All posts by jitu

মুরাদনগর সাহিত্য পরিষদের অভিষেক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

মুরাদনগর সাহিত্য পরিষদের অভিষেক সাহিত্য আড্ডা ও বই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।

অনুষ্ঠানটির ভেন্যু ছিল কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ, মুরাদনগর।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন কবি ও সংগঠক, মুরাদনগর সাহিত্য পরিষদের সভাপতি এম, এ, আলীম।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন ভূঞা জনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. এম. শাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন, কবি ও মুরাদনগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাঈফ সাদী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, অধ্যাপক ভীম চন্দ্র সানা। বিশেষ অতিথিবৃন্দ হলেন কবি মুনিরুল ইসলাম, প্রকৌশলী এনামুল হক খান, অধ্যাপক ড. মনিরুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে যেসকল কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন, তাঁরা হলেন- কবি শাকিলা ইয়াসমিন, কবি সুপ্রিয়া ভৌমিক, কবি মোঃ রাফি তানভীর, কবি সাইদুল হাসান, কবি বশির আহমেদ, কবি শাহজালাল সরকার, কবি নিমাই দাস, কবি আরিফুল হাসান, কবি মোতাহার হোসেন সরকার, কবি নটরাজ অধিকারী, কবি আব্দুর রহমান, কবি সাবরিনা ইয়াসমিন, কবি হাফেজ নজরুল মাহমুদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কবি শাহজালাল সরকার।

পঠিত কবিতা ও ছড়ার মধ্য থেকে ৬ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে মুরাদনগর সাহিত্য পরিষদকে আনুষ্ঠানিকভাবে সরকারি স্বীকৃতি প্রদানপূর্বক ক্রেষ্ট উপহার দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দীন ভূঞা জনী।

চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে হামলা-ভাংচুর ও লুটপাট, আহত ৫

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘরে হামলা-ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি আলহাজ্ব আইয়ুব আলী সহ অন্যান্য আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আলহাজ¦ আইয়ুব আলী, কেফায়েত উল্লাহ ও প্রতিবেশি জসিম উদ্দিন, জামশেদ আলম এবং আব্দুল মমিন গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জেরে শনিবার সকালে যাত্রাপুর গ্রামের মৃত জাফর আহমেদ এর ছেলে জামশেদ আলমের নেতৃত্বে তার ভাই জসিম উদ্দিন, একই গ্রামের হিরণ মিয়ার ছেলে সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে হানিফ, পাশ^বর্তী অলিপুর গ্রামের ঝাউ মিয়া চৌকিদারের ছেলে ফটিক মিয়া ও মানিক, একই গ্রামের সুমন সহ অজ্ঞাত প্রায় শতাধিক যুবক সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আইয়ুব আলীর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আনিকা এন্টারপ্রাইজ ও তার বাড়ী ঘরে হামলা-ভাংচুর ও লুটপাট করে। এতে বাধা দিলে হামলাকারীদের এলোপাতাড়ি কোপ ও লাঠিসোটার আঘাতে যাত্রাপুর গ্রামের হামিদ আলীর ছেলে রুহুল আমিন (৫৬), মৃত আব্দুর রশিদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৭), ছেরু মিয়ার ছেলে মাহবুবুল হক (৫০), নুরুল ইসলামের ছেলে খলিল মিয়া (৪২) ও শফিকুর রহমানের ছেলে বাহারুল আলম (৪২) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিনগর বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের সকলকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হামলায় আহত ব্যক্তিদেরকে হাসপাতালে নেয়ার পথে সন্ত্রাসীরা আবারো তাদের উপর হামলা চালায় বলে জানিয়েছেন আইয়ুব আলী সহ স্থানীয় লোকজন। ভাংচুরের ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও হামলার সময় সন্ত্রাসীরা আনিকা এন্টারপ্রাইজের ভেতরে থাকা ফ্রিজ, ফ্যান ও বিভিন্ন ইলেকট্রনিকস্ পণ্য সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল এবং দোকানের ক্যাশ থাকা নগদ ৫ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই বিকাশ বড়ুয়া ও জাহিদ হাসান রায়হানের নেতৃত্বে পুলিশের পৃথক দু’টি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ভুক্তভোগিদের পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানা ও আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই বিকাশ বড়ুয়া জানান, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘কাশিনগরের যাত্রাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চৌদ্দগ্রামে ২০ বোতল বিদেশী মদসহ আটক ১

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশী মদ (ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোডকা ও ব্রো কোড ক্রাফট্ সেক্ট) সহ মো: আজাদ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ আগস্ট) রাত ১০টায় চৌদ্দগ্রাম থানার এসআই জাহিদ হাসান রায়হানের নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে নবগ্রাম-মুন্সীরহাট সংযোগ সড়কের নবগ্রাম এলাকা থেকে মো: আজাদকে ২০ বোতল বিদেশী মদ সহ আটক করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার এসআই জাহিদ হাসান রায়হান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মো: আজাদকে ২০ বোতল বিদেশী মদ সহ আটক করা হয়। পরে চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

 

ইউক্রেন ৩ লাখের বেশি সেনা হারিয়েছে

অনলাইন ডেস্ক:

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেন এখন পর্যন্ত তিন লাখের বেশি সেনা সদস্য হারিয়েছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীর সাবেক উপদেষ্টা কর্নেল (অব.) ডগলাস ম্যাকগ্রেগর। একটি ইউটিউব চ্যানেলকে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান বলে খবর প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস।

ডগলাস ম্যাকগ্রেগর বলেন, ‘পশ্চিমাদের কাছ থেকে সহায়তা পাওয়ার পর গত জুনে মস্কোর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে কিয়েভ। এটা জুলাই মাসেও অব্যাহত ছিল। এখন আগস্ট মাস। মনে হচ্ছে এটি সম্পূর্ণরূপে ছড়িয়ে পড়েছে।’

সাবেক মার্কিন এই কর্মকর্তা আরও বলেন, ‘বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর অবস্থা আসলেই ভয়াবহ। তারা মাত্র এক বছর আগে যা ছিল তার তুলনায় বর্তমানে কঙ্কালসারে পরিণত হয়েছে। আমরা মনে করি, ইউক্রেনীয়রা তিন থেকে সাড়ে তিন লাখ সেনা হারিয়েছে। আরও লাখ লাখ সেনা আহত হয়েছে।’

গত জুনে রাশিয়ার দখল করা পূর্ব ও দক্ষিণ অঞ্চল পুনর্দখলে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরুর কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ প্রত্যাশের চেয়ে ধীরে এগিয়েছে বলেও জানান তিনি।

রাশিয়ার দাবি, গত দুই মাসে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযানে ইউক্রেনের ৪৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পাল্টা অভিযান শুরুর পর থেকে (জুন-জুলাই) ৪৩ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। তবে আহত হয়ে ইউক্রেন বা অন্য দেশে হাসপাতালে নেওয়া সেনা, বিদেশি ভাড়াটে সেনা ও দূর থেকে চালানো হামলায় নিহত সেনাদের হিসাব তাদের কাছে নেই।

এ ছাড়া গত জুন ও জুলাই মাসে যুক্তরাষ্ট্রে তৈরি ৭৬টি এম৭৭৭ কামান ব্যবস্থা হারিয়েছে কিয়েভ। ইউক্রেন বাহিনীর সাঁজোয়া যান, ট্যাংকসহ ৪ হাজার ৯০০টি সামরিক যান ধ্বংস হয়েছে। এ ছাড়া ইউক্রেনের সামরিক স্থাপনাসহ আরও অনেক সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে।

এইচএসসির প্রবেশপত্র বিতরণে নতুন ঘোষণা শিক্ষা বোর্ডের

অনলাইন ডেস্ক:

চলতি বছরে এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে। আগামী ৯ ও ১০ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর আগে ৮ ও ৯ আগস্ট প্রবেশপত্র বিতরণের কথা ছিল। সম্প্রতি বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বোর্ডের কর্মকর্তারা বলছেন, আগামী ৮ আগস্ট এইচএসসি বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। সে কারণে প্রবেশপত্র বিতরণ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ৯ আগস্ট টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রগুলো পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ১০ আগস্ট ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের প্রবেশপত্র অফিস সময়ে বোর্ড থেকে সংগ্রহ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র নেয়ার ক্ষমতা দেয়া যাবে না। কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে তার আবেদন পত্রে পরিচালনা পর্ষদের সভাপতি বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।

প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের উচ্চমাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে বলা হয়েছে।

বোর্ড আরো জানিয়েছে, প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন।

রাজনীতিতে ভয়ংকর বিষফোড়া বিএনপি : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ভয়ংকর এক বিষফোড়া হচ্ছে বিএনপি। এই বিষফোড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে। কারণ এসবের মূলহোতা বিএনপি।

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। গুগলি তো করেছেন, বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

তিনি আরও বলেন, আজ শহীদ শেখ কামালের জন্মদিন। মানুষের জন্মদিন কতই আনন্দের, কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায় ট্র্যাজেডির। আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে।

পঁচাত্তর থেকে তিন নভেম্বর ও একুশে আগস্টের হত্যা খুনের মাস্টারমাইন্ড একটি পরিবার—এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘হত্যা, খুনের মাস্টারমাইন্ড জিয়া পরিবার। পঁচাত্তর তাদেরই সৃষ্টি। এর মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। ৩ নভেম্বরের হোতাও তিনি।’

তিনি বলেন, একুশে আগস্টের মাস্টারমাইন্ড তার ছেলে তারেক রহমান। মূলত এই পরিবার বাংলাদেশের রাজনীতিতে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

এর আগে সকাল পৌনে ৯টায় নেতাদের নিয়ে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান ওবায়দুল কাদের। দলটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

পরে যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

উইলিয়ামসনের ফেরা নিয়ে কী বলছেন কোচ?

অনলাইন ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবশেষ আসরের উদ্বোধনী ম্যাচে চোট পেয়ে সতীর্থ ক্রিকেটারের কাঁধে ভর করে মাঠ ছেড়েছিলেন কেন উইলিয়ামসন। দানা বেধেছিল দুঃস্বপ্ন! বিশ্বকাপটাও তখন অনিশ্চিত হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটারের। তবে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন তিনি, নিয়মিত নেট সেশনে অংশ নিচ্ছেন। হালকা ব্যাটিং আর দৌড়াদৌড়ি করতেও দেখা গিয়েছে টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটারকে। ধারণা করা হচ্ছে, আরও কিছুটা সময় পেলে হয়ত পুরোদস্তুর ফিট হয়ে উঠবেন তিনি।

যদিও তার বর্তমান শারীরিক অবস্থা ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট এমনটা মানতে নারাজ দলের কোচ গ্যারি স্টিড। অন্তত উইলিয়ামসন ‘আন্তর্জাতিক ক্রিকেটে যে মানের পারফর্ম করে, তা করার মত উপযুক্ত অবস্থানে নেই’ বলে মনে করেন কিউই কোচ।
বিশ্বকাপকে সামনে রেখে মাউন্ড মঙ্গানুইয়ের বে ওভালে ক্যাম্প করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেখানেই কথা বলেছেন কোচ গ্যারি স্টিড, ‘ব্যাট হাতে ওকে দেখতে পাওয়া কিংবা বল হিট করতে দেখা সত্যিই অসাধারণ। যদিও সে এখনই আন্তর্জাতিক পর্যায়ে খেলার মত ফিট না। তবে, সে দ্রুত সেরে উঠার পথে রয়েছে।’

চলতি বছর আইপিএলে গুজরাট টাইটান্সের জার্সিতে প্রথম ম্যাচ খেলার সময়েই এসিএল ইনজুরিতে আক্রান্ত হন উইলিয়ামসন। এরপরেই তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দেয়। যদিও এপ্রিলে সার্জারির পর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক।

রাশিয়া সত্যিই কি পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে যাবে ?

অনলাইন ডেস্ক:

কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছে রাশিয়া। দেশটির সরকারের কোনও কোনও কর্মকর্তা এ ব্যাপারে মস্কোকে পরামর্শ দিচ্ছেন, যাতে সরকার এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।

সিটিবিটি চুক্তির আওতায় আন্তর্জাতিক অঙ্গনের সমস্ত পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে। তবে ১৯৯৬ সালে সই হওয়া এই চুক্তি কখনও কার্যকর হয়নি কারণ, আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশের সরকার এই চুক্তিকে কখনও অনুমোদন দেয়নি।
রাশিয়ার দৈনিক কোমেরসান্ত পত্রিকা বলছে, এই চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়া অনেকটা প্রতীকী হবে। এর মধ্য দিয়ে সিটিবিটি চুক্তির প্রশ্নে রাশিয়া ও আমেরিকার অবস্থান একই হবে। এ ব্যাপারে আলোচনা এখনও খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে।

সিটিবিটি চুক্তি মাটির নিচে ছাড়া সব ধরনের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করেছে। এ বিষয়টি গণমাধ্যমকে স্মরণ করিয়ে দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার বলেন, ১৯৯৬ সালে এই চুক্তি সইয়ের মধ্য দিয়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করার যে চেষ্টা চালানো হয়েছে তা ব্যর্থ হয়েছে। এজন্য তিনি আমেরিকার ধ্বংসাত্মক এবং দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডকে দায়ী করেন।

সূত্র: তাস

রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে: বিএনপি মহাসচিব

অনলাইন ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক ও বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের একজন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, ভাষাবিজ্ঞানী, দার্শনিক, সংগীত রচয়িতা ও সুরকার। কবি রবীন্দ্রনাথ শুধু কবিই ছিলেন না, ছিলেন সমাজ, রাজনীতি ও সামাজিক সম্প্রীতির অক্লান্ত ভাষ্যকার যা তিনি সাহিত্য ও কর্ম জীবনের শুরু থেকে আমৃত্যু করে গেছেন।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বানীতে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, রবীন্দ্রনাথের রচনায় একই সঙ্গে সমাজ চেতনা ও মানব প্রেমের শ্বাশত বাণী বিধৃত হয়েছে, আবার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহবান তাঁর সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য।

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে চিরকাল মানবপ্রেম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।

ভিপি নুরের ওপর হামলায় জামায়াতের নিন্দা প্রকাশ

অনলাইন ডেস্ক:

গত বুধবার গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম আজ শুক্রবার (৪ আগস্ট) এক বিবৃতিতে বলেন, গত ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর সুপরিকল্পিভাবে হামলা করা হয়েছে। আমরা এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, বিরোধীমতের রাজনৈতিক নেতাদের ওপর হামলা-মামলা ও সভা-সমাবেশে বাধা প্রদান বর্তমান ক্ষমতাসীন সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। এগুলো সম্পূর্ণ অগণতান্ত্রিক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। অবিলম্বে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

গত বুধবার (২ আগস্ট) ছাত্র অধিকার পরিষদের এক কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে টিএসসি যান নুর। এ সময় তাদের মিছিলে বাধা, তর্কাতর্কিতে জড়িয়ে একপর্যায়ে তাদের মারধর করেন একদল ছাত্রলীগ নেতাকর্মী। এ সময় নুরকে রিকশায় তুলে হাসপাতাল নেওয়ার সময়ও কয়েকজন তাকে দৌড়ে মারতে যান। এ সময় ২৫ থেকে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।