All posts by jitu

নোয়াখালী প্যানকেয়ার আইসিইউ হাসপাতালকে জরিমানা, সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্ছিত

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্যানকেয়ার আইসিইউ হাসপাতালকে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা ও আইসিইউ বিভাগ বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার নাইমা নুসরাত যাবিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

হাসপাতাল পরিদর্শন ও কাগজপত্র পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের আইসিইউ বিভাগে ডাক্তার নার্স না থাকা এবং হাসপাতালের সকল কাগজপত্র না পাওয়াসহ নানান অসংগতি পান। এজন্য হাসপাতাল কতৃপক্ষেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভ্রাম্যমা আদালত আইসিইউ বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। এক্সরে বিভাগের অনুমোদন না থাকায় সেটাও বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমা নুসরাত জাবিন সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে যে পরিমাণ অনিয়ম ছিল আরো বেশি ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। তাদের আইসিইউ বিভাগে অনিয়মের ভরপুর ডাক্তার নার্স কিছুই নেই।

এসময় সংবাদ সংগ্রহকালে দেশ টিভির প্রতিনিধি রিফাত মির্জাকে লাঞ্ছিত করে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মালেক মানিক। এসময় ওই প্রতিনিধির হাতে থাকা দেশটিভির লোগো এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। জেলায় কর্মরত সাংবাদিকেরা এ ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন।

চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে বাড়ির পিছনের পুকুরে পড়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আনভীর হোসেন উপজেলা পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়ির ফিরোজ আলম সুমনের ছেলে।

বুধবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা পলাশ জানায়, দুপুর ১২টার দিকে শিশু আনভীর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পিছনের অনেক দূরে একটি পুকুরে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। এটা অসম্ভব কিভাবে পড়েছে, আল্লাহ ভালো জানে। বাড়ির পাশে দুটি পুকুর, কোনটিতে পড়ে নাই। অথচ বাড়ির পিছনের পুকুরে গিয়ে পড়েছে। রাস্তার মাঝে অনেক কাদা, এ বাচ্চা কিভাবে গেল। সব উপর আলাই ভালো জানে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রাহেনা আক্তার জানায়, এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র মতবিনিময়

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো: সোলায়মান মিয়া এবং মহাসচিব শফিকুল ইসলাম বাবু সাংগঠনিক কাজে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় যাত্রাপথে চৌদ্দগ্রাম উপজেলা নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় করেন।

বুধবার (২৩ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সহ-সভাপতি শাহআলম পাঠান, টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক শাফি সমুদ্র, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল এর সহ-সভাপতি আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম ফখরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল এর সহ-সভাপতি ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, দফতর বিষয়ক সম্পাদক জহিরুল কাইয়ুম কাজল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার জন্যে ডিপ্লোমা চিকিৎসকদের শরণাপন্ন হতে হয়। এই মধ্যম মানের চিকিৎসকগন গ্রামীণ স্বাস্থ্যসেবায় তাৎপর্যপূর্ণ ভুমিকা পালন করছেন। গ্রামের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াতে ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদানের মাধ্যমেও ডিপ্লোমা চিকিৎসকগণ স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবিতে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছেন কুমিল্লা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ আগস্ট) সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে ম্যাটসশিক্ষার্থীদের মানববন্ধন ও ৬ষ্ঠ দিনের মতো তারা ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে,অনতিবিলম্বে কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ পুনর্বহালসহ অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ ও বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ আজও বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশে অন্যান্য সব ডিপ্লোমা সেক্টরে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের নিয়োগ বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে সারা দেশের সব সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।

মুঠোফোনে কথা বলতে ডেকে নিয়ে বলৎকার, শিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে কথা বলতে ডেকে নিয়ে ছাত্রকে (৯) বলৎকারের অভিযোগে এক মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) সকালের দিকে গ্রেফতার আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড থেকে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

গ্রেফতার মো. মিজানুর রহমান (২৮) পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মনসুর আহমেদ হাজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে এবং কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লতিফিয়া কাশিমুল উলুম মাদরাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম উপজেলার লতিফিয়া কাশিমুল উলুম মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

গত ১৭ আগস্ট অভিযুক্ত শিক্ষক ভিকটিমকে তাদের বসত ঘর সংলগ্ন একটি ঘরে প্রাইভেট পড়াতে যায়। ওই সময় ভিকটিমকে তার মা ফোন করেছে বলে ডেকে নেয় শিক্ষক। এরপর ফোনে কথা বলার অজুহাতে বাথরুমে নিয়ে শিশুকে বলাৎকার করে। ঘরের মালিকের স্ত্রী বাথরুমে রক্ত দেখে জানতে চাইলে শিক্ষক জানায় তার মুখ থেকে রক্ত পড়েছে। কিন্ত এ বিষয়ে তার সন্দেহ হয়। সে বিষয়টি ভিকটিমের নানীকে জানায়। ভিকটিমের নানী জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম জানায় তাকে একাধিকবার বলাৎকার করেছে। কাউকে কিছু বললে তাকে হত্যার ভয় দেখায়। পরে নির্যাতিত শিশুর পরিবার মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসায় গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন:

মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে চাঁদপুর শহরের দুইটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ আগস্ট) মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট পাওয়ার অপরাধে শহরের স্টেডিয়াম রোডে পিয়ারলেস ডক্টর’স পয়েন্টকে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় জিটি রোডে অবস্থিত বেলভিউ হাসপাতাল ফার্মেসীকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক দুইটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি বন্ধে এবং যথাযথ উপায়ে সেবা প্রদান ও ভোক্তার স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযান চলমান থাকবে। এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস টিম।

বন্যার উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ : গ্রন্থাম রিসার্চ ইনস্টিটিউট

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যার দিক থেকে নেদারল্যান্ড ছাড়া বাংলাদেশের চেয়ে আর কোনো দেশ এগিয়ে নেই বলে জানিয়েছে গ্রন্থাম রিসার্চ ইনস্টিটিউট।

বুধবার (২৩ আগস্ট) প্রকাশিত ‘পরিবর্তনশীল জলবায়ুতে বাংলাদেশে বন্যা মোকাবিলা’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন তৈরি করেছে ‘লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স’র জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক ‘গ্রন্থাম রিসার্চ ইনস্টিটিউট’।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ মানুষ উচ্চ বন্যার ঝুঁকিতে রয়েছে, যা নেদারল্যান্ড ছাড়া বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় জনসংখ্যার একটি উচ্চ অনুপাত এবং প্রায় ৪৫ শতাংশ উচ্চ ফ্লুভিয়াল বন্যার ঝুঁকিতে রয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ সংখ্যা। জলবায়ু পরিবর্তন এই ঝুঁকিকে বাড়িয়ে তুলছে এবং ক্রমবর্ধমান উচ্চ আর্থিক ও মানবিক খরচ সহ ক্ষতির কারণ হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, বেঙ্গল ডেল্টায় অবস্থান নীচু এবং সমতল ভূমির কারণে বাংলাদেশ বন্যার প্রবণতা বেশি। তাই দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। ধারণা করা হচ্ছে, জলবায়ু পরিবর্তনসহ বেশ কিছু কারণ দেশের বন্যার ঝুঁকি বাড়াচ্ছে, যার মধ্যে ক্রমবর্ধমান মাত্রায় বৃষ্টিপাতের ঘটনা এবং অনিয়মিত বৃষ্টিপাত।

গবেষণায় দেখা যায়, ১৯৭১-২০০০ সালের সাপেক্ষে ২০৭০-২০৯৯ সালের মধ্যে উচ্চ-নির্গমনের পরিস্থিতিতে সর্বোচ্চ নদী প্রবাহের মাত্রা গড়ে ৩৬ শতাংশ এবং কম-নির্গমনের পরিস্থিতিতে ১৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে। কার্যকর বন্যা নীতিগুলি স্থিতিস্থাপকতা এবং অভিযোজন বৃদ্ধি এবং মানবিক ও অর্থনৈতিক প্রভাবের ঝুঁকি হ্রাস করার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ।

কার্যকর বন্যা-নীতির ওপর জোর দিয়ে বন্যা মোকাবিলার জন্য বিংশ শতাব্দীতে বাঁধ নির্মাণের মতো কাঠামোগত ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সরকারি নীতিগুলি ‘বন্যার সাথে জীবনযাপন’ পদ্ধতি গ্রহণ করেছে। সরকারের উচিত উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসতি স্থাপনকে নিরুৎসাহিত করা এবং পানী-প্রতিরোধী নির্মাণ সামগ্রী এবং লবণ-প্রতিরোধী ফসল প্রদানের মতো ব্যবস্থা ব্যবহার করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আরও কার্যকর বন্যা ঝুঁকি ব্যবস্থাপনা বাস্তবায়নে বাধার মধ্যে রয়েছে দুর্বলতা এবং স্থানীয় চাহিদা সম্পর্কে অপর্যাপ্ত জ্ঞান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মতো স্থানীয় প্রতিষ্ঠানে সক্ষমতার অভাব। অভিযোজনে বিনিয়োগের জন্য তহবিলের দুর্বল অ্যাক্সেস।

বন্যা ও দুর্যোগের ঝুঁকি নিয়ন্ত্রণে প্রয়োজন মূল্যায়ন, আরও বেশি জনগোষ্ঠীর অংশগ্রহণ, সরকারি ও বেসরকারি সংস্থার (এনজিও) সাথে সরকারি সংস্থাগুলির মধ্যে আরও ভাল সমন্বয়ের মাধ্যমে উন্নত করা যেতে পারে।

ভূমিকম্প নিয়ে যে তথ্য দিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে দেড় লাখ মানুষ মানুষ মারা যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, এরকম ঘটনায় ৫ লাখ মানুষ জখম হতে পারে। এ জন্য ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে।

বুধবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে সুপার-সমকাল আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড-২০২৩ অনুষ্ঠানে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সরকার ঢাকায় ভূমিকম্প সক্ষমতা তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি আটটি জোনে ভাগ করা হয়েছে। এ জন্য ৪২০ কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে। ভবিষ্যতে বিল্ডিং কোড ছাড়া আর কাউকে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ভূমিকম্প মোকাবিলায় এখনো পর্যাপ্ত সক্ষমতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। তবে ভূমিকম্প হলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেজন্য ৪৪ হাজার স্বেচ্ছাসেবক তৈরি আছে।

আওয়ামী লীগই দেশের রাজনীতিকে দূষিত করেছে : আলাল

অনলাইন ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আজকে দেশে যা কিছু দুষিত হয়েছে তার মূলে রয়েছে আওয়ামী লীগ। মূলত স্বাধীনতার পর থেকেই এ আওয়ামী লীগই দেশের রাজনীতিকে দূষিত করেছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলাল বলেন, আওয়ামী লীগ ভাঁওতাবাজি করে বই লিখে প্রমাণ করতে চায় তারা জনগণের বন্ধু। আসলে তারা প্রভূর মতো ভূমিকা রাখছেন।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন- এ যেন মন্ত্রিসভা নয়, কচিকাঁচার মেলা। আজকে সরকারের অনেক মন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয়- এটি মন্ত্রিপরিষদ নয়, কচিকাঁচার মেলা।

তিনি বলেন, নির্বাচনের নীল নকশা বাস্তবায়নের জন্য আজ ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানানো হয়েছে। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ভুয়া জন্মসনদ নিয়ে অপ্রাপ্তবয়স্কদের ভোটার বানানো হয়েছে।

আলাল বলেন, আওয়ামী লীগে আজকে তোফায়েল আহমেদের মতো লোক অপদস্ত হন। মোজাফফর হোসেন পল্টু, ড. কামাল হোসেন এবং আ স ম আব্দুর রবের মতো লোকেরা আওয়ামী লীগ করতে পারেননি। কোনো ভদ্রলোক এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতারা এ দল করতে পারেনি। সব হাইব্রিড। এই হাইব্রিডরা বড় বড় জায়গা দখল করে আছে। তিনি বলেন, আজকে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। আজকে সময় টিভি এবং ৭১ টেলিভিশনের পক্ষে অবস্থান নিয়ে কেউ কেউ বিএনপির সমালোচনা করছেন। যখন দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান, সিএসবি, আমার দেশ, দিনকাল বন্ধ করে দেওয়া হলো তখন কোথায় ছিলেন আপনারা।

তিনি আরও বলেন, এই শাসকগোষ্ঠীকে কিছুদিন হলেও তাদের ক্ষমতা থেকে বাইরে রাখতে হবে। তাহলে তারা বুঝবেন, তারা দেশের কী ক্ষতি করেছেন।

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, আবু হানিফ প্রমুখ।