Tag Archives: কানাডা

কানাডা, মেক্সিকোর ওপর শুল্ক সাময়িকভাবে

কানাডা, মেক্সিকোর ওপর শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। এর ফলে আগামী ২ এপ্রিল পর্যন্ত কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে না। তবে এই শুল্ক ছাড় কেবল উত্তর আমেরিকান বাণিজ্য চুক্তি এর আওতাভুক্ত পণ্যগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, এই শুল্ক ছাড় আগামী ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া, ২০১৮ সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদে মেক্সিকো ও কানাডার সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো মেক্সিকো থেকে পণ্য আমদানি করলে সেগুলোর ওপরও শুল্ক আরোপ করা হবে না। এর কয়েক ঘণ্টা পরে তিনি কানাডার ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তও পিছিয়ে দেন।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। তবে চীনের ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, কানাডা মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক কার্যকর রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

এই শুল্ক ছাড় আগামী ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে, তবে অন্যান্য আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

সূত্র: রয়টার্স

কানাডা-মেক্সিকোর ওপর শুল্ক আরোপ

কানাডা-মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

কানাডা-মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত তিনি বহাল রেখেছেন। এই শুল্ক স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মেক্সিকোকে একটি শর্ত দিয়েছেন। তাদের সীমান্তে তৎপরতা বাড়াতে হবে, যাতে করে অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে। এই শর্ত অনুযায়ী, মেক্সিকোকে সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করতে হবে। এই শর্ত পূরণের পরিপ্রেক্ষিতে ট্রাম্প মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে, তারা সীমান্তে নতুন প্রযুক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করবেন। এছাড়াও ফেন্টানাইল (মাদক) চোরাচালান ও অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্রকে সহায়তা করবেন। স্থানীয় সময় সোমবার এক টেলিফোন আলোচনায় ট্রুডো মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে নিশ্চয়তা দেন।

শুল্ক আরোপ স্থগিত করার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, “প্রেসিডেন্ট হিসাবে সব মার্কিন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব এবং আমি ঠিক সেটাই করছি। প্রাথমিক ফলাফলে আমি খুবই সন্তুষ্ট।”

এদিকে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় চীন অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন অত্যন্ত অসন্তুষ্ট। তারা এটিকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

সূত্র: রয়টার্স

বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে কানাডা

ডেস্ক রিপোর্ট:

রেকর্ড সংখ্যক অভিবাসীর আগমন এবং তার জেরে দিন দিন আবাসন সংকট তীব্র হতে থাকায় বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে কানাডা। এমনকি বর্তমানে যেসব শিক্ষার্থী স্নাতক শেষ করে দেশটিতে অবস্থান করছেন, তাদেরকেও কাজের অনুমোদনপত্র (ওয়ার্ক পারমিট) দেওয়া হচ্ছে না।

কানাডার অভিবাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৪ সালে সর্বোচ্চ ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থীকে প্রবেশ অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গত বছর ২০২৩ সালে যত সংখ্যক বিদেশি শিক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, শতকরা হিসেবে এই সংখ্যা তার চেয়ে ৩৫ শতাংশ কম।

তবে এই বিধিনিষেধ স্থায়ী নয়। অভিবাসনমন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন, আগামী ২ বছর পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে। তিনি আরও জানান, নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করবে অটোয়ায় আসীন কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর সামর্থ্যবান শিক্ষার্থীদের কাছে শিক্ষাগ্রহণ ও বসবাসের জন্য সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী কানাডায় যান।

কানাডার অর্থনীতির জন্যও এটি বেশ লাভজনক। প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের আগমন সংক্রান্ত বিভিন্ন খাত থেকে গড়ে ১ হাজার ৬৪০ কোটি ডলার যোগ হয় দেশটির অর্থনীতি।

ফলে কানাডা সবসময় বিদেশি শিক্ষার্থীদের স্বাগত জানায়। সেই সঙ্গে যেসব শিক্ষার্থী পড়াশোনা শেষে কানাডায় স্থায়ী হতে চান, তাদের প্রতিও উদারতা প্রদর্শন করে দেশটি।

তবে সরকারের এই নীতির কারণে গত কয়েক বছর ধরে বিদেশি শিক্ষার্থীদের আগমনের যে জোয়ার শুরু হয়েছে, তার জেরে ইতোমধ্যে দেশটিতে আবাসন সংকট শুরু হয়েছে। দিন দিন তীব্র হচ্ছে এই সংকট।

সেই সঙ্গে সরকারের এই সিদ্ধান্তের সুযোগ নিচ্ছে কানাডার কিছু সাইনবোর্ড সর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান। সরকার নির্ধারিত মান (স্ট্যান্ডার্ড) না থাকা সত্ত্বেও তারা বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে মার্ক মিলার বলেন, ‘সম্প্রতি কানাডায় বেশ কিছু সাইনবোর্ড সর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের কোনো যোগাযোগ নেই এবং শিক্ষা, ক্যাম্পাস, শিক্ষার্থীদের সুবিধা সংক্রান্ত সরকারের যেসব নীতি বা মান রয়েছে, সেসবের কোনোটিই প্রতিষ্ঠানগুলো মানছে না শিক্ষার্থীদের কাছ থেকেও তারা অতিরিক্ত ফি রাখছে। এই প্রতারণা চক্র বন্ধ হওয়া প্রয়োজন।’

‘এছাড়া অতিরিক্ত অভিবাসীদের কারণে আবাসন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পরিষেবা খাতেও চাপ বাড়ছে। দুই বছরের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পরিবর্তন আসবে বলে আমরা মনে করছি।’

কানাডার বিদেশি শিক্ষার্থীদের অ্যাডভোকেসি সংস্থা কাসার পরিচালক ম্যাথুজ সালমাসি সরকারের এই সিদ্ধান্তকে সমালোচনা করে বলেছেন, ‘বিদেশি শিক্ষার্থীদের প্রবেশাধিকার সীমিত না করে সরকারের উচিত ছিল শিক্ষা প্রশাসনকে শক্তিশালী এবং আবাসন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।’

তবে টরন্টো বিশ্ববিদ্যালয়সহ দেশটির প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

সূত্র : রয়টার্স

নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে আদালতে কানাডার দুই পুলিশ

ডেস্ক রিপোর্ট:

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন কানাডা অ্যান্ড রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।

সোমবার (৩০ অক্টোবর) সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে হাজির হন তারা। চলছে সাক্ষ্যগ্রহণ।

এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান ৩০ অক্টোবর তাদের আদালতে এসে তাদের সাক্ষ্য দিতে এ সমন জারি করেন। এদিন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে জেরা করার দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন।

এরপর খালেদা জিয়াসহ অপর আসামির পক্ষে বাদীকে জেরা করেন তাদের আইনজীবীরা। জেরা শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

গত ১৭ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একজন এবং কানাডিয়ান রয়েল মাউন্টেড পুলিশের দুজনকে অনুমতি দেন আদালত। তারা হলেন- যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যরো অব ইনভেস্টিগেশনের অবসরপ্রাপ্ত সুপারভাইসরি স্পেশাল এজেন্ট ডেবরা লাপরিবট্ট গ্রিফিথ, কানাডা অ্যান্ড রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়।

এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। ২০২৩ সালে ১৯ মার্চ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

মামলার অন্য সাত আসামি হলেন- তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

কানাডাকে খুনিদের আশ্রয়স্থল বললেন পররাষ্ট্রমন্ত্রী

কানাডাকে খুনিদের আশ্রয়স্থল বললেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পালটে যাচ্ছে কূটনৈতিক দৃশ্যপট। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার কারণে ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর, বাংলাদেশ এখন কানাডার প্রত্যর্পণনীতির বিরুদ্ধে নিজস্ব অভিযোগ তুলেছে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে হস্তান্তর করতে কানাডার অস্বীকৃতি এখন এ বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একটি মন্তব্য করেছেন। তিনি জানান, কানাডা সব খুনিদের আবাসস্থল হতে পারে না। একদিকে খুনিরা কানাডায় গিয়ে নিরাপদে রয়েছে, অন্যদিকে নিহতের পরিবারের আত্মীয়রা কষ্টে দিনযাপন করছেন।

মোমেন মৃত্যুদণ্ডের বিষয়টি আরও বিশদভাবে বর্ণনা করে জানান, আমাদের বিচার বিভাগ খুবই স্বাধীন এবং সরকার এতে হস্তক্ষেপ করতে পারে না। তবে নূর চৌধুরী মৃত্যুদণ্ডের আসামি। নূর চৌধুরী এবং রশিদ চৌধুরী উভয়েই যদি বাংলাদেশে ফিরে আসেন এবং দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তাহলে প্রেসিডেন্ট তাদের প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর করে তাদের সাজা মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করতে পারেন।

ইন্ডিয়া টুডের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পালিয়ে আসা দুই ব্যক্তি হলেন নূর চৌধুরী ও রশিদ চৌধুরী। একজন মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে অন্যজন কানাডায়। নূর চৌধুরীর বয়স এখন ৭০। ২০১৯ সালের দিকে কিছু কথোপকথনের পরিপ্রেক্ষিতে আশা ছিল যে, কিছু সমাধান হয়তো বের হতে পারে। আসলে তা ঘটেনি। আপনি কি মনে করেন যে, মৃত্যুদণ্ডই একমাত্র কারণ যার কারণে নূর চৌধুরীকে কানাডা প্রত্যর্পণ করছে না, নাকি ভারত বা বাংলাদেশ যেই হোক না কেন কানাডার মধ্যে অনীহা রয়েছে এসব লোকদের ফেরত পাঠানোর ক্ষেত্রে?

উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানায়, কানাডার সমস্যা হলো তাদের একের পর এক অজুহাত রয়েছে এবং সেটাই বোধগম্য নয়। তাদের আইন আছে, কিন্তু আইন অবশ্যই একজন খুনিকে রক্ষা করবে না। আইন অবশ্যই এ খারাপ লোকদের রক্ষা করবে না; কিন্তু দুর্ভাগ্যবশত কানাডা করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, ১৯৭৫ সালে যখন আমাদের জাতির পিতাকে হত্যা করা হয়েছিল তখন আমাদের একের পর এক সামরিক সরকার ছিল এবং সেই সামরিক সরকারগুলো এই খুনিদের শুধু পুরস্কৃত করেনি, তারা তাদের গুরুত্বপূর্ণ মিশনে এবং ভালো চাকরিতে দাখিল করেছিল।

সামরিক সরকার একটি আইন পাশ করেছে যে, আপনি খুনিদের বিরুদ্ধে মামলা করতে পারবেন না, তাই পরিবারের সদস্যরা খুনিদের বিরুদ্ধে মামলা করতে পারে না। পরিবারের সদস্যদের, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রীকে সেই শাসন পরিবর্তনের জন্য ক্ষমতায় আসতে প্রায় ২১ বছর ধরে লড়াই করতে হয়েছিল। আমরা সেই লোকদের বিরুদ্ধে আদালতে যথাযথ প্রক্রিয়া শুরু করেছি যারা আমাদের জাতির পিতার খুনি এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত দ্বারা দোষী সাব্যস্ত হয়েছে।

আমরা কানাডিয়ান সরকারের কাছে সমস্ত বিবরণ জমা দিয়েছি যে, প্রক্রিয়াটি ন্যায্য, ন্যায়পরায়ণ ছিল এবং এটি সমস্ত পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে। দুর্ভাগ্যবশত এই খুনিরা কানাডায় আশ্রয় নিয়েছিল। নূর চৌধুরী এবং রশিদ চৌধুরী এই দুই খুনি কানাডায় ভালো জীবনযাপন করছে, যদিও ভুক্তভোগীদের পরিবার এখনো কষ্ট পাচ্ছে।

সূত্র: যুগান্তর

যাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে মেসিদের

 

স্পোর্টস ডেস্কঃ

দরজায় কড়া নাড়ছে আগামী বিশ্বকাপের বাছাই পর্ব। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই মাঠে গড়াবে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার যাত্রা শুরু করবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে নামার আগে জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। যদিও প্রতিপক্ষ কারা এখনো ঠিক হয়নি। খবর টিওয়াইসি স্পোর্টস

বাছাইপর্বে চলতি বছরই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২১ সালের পর কোপা আমেরিকার ফাইনালের পর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।

২০২৬ বিশ্বকাপে ৪৮ দল অংশ নেয়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টি দল বিশ্বকাপে সুযোগ পেত আর পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হতো।

বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৩ সালের ম্যাচ (লাতিন আমেরিকা)

সেপ্টেম্বর, ২০২৩
(প্রথম রাউন্ড)

উরুগুয়ে–চিলি
কলম্বিয়া–ভেনিজুয়েলা
ব্রাজিল–বলিভিয়া
প্যারাগুয়ে–চিলি
আর্জেন্টিনা–ইকুয়েডর

(দ্বিতীয় রাউন্ড)
পেরু–ব্রাজিল
ভেনিজুয়েলা–প্যারাগুয়ে
বলিভিয়া–আর্জেন্টিনা
চিলি–কলম্বিয়া

অক্টোবর, ২০২৩
(তৃতীয় রাউন্ড)

কলম্বিয়া–উরগুয়ে
ব্রাজিল–ভেনিজুয়েলা
বলিভিয়া–ইকুয়েডর
আর্জেন্টিনা–প্যারাগুয়ে
চিলি–পেরু

(চতুর্থ রাউন্ড)
উরুগুয়ে–ব্রাজিল
পেরু–আর্জেন্টিনা
ভেনিজুয়েলা–চিলি
ইকুয়েডর–কলম্বিয়া
প্যারাগুয়ে–বলিভিয়া

নভেম্বর, ২০২৩
(পঞ্চম রাউন্ড)

কলম্বিয়া–ব্রাজিল
ভেনিজুয়েলা–ইকুয়েডর
বলিভিয়া–পেরু
আর্জেন্টিনা–উরুগুয়ে
চিলি–প্যারাগুয়ে

(ষষ্ঠ রাউন্ড)
উরুগুয়ে–বলিভিয়া
পেরু–ভেনিজুয়েলা
ব্রাজিল–আর্জেন্টিনা
প্যারাগুয়ে–কলম্বিয়া
ইকুয়েডর–চিলি

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক:

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে রাজধানী অটোয়া থেকে টরেন্টো যাওয়ার পথে ৪০১ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাদেশি কানাডিয়ান মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি এবং প্রিমিয়াম সুইটসের অন্যতম কারিগর লিয়াকত হোসেন। মনিরুজ্জামান বিজয় চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হাসপাতালে আজ মারা যান। বাকি দুজন গতকালই ঘটনাস্থলেই মারা যান।

উল্লেখ্য, মনিরুজ্জামান বিজয় বাংলাদেশ ও কানাডার প্রসিদ্ধ প্রিমিয়াম সুইটসের কর্ণধার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবালের ছোটভাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

সূত্র: যুগান্তর।