All posts by jitu

ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কুবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি রুদ্র ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যরা।

রোববার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রথমে সমাবেশ এবং পরে অবস্থান কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা।

সমাবেশ কর্মসূচিতে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস বলেন, যেই সংবাদটি প্রকাশ করা হয়েছিলো সেখানে সাংবাদিকের ব্যক্তিগত কোনো বক্তব্য ছিল না। তারই প্রেক্ষিতে প্রশাসন যেভাবে বহিষ্কার করেছে তা কোন আইন সমর্থন করে না। এছাড়াও কোন শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, উচ্চপর্যায়ের সভায় কারা ছিলেন, কীভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট নয়। তারা ভেবেছিলো ইকবালকে বহিষ্কারের মাধ্যমে সাংবাদিক সমিতির অন্যান্য সাংবাদিকদের কলমকে বন্ধ করে দেয়া যাবে। কিন্তু তা কখনোই সম্ভব নয়। যারা সাংবাদিকতা করেন, যারা অন্যায় ও দুর্নীতিকে তুলে ধরেন তারা নিজেদের সৎ সাহস নিয়েই করেন।

দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মীর শাহাদাত হোসেন বলেন, সাংবাদিক রুদ্র ইকবালকে কোন আইনে বহিষ্কার করেছে তা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেরাই জানেনা। বরং ইকবাল বিভিন্ন সময়ে প্রশাসনের নানা অপকর্ম এবং দুর্নীতির বিরুদ্ধে যেসকল প্রতিবেদন প্রকাশ করেছেন এখানে শুধুমাত্র তারই প্রতিশোধ নেয়া হয়েছে। সাংবাদিকতা করার জন্য শিক্ষার্থীকে বহিষ্কার করে প্রশাসন কাপুরুষের মতো আচরণ করেছে। এই কর্মকাণ্ডের জন্য প্রশাসনকে জবাব দিতে হবে এবং অনতিবিলম্বে ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যারের করতে হবে।

কর্মসূচিতে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ বলেন, সংবাদকর্মীরা সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য কাজ করে যায়। ইকবাল কোন অপরাধ করেননি। তিনি শুধুমাত্র সংবাদ প্রচার করেছেন। কিন্তু উপাচার্য ক্ষোভের বশবর্তী হয়ে প্রতিশোধ নিয়েছেন। উপাচার্য চরমভাবে বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। আমি বলতে চাই আপনারা ভুল করেছেন সেই ভুল স্বীকার করে স্বৈরাচারী মনোভাব থেকে ফিরে আসুন। রুদ্র ইকবালের উপর আইনবহির্ভূত বহিষ্কারাদেশ নিঃশর্ত প্রত্যাহার করুন। তা না হলে বাংলাদেশের সমগ্র সাংবাদিকদের নিয়ে আমরা কঠোর আন্দোলন নামতে বাধ্য হব।

দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন মাহি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ভুল করেছে সে ভুলের দায় তারা স্বীকার করতে চায় না। তারা শুধু একটা কথাই বলে ‘উচ্চ পর্যায়ের সভা’। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে উচ্চ পর্যায়ের সভা বলে কোনো কাঠামো নেই। তাদের এই উচ্চ পর্যায়ের সভার মাধ্যমে একটি অবৈধ, অনৈতিক এবং আইনবহির্ভূত সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত রুদ্র ইকবালের শিক্ষা জীবনকে ব্যাহত করছে। অথচ কাদেরকে নিয়ে এই সভা গঠিত হয়েছে সে বিষয় প্রশাসন এখনো পরিষ্কার করে বলেনি। নিজের অপরাধকে ঢাকতে নতুন নতুন অপরাধ করছেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সময়ের আলোর প্রতিনিধি এবিএস ফরহাদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মঈনুদ্দিন ইরফান, দৈনিক শেয়ার বিজের প্রতিনিধি শাহীন আলম, মানবজমিনের প্রতিনিধি সাঈদ হাসান, মানবকণ্ঠের প্রতিনিধি জুবায়ের রহমান, ভোরের ডাক প্রতিনিধি রকিবুল হাসান, দেশ রূপান্তরের প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী, খোলা কাগজের প্রতিনিধি হাছিবুল ইসলাম সবুজ, আমার বার্তার প্রতিনিধি চৌধুরী মাসাবিহ, কালবেলার প্রতিনিধি আবু শামা, সারা বাংলার প্রতিনিধি রাজিব হোসাইন, দেশের কন্ঠের প্রতিনিধি তোফাজ্জল হোসাইন, আজকের দৈনিকের প্রতিনিধি তুষার ইমরান, নয়া শতাব্দীর প্রতিনিধি তানভীর সালাম অর্ণব দৈনিক অধিকারের প্রতিনিধি আনিসুর রহমান, চ্যনেল অনলাইনের প্রতিনিধি ফারিহা জাহান, ডাকঘরের প্রতিনিধি শাহিন ইয়াসার, রাইজিং বিডি প্রতিনিধি নাভিদ, অধিকারপত্রের প্রতিনিধি জাহিদ।

সৌদিতে ওমরাহ পালনে গিয়ে একই পরিবারের ৩ সদস্য নিহত

 

ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের দাম্মাম শহ‌রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের এক পরিবারের ৩ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের আরো দুই সদস্য।

নিহতরা হলো ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুরের মোবারক হোসেন (৪৮), তার ছেলে তানজিল আব্দুল্লাহ (১৭) ও মেয়ে মাহিয়া মাহি (১৪)। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোবারক হোসেনের স্ত্রী শিখা আক্তার (৪০) ও বড় মেয়ে মিথিলা ফারজানা মীম (১৯)।

সৌদিপ্রবাসী মোবারক হোসেন ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জের গাজীরটেক গ্রামের শেখ মোহাম্মদ আলী ওরফে মোহন শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ আগস্ট) মোবারক হোসেন পরিবারের সবাইকে নিয়ে দাম্মাম শহর থেকে ব্যক্তিগত গাড়িতে ওমরাহ পালনের জন্য মক্কায় যান। ওমরাহ শেষে শনিবার (৫ আগস্ট) সৌদি আরব সময় সকাল ১০টার দিকে তারা দাম্মাম শহরের নিজ বাসায় ফিরছিলেন। পথে আল-কাসিম নামক স্থানে পৌঁছলে পেছন থেকে একটি গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়।এতে তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

মোবারক হোসেনের বাবা শেখ মোহম্মদ আলী বলেন, ‘বড় নাতনি মিমের কানাডা যাওয়ার সব প্রস্তুতি শেষ করেছিল। এর আগে তারা পরিবার নিয়ে ওমরাহ করতে যায়।
আমার ছেলে আর দুই নাতির জীবন শেষ হয়ে গেছে এই দুর্ঘটনায়। আমি আর কী বলব।’

নিহতের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, বুধবার রাতে বড় ভাই মোবারক হোসেন তাদের ফোন করে জানান, তারা পরদিন ওমরাহ করতে যাবেন। বড় ভাইয়ের বড় মেয়ের কানাডা যাওয়ার কথা ছিল আর বাচ্চাদেরও পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় তারা সপরিবারে ওমরায় যাচ্ছেন বলে জানান। এটিই ছিল তাদের সঙ্গে শেষ কথা। এরপর দুর্ঘটনার দুই ঘণ্টা পরে তারা জানতে পারেন গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে তারা মারা গেছেন, এ কথা প্রথমেই জানতে পারেননি।

তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দেশ থেকে নিহতের শ্যালক গেছেন সৌদি আরবে। এ ছাড়া প্রবাসে থাকা দুই ভাই আহত ও নিহতদের কাছে রয়েছেন।

কুমিল্লায় ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে কথা কাটাকাটি, কৃষককে কুপিয়ে হত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে ছাগলে কাঁঠাল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিল্লাল সরকার (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারের পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক বিল্লাল সরকার এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে নিহত বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পাশের বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দুটি ছাগল। বিষয়টি দৃষ্টিগোচর হলে বিল্লালের বড়ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দুটিকে বাড়িতে এনে বেঁধে রাখেন। খবর পেয়ে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগল নিতে এলে উভয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে কালন মিস্ত্রি, তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়িতে হামলা করে। এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিল্লাল সরকার। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুত্র সন্তানের মা হলেন ইলিয়ানা

 

বিনোদন ডেস্কঃ

মা হওয়ার সুখবর দিলেন ‘বরফি’ অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। শনিবার ইলিয়ানা নিজেই নবজাতকের ছবি পোস্ট করে এই সুখবর জানিয়েছেন।

জানা গেছে, ১ আগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। ইলিয়ানা ছেলের নাম রেখেছেন, ‘কোয়া ফিনিক্স ডলান’।

ঘুমিয়ে থাকা সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, ‘আমাদের প্রিয় সন্তানকে পৃথিবীতে স্বাগত আনতে পেরে আমরা কতটা খুশি তা কোনো শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমাদের হৃদয় আজ পূর্ণ।’ ইলিয়ানার পোস্টে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে। এদিকে অন্য অভিনেত্রীদের মতো ইলিয়ানা সদ্যোজাত সন্তানের মুখ লুকিয়েও রাখেননি দেখে খুশি অনুরাগীরা।

অনেকেই ভেবেছিলেন ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা, তিনিই হয়তো তার সন্তানের বাবা। কারণ এর আগে ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে পরে সকলের ভুল ভাঙেন অভিনেত্রী। যদিও তার প্রেমিকের নাম জানা যায়নি।

ইলিয়ানা বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি পরিচিত নাম। দক্ষিণী সিনেমা দিয়েই ক্যারিয়ার শুরু করেন এ অভিনেত্রী। ২০১২ সালে রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘বরফি’ দিয়ে তার বলিউডে আত্মপ্রকাশ হয়। তিনি ‘বাদশাহো’, ‘ম্যায় তেরা হিরো’, ‘রুস্তম’ ও ‘পাগলপান্তি’ সিনেমায় কাজ করেছেন।

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: ২২ যাত্রী নিহত, আহত ৫০

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২২ যাত্রী নিহত ও ৫০ জন আহত হয়েছে। করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে আজ রবিবার এ দুর্ঘটনা ঘটে। হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেসের প্রায় ১০টি বগি লাইনচ্যুত হওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।

কারণ বেশ কয়েকটি ঘটনা শত শত লোকের প্রাণ কেড়ে নিয়েছে এবং আরো অনেককে আহত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

ট্রেন দুর্ঘটনার পর সিন্ধুর অভ্যন্তরীণ জেলাগুলোতে এবং সেখান থেকে ট্রেন চলাচল স্থগিত করা হয়। এতে বড় ধরনের সম্পদের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক কার্যক্রমে ফিরতে ১৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। অন্যদিকে রেলপথগুলো চলাচল উপযোগী করতেও সময় লাগবে। এর আগে লাইনচ্যুত বগিগুলো সরাতে হবে।

আহত যাত্রীদের নবাবশাহ পিপলস মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্রেনটি বিপুলসংখ্যক লোক বহন করায় কর্তৃপক্ষ আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে।

ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ এখনো জানা যায়নি।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ জানিয়েছেন, ট্রেনটির ইকোনমি ক্লাসে ৯৫০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। পাশাপাশি ৭২টি শীতাতপ নিয়ন্ত্রিত স্ট্যান্ডার্ড কোচে ১৭টি বগি রয়েছে। সাংঘার জেলায় করাচি থেকে হাভেলিয়ান যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়।

তিনি আরো জানান, উদ্ধারকাজে ১০ জন স্টেশন হাউস অফিসার, চার জেলার পুলিশ সুপার (ডিএসপি) এবং শতাধিক পুলিশ সদস্য অংশ নিয়েছেন। পুলিশ ট্রেনিং সেন্টারের বিপুলসংখ্যক সদস্যও সেখানে উপস্থিত রয়েছেন।

দেশটির সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরের জারি করা বিশেষ নির্দেশের পর পাকিস্তান সেনাবাহিনীও দুর্ঘটনাস্থলের কার্যক্রমে যোগ দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বগি থেকে যাত্রীদের উদ্ধারের জন্য এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের মতে, দুর্ঘটনার পর আশপাশের হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ফেডারেল রেলওয়ে ও বিমান পরিবহন মন্ত্রী খাজা সাদ রফিক এক সংবাদ সম্মেলনে বলেছেন, কেউ ‘ইচ্ছাকৃতভাবে’ দুর্ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার এটি একটি যান্ত্রিক ত্রুটিও হতে পারে। তিনি বলেন, ‘প্রথমে আমরা ত্রাণ সরবরাহ করব। তারপর তদন্ত করব।’ এ ছাড়া সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ ঘটনাস্থলে পৌঁছেছেন।

প্রসঙ্গত ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে পাকিস্তানের একটি খারাপ রেকর্ড রয়েছে। গত এক দশকে দেশটি বেশ কয়েকটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী হয়েছে।

সূত্র : জিও নিউজ

ভোটচুরির কারণেই খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল: শেখ হাসিনা

 

ডেস্ক রিপোর্টঃ

ওয়ান/ইলেভেন সৃষ্টির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়, যা বাংলাদেশে ‘ওয়ান ইলেভেন’ নামে পরিচিত। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সেদিন বিকেলে জরুরি অবস্থা জারির পর বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়।

তিনি বলেন, বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের কারণেই দেশে ওয়ান ইলেভেন হয়েছিল। খালেদা জিয়া ভোটচোর হিসেবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল।

রোববার (৬ আগস্ট) সকালে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির প্রারম্ভিক বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, ভোটচুরি করলে দেশের মানুষ মেনে নেয় না বলেই খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছে। জনগণই ভোটের মালিক। আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে দেশের মানুষ। আওয়ামী লীগের কোনো প্রভু নেই। জনগণই আওয়ামী লীগের প্রভু। নির্বাচনের বিষয়ে জনগণের প্রতিই আওয়ামী লীগ দায়বদ্ধ।

তিনি বলেন, দেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। বিএনপির হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় মন্তব্য করে তিনি বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান- সবাই খুনি।

২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগ হেরেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় এবং দেশি-বিদেশি নানা চক্রান্তের কারণে ২০০১ সালে ক্ষমতায় আসতে পারেনি আওয়ামী লীগ।

সভায় অর্থনীতিবিদদের কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে এ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেই দারিদ্র্য বিমোচন ১৮ শতাংশের নামিয়ে আনতে সক্ষম হয়েছে। আগে কেন ১৮ শতাংশে দারিদ্র্যের হার আসেনি? আমি অর্থনীতিবিদদের কাছে জিজ্ঞাসা করবো, তারা কোন অংকে এসব করেন? ২০০৯ সালের আগে কি এনজিও ঋণের কারণে দারিদ্র্য বিমোচন হয়েছে? হয়নি। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপেই কর্মমুখী।

২০০৯ সালের আগে দারিদ্র্যতার হার ৪১ শতাংশ ছিল। সেখান থেকে আমরা কমিয়ে ১৮ তে নিয়ে এসেছি। একটি পত্রিকায় অর্থনীতিবিদদের আর্টিকেল পরলাম। তিনি লিখেছেন, বাংলাদেশের দারিদ্র্যতার হার কমেছে— শুধু নাকি দুটি ক্ষুদ্রঋণের প্রতিষ্ঠানের কারণে। সে ভদ্রলোকের নাম আমি বলবো না, আমি জিজ্ঞাসা করতে চাই যে, যদি এনজিওদের ক্ষুদ্রঋণে দারিদ্র্য বিমোচন হয়ে থাকে তাহলে আগে কেন হলো না?

কুমিল্লার বরুড়ায় বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ মোঃ আকরাম নামের এক জালনোট ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার এসআই মোঃ আলী মর্তুজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শনিবার দুপুরে উপজেলার লক্ষীপুর পশ্চিম বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ২ লাখ ৪৫ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়।

আটক হওয়া মোঃ আকরাম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাটের চর ফলকন গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে।

উক্ত ঘটনায় এসআই মোঃ আলী মর্তুজা বাদী হয়ে আটক হওয়া ১ জন ও পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নোয়াখালীতে ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণকে আটক করে পুলিশ।

রোববার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান (৩৩) একই এলাকার মৃত মোস্তফিজুর‌ রহমান চৌকিদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। সে অন্যের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে জীবিকা নির্বাহ করত। গত কিছু দিন আগে মিজান নিজের এলাকা থেকে গিয়ে অন্য এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষ দেওয়া শুরু করে। এ নিয়ে অন্য ট্রাক্টর চালকদের সাথে তার বিরোধ দেখা দেয়। পুলিশ ধারণা করছে ওই বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, মিজান তার বাড়ি সংলগ্ন হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে প্রায় মুঠোফোনে গেম খেলত। গতকাল রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ওই স্কুল এলাকায় গিয়ে মিজানের ওপর হামলা চালায়। এ সময় তারা মিজানের মাথায় তিনটি কোপ দেয় এবং পিঠে একটি কোপ দিয়ে গুরুত্বর জখম করে।

ওসি তদন্ত কাঞ্চন কান্তি দাস আরও বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মো.ইব্রাহীম (২১) নামের এক তরুণকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তৃণমূল নেতারা প্রস্তুত হোন: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। তবে আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেব না। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। আপনারা প্রস্তুত হন।

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বিশেষ বর্ধিত সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, বিশ্ব সংকটের মধ্যেও একজন শেখ হাসিনা সবকিছু শক্ত হাতে মোকাবিলা করে যাচ্ছেন। এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে ভালো অবস্থানে রয়েছে। কিছু দুঃখ আছে। দ্রব্যমূল্য বাড়ছে। আমরা কষ্ট পাচ্ছি। বড় বড় দেশগুলোর জন্য দ্রব্যমূল্য বাড়ছে। তবুও সব সামলিয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা মাথা নত করতে জানেন না বলেও জানান তিনি।

তিনি বলেন, আবার ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে। আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। প্রস্তুত হন, শপথ নিন। শেখ হাসিনা দেখিয়েছেন আমরাই পারি। উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। নিজ দেশের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা দেখিয়েছেন, ইয়েস আমরাই পারি।

উপস্থিত নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিছিল-মিটিংয়ে কিছু লোক দেখলেই ভয় পায়। আমাদের লোক অনেক বেশি। সাধারণ মানুষ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ভয় নেই, শেখ হাসিনা আছে। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব।

এর আগে সকাল সাড়ে ১০টায় ‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ শীর্ষক আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা শুরু হয়। বর্ধিতসভায় প্রায় তিন হাজার নেতা অংশ নিয়েছেন বলে জানা গেছে।