Tag Archives: বিশ্বকাপ

আর্জেন্টিনার হার ও ব্রাজিলের ড্রয়ের

আর্জেন্টিনার হার ও ব্রাজিলের ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের কে কোথায়

আর্জেন্টিনার হার ও ব্রাজিলের ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের কে কোথায়

ডেস্ক রিপোর্ট:

ফিফা নভেম্বর আন্তর্জাতিক বিরতিতে দুইটি করে ম্যাচ খেলছে দক্ষিণ আমেরিকার দলগুলো। ম্যাচগুলো ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। প্রথম দিনেই মাঠে নেমেছে এই অঞ্চলের দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে কোনো দলই জয় পায়নি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত তিনটায় ভেনেজুয়েলার মুখোমুখি হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। অন্যদিকে, আড়াই ঘণ্টা পর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এই ম্যাচে ২-১ গোলের ব্যবধানে হেরে যায় লিওনেল মেসির দল।

এদিন আরও একটি ম্যাচে ইকুয়েডর ৪-০ গোলে বিধ্বস্ত করে বলিভিয়াকে। তিনটি ম্যাচের ফলাফলে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে পরিবর্তন দেখা দেয়।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার বিপক্ষে জয়ের মাধ্যমে প্যারাগুয়ে উঠে এসেছে ছয় নম্বরে। অন্যদিকে, ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার কারণে দুই নম্বরে ওঠার সুযোগ হাতছাড়া করেছে ব্রাজিল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তিন নম্বরে। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে আর্জেন্টিনা। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া।

আগামী শনিবার (১৬ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনার সমান পয়েন্টে পৌঁছে যাবে কলম্বিয়া। অন্যদিকে, উরুগুয়েরও সুযোগ রয়েছে দুইয়ে ওঠার। শনিবার কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে তারা চার নম্বর থেকে উঠে যাবে দুই নম্বরে, আর ব্রাজিল নেমে যাবে চার নম্বরে।

এক নজরে দেখে নেয়া যাক কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
আর্জেন্টিনা ১১ ২২
কলম্বিয়া ১০ ১৯
ব্রাজিল ১১ ১৭
উরুগুয়ে ১০ ১৬
ইকুয়েডর ১১ ১৬
প্যারাগুয়ে ১১ ১৬
ভেনেজুয়েলা ১১ ১২
বলিভিয়া ১১ ১২
পেরু ১০
চিলি ১০

বিশ্বকাপ যাত্রা শেষ সাকিবের

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। জানা যায়, সেই চোটে বাংলাদেশ দলের অধিনায়কের বিশ্বকাপ যাত্রা শেষ। তবে দলের সঙ্গে আজ (মঙ্গলবার) তাকে পুনেতে যেতে দেখা গিয়েছে।

সর্বশেষ গতকাল (সোমবার) লঙ্কানদের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান সাকিব। এরপরও নিজের পূর্ণ বোলিং কোটাই পূরণ করেছিলেন তিনি, যেখানে গুরুত্বপূর্ণ ২ উইকেটও পেয়েছিলেন। এরপর ব্যাট হাতে খেলেছিলেন ৮২ রানের দারুণ এক ইনিংস। ম্যাচ শেষে পাওয়া রিপোর্ট তার বিশ্বকাপ যাত্রা শেষ বলে জানিয়েছে। ফলে আজই দেশে ফিরে আসছেন টাইগার অধিনায়ক।

সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়েই সে ব্যাটিং চালিয়ে গিয়েছিল।’

বিশ্বকাপ চলাকালে এর আগেও একবার ইনজুরিতে পড়েছিলেন সাকিব। মিস করেন ভারতের বিপক্ষে ম্যাচ।
বিজ্ঞাপন

‘পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব’, যোগ করেন বিসিবির এই ফিজিও।

ফলে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। টুর্নামেন্টজুড়ে বড় ইনিংস খেলতে না পারা সাকিব গতকালই প্রথম ফিফটি পেয়েছিলেন। অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এরপরই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ!

সেমির আগে ভারতের ধাক্কা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

ডেস্ক রিপোর্ট:

যে ভয়টা ছিল, ঠিক সেটাই হলো। চোটের জন্য পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া, যা বিশ্বকাপের সেমিফাইনালের আগে ভারতের চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিল। হার্দিককে ছাড়া গ্রুপ পর্যায়ের চারটি ম্যাচে ভারত জিতলেও দলের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল। আর সেভাবেই ভারতকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে হবে।

কারণ হার্দিকের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাবেক প্রসিধ কৃষ্ণকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হলেও তিনি পুরোপুরি পেসার। তার ব্যাট একেবারেই ভালো নয়। ফলে অভাবনীয় কিছু না ঘটলে তাকে খেলানোর কোনো সম্ভাবনা নেই। খাতা-কলমে ছিটকে যাওয়া খেলোয়াড়ের পরিবর্তন ঘোষণা করতে হয় বলে স্রেফ তাকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে অনেকের ধারণা।

শনিবার সকালে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে যে চোট পেয়েছিলেন হার্দিক, তা এখনো সেরে ওঠেনি। তার ফলে হার্দিকের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। তিনি আর এবারের বিশ্বকাপ খেলতে পারবেন না। তার পরিবর্তে প্রসিধের নাম পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। যে প্রসিধ মাত্র ১৯টি একদিনের ম্যাচ খেলেছেন।

অথচ প্রাথমিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে যখন চোট পান হার্দিক, তখন মনে হয়েছিল যে মেরেকেটে একটি বা দুটি ম্যাচে (নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে) খেলতে পারবেন না ভারতের সহ-অধিনায়ক। সেই ম্যাচে নিজের প্রথম ওভারে বোলিং করার সময় ফিল্ডিং করতে গিয়ে বাঁ গোড়ালিতে চোট লেগে যায় হার্দিকের। তার পর আর বল করতে পারেননি। ব্যাটিংয়েও নামেননি। মাঠ থেকে নিয়ে গিয়ে স্ক্যান করা হয়েছিল। স্ক্যানের রিপোর্টে তেমন উদ্বেগের কিছু মেলেনি।

সেই পরিস্থিতিতে প্রাথমিকভাবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, নিউজিল্যান্ড ম্যাচে (২২ অক্টোবর) খেলতে পারবেন না হার্দিক। পরে ইংল্যান্ড ম্যাচের (২৯ অক্টোবর) জন্য দলের সঙ্গে সরাসরি লখনৌতে যোগ দেবেন। তবে সেটা হয়নি। বরং গত বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে যখন ভারত ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামে, তখনো দলে যোগ দেননি হার্দিক।

আগামীকাল রোববার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার ম্যাচের জন্যও শুক্রবার ভারতীয় দলের সঙ্গে কলকাতায় আসেননি হার্দিক। ফলে একটা উদ্বেগ তৈরি হচ্ছিল। আর শনিবার সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল।

শচীনকে ছাড়িয়ে বিশ্বকাপে যে রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার

শচীনকে ছাড়িয়ে বিশ্বকাপে যে রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার

ডেস্ক রিপোর্ট:

ভারত ম্যাচের মধ্য দিয়ে রোববার ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু করল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

রোববার ভারতের চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এদিন ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ৫২ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪১ রান করে ফেরেন ডেভিড ওয়ার্নার। ৪১ রানের ইনিংস খেলার পথে বিশ্বকাপে দ্রুততম এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ওয়ার্নার।

বিশ্বকাপে এক হাজার রান করতে গিয়ে ৩৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকা ভেঙেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড।

শচীন ও ডি ভিলিয়ার্স বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলকে স্পর্শ করেছিলেন ২০ ইনিংসে। মাত্র ১৯ ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ওয়ার্নার।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে হাজার রান করেছেন ওয়ার্নার। তার আগে রিকি পন্টিং (১৭৪৩), অ্যাডাম গিলক্রিস্ট (১০৮৫) ও মার্ক ওয়াহ (১০০৪) হাজার রান করেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ২ হাজার ২৭৮ রান করেছেন শচীন টেন্ডুলকারের। ১ হাজার ৫৩২ রান করে দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং।

আফগানদের হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আফগানদের হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট:

প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল। তবে এই ম্যাচটা নিয়ে বড় ভয় ছিল বাংলাদেশের। একে তো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। তার ওপর আফগানিস্তানের বোলিং আক্রমণ বরাবরই দুশ্চিন্তার কারণ।

রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, ফজলহক ফারুকি-আফগানদের এই বোলিং লাইনআপ যে যেকোনো দলকেই ধসিয়ে দিতে পারে যে কোনো দিন।

তবে বাংলাদেশকে চমকে দিতে পারলো না আফগানিস্তান। বরং শক্তিমত্তার পার্থক্য বুঝিয়ে দুর্দান্ত জয়েই বিশ্বকাপ অভিযান শুরু করলো সাকিব আল হাসানের দল, আফগানিস্তানকে তারা হারালো ৯২ বল আর ৬ উইকেট হাতে রেখে।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। সাকিব-মিরাজদের দুর্দান্ত বোলিংয়ে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

আফগান ব্যাটারদের কেউ ফিফটিও করতে পারেননি। সর্বোচ্চ ৪৭ রান আসে ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। এছাড়া ২২ রান করে করেন ইব্রাহিম জাদরান আর আজমতউল্লাহ ওমরজাই।

মেহেদি হাসান মিরাজ ২৫ আর সাকিব ৩০ রানে নেন ৩টি করে উইকেট। ৩৪ রানে ২ উইকেট শিকার শরিফুল ইসলামের।

১৫৭ তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল বাংলাদেশও। ২৭ রানের মধ্যে হারিয়ে বসেছিল ২ উইকেট। তবে মেহেদি হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্ত মিলে সহজ জয়ের পথ গড়ে দিয়েছেন টাইগারদের।

মিরাজকে এখন টপঅর্ডার ব্যাটার বলাই যায়। একবার-দুইবার নয়, যতবারই ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন ততবারই নিজেকে জেনুইন ব্যাটার হিসেবে প্রমাণ করছেন এই অলরাউন্ডার।

আজ তিন নম্বরে নেমেও সফল মিরাজ। ১৯ রানে দলের প্রথম উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন। ২৭ রানে দ্বিতীয় উইকেটের পতনও দেখেছেন।

তবে দলকে ব্যাটিং বিপর্যয়ে পড়তে দেননি মিরাজ। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সহজ জয়ের পথ গড়ে দেন এই অলরাউন্ডার। তৃতীয় উইকেটে ১২৯ বলে তারা গড়েন ৯৭ রানের জুটি।

মিরাজ তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত তার ইনিংসটি থামে নাভিন উল হকের বলে রহমত শাহর দুর্দান্ত এক হাতের ক্যাচ হয়ে। ৭৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ করেন মিরাজ।

জয় থেকে ১১ রান দূরে থাকতে সাকিব আল হাসান উইকেট বিলিয়ে দিয়ে আসেন। আজমতউল্লাহ ওমরজাইকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন টাইগার অধিনায়ক (১৯ বলে ১৪)।

তবে শান্ত ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। দেখেশুনে খেলে ৮০ বলে ফিফটি পূরণ করেন বাঁহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৮৩ বলে ৩ চার আর ১ ছক্কায় ৫৯ রানে।

নাভিন উল হককে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে জয়ও আসে শান্তর ব্যাট থেকে। ২ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

১৫৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। ২৭ রানেই দুই উইকেট হারিয়ে বসেছিল টাইগাররা।

তবে এর মধ্যে দুর্ভাগ্যের শিকার হলেন ওপেনার তানজিদ হাসান তামিম। একটি রান নেয়ার চেষ্টা করতে গিয়ে নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রানআউট হয়ে যান তানজিদ তামিম। ১৩ বলে ৫ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি তখন। দলীয় রান ছিল ১৯।

লিটন দাসের ওপর প্রত্যাশা ছিল অনেক। কিন্তু তিনিও ব্যর্থ হলেন। ইনিংসের সপ্তম ওভারের ৪র্থ বলে ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে গেলেন। কভার অঞ্চল দিয়ে মারার জন্য শট খেললেন। কিন্তু বল ভেতরের কানায় লেগে গিয়ে হিট করলো স্ট্যাম্পে। বোল্ড হয়ে গেলেন তিনি। দলীয় রান এ সময় ২৭।

এরপর জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদি হাসান মিরাজ। মিরাজ অবশ্য ফিফটি করার পথে ১৬ রানে একবার জীবন পেয়েছিলেন। পয়েন্টে তার ক্যাচ ছেড়েছিলেন মোহাম্মদ নবি। এজন্যই বোধ হয় বলে, সৌভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই থাকে।

‘মেসিকে পাওয়া ভাগ্যের ব্যাপার, অনুশোচনা করবে পিএসজি’

স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে অশ্রাব্য ভাষায় গালি দেওয়া ব্যানার নিয়ে পিএসজির সদর দপ্তরের সামনে হট্টগোল করেছে ক্লাবটির সমর্থকগোষ্ঠী আলট্রাস। এর আগে হোম ম্যাচেও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে যাচ্ছেতাই দুয়ো দিয়েছিল তারা। সবশেষ ঘটনা ঘটেছে ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে গিয়ে নিষিদ্ধ হওয়ার পর।

পর্যটন দূত হিসেবে কদিন আগে মেসি গেছেন সৌদি আরব। কিন্তু ক্লাব অভিযোগ করে, তাদের অনুমতি ছাড়াই কাজটি করেছেন সাতবারের ব্যালন ডিঅরজয়ী। এই অপরাধে দুই সপ্তাহের জন্য তাকে নিষিদ্ধ করেন ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে মেসির পিএসজি অধ্যায় শেষই বলা চলে। আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তার পর ফ্রি এজেন্ট তিনি।

মেসির জাতীয় দল ও বার্সার সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানোর মতে, এই আচরণের কারণে একদিন অনুশোচনা করবে পিএসজি। তিনি বলেন, ‘দুঃখজনক ব্যাপার হলো— ওকে তাদের দলে পাওয়া যে ভাগ্যের ব্যাপার সেটি তারা বোঝেনি। আমি মনে করি, ১০ বছর আগেও কোনো প্যারিস ভক্ত কল্পনা করতে পারেনি যে তারা তাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড়কে পেতে পারে। অথচ তারা এটা উপভোগ না করে দুই বছর কাটিয়ে দিলে তার সমালোচনা করে।’

মাসচেরানোর মতে, মেসিকে পেতে বিশ্বের যে কোনো দল তাদের সবটুকু দিয়ে দিতে পারে।

আর্জেন্টিনার সাবেক এ তারকা বলেন, ‘১০ বছরের মধ্যে তারা অনুশোচনা করবে। বিশ্বের যে কোনো দল তাকে পাঁচ মিনিটের জন্য পেতেও সব কিছু দিয়ে দিতে পারে। তার সমালোচনা করা অসম্ভব। যেখানে সে তার পরিবারকে নিয়ে সুখে থাকবে, সেখানে ওকে যেতে দিন। এখানেই যদি থাকে, তা হলে ভালো; প্রতি সপ্তাহে তাকে দারুণ কিছু গোল করতে দেখবেন। অন্যথায় আমরা তাকে টিভিতে দেখব, যেভাবে গত ২০ বছর ধরে আমরা দেখছি।’

অভিধানের পাতায় ‘পেলে’র নাম

 

‘পেলে’ শব্দের অর্থ এখন সেরা। এটি একটি বিশেষণ। ব্রাজিলে পর্তুগিজ ভাষায় প্রকাশিত একটি অভিধানে ফুটবলের রাজা প্রয়াত পেলের নামটিকে এই মর্যাদা দেওয়া হয়েছে। ওই অভিধানে শব্দ রয়েছে এক লাখ ৬৭ হাজারেরও বেশি। বিশ্বে পর্তুগিজ ভাষাভাষি মানুষের সংখ্যা ২৬৫ মিলিয়ন। ‘পেলে’ শব্দের অর্থ এখন থেকে তাদের কাছে ‘অসাধারণ’ বলে গণ্য হবে।

অভিধানে নতুন সংযোজিত ‘পেলে’ শব্দের অর্থ আরও আছে। যেমন- ‘ব্যতিক্রমী, অতুলনীয় ও অনন্য।’ মাইকেলিস নামে ওই পর্তুগিজ অভিধানের অনলাইন সংস্করণে বলা হয়েছে, ‘উদাহরণ হিসাবে পেলে নামের মাহাত্ম্য বোঝাতে এমন বাক্য লেখা যায়-‘তিনি বাস্কেটবলের পেলে’ কিংবা ‘এই অভিনেত্রী ব্রাজিলীয় নাটকের পেলে।’

গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনবার বিশ্বকাপজয়ী ‘দ্য কিং অব ফুটবল’ পেলে। দুই দশকেরও বেশি সময় ধরে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ১,২৮১ গোল করেছিলেন পেলে, যা একটি বিশ্বরেকর্ড।

যাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে মেসিদের

 

স্পোর্টস ডেস্কঃ

দরজায় কড়া নাড়ছে আগামী বিশ্বকাপের বাছাই পর্ব। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই মাঠে গড়াবে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার যাত্রা শুরু করবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে নামার আগে জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যদিও প্রতিপক্ষ কারা এখনো ঠিক হয়নি। খবর টিওয়াইসি স্পোর্টস

বাছাইপর্বে চলতি বছরই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২১ সালের পর কোপা আমেরিকার ফাইনালের পর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।

২০২৬ বিশ্বকাপে ৪৮ দল অংশ নেয়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টি দল বিশ্বকাপে সুযোগ পেত আর পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হতো।

বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৩ সালের ম্যাচ (লাতিন আমেরিকা)

সেপ্টেম্বর, ২০২৩
(প্রথম রাউন্ড)

উরুগুয়ে–চিলি
কলম্বিয়া–ভেনিজুয়েলা
ব্রাজিল–বলিভিয়া
প্যারাগুয়ে–চিলি
আর্জেন্টিনা–ইকুয়েডর

(দ্বিতীয় রাউন্ড)
পেরু–ব্রাজিল
ভেনিজুয়েলা–প্যারাগুয়ে
বলিভিয়া–আর্জেন্টিনা
চিলি–কলম্বিয়া

অক্টোবর, ২০২৩
(তৃতীয় রাউন্ড)

কলম্বিয়া–উরগুয়ে
ব্রাজিল–ভেনিজুয়েলা
বলিভিয়া–ইকুয়েডর
আর্জেন্টিনা–প্যারাগুয়ে
চিলি–পেরু

(চতুর্থ রাউন্ড)
উরুগুয়ে–ব্রাজিল
পেরু–আর্জেন্টিনা
ভেনিজুয়েলা–চিলি
ইকুয়েডর–কলম্বিয়া
প্যারাগুয়ে–বলিভিয়া

নভেম্বর, ২০২৩
(পঞ্চম রাউন্ড)

কলম্বিয়া–ব্রাজিল
ভেনিজুয়েলা–ইকুয়েডর
বলিভিয়া–পেরু
আর্জেন্টিনা–উরুগুয়ে
চিলি–প্যারাগুয়ে

(ষষ্ঠ রাউন্ড)
উরুগুয়ে–বলিভিয়া
পেরু–ভেনিজুয়েলা
ব্রাজিল–আর্জেন্টিনা
প্যারাগুয়ে–কলম্বিয়া
ইকুয়েডর–চিলি

বিশ্বকাপজয়ী সতীর্থদের জন্য স্বর্ণের আইফোন উপহার মেসির

 

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির ক্যারিয়ারে একটাই অপূর্ণতা ছিল, বিশ্বকাপ শিরোপা। সেটাও ঘুচেছে অবশেষে। ৩৬ বছর পর মেসির হাত ধরে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

তবে মেসি বোধ হয় শুধু নিজে কৃতিত্ব নিতে রাজি নন। দলের সবার অবদানকেই বড় করে দেখছেন আর্জেন্টাইন খুদেরাজ। নাহলে এত বড় উপহার!

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, বিশ্বকাপজয়ী দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য সোনায় মোড়ানো ৩৫টি আইফোন-১৪ উপহার দিয়েছেন মেসি।

প্রত্যেকটি ফোনের সঙ্গে মোড়ানো আছে ২৪ ক্যারেট স্বর্ণ। যার জন্য মেসির খরচ হয়েছে ১ লাখ ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।

মেসি এই ফোনগুলোর ডিজাইনও করিয়েছেন বিশেষভাবে। সোনার প্রলেপ দেওয়া এই ফোনের পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, তিনটি তারকা, খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর খোদাই করা আছে। আর একটি কথাও লেখা হয়েছে ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২’।

শনিবার মেসির প্যারিসের বাসায় আইফোনগুলো দিয়ে যাওয়া হয়। যা সেখান থেকে চলে যাবে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কাছে।

ইডিজাইন গোল্ড, যারা মেসিকে এই ফোনগুলো সরবরাহ করেছে, তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজামিন লিওনস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল জেতায় লিওনেল মেসিকে তার সতীর্থ ও স্টাফদের জন্য ৩৫টি সোনার প্রলেপ দেওয়া আইফোন ১৪ উপহার দেওয়া ছিল সম্মানের ব্যাপার।’

প্যারিসে মেসির বাড়িতে গিয়ে তাকে সোনার কভারসহ আইফোন দেওয়ার পরে এই খবর জানিয়েছে সংস্থাটি। এই সংস্থাটি সাধারণত ফুটবল সেলিব্রিটিদের সাথে কাজ করে।