকসহ সংঘবদ্ধ চক্র। তাদেরকে নিয়ে অটোরিকশাটি কুমিল্লা শহরে পৌঁছলে আইসক্রিমের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সংঘবদ্ধ চক্র অটোরিকশাটি ছিনতাই করে। এ ঘটনায় দুলাল মিয়ার লিখিত অভিযোগটি থানায় গত ১৩ সেপ্টেম্বর মামলায় রজু হয়। পুলিশ মামলার তদন্ত করে কমলপুর গ্রামের কাউছার ও পিপুলিয়ার আশিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

তাদের দেয়া তথ্যমতে রোববার রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকা থেকে চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশাটি বিক্রি করার সময় আমির হোসেন প্রকাশ ইমন, রাব্বি ও ফারুককে আটক করা হয়। এসময় চোরাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আলী আশরাফ জুয়েল বলেন, সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরচক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

আদম তমিজীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের প্রস্তাব

আদম তমিজীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আদম তমিজী হককে অব্যাহতি প্রদানপূর্বক দলের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কারের প্রস্তাব করা করেছে।

সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাধ্যমে দলের সভাপতি শেখ হাসিনা বরাবর এ প্রস্তাব দেওয়া হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওই প্রস্তাবে বলা হয়েছে, সম্প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আদম তমিজী হক তার বাংলাদেশের পাসপোর্ট পোড়ানো ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে অশ্লীল গালাগাল এবং লাইভে সম্প্রচারের ভিডিও হাতে আসায় আমরা বিস্মিত ও মর্মাহত হয়েছি।

রোববার (১৭ সেপ্টম্বর) এক জরুরি সভায় আদম তমিজী হককে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সংশ্লিষ্ট প্রমাণাদি (ভিডিও চিত্র) প্রাপ্তি সাপেক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এ অবস্থায় আমরা তাকে মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদ ও প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করছি।

কুমিল্লায় আ’লীগের দু'গ্রুপের সংঘর্ষে নি’হত ১, আ’হত ১০

কুমিল্লায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নি’হত ১, আ’হত ১০

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিজাম উদ্দিন নামে এক সেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার সকালে উপজেলার চালিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত নিজাম উদ্দিন (৪০) চালিভাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং নলডাঙ্গা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার এবং বালু ব্যবসা নিয়ে জেলা পরিষদ সদস্য কাইয়ুম হোসেন এবং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে গত তিনদিন যাবত বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার সকালে চালিভাঙ্গা এলাকায় দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কাইয়ুম গ্রুপের হানিফ (৪৫) ওয়াসিম (৩৫) আহত হন। হুমায়ন চেয়ারম্যান গ্রুপের টিটু (৩০), রমজান (৩৫), ইব্রাহীম (২৮), শাকিল (২২), খালেদ হাসান (১৯), দেলোয়ার (৩২), আনিছ সরকার (২৫), সুমন (২৪) আহত হন।

আহত সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে গুলি এবং টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মারা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ রতন শিকদার বলেন, নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনার পর কাইয়ুম গ্রুপের ক্যাডাররা বেশ কিছুদিন যাবত এলাকার বাইরে অবস্থান করছিল। গত দুই তিনদিন থেকে এলাকায় এসে আধিপত্য প্রতিষ্ঠার জন্য মহড়া দেয়া শুরু করে। এতে হুমায়ন কবির চেয়ারম্যান গ্রুপের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

মেঘনা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মো. আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আনোয়ার হোসেন উপজেলার বড়শালঘর ইউনিয়নের মৃত. হারুনুর রশিদের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইস্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত কাউকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

ডেঙ্গু আক্রান্ত কাউকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

 

ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো রোগীকে যেন ঢাকায় স্থানান্তর করা না হয়।

রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. আহমেদুল কবীর বলেন, ঢাকার তুলনায় অন্যান্য জেলায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। আমরা ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি। সারা দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের জন্য আইভি ফ্লুইড সবচেয়ে বেশি প্রয়োজন।

আহমাদুল কবির বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী এ সময়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আমরা সিভিল সার্জনদের নির্দেশনা দিয়েছি— কোথাও স্যালাইনের দাম বেশি রাখা হলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, কিছু ক্লিনিক ও হাসপাতাল রোগীদের সঙ্গে প্রতারণা করছে। রোগীদের হাসপাতালে রাখছে এবং আইসিইউতে নিচ্ছে। এসব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেসব হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন নেই বা মেয়াদোত্তীর্ণ, সেসব হাসপাতালের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালিত হবে।

ডা. আহমেদুল আরও বলেন, রোগীদের জিম্মি করে কোনো অসাধু চক্রকে লাভবান হতে দেওয়া হবে না। যারা এ ধরনের কাজ করছে তারা দেশপ্রেমিক নয়।

তিনি বলেন, আমাদের স্যালাইনের সংকট হয়নি। বাংলাদেশে পেঁয়াজের মজুত থাকলেও সংকট দেখা দেয়। কেউ আর্টিফিশিয়াল কোনো সংকট যেন তৈরি করতে না পারে, সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা বিদেশ থেকে তিন লাখ স্যালাইন আমদানি করছি।

দাউদকান্দিতে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু

দাউদকান্দিতে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুইয়া এমপি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুবিদ আলী ভুইয়া বলেন, বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের এক রোল মডেল। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষান্নোতিসহ শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামো নির্মাণ, বেকার সমস্যা দূরীকরণ, দারিদ্র বিমোচন, ভূমিহীন ও আশ্রয়হীনদের পূণর্বাসনসহ সর্ব ক্ষেত্রে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান জানান, এবারের উন্নয়ন মেলাটি ভিন্ন রকমের। প্রথমবারের মতো স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে তিন দিনব্যাপি(১৭-১৯সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মাঠে এ মেলা চলবে। মেলার বিভিন্ন স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মের পাশাপাশি সরকারী বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা যেমন ভূমি উন্নয়ন কর, ইপর্চা, নামজারীসহ মোবাইল ফোনের মাধ্যমে সেবা পাওয়ার বিষয়টি সাধারণ মানুষের নিকট তুলে ধরাই এ মেলার উদ্দেশ্য।