All posts by jitu

শেখ হাসিনা করের টাকায় দক্ষিণ আফ্রিকায় ভোট চাইতে গেছেন : আমীর খসরু

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের করের টাকা খরচ করে শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় নৌকায় ভোট চাইতে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি নুর আহম্মেদ সড়কে ‘কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের একদফা দাবীতে’ চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কালো পতাকা গণমিছিলের পর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় গেছেন বাংলাদেশের মানুষের করের টাকা দিয়ে। দলবল, পরিবারসহ দক্ষিণ আফ্রিকায় উপস্থিত হয়েছেন। ব্রিকসের নাকি সদস্য হবে। ওখানে যে ওদের অফিশিয়াল ফটোগ্রাফার আছে। যারাই ওখানে অতিথি হিসেবে গেছে বা উপস্থিত ছিল তাদের ছবিতেও শেখ হাসিনা নেই। তাহলে শেখ হাসিনা কোথায় ছিল? ওই বাংলাদেশি কিছু আওয়ামী লীগের লোকজন ওখানে আছে।

দক্ষিণ আফ্রিকাতে যত বাঙালি থাকে তার ৯০ শতাংশ হচ্ছে বিএনপি। আমি জেনে বলছি। ১০ শতাংশ হচ্ছে তারা, যাদের পরিবার এখানকার লুটপাটের ভাগ পাচ্ছে এই দুর্নীতিবাজ সরকার থেকে। এদের নিয়ে উনি একটি সভা করেছেন ওখানে। গেছেন কোন কাজে, করছেন কী। গেছে ওখানে সদস্যপদের জন্য। ওখান থেকে বঞ্চিত হয়ে এদের সাথে গিয়ে সভা করছে। ওখানে কি বলছে? নৌকায় ভোট দিতে বলছে। ওরা কেউ কিন্তু ভোটার না? ওরা তো দক্ষিণ আফ্রিকায় থাকে।বাংলাদেশের করের টাকা খরচ করে আপনি দক্ষিণ আফ্রিকায় গেছেন কি নৌকায় ভোট চাইতে?

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, আজকে চট্টগ্রাম শহর কালো পতাকা মিছিলের নগরীতে পরিণত হয়েছে। লাখ লাখ জনতা এই মিছিলে যোগ দিয়েছে। এই গণমিছিল থেকেই সরকারের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দি করে রেখেছে। তাকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তারা বেগম খালেদা জিয়াকে নয়, গণতন্ত্রকে বন্দি করে রেখেছে।

তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে দেশের লাখ লাখ মানুষ আজকে রাস্তায় নেমে গেছে। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটাব। শেখ হাসিনার পতন হলে বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে, গণতন্ত্র মুক্তি পাবে। তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবে। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

লালমাইয়ে বিএনপির প্রতিনিধি সভায় ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ, আহত ৫০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির প্রতিনিধি সভায় হামলা ভাঙচুর ও গুলিবর্ষণের  ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ দলের ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি স্থানীয় বিএনপির।

শনিবার (২৬ আগষ্ট) বিকালে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের উন্দানিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মফিজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, বেলঘর উত্তরে আমাদের একটি প্রতিনিধি সভা ছিল। বিকাল ৪টার দিকে আমাদের সেখানে যাওয়ার কথা ছিল। এর আগেই শুনি দুপুর ২টা থেকে আওয়ামী লীগের লোকজন সেখানে মহড়া দিচ্ছে। তারা লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ারের অনুসারী। দুপুর ২ টার পর তারা প্রতিনিধি সভায় ভাঙচুর ও গুলি চালায়।

তিনি বলেন, হামলার সময় যুবদল নেতা ফিরোজ ও মনির গুলিবিদ্ধ হন। একজনের মাথায় গুলি লাগে। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া তাদের লোকজন মফিজুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।

এ নিয়ে ঘটনাস্থলসহ আশপাশে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তবে হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার ও লালমাই উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান।

গোলাম সারোয়ার বলেন,   গৈয়ারভাঙ্গা-বেলঘর সড়কে মিছিল চলাকালে বিএনপির লোকজন আমাদের লোকজনের ওপর উল্টা হামলা করেছে। এতে আমাদের ৮-৯ জন আহত হয়।

লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার বলেন, আমরা তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 দীর্ঘ ১৭ বছর পর আবারও একসাথে পর্দায় আসছেন শাহরুখ-অমিতাভ?

বিনোদন ডেস্ক:

গুঞ্জন শোনা যাচ্ছে, দীর্ঘ ১৭ বছর পর আবারও একসঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন বলিউডের দুই অভিনেতা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান।

২০০৬ সালে ‘কাভি আলভিদা না কেহনা’ ছবিতে শেষবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সদ্য এক্স (টুইটার) হ্যান্ডেলে #অংশঝজক প্রশ্ন-উত্তর পর্বে এক অনুরাগী বিগ বি’র বিষয়ে কিছু বলতে বলেন কিং খানকে।
যার উত্তরে শাহরুখ লেখেন, ‘এতগুলো বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে খুব ভাল লাগল। শুটিং থেকে অনুপ্রাণিত হয়ে এবং আশীর্বাদ নিয়ে ফিরেছি’। বহু বছর পর আবারও বলিউডের শাহেনশা এবং বাদশাকে একসঙ্গে পর্দায় দেখায় জন্যে মুখিয়ে রয়েছে ভক্তরা।

উল্লেখ্য, অমিতাভ বচ্চনের জুতোয় পা গলিয়ে ‘ডন’এর উত্তরসূরি হয়েছিলেন শাহরুখ। এবার সেই জুতো রণবীর সিংয়ের পায়ে উঠল।

যদিও কোনও ছবিতে অভিনয় করবেন তারা, সেই নিয়ে এখনও তেমন কোনও আপডেট প্রকাশ্যে আসেনি। দুই সুপারস্টারের একসঙ্গে কাজ করার খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা শুরু হয়েছে তবে কি রণভীর সিং অভিনীত ডন ৩ ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে দুই প্রাক্তন ডনকে! উত্তরটা পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

কবিতা: কবি (২)

জহিরুল ইসলাম:

কবি এক জীবন্ত সত্ত্বা যিনি বাস্তবতা থেকে বের করে আনে জীবনবোধের কবিতা,
জীবনের ময়নাতদন্তে যেসব অমীমাংসিত রহস্য লুকিয়ে রয় তাই কবিতা হয়ে ফুটে উঠে জনসমক্ষে।

কবি মৃত ব্যক্তির কফিন হতে যে অদৃশ্য আত্মার আর্তনাদ করে তা হতে খুঁজে বের করে অনুভূতি,
অথবা গভীর সাগরের বুকে ঘুমন্ত নীল তিমির রাত্রি যাপন নিয়ে লিখে যায় এক কাল্পনিক গল্প।

সুনীল আকাশের মাঝে উড়ন্ত ফিনিক্স পাখির ডানায় ভর করে যে রোদের ঘ্রাণ ভেসে আসে তা হতে লিখে যায় কালজয়ী কাব্য,

ভোরের কুয়াশা মাখা শিশির বিন্দু হতে টপটপ করে যেসব শব্দের ফোয়ারা ঝরে পড়ে মৃত্তিকায় তা দিয়ে লিখে ফেলে এক মহাকাব্য।

বাতাসে লাশের গন্ধ অথবা ধানের গন্ধ তা শুঁকে লিখে নেয় প্রকৃতির অপার সৌন্দর্য,
কোন অপরিচিত নারীর মনোহারি চোখের দিকে তাকিয়ে রচনা করে এক অমোঘ প্রেম উপাখ্যান।

কবি এই সভ্যতার সবচেয়ে রহস্যময় নিশ্চুপ এক ডিটেক্টিভ,
সাধারণ মানুষের ভিড়ে বসবাস করা অতি সূক্ষ্ম কীট।

লেখক:  জহিরুল ইসলাম
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লা কোটবাড়ি
অনার্স চতুর্থ বর্ষ‌‌‌, অষ্টম সেমিস্টার।

চুমু কাণ্ডে রুবিয়ালেসকে বহিষ্কার করেছে ফিফা

স্পোর্টস ডেস্ক:

এক চুমুকাণ্ডেই যেন সব হারাতে বসেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রুইস রুবিয়ালেস। তার পদত্যাগের জোর দাবি উঠেছে। যদিও নিজে থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

তবে পদ ধরে রাখার চেষ্টায় এখন পর্যন্ত সফল হলেও ফিফার শাস্তি থেকে রেহাই মিললো না রুবিয়ালেসের। আজ (শনিবার) ফিফা এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্প্যানিশ ফুটবল প্রধানকে সব ধরনের ফুটবল সংশ্লিষ্ট কার্যক্রম থেকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি জানিয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ থেকেই। প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

গত রোববার বিশ্বকাপ ফাইনালের পরই চুমু-বিতর্ক ঘটে। সোমবার ওই ঘটনার জন্য ফিফার কাছে ক্ষমা চেয়ে নেন রুবিয়ালেস। কিন্তু তা গ্রহণ করেনি ফিফা। বৃহস্পতিবার রুবিয়ালেসের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফা। আজ রায় এলো।

শুধু ফুটবলার জেনি হারমোসোকে চুমু দেয়ার কারণেই নয়, স্পেনের বিজয়ের মুহূর্তে স্প্যানিশ রাণী এবং তার ১৬ বছরের মেয়ের সামনে নিজের গোপনাঙ্গ ধরে বাজেভাবে অঙ্গভঙ্গি করেন রুবিয়ালেস। এমন বাজে কাজের জন্যও তদন্তের মুখোমুখি তিনি।

স্পেন ফুটবল প্রধানের দাবি হারমোসোর অনুমতি নিয়েই তাকে চুমু দিয়েছিলেন তিনি। রুবিয়ালেস বলেন, ‘হারমোসো পেনাল্টি মিস করেছিলো। তাই আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। বলছিলাম ভুলে যাও পেনাল্টির কথা।

জিজ্ঞেস করেছিলাম তাকে আমি চুম্বন করতে পারি কি না। ও রাজি ছিল। হঠাৎ করেই হয়েছিল পুরো ঘটনাটা। তবে সম্মতি নিয়েই হয়েছিল। এরপরও আমাকে ফাঁসানো হবে? আমি এর শেষ দেখে ছাড়ব।’

যদিও হারমোসো ওই সময় জানিয়েছিলেন যে, রুবিয়ালেস তাকে চুম্বন করায় তিনি বিরক্ত। শুধু হারমোসোকে চুমু খাওয়াই নয়, রুবিয়ালেস নিজের যৌনাঙ্গ ধরে বাজে অঙ্গভঙ্গি করেও বিশ্বকাপ জয় উদ্যাপন করেছিলেন। যার জন্য শুক্রবার ক্ষমা চান তিনি।

১ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ সেপ্টেম্বর স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে ৫ লক্ষাধিক শিক্ষার্থী জড়ো করার আশা করছে সংগঠনটি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই ঘোষণা দেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের যুগান্তকারী সমাবেশ করতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোককে শক্তিতে রূপান্তর করতেই এই সমাবেশ।’

সাদ্দাম হোসেন বলেন, পাঁচ লাখ ছাত্রলীগ নেতাকর্মীর বাইরেও কয়েক লাখ সাধারণ শিক্ষার্থী সমাবেশে অংশ নেবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে এটাই প্রমাণ হবে ১ সেপ্টেম্বর।

এর আগে আগামী ৩১ আগস্ট এ ছাত্র সমাবেশ করার কথা থাকলেও এইচএসসি পরীক্ষার বিষয় চিন্তা করে সেটি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

ছাত্রলীগের সভাপতি জানান, ছাত্রসমাবেশ সফল করাসহ সারাদেশ থেকে শিক্ষার্থীদের ছাত্রসমাবেশে নিয়ে আসতে ছাত্রলীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে। একইসঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে দিনরাত প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন সঞ্চালন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

ফেনীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুন

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ছাগলনাইয়ায় ছোট ভাই শাহ আলম (৪৫) ও তার সহযোগীদের আঘাতে বড় ভাই মোহাম্মদ সেলিমের (৫৫) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের অলী সওদাগরের বাড়িতে গত বুধবার দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে সেলিম গুরুত্বর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানায়, বুধবার বিকালে বাড়ির পাশে জমিতে লাঙ্গল দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় মোহাম্মদ সেলিম ও তার পুত্র জিসান আহমেদ। আহত অবস্থায় মোহাম্মদ সেলিমকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশংকাজনক মনে হলে চট্টগ্রাম মেডিকেল কলেজের স্থানান্তর করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মোহাম্মদ সেলিমতে প্রতিবন্ধী বলে দাবী করেন তার পরিবার। এদিকে জিসানের মাথায় পাঁচ সেলাই দিয়েছে। ঘটনার আগে-পরে থানায় দু’পক্ষই মামলা করেন।

এদিকে সেলিম এর মৃত্যুর বিচার চেয়েছেন তার বৃদ্ধা মা হালিমা বেগম। হালিমা বেগম বলেন, আমার বড় ছেলেকে ছোট ছেলে ও তার বউ আঘাত করেছে। আমি এর বিচার চাই।

সেলিমের বড় মেয়ে রোকসানা আক্তার জবা বলেন, আমার বাবা হত্যা মামলা বিচার চাই। আমার চাচা শাহ-আলম, চাচী শিল্পী (৩৮)ও চাচাতো ভাই আমাদের এতিম করেছে। আমরা সঠিক বিচার চাই।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, ২৪ তারিখ দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে : রোশন আলী মাস্টার

দেবিদ্বার প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার৷ প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। যারা ১৯৭১ সালে পরাজিত হয়েছিল, তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েও বঙ্গবন্ধু আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, এ দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশ থেকে এখন ফোরজি বাংলাদেশ সৃষ্টি হচ্ছে। আগামী দ্বাদশ নির্বাচনে প্রধানমন্ত্রী একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতিকে শেখ হাসিনাকে ভোট দিন।

এর আগে দুপুরে রোশন আলী মাস্টার ভানী ইউনিয়নের সাইতলায় বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অপর একটি দোয়া ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ইউনিয়ন আ.লীগ নেতা মো.নজরুল ইসলাম নজিরের সঞ্চালনায় শোক সভায় আরও বক্তব্যে রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, উত্তর জেলা আওয়ামীলীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মফিজুল ইসলাম দুলাল, মো. সামসুল হক, উপদেষ্টা মো. সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য ও বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, রাজামেহারের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, ইউপি সদস্য মো. নুরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে শাশুড়ীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে দুই পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন সাহারা বেগম (৫৫) নামে এক নারী। সাহারা বেগম উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের উত্তর পাড়ার ফজলুল হকের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ আহমদ জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই পুত্রবধূর সঙ্গে সাহারা বেগমের কলহ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে দুই পুত্রবধূর সঙ্গে সাহারার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন সালিশ সভা বসাতে বলেন পুত্রবধূরা। সেই সালিশে নিজে ‘অপমানিত’ হওয়ার ভয়ে সাহারা ‘কেরির বড়ি’ খেয়ে ফেলে।

রাতেই তাকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পরে সাহারà