Tag Archives: সাকিব

দেশে ফেরার আগেই সুখবর পেলেন

দেশে ফেরার আগেই সুখবর পেলেন সাকিব

দেশে ফেরার আগেই সুখবর পেলেন সাকিব

ডেস্ক রিপোট:

ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রটিয়ারা ঢাকায় পৌঁছেছে, তবে সমর্থকদের নজর এখন সাকিবের ওপর। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে সাকিব বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে অথবা শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকায় ফিরবেন।

দেশে ফেরার আগেই সাকিব পেয়েছেন একটি সুখবর। তিনি লঙ্কা টি-টেন লিগে প্লাটিনাম ক্যাটাগরিতে সরাসরি দল পেয়েছেন। ডিসেম্বরে শুরু হতে যাওয়া এই লিগে গল মারভেলসের হয়ে খেলবেন তিনি। বুধবার (১৬ অক্টোবর) গল মারভেলস এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

টুর্নামেন্টটি ১২ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। ১০ দিনের এই টুর্নামেন্টে সাকিবসহ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের সঙ্গে শ্রীলঙ্কার সেরা ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে দলগুলো। লঙ্কা টি-টেন লিগে মোট ছয়টি দল থাকবে, যেখানে প্রতিটি স্কোয়াডে সাতজন আন্তর্জাতিক ক্রিকেটার এবং দশজন স্থানীয় ক্রিকেটার থাকবেন। আজকের সন্ধ্যার মধ্যে যেকোনো দেশের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

বক্তৃতার দরকার নেই, এইবার ইলেকশনে ছক্কা মেরে দিও : সাকিবকে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘সাকিব বক্তৃতা করতে পারে না, বক্তৃতা করার দরকার নেই। তুমি শুধু বলবা- তুমি ছক্কা মারতে পারো ও উইকেট নিতে পারো।’

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় এ কথা বলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের একটা রত্ন আছে। এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা-১ আসনে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসানকে। সে বলেছে বক্তৃতা দিতে পারে না। আমি বলেছি বক্তৃতা দেওয়ার দরকার নাই। তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো, আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এইবার ইলেকশনেও ছক্কা মেরে দিও।

জনসভায় মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানসহ মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ী জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে শেখ হাসিনা ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষ করে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজের জনসভায় যোগ দেন। জনসভা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে স্লোগান ও অভিবাদন দিয়ে বরণ করে নেন।

আচরণবিধি লঙ্ঘনের কারণে সাকিবসহ আ.লীগের ৩ প্রার্থীকে শোকজ

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কারণে মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানসহ দলটির তিন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত শোকজের চিঠি জারি করা হয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিবকে শোকজ করা চিঠিতে বলা হয়, ‘আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। যা বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। ওই আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা অনুসন্ধান কমিটির দপ্তরে আগামী ১ ডিসেম্বর বিকেল ৩টায় সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’

অন্যদিকে, বিধি ভঙ্গের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. এনামুর রহমানকে এবং নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীরকেও শোকজ করা হয়েছে। সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটি ১ ডিসেম্বর সকাল ১০টায় তাদেরকে জবাব দিতে বলেছে।

এদিকে, মনোনয়ন ফরম জমা দিতে আসায় সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার ও জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজের বিরুদ্ধে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসবেন। এক্ষেত্রে কোনো ধরনের মিছিল কিংবা শোডাউন করা যাবে না।

সাকিবদের ছেড়ে যাদের কিনতে চাচ্ছে কলকাতা নাইট রাইডার্স

ডেস্ক রিপোর্ট:

চলতি বছর আইপিএলের নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তালিকায় সাকিব আল হাসান, টিম সাউদি কিংবা লকি ফার্গুসনদের মতো বড় বড় নামও রয়েছে। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম হওয়ার কথা রয়েছে। সেখানে নতুন করে কয়েকজন ক্রিকেটার কেনার দিকে নজর রাখবে কেকেআর।

নিলামের আগে ভারতের মাটিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভালো পারফর্ম করাদের দিকেই নজর থাকছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। বিশ্বকাপ মাতানো বেশ কয়েকজনকে টার্গেট করতে পারে কলকাতা শিবির।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের বড় চমক ভারতীয় বংশোদ্ভুত নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ব্যাট-বল দুটিতেই বেশ কার্যকরী তিনি। কেকেআরের ওপেনার হিসেবে রয়েছেন জেসন রয় ও রহমানউল্লাহ গুরবাজ। তৃতীয় ওপেনার হিসাবে রবীন্দ্রকে কিনতে পারে কেকেআর। তাহলে একজন বোলিং বিকল্পও পাবে দল।

বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল। ব্যাট হাতে মিডল অর্ডারে নির্ভরযোগ্য তিনি। কলকাতার মিডল অর্ডারে নীতীশ রানা, শ্রেয়াস আইয়ার, রিংকু সিংহের পাশে মিচেল থাকলে দল আরও শক্তিশালী হবে।

এদিকে, লঙ্কান তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দিয়েছে আরসিবি। কলকাতার দলে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী ছাড়া অভিজ্ঞ স্পিনার নেই। হাসরাঙ্গা ব্যাটও ভালো করতে পারেন। তাই তার পেছনেও ছুটতে পারেন গম্ভীররা।

নতুন আসর শুরুর আগে দলের বোলিং বিভাগে অনেক বদল করেছে কেকেআর। ছেড়ে দিয়েছে লকি ফার্গুসন, টিম সাউদি ও উমেশ যাদবকে। ফলে একজন অভিজ্ঞ ভারতীয় বোলার চায় তাদের। সেই অভাব পূরণ করতে পারেন হার্ষাল প্যাটেল। প্রয়োজনের সময় ব্যাটও করতে পারেন তিনি।

এ ছাড়া কলকাতার পুরোনো সদস্য সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। কেকেআরের বোলিং বিভাগে নেতৃত্ব দেওয়ার কাজটি করতে পারেন কামিন্স। সেই কারণে তাকে কেনার চেষ্টা করতে পারে কেকেআর কর্তৃপক্ষ।

মাগুরা-১ আসনে নৌকার মনোনয়ন পেলেন সাকিব

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগেই জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন।

গতবারের মতো এবারও নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে মনোনয়ন ফরম কেনেন সাকিব। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

রোববার সংবাদ সম্মেলন করে সারা দেশে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্মাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ২০০৬ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় সাকিব আল হাসানের। জাতীয় দলের হয়ে ২৪৭টি ওয়ানডে, ১১৭টি টি-টোয়েন্টি আর ৬৬টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ব্যাট হাতে ইতোমধ্যে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৪০৬ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর বল হাতে ৪৩০ ম্যাচে সাকিব শিকার করেন ৬৯০ উইকেট।

সাকিবের যে রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে বিরাট কোহলি

ডেস্ক রিপোর্ট:

আর মাত্র একটি জয় প্রয়োজন বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করতে ভারতের। গ্রুপ পর্বে অপরাজিত থাকা ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামবে। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করছে রোহিত শর্মার দল।

শেষ করে দলটির তারকা ক্রিকেটার বিরাট কোহলি যেন আছেন সেরা ছন্দে। সেমিফাইনালে সাকিবের রেকর্ডসহ একাধিক রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা কোহলি নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেলে ছাড়িয়ে যাবেন শচীন টেন্ডুলকারকে। ৪৯ সেঞ্চুরি হাঁকিয়ে ইতোমধ্যেই শচীনের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। সেমিফাইনালে শতকের দেখা পেলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে হয়ে যাবেন সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড শচীনের। ২০০৩ সালে ১১ ম্যাচ খেলে করেছিলেন রেকর্ড ৬৭৩ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রান করলেই কোহলি ভেঙে ফেলবেন শচীনের আরও একটি রেকর্ড।

শচীনের পাশাপাশি সাকিবের একটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন কোহলি। নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি করে কোহলি ছুঁয়ে ফেলেন বিশ্বকাপের এক আসরে শচীন ও সাকিবের সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড।

তারা দুজন বিশ্বকাপে সর্বোচ্চ ৭টি করে হাফ সেঞ্চুরি করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরির দেখা পেলে কোহলি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়বেন।

পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেট বিশ্বকাপের চলমান আসরে বাংলাদেশ ক্রিকেট দল বাজে পারফরম্যান্স করায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার তাদের এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, মাঠের খেলার বাইরে এবারের বিশ্বকাপে সাকিব আল হাসান টুর্নামেন্টের মাঝে দলকে ফেলে দেশে এসেছিলেন অনুশীলন করতে। এর আগেও তিনি বিভিন্ন সময়ে খেলা চলাকালীন সময়ে বিজ্ঞাপনের শুটিং করে সমালোচিত হয়েছিলেন। যা কাম্য নয়। সাকিবের মতো একজন উঁচু মাপের খেলোয়াড়ের কাছে সমগ্র জাতি আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।

নোটিশে আরও বলা হয়, বর্তমান ক্রিকেট বিশ্বে এমন কোনো ক্রিকেট বোর্ড সম্ভবত খুঁজে পাওয়া যাবে না, যারা সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ দল গড়েছিল তাদেরই দেশ সেরা ওপেনারকে দলের বাইরে রেখে। যে ওপেনারকে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নিয়ে অবসর থেকে খেলায় ফিরিয়েছিলেন। বিশ্বকাপ শুরুর দুই মাস আগে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল দলের দায়িত্ব ছাড়েন। সেই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের বৃহত্তর স্বার্থে বিশ্বকাপের কথা চিন্তা করে সময়োপযোগী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আবার ওপেনার লিটন দাসও ব্যক্তিগত কারণে (পুত্রসন্তানের জন্ম) দুইবার খেলা চলাকালীন সময়ে দেশে এসেছেন। পেশাদার দলে মানবিক কারণে একবার আসা মেনে নেওয়া যায়। তাই বলে একাধিকবার! ম্যাচ গুরুত্বহীন হলেও পেশাদার টিমে এমনটা চলতে পারে না। ম্যানেজমেন্টের এমন শিথিল মানসিকতা চূড়ান্ত পেশাদার সময়ে আরও বেমানান। অথচ এ ক্ষেত্রেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বোর্ড।

সাংবাদিকদের কাছে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘হ্যাঁ আমরা অনেক আন্ডার প্রিপেয়ার্ড ছিলাম। এখন এসব অভিযোগ দিয়ে আসলে লাভ হবে না। তবে অবশ্যই প্রস্তুতি কম ছিল। তাহলে আইসিসি পুরুষ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ সাফল্য পেতে জাতীয় দলের প্রধান কোচ, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন প্রস্তুতি সঠিকভাবে নিতে কার্যকর ভূমিকা পালন করেনি? ফলে আপনারা বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যর্থতার দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না।

নোটিশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সম্পূর্ণ কোচিং স্টাফ ও নির্বাচক কমিটি বাতিল করবেন। একইসঙ্গে আইসিসি পুরুষ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ ব্যর্থতার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করবেন। এছাড়াও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিজস্ব কোচ তৈরি, আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো যে ধরনের উইকেটে হয় তার অন্তত কাছাকাছি মানের উইকেটে ঘরোয়া লিগে আয়োজন, স্কুল ও বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ও প্রশিক্ষণের আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সমগ্র জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করবেন। অন্যথায় প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে নোটিশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, হারের মধ্য দিয়েই শেষ হয়েছে টাইগারদের এবারের বিশ্বকাপ মিশন। রোববার সকাল ১০টায় ভারত থেকে দেশে পৌঁছেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে বাংলাদেশ ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুটিতে। বিশ্বকাপে বাংলাদেশের টানা হার নিয়ে দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতেই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগের দাবি জানান।

সূত্র: ঢাকাপোষ্ট

বিশ্বকাপ যাত্রা শেষ সাকিবের

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। জানা যায়, সেই চোটে বাংলাদেশ দলের অধিনায়কের বিশ্বকাপ যাত্রা শেষ। তবে দলের সঙ্গে আজ (মঙ্গলবার) তাকে পুনেতে যেতে দেখা গিয়েছে।

সর্বশেষ গতকাল (সোমবার) লঙ্কানদের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান সাকিব। এরপরও নিজের পূর্ণ বোলিং কোটাই পূরণ করেছিলেন তিনি, যেখানে গুরুত্বপূর্ণ ২ উইকেটও পেয়েছিলেন। এরপর ব্যাট হাতে খেলেছিলেন ৮২ রানের দারুণ এক ইনিংস। ম্যাচ শেষে পাওয়া রিপোর্ট তার বিশ্বকাপ যাত্রা শেষ বলে জানিয়েছে। ফলে আজই দেশে ফিরে আসছেন টাইগার অধিনায়ক।

সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়েই সে ব্যাটিং চালিয়ে গিয়েছিল।’

বিশ্বকাপ চলাকালে এর আগেও একবার ইনজুরিতে পড়েছিলেন সাকিব। মিস করেন ভারতের বিপক্ষে ম্যাচ।
বিজ্ঞাপন

‘পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব’, যোগ করেন বিসিবির এই ফিজিও।

ফলে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। টুর্নামেন্টজুড়ে বড় ইনিংস খেলতে না পারা সাকিব গতকালই প্রথম ফিফটি পেয়েছিলেন। অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এরপরই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ!

শেষ ৩ ম্যাচে সমর্থকদের কিছু দিতে চান অধিনায়ক সাকিব

ডেস্ক রিপোর্ট:

নেদারল্যান্ডসের বিপক্ষে হারের আগে নানা সমীকরণে হয়তো সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকে ছিল বাংলাদেশ। তবে গতকাল (শনিবার) ডাচদের কাছে ৮৭ রানের পরাজয়ের পর আর কোনো সমীকরণ-ই টিকে নেই। টুর্নামেন্টে আরও তিন ম্যাচ বাকি রয়েছে টাইগারদের। যেখানে ভালো করে সমর্থকদের কিছু দেওয়ার প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

আগামী ৩১ অক্টোবর একই ভেন্যু বলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচ নিয়ে টানা হারের বৃত্তে থাকা অধিনায়ক সাকিবের ভাবনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রতিপক্ষ নিয়ে ভাবার সুযোগ নেই। আমাদের শুধু নিজেদের খেলাটা খেলতে হবে। নিজেদের চাঙা রাখতে হবে। আর কোনো উপায় নেই।’

পরবর্তী তিন ম্যাচ থেকে সমর্থকদের কিছু ফিরিয়ে দিতে চান সাকিব নিজেও, ‘আমাদের তিন ম্যাচ খেলতেই হবে। যদি আমরা বাংলাদেশের মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা দারুণ হবে।’

তবে এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করা কঠিন– সেটিও স্বীকার করলেন সাকিব, ‘সত্যি কথা বলতে খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের। তবে খুবই কঠিন। চেষ্টা ছাড়া আমাদের কিছুই করার নেই। আজকের দিনটা যদি ভুলে গিয়ে সামনের ম্যাচটায় মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এটা করা খুবই কঠিন।’

পাকিস্তানের পর বাংলাদেশের বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। প্রথমটি দিল্লি এবং পুনের ম্যাচ দিয়ে বাংলাদেশের হতাশার এক বিশ্বকাপ শেষ হবে। এখন পর্যন্ত ৬ ম্যাচের কেবল একটিতে জিতেছে সাকিবের দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে হারায়, এরপর তারা আর কোনো ম্যাচেই ন্যূনতম লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি।

তামিম ইকবালকে নিচে খেলানো নিয়ে মুখ খুললেন সাকিব

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ শুরুর আগে কম জল ঘোলা হয়নি তামিম ইকবালকে নিয়ে। তবে শেষ পর্যন্ত টাইগার এই ওপেনারকে ছাড়াই বিশ্বকাপ খেলতে আসে বাংলাদেশ দল। বিশ্বকাপের জন্য বাংলাদেশ ঢাকা ত্যাগের পরেই রীতিমত বোমা ফাটিয়েছিলেন তামিম। নিজের ফেসবুক প্রোফাইলে এক ভিডিও বার্তায় তামিম জানিয়েছিলেন, এক শীর্ষ কর্তা তাকে ব্যাটিং অর্ডারের মিডলে নামতে বলেছিলেন। যা পছন্দ হয়নি দেশসেরা ওপেনারের।

বিশ্বকাপে আসার পর গতকাল প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে মুখোমুখি হন অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে তার কাছে আরও একবার প্রশ্ন করা হয় তামিম প্রসঙ্গে। জানতে চাওয়া হয় আফগানিস্তানের বিপক্ষে মিরাজকে ওপরে খেলাতেই কি তামিমকে নিচে খেলার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা কি আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল?

উত্তরে সাকিব জানান, ‘মিরাজকে ওপরে খেলানোর পরিকল্পনা আমার ও কোচের। এরপর থেকে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হলেই মিরাজ ওপরে ব্যাট করবে। সে মুজিব-রশিদকে খুব ভালোভাবে মোকাবিলা করেছে। সেদিক থেকে মিরাজ ওপরে ব্যাট করবে, এটা আমাদের পরিকল্পনা অবশ্যই। তবে তামিমকে নিচে খেলার প্রস্তাব আমরা দিইনি।’

বিশ্বকাপে দল জিতছে না। গত ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। এই পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে দলকে উজ্জীবিত করা কতটা কঠিন?

বিশ্বকাপের মতো মঞ্চে এসে দলকে খুব বেশি উজ্জীবিত করার দরকার হয় না। এখানে সবারই প্রেরণা আছে। সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে। দলগতভাবে না পারলেও ব্যক্তিগতভাবে অনেকে মোটামুটি ভালো করেছে। সমন্বিতভাবে হলে আমরা হয়তো আরেকটু ভালো ফল করতে পারতাম।
সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট দল

সাকিব বলেন, ‘প্রথমবার মনে হয় ওয়ানডে বিশ্বকাপের একটি ম্যাচে খেলা হলো না। আমার জন্য আফসোসের বিষয় ছিল। কোনোভাবেই কোনো ক্রিকেটার চান না ম্যাচ মিস করতে। এখানে মিস করাটা আমার জন্য কষ্টকর ছিল। বিশ্বকাপের মতো মঞ্চে এসে দলকে খুব বেশি উজ্জীবিত করার দরকার হয় না। এখানে সবারই প্রেরণা আছে। সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে। দলগতভাবে না পারলেও ব্যক্তিগতভাবে অনেকে মোটামুটি ভালো করেছে। সমন্বিতভাবে হলে আমরা হয়তো আরেকটু ভালো ফল করতে পারতাম।’