All posts by jitu

আফ্রিকায় নিজ দোকানে নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকায় নিজ দোকানে নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। এরপর সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে থাকা টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়।

নিহত আবদুল মালেক (৫০) বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের হাজী কলিম উদ্দিন মিয়াজী বাড়ির আবদুল ওয়াদুদের ছেলে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট মেয়ে লামিয়া আক্তার। এর আগে, বুধবার ৩০ আগস্ট সেই দেশের সময় রাত ৮টার দিকে আফ্রিকার ডারবান শহরের নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় মাতম।

নিহতের ছোট মেয়ে লামিয়া জানায়, তারা দুই বোন পরিবারের সাথে জেলা শহর মাইজদীতে বসবাস করে। তার বাবা ১৭-১৮ বছর যাবত আফ্রিকার ডারবান শহরে ব্যবসা করছে। সর্বশেষ গত ১ মাস ১০দিন আগে বাবা দেশ থেকে ডারবান শহরে যান। বুধবার রাত ৮টার দিকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। ওই সময় সেই দেশি কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা আমার বাবাকে গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডারবান শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত প্রবাসী মালেকের লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা জন্য পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.ইউছুপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

শপথ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে সমাবেশে শপথ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে এ শপথবাক্য পাঠ করান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এসময় সমাবেশে উপস্থিত সব নেতাকর্মী ও ছাত্রছাত্রী এ শপথবাক্য পাঠ করেন।

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা। ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে ছাত্র সমাবেশ শুরু হয়।

এদিন সমাবেশে যোগ দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা জড়ো হন। ফলে উদ্যানের চারপাশ মিছিলে মুখরিত হয়ে যায়। সেই সঙ্গে প্রবেশমুখেও ভিড় বাড়ে।

সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকেই অবস্থান করেন নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা যায়। দুপুর ১টার পর থেকে রাজধানীর বাইরে থেকে আসা সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীদের ভিড় বাড়ে সমাবেশের প্রবেশমুখে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গেট, বাংলা একাডেমির সামনের অংশ ও রমনার আইইবির সামনের গেটে ভিড় করেন নেতাকর্মীরা। এতে সমাবেশস্থলের প্রবেশমুখেই দীর্ঘ জট সৃষ্টি হয়।

এদিকে ছাত্রসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশসহ নিরাপত্তার দায়িত্বে কাজ করছে র‌্যাব। যানবাহন চলাচলে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

কোনো স্বৈরাচার জুলুম করে টিকতে পারবে না : ড. মঈন খান

অনলাইন ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কোনো স্বৈরাচার জুলুম করে টিকতে পারেনি, এ সরকারও পারবে না। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে আজ বাদ জুমা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। ঢাকা দুই মহানগরে বিভিন্ন ওয়ার্ড থেকে ফেস্টুন, ব্যানার নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ বলে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি একজন সৈনিক ছিলেন’ তিনি কিন্তু এ দেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন। অথচ আওয়ামী লীগ দেশের গণতন্ত্র, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে শেষ করে দিয়েছে। তারা দাবি করে, তারা নাকি গণতন্ত্র দিয়েছে, সেটা দেশের মানুষ ভালো করে জানে। আব্দুল মঈন খান বলেন, আমি একটা কথা বলতে চাই, কোনো স্বৈরাচার জুলুম করে টিকতে পারেনি, এ সরকারও পারবে না। আটকাতে পারবে না গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশেকে সমৃদ্ধির জন্য বিএনপি গঠন করেছিলেন। দেশকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আজ তাদের অসম্মান করা হয়।

প্রধানমন্ত্রীর ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখার কথা সমালোচনা করে তিনি বলেন, যাদের টাকা আছে তারা না হয়, ফ্রিজে ডিম সিদ্ধ করে রাখতে পারবে, যাদের টাকা নেই তারা কি করবে, কীভাবে ফ্রিজে ডিম সিদ্ধ করে রাখবে?

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র মুক্ত করেছি, এবার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করব, এবার বিজয়ী হবো, ইনশাআল্লাহ।

প্রধান বিচারপতির বিদায় কালের কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধান বিচারপতি বলেছেন, ‘হস্তক্ষেপমুক্ত না হলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে না’। এ কথা কি ওনার আসার সময় মনে ছিল না? যাওয়ার সময় মনে হয়েছে। এখন বলে লাভ কি হবে। প্রত্যেকটি অপকর্মের বিচার হবে এই দেশে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

বিএনপি নেতারা এখন নিজেদের অস্তিত্ব নিয়ে চিন্তিত : কাদের

অনলাইন ডেস্ক:

সরকার পতন তো দূরের কথা, বিএনপি নেতারা এখন নিজেদের অস্তিত্ব সংকট নিয়ে চিন্তিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা-ফার্মগেট অংশের উদ্বোধনের ভেন্যু পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দলের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের আস্থা নেই। কালো পতাকা নিয়ে আন্দোলন করা সম্ভব নয়। এটি শোক মিছিলে পরিণত হয়। আন্দোলনের নামে সন্ত্রাস কিংবা সহিংসতা সৃষ্টির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সতর্ক অবস্থান রয়েছে।

তিনি বলেন, মেট্রোরেল ও পদ্মা সেতু বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার যে কথায় নয়, কাজে বিশ্বাসী তা এরই মধ্যে প্রমাণ করেছে। শিগগিরই মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত অংশটি চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ উন্নয়নের সুবিধা পাবে ঢাকাবাসী।

এ সময় সেতুমন্ত্রী বলেন, কাওলা থেকে ফার্মগেট-তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত ১০-১১ মিনিটে কাভার করবে। এখানে অনেক যাত্রী আসা-যাওয়া করবেন। এর সুফল অবশ্যই ‌পাবে রাজধানীবাসী। এর সঙ্গে যখন মতিঝিল পর্যন্ত উদ্বোধন হয়ে যাবে, তখন সুফল অনেক বেড়ে যাবে এবং ঢাকা আরও আধুনিক শহরে রূপ নেবে। যান চলাচল আরও একটু ইজি (সহজ) হবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের ৬৫ শতাংশ কাজ হয়ে গেছে। এখন যে অংশ উদ্বোধন হচ্ছে না, সেখানেও অনেক কাজ হয়ে গেছে। আমরা আশা করছি, আগামী ২০২৪ সালের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোটা চালু করতে পারব। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে মগবাজার, মগবাজার থেকে কুতুবখালি পর্যন্ত গন্তব্য। পুরো অংশের দূরত্ব ২০ কিলোমিটার। র‍্যাম্পসহ মোট ৪৬ কিলোমিটার।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সেতু সচিব মো. মনজুর হোসেনসহ আরও অনেকে।

বরুড়ায় জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ২

বরুড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলার জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২ জন মারা গেছে। এ ঘটনায় আরও ৫ জন গুরুরত আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

বরুড়া উপজেলার ঝালগাও গ্রামে (১ সেপ্টেম্বর) শুক্রবার সকালে এ ঘটনা ঘটছে।

জানা যায়, আবদুস সাত্তার গং জমি চাষ করতে গেলে খোরশেদ আলম গং এতে বাঁধা দেয়। বাধাঁ কে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষ হয়। এতে খোরশেদ আলম (৩২) আবদুস সাত্তার (৫৫) মারা যায়। গুরুতর আহত জয়নাল, মোশাররফ সহ ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।

বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু, সর্বোচ্চ বয়সসীমা ১৭ বছর

অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু, সর্বোচ্চ বয়সসীমা ১৭ বছর

ডেস্ক রিপোর্ট:

অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে আজ। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে পারছেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে। জরিমানা ছাড়া এ বছর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৭৪ টাকা।

এদিকে, অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন ফরম পূরণের সর্বনিম্ন বয়স ১১ বছর নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। ১১ বছর পূর্ণ না হলে কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে না। আর রেজিস্ট্রেশনের সর্বোচ্চ বয়সসীমা ১৭ বছর। তবে বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীরা সর্বোচ্চ ২২ বছর বয়স পর্যন্ত অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন করতে পারবেন।

বৃহস্পতিবার বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালার ১(খ) ধারা অনুযায়ী, পরীক্ষার বছরের ১ জানুয়ারি পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স ১১ বছরের বেশি হতে হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ ১৭ বছর হতে হবে।

শিক্ষাবোর্ড জানিয়েছে, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠান প্রধানদের ওপর বর্তাবে।

বোর্ড থেকে অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী বা কাছের অনুমোদিত নিম্নমাধ্যমিক বা মাধ্যমিক স্কুল বা স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না।

অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া

ঢাকাবোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত (ওএমইএ/ই-সিফ) বাটনে ক্লিক করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য দিতে হবে। ড্যাশবোর্ড থেকে ‘ই-সিফ জেএসসিসি’তে ক্লিক করে ‘পে-অ্যাবল ফিস অব জেএসসি’-এ অ্যাপ্লিকেশন নেম, মোবাইল নম্বর এবং নাম্বার অব স্টুডেন্ট দিয়ে প্রিন্ট সোনালী সেবা-এ ক্লিক করে সোনালী সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে।

ব্যাংকে ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণকৃত শিক্ষার্থীদের ই-সিফ পূরণ করা যাবে। পেমেন্ট ক্লিয়ারের পুনরায় সোনালী সেবার স্লিপ বের করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা।

নাম-পরিচয় লেখার নিয়ম

শিক্ষার্থীর বাবা-মায়ের এসএসসির সনদ থাকলে, তাদের মূলসনদ অনুযায়ী বা প্রাথমিক সমাপনী পরীক্ষা পাসের সনদ অনুযায়ী বাবা-মায়ের নাম অ্যান্ট্রি করতে হবে। শিক্ষার্থীর বাবা-মা এসএসসির সনদধারী না হলে হলে জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবা-মায়ের নাম অ্যান্ট্রি করাতে হবে। শিক্ষার্থীর নামের আগে মিস্টার, মিসেস, শ্রী, শ্রীমতি ইত্যাদি থাকলে তা ব্যবহার করা যাবে না।

সব শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি হালনাগাদ থাকতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষকে সব তথ্য নিশ্চিত হয়ে ডাটা অ্যান্ট্রি করতে হবে। হালনাগাদ স্বীকৃতি নবায়ন নেই এ ধরনের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সিজদা থেকে ইমামের আগে উঠে গেলে নামাজ কি নষ্ট হয়ে যাবে?

সিজদা থেকে ইমামের আগে উঠে গেলে নামাজ কি নষ্ট হয়ে যাবে?

ডেস্ক রিপোর্ট:

নামাজে ইমামের অনুসরণ করা মুক্তাদি মুসল্লিদের জন্য ওয়াজিব। প্রত্যেকটি কাজেই তাকে অনুসরণ করতে হবে। ইমাম যখন রুকু বা সিজদায় যান, তখন রুকু বা সিজদায় যেতে হবে, যখন দাঁড়ান তখন দাঁড়াতে হবে। ইমামের আগে রুকু বা সিজদায় চলে যাওয়া অথবা ইমামের আগেই রুকু বা সিজদা থেকে দাঁড়িয়ে যাওয়া মাকরুহ তাহরিমি বা হারামের কাছাকাছি পর্যায়ের অপছন্দনীয় কাজ।

রাসুল সা. বলেছেন,
إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا
ইমাম নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য। ইমাম তাকবির বললে তোমরাও তাকবির বলবে, তিনি রুকু করলে তোমরাও রুকু করবে। তিনি সিজদা দিলে তোমরাও সিজদা করবে। (সহিহ বুখারি: ৩৭৮)

ইমামের আগে সিজদা থেকে উঠে যাওয়ার ব্যাপারে সাহাবিদের সাবধান করে আরেকটি হাদিসে রাসুল (সা.) বলেছেন,
‏ أَمَا يَخْشَى الَّذِي يَرْفَعُ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ أَنْ يُحَوِّلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ ‏
ইমামের আগে সিজদা হতে যে ব্যাক্তি মাথা তোলে, সে কি ভয় করে না যে, আল্লাহ তার মাথার আকৃতি গাধার মাথার মত করে দিতে পারেন। (সহিহ মুসলিম: ৪২৭)

সুতরাং নামাজে পরিপূর্ণরূপে ইমামের অনুসরণ করতে হবে। সিজদা থেকে ইমামের আগে মাথা ওঠানোর ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।

কেউ যদি ভুল করে সিজদা থেকে ইমামের আগে মাথা তুলে ফেলে, তাহলে ভুল বোঝার পর আবার সিজদায় চলে যাবে এবং ইমামের সাথে সিজদা থেকে উঠবে। ইমাম যদি আবার সিজদায় যাওয়ার আগেই উঠে যান অথবা কেউ যদি অজ্ঞতাবশত অর্থাৎ শরিয়তের এ নির্দেশনার ব্যাপারে না জানার কারণে আর সিজদায় না যায়, তাহলেও নামাজ শুদ্ধ হয়ে যাবে।

কিন্তু কেউ যদি শরিয়তের বিধান জানার পরও ইচ্ছাকৃত ইমামের আগে মাথা তোলে এবং আর সিজদায় না যায়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে।

ইতিহাস গড়ে ধোনি-সাঙ্গাকারাদের পাশে মুশফিকুর রহিম

ইতিহাস গড়ে ধোনি-সাঙ্গাকারাদের পাশে মুশফিকুর রহিম

ডেস্ক রিপোর্ট:

মুশফিকুর রহিমকে আদর করে তার ভক্তরা বলেন মিস্টার ডিপেন্ডেবল। এই নামের যথার্থতা অবশ্য প্রমাণও করেছেন তিনি। লম্বা ক্যারিয়ারে বরাবরই ব্যাট হাতে আস্থার প্রতীক মুশফিক। পাশাপাশি উইকেটের পেছনেও লম্বা সময় ধরে সার্ভিস দিচ্ছেন তিনি। গ্লাভস হাতে এবার গড়েছেন একটা রেকর্ডও।

প্রথম এবং একমাত্র বাংলাদেশি উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে স্টাম্পিংয়ের সেঞ্চুরি করেছেন মুশফিক। আর পুরো ক্রিকেট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়েছেন মুশফিক।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৩০তম ওভারের প্রথম বলে মেহেদী হাসানকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন সাদিরা সামারাবিক্রমা। এরপর উইকেটের পেছনে মুশফিক যে খুব ভালোভাবে বলটি নিতে পেরেছেন, তা নয়। তবে সময় ছিল যথেষ্ট। দ্বিতীয় সুযোগে স্টাম্প ভাঙতে অসুবিধা হয়নি মুশফিকের। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে স্টাম্পিংয়ে তিন অঙ স্পর্শ করেন তিনি।

বাংলাদেশি এই উইকেটকিপার ছাড়া সেঞ্চুরি করা বাকিরা হলেন-মহেন্দ্র সিং ধোণি (১৯৫), কুমার সাঙ্গাকার (১৩৯), কালুভিথারানা (১০১)।

কুমিল্লা বুড়িচংয়ে জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

বুড়িচংয়ে জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর শিকাপুর গ্রামের একটি জমি থেকে ইকবাল হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা৷

বৃহস্পতিবার সকালে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন খবর পেয়ে এস আই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর শিকারপুর গ্রামের বৃষ্টির পানিতে ডুবে থাকে জমিতে ইকবাল হোসেন (৩০) নামের যুবকের লাশ উদ্ধার করে বাড়ীর লোকজন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন নিহতের আত্মীয় স্বজনদের বরাদ দিয়ে জানান ইকবাল হোসেন শিকারপুর গ্রামের তাজ উদ্দিন সরকার বাড়ির মৃত আব্দুল জলিল এর ছেলে। সে নিমসার বাজারে লেবার হিসেবে কাজ করত।

প্রতিদিনের ন্যায় সে বুধবার রাত ৮ টায় তার মা শাহানারা বেগম ও স্ত্রীর নিকট জানায় সে নিমসার বাজার কাজে যাচ্ছে। ওই রাতে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি।

৩১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৬ টায় পাশের বাড়ির লোকজন ইকবাল হোসেন কে পানি যুক্ত জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবার কে জানালে ইকবাল হোসেন কে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। এসময় ইউপি সদস্য জাকির হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ঘটনা স্থলে গিয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে এস আই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য জাকির হোসেন আরও জানান নিহত ইকবাল হোসেন ছোট বেলা থেকে মৃগী রোগী ছিলেন। ধারনা করা হচ্ছে রাতের যে কোন সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে বাড়ির পাশের পানি যুক্ত জমিতে পড়ে গিয়ে ইকবাল হোসেন ওই খানে সে মারা যায়। নিহতের দুই বছরেরর একটি মেয়ে এবং তার স্ত্রী অন্ত:সত্ত্বা কয়েক মাসের ।

এ ব্যপারে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জায়েদুল ইসলাম জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করি। তবে যতটুকি জানা গেছে স্থানীয় ভাবে নিহত ইকবাল হোসেন একজন মৃগী রোগী ছিলেন। মৃত্যুর প্রকৃত কারন ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তি স্বাক্ষে জানা যাবে।