All posts by jitu

মতলবে মাধ্যমিকের ৫ শিক্ষককে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দিল শিক্ষার্থীরা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষককে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দিল বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শনিবার (৩ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ী মানপত্র পাঠ করেন, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম মিজি। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকদের ব্যাচ ও ফুল দিয়ে সংবর্ধনা দেন সাবেক শিক্ষার্থীরা। এর আগে উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। বিদ্যালয়ের শিক্ষক সালমান হোসেন রাসেল এর প্রাণবন্ত উপস্থাপনায় দীর্ঘ কর্মজীবনের সুখ নিয়ে অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষক আবুল কালাম বকাউল, মোস্তফা কামাল মিয়াজি, শাহ আলম প্রধানীয়া, আবুল হোসেন মুন্সি ও আব্দুল হাই বকাউল এর ছেলে জুয়েল বকাউল।

এসময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম বালী, মনির হোসেন বকাউল, বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রাধা গোবিন্দ, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলম মিজি, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম পাটওয়ারী, মিনহাজ হোসেন, ডা. বিজয় সরকার, ইয়াছিন মাল, ইকবাল হোসেন দীপু, ইব্রাহিম মিজি, জহিরুল ইসলাম হানিফ প্রমূখ। এসময় বক্তারা বলেন, যেকোনো বিদায় বেদনার ও কষ্টের। বিদায়ী শিক্ষকদের অনুপস্থিতিতে এ বিদ্যালয় শুন্যতা অনুভব করবে। সবকিছুরই শেষ আছে, না চাইলেও একদিন ঠিকই বিদায় বলতে হয়। আমরা ওনাদের অবসর জীবনের মঙ্গল কামনা করি। তারা আরো বলেন, আমাদের এই শিক্ষকরা তাদের কর্মজীবনে অনেক শিক্ষার্থীকে পড়িয়েছেন, সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। তারা দেশের কল্যাণে অনেক বড় বড় জায়গা থেকে ভূমিকা রাখছেন। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের মাঝে নিজের কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন।

পাঁচ শিক্ষকের শিক্ষকতা জীবনের সমাপ্তির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তাদের সহকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মনির হেসেন বকাউল, জহিরুল ইসলাম, মুরাদ হোসেন বকাউল, আব্দুর রহিম মিজি, মাসুদ বকাউল, নজরুল ইসলাম বকাউল, শাহাদাত হোসেন, হুমায়ূন কবির, ইকবাল হোসেন দিপু, কাউছার বকাউল সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। পরে ফুল সজ্জিত গাড়িতে করে তাদের বাড়িতে পৌঁছে দেন আয়োজক কমিটি। অনুষ্ঠানের শুরুতে আয়োজক কমিটি ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

বসুন্ধরা সিমেন্টের তিন পণ্যের বিক্রয় প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

‘একসাথে উচ্ছ্বাসে, সাফল্যের পথে’—এই প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা সিমেন্টের তিন পণ্যের বিক্রয় প্রতিনিধি সম্মেলন-২০২৬।

৩ জানুয়ারি ২০২৬, শনিবার সীগাল হোটেলস লিমিটেডের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট, বসুন্ধরা রেডি মিক্স ও বসুন্ধরা পিএইচসি পাইলের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এর চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে এম জাহিদ উদ্দিন, সিমেন্ট ডিভিশনের চিফ সেলস অফিসার শাহ জামাল শিকদার, রেডি মিক্স ডিভিশনের হেড অফ সেলস গোলাম রাব্বানি, পিএইচসি পাইল ডিভিশনের হেড অফ সেলস এনামুল ইসলাম এবং সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল ডিভিশনের জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড ও মার্কেটিং) শাকিব কামাল আহমেদ, জি এম মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন।

এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেলস প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল বিভাগের সমন্বিত সেলস কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত এ সেলস কনফারেন্সে বিগত সময়ের সাফল্য ও অর্জনের পর্যালোচনার পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কৌশল ও পরিকল্পনা উপস্থাপন করা হয়। একই সঙ্গে সেলস টিমের মধ্যে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষ অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই সেলস কনফারেন্স আগামী দিনে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে করপোরেট সেলস কার্যক্রমকে আরো শক্তিশালী করবে। পাশাপাশি এই সেলস কনফারেন্স আগামী দিনে বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে করপোরেট সেলস কার্যক্রমকে আরো সুসংহত করবে।

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:

​কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ জানুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় পদুয়ার বাজার এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স সরকার এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চাষাপাড়া এলাকার মেসার্স উজ্জ্বল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশপাশের অন্য দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে বিকেল পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

নাঙ্গলকোটের উত্তর শাকতলী প্রাইজমানি বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন উত্তর শাকতলী বেপারি বাড়ি কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত প্রাইজমানি বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ৩ জানুয়ারি)সকালে উত্তর শাকতলী দক্ষিণ পাড়া বেপারি বাড়ী সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে ‘ব্যাজ’ দিয়ে বরণ করা হয়।খেলায় অংশ গ্রহণ করেন করপাটি ক্রিকেট একাদশ বনাম আজবপুর শহীদ ওসমানী হাদি ক্লাব।

উত্তর শাকতলী বেপারি বাড়ি কল্যাণ ট্রাস্ট সভাপতি মোসাদ্দেক হোসেন মারুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহিদ উল্লাহ মিয়াজী। খেলায় উদ্বোধক ছিলেন মেসফালাহ হাউজিং চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সাইফুল ইসলাম মামুন, পেরিয়া ইউনিয়ন জামায়াত নেতা হারুনুর রশিদ, হাফেজ মামুন, বাহরাইন প্রবাসী এনএস রাহিল খান, উত্তর শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাষ্টার পেয়ার আহমদ, ২নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি জাকারিয়া ইসহাক, সমাজ সেবক হাফেজ হেলাল উদ্দিন, বিল্লাল হোসেন, দুবাই প্রবাসী আব্দুর রহমান।

খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জে এইচ জোনায়েদ, আতিক উল্লাহ জোনায়েদ, রিপন, হাসিব, রাফি, ফাহাদ।

খেলাটিতে করপাটি ক্রিকেট একাদশকে হারিয়ে আজবপুর শহীদ ওসমানী হাদি ক্লাব বিজয়ী হন।

কুমিল্লার ১১ আসনে ৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ হয়েছে ৭৬ জনের

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ) মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়। এদিন এসব আসনে মোট ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার ১১টি আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে। এ আসনে দাখিল করা ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়, যা জেলার মধ্যে সর্বাধিক।

কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, “কুমিল্লায় ১১টি আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শুক্রবার ও শনিবার দুই দিন ধরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭৬টি মনোনয়নপত্র বৈধ এবং ৩১টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

মুরাদনগরে ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে যৌন নিপীড়ন, কথিত কবিরাজ গ্রেপ্তার

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে পড়ালেখায় মনোযোগী করে তোলার কথা বলে ঝাড়ফুঁকের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১০) যৌন নিপীড়নের অভিযোগে মাঈন উদ্দিন (৩৫) নামের এক কথিত কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রাম থেকে কথিত ওই কবিরাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাঈন উদ্দিন মোচাগড়া গ্রামের মৃত চাঁন খা মোল্লার ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। সম্প্রতি পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়লে শিশুটির বাড়ির পাশের কথিত কবিরাজ মাঈন উদ্দিন তার মাকে জানান তেল পড়ানো ও ঝাড়ফুঁক করালে শিশুটি পড়ালেখায় মনোযোগী হবে।

শুক্রবার দুপুরে এ কথা বলে কৌশলে শিশুটির বসতঘর থেকে তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের বাইরে পাঠিয়ে দেন তিনি। এরপর ঘরের ভেতরে শিশুটিকে যৌন নিপীড়ন করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি চিৎকার করে উঠলে অভিযুক্ত কবিরাজ দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতনের শিকার শিশুটির অভিভাবক মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে’’।

চাঁদপুরের শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও বুলেটসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্র ও বুলেটসহ ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাত ১০ টায় শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ১টি ৭.৬২ মিঃমিঃ পিস্তল, ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড পিস্তলের এ্যামোনিশন, ১টি গ্যাস, মাস্ক, ১টি হার্ড ড্রাইভ এবং ১টি হোলস্টারসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা গ্রামের মোঃ আলমগীরের স্ত্রী লাভলি বেগম (৪০) ও ছেলে ফয়সাল হোসেন শাকিল (২১)।

আটককৃত ব্যক্তি, উদ্ধারকৃত অস্ত্র, এ্যামোনিশন এবং সরঞ্জামাদি যথাযথ প্রক্রিয়ায় শাহরাস্ত্রি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে,দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) নিয়মিত সীমান্ত নজরদারি ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর এলাকায় একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করা হয়। ট্রাকটি তল্লাশি করে এর ভেতর থেকে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় বাজি, রেডবুল এনার্জি ড্রিংক, ডাবর আমলাসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য রয়েছে।

জব্দ করা পণ্যগুলো বিধি মোতাবেক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

দাউদকান্দিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কাজল মিয়া (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত কাজল মিয়া দাউদকান্দি উপজেলার দরাজখোলা গ্রামের রমুজ উদ্দিন প্রধান বাড়ির বাসিন্দা বশির উদ্দিনের ছেলে। শুক্রবার (২ জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানান, গত ২৭ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে স্থানীয় পর্যায়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দরাজখোলা গ্রামের ভূইয়া বাড়ি ও চৌধুরী বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাশের গ্রাম থেকে রঙের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সংঘর্ষ থামাতে গেলে চৌধুরী বাড়ির লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কাজল মিয়াসহ পাঁচ থেকে ছয়জনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

টানা ৩৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাজল মিয়া।

তার মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। নিহতের বাবা বশির উদ্দিন, চাচা নজরুল মেম্বারসহ স্বজন ও এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, ঘটনাটি আমরা শুরু থেকেই গুরুত্বসহকারে তদন্ত করছি। আহত অবস্থায় মামলাটি দায়ের করা হয়েছিল। কাজল মিয়ার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ মো. জসিম উদ্দিন (৪০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে কোতোয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউপির বিষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জসিম বিষ্ণপুর গ্রামের বাসিন্দা। এ সময় আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক প্রযুক্তির ৭.৬৫ এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ডিবির এসআই বিল্লাল হোসেন।

ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের অদূরে এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি ফোর্স সন্ত্রাসী জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় অত্যাধুনিক ওই অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭টি মামলা রয়েছে।

ডিবির এসআই বিল্লাল হোসেন জানান, অস্ত্রটি স্বয়ংক্রিয়। গ্রেফতার জসিম পেশাদার সন্ত্রাসী। তার কাছে আরও আগ্নেয়াস্ত্র আছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিবির ওসি শামছুল আলম শাহ জানান, নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রটি ব্যবহারের পরিকল্পনা ছিল। যারা নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র সংগ্রহ করছে তাদেরকে গোয়েন্দা নজরদারি আওতায় আনা হচ্ছে। কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।