All posts by jitu

আজ গাবতলীতে মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক:

রাজধানীর গাবতলীতে আজ বিকেলে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকেল ৪টায় গাবতলী বাস টার্মিনালের কাছে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সামাদ্দার বাপ্পি বলেন, এখন প্রতিদিনই আমাদের কর্মসূচি থাকবে, আজও আছে।

এর আগে গতকাল (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়।

নোয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে কিশোরী প্রেমিকা।

সোমবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মালেক মিস্ত্রি বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাত মাস আগে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আকাশের (১৯) সাথে একই ইউনিয়নর ৭নম্বর ওয়ার্ডের কিশোরীর (১৮) মুঠোফোনে আলাপের জের ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে প্রেমিক আকাশ তাকে বিয়ে করবে বলে আশ্বাস দেয় এবং স্বর্ণ নিয়ে বাবার বাড়ি থেকে চলে আসতে বলে। সোমবার সকালে প্রেমিক আকাশের সাথে যোগাযোগ করে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়ে আসে। কিন্ত প্রেমিক মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেয়। প্রেমিকের মুঠোফোন বন্ধ পেয়ে ওই কিশোরী দুপুরের দিকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.জেড.এম. মহিউদ্দিন সোহাগ বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে ভুক্তভোগী কোনো পরিবার আমার কাছে অভিযোগ করেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ‍্যের প্রতিবাদে নাঙ্গলকোট ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

 

নাঙ্গলকোট সংবাদদাতাঃ

বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ‍্য, অরাজকতা ও সহিংস ঘটনার প্রতিবাদে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীর অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে পৌর সদরের লোটাস চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন শিমুল।

এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণত সম্পাদক সাহাবউদ্দিন, হেসাখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম খন্দকার, মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আকিল মাহমুদ প্রমুখসহ উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এত ক্ষুধা রাজনৈতিক নেতার? – ওবায়দুল কাদের

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর ধোলাইখালে প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের মারধরের শিকার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ওইদিন মারধরের পর তাকে গাড়িতে তুলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে তুলে নিয়ে যায় আইনশৃংখলা বাহিনী। সেখানে গিয়ে গয়েশ্বর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদের আপ্যায়ন গ্রহণ করেন। পরে আপ্যায়নের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আপ্যায়ন করে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গয়েশ্বর রায়। বলেছেন, এটি নিম্ন রুচির পরিচয়।

গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে গয়েশ্বরকে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ায় দোষের কিছু দেখছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার ভাষায়, গোয়েন্দাদের কাজই এরকম।

তিনি উল্টো গয়েশ্বরকে প্রশ্ন রেখে বলেন, গয়েশ্বর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে ‘কেন খেলেন’।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমবার তিনি বলেন, ‘উনি কেন খাইলেন এটা জিজ্ঞেস করেন। এত ক্ষুধা রাজনৈতিক নেতার? কিসের রাজনৈতিক? তিন দিনও খাইনি আমরা একসাথে।’

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে এক দফার আন্দোলনে নামা বিএনপি গত শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থানের কর্মসূচি দিয়েছিল।

নয়া বাজারে সেই কর্মসূচি পালনে নেতৃত্ব দেওয়ার কথা ছিল গয়েশ্বর রায়ের। পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের বাধায় নয়া বাজারে দাঁড়াতে না পারার পর ধোলাইখালে তারা সড়কে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে আহত অবস্থায় গয়েশ্বরকে তুলে নিয়ে যায় পুলিশ। চার ঘণ্টা পর তাকে নয়াপল্টনে দিয়ে আসে পুলিশ।

এর মধ্যেই ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর রশীদের সঙ্গে গয়েশ্বরের মধ্যাহ্ন ভোজের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
এ বিষয়ৈ গয়েশ্বর বলেন, ‘ডিবি প্রধানের (অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ) অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং সৌজন্যতা রক্ষায় হারুনের জন্য বাসা থেকে নিয়ে আসা খাবার থেকে ভাতসহ হালকা সবজি ও রুই মাছের একটি টুকরা গ্রহণ করি।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘ডিবি প্রধান আমাকে অনুরোধ করেছেন, রুই মাছটি তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে। আর যেহেতু ডিবি প্রধান নিজেই খাবারটি খাচ্ছেন, তখন আমার মনে হলো, এটা যদি গ্রহণ করি, তাহলে সমস্যা হবে না।’ তখনকার পরিস্থিতিতে খাবার না খেয়ে উপায় ছিল না জানিয়ে তিনি বলেন, ডিবি অফিস বিষ দিলে বিষও খেতে হয়।

ছবি ছড়িয়ে দেওয়ার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা এ কাজটি করেছে, এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক। এক ধরনের তামাশাপূর্ণ নাটক। এতে কি সরকার প্রমাণ করতে চায় যে, আমরা হা-ভাতে? ভিক্ষা করে খাই? গ্রামের ভাষায় বলা হয় ‘খাইয়ে খোঁটা দেওয়া।’ডিবি অফিসে আমার সঙ্গে যা করা হলো তা ওই রকমই। আমার বাড়িতে তো বিভিন্ন সময় অনেক লোক খায়। এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। কিন্তু এই খাবারের ছবি উঠিয়ে কি আমি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেব? এটা কি আমার জন্য ভালো হবে।’

ঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধ: ভাগিনার ধাক্কায় বুকে রড ঢুকে মামার মৃত্যু

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে বিরোধপূর্ণ জায়গায় নতুন ঘর নির্মাণকে কেন্দ্র করে মারামারিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে।

নিহত আব্দুল কাদের (৬৫) উপজেলার দক্ষিণ মোহাম্মদুপর গ্রামের খাল পাড় এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে।

সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের খাল পাড় এলাকার আব্দুর রশীদের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের খাল পাড় এলাকার মৃত নুরুল হকের ছেলে মো.মমিনুল হক লিটন (৪০) ও তার ছেলে এবায়দুল হক আকাশ (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের খাল পাড় এলাকার আব্দুর রশীদের নতুন বাড়ির নিহত আব্দুল কাদেরের পরিবারের সাথে জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ ছিল একই বাড়ির তার দূর সম্পর্কের ভাগিনা লিটনের পরিবারের সাথে। সোমবার সকাল ৮টার দিকে ওই বিরোধপূর্ণ জায়গায় নতুন একটি ঘর নির্মাণ কাজ শুরু করে লিটন। এতে বাধা দেয় তার মামা বৃদ্ধ আব্দুল কাদের। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে তারা দুই পক্ষ মারামারিতে জড়িতে পড়ে। মারামারি এক পর্যায়ে ভাগিনা লিটন ও তার ছেলে আকাশের ধাক্কায় বৃদ্ধ আব্দুল কাদের পড়ে গিয়ে তার বুকে রড ঢুকে যায়। এতে সে গুরুত্বর আহত হয়। পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ২জনকে আটক করেছে। নিহতের মরদেহ ফেনীর একটি হাসপাতালে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রামে প্রবাসীদের নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময়

 

ষ্টাফ রিপোর্টার :
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার “সোশ্যাল ইসলামী ব্যাংক রাজাপুর বাজার আউটলেট” র উদ্যোগে সম্প্রতি ছুটিতে আসা প্রবাসী সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোশ্যাল ইসলামী ব্যাংক রাজাপুর বাজার আউটলেট এজেন্ট ওনার সাংবাদিক হাসান মুহাঃ জহির’র পরিচালনায় সোমবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বগৈড় মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হায়াতুন্নবী।

দুবাইয়ের প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আবুল বশার মিয়াজি’র সভাপতিত্বে মানবজীবনে ইসলামি ব্যাংকিং এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন রাজাপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ আব্দুর রহিম।

বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, এসআইবিএল নাউ অ্যাপের মাধ্যমে ই- অ্যাকাউন্ট খোলা ও লেনদেন করা, প্রবাসীদের জন্য বিনিয়োগ সুবিধা সহ নানা ব্যাংকিং সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছুটিতে আসা প্রবাসীদের সামনে উপস্থাপন করেন সোশ্যাল ইসলামী ব্যাংক মুন্সিরহাট শাখার জেনারেল ব্যাংকিং ইনচার্জ মোঃ সাইফুল আলম ও এ্যাসিট্যান্ট অফিসার মোঃ বাকী বিল্লাহ চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্য আরও বক্তব্য রাখেন বিশিষ্ট প্রবাসী মোঃ শাহ জাহান, মোঃ শাহাদৎ হোসেন, মোঃ মনিরুজ্জামান, মোঃ আবুল কাশেম মোল্লা, অবঃ সেনা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন দুলাল ও মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী মোঃ কবির হোসেন, ওমান প্রবাসী মোঃ আব্দুর রশিদ, মোঃ গিয়াস উদ্দিন, শরিফ আহম্মেদ, সজিব, জবায়ের আহম্মেদ, বিল্লাল হোসেন, মোঃ সুমন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ কামাল হোসেন, মাওঃ আবু ইউসুফ, মাওঃ আব্বাস উদ্দিন প্রমূখ।

কোলকাতায় আবৃত্তি-সংগীত সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:
কোলকাতার রবীন্দ্র তীর্থ হলে আবৃত্তি, রবীন্দ্র সংগীত এবং গুণীজন সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।

কোলকাতা নিউ টাউন রবীন্দ্র তীর্থ মিলনায়তনে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কুমিল্লার সন্তান বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও বাচিক শিল্পী ড. আলী হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বাচিক শিল্পী সোমেশ নাথ, মধুছন্দা ভট্রাচার্য, রবীন্দ্র সংগীত শিল্পী ইন্দ্রানী ভট্রাচার্য, গৌতম মিত্র, কবি ও বাচিক শিল্পী আলী হোসেন চৌধুরীসহ (বাংলাদেশ) ৮ জনকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক শংকর লাল ভট্রাচার্য। এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী শেলী বিশ্বাস ভট্রাচার্য ও শুভ্র কান্তি বিশ্বাস।

মুরাদনগরে পিকআপ বোঝাই গাজাঁসহ চালক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩৫ কেজি গাজাঁ বোঝাই পিকআপ গাড়ীসহ চালককে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বিষ্ণপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সসর সামনে থেকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত গাড়ি চালক মনির হোসেন (৩৬) বি-বাড়িয়া জেলার কসবা থানার নোয়াপাড়া গ্রামের আব্দরি রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা হইতে চাপিতলা-বিষ্ণপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই ওবায়দুলের নেতৃত্বে এক দল পুলিশ চাপিতলা-বিষ্ণপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সস’র সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় নীল হলুদ রং এর (চট্ট-মেট্টো- নং ১১-২৫২৪) নাম্বারেরগাড়িটি তল্লাশী চালিয়ে ৩৫ কেজি গাজাঁ উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (গ)/৪১/৩৮ একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রেমিকের অন্যত্র বিয়ের খবরে প্রেমিকার আত্মহত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

প্রবাসী প্রেমিক অন্যত্র বিয়ে করেছেন- এ সংবাদে হতাশ হয়ে প্রেমিকা স্বর্ণালী আক্তার (১৮) নামে এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ওই মেয়েটির নানার বাড়ি।

স্বর্ণালী আক্তার একই উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের মৃত আক্তার হোসেনের মেয়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

মৃতের মামা নাজমুল হুদা বুলবুল জানান, ২ বছর পূর্বে বাবা মারা যাওয়ার পর স্বর্ণালী তার মায়ের সঙ্গে আমাদের বাড়িতে থেকে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে পড়াশোনা করত। সে এ বছরের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষার জন্য সব প্রস্তুতিও নিয়েছে সে।

স্বর্ণালীর কলেজের সহপাঠী রুনা, তাসলিমা আক্তারসহ কয়েকজন বলেন, সৌদি আরব প্রবাসী আহ্সান সজীব নামে এক যুবকের সঙ্গে স্বর্ণালীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কয়েক দিন পূর্বে স্বর্ণালী মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে তার প্রেমিক আহ্সান সজীব তাকে বিয়ে করবে না। তিনি অন্যত্র বিয়ে করেছেন। এতে প্রেমিক-প্রেমিকার বিরোধ সৃষ্টি হয়। হতাশাগ্রস্ত হয়ে রোববার দুপুরে কলেজ থেকে তার নানার বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে।

ঢাকায় হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির জনসমাবেশ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালনকালে দলীয় নেতাকর্মিদের ওপর হামলা–নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে জনসমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নেতাকর্মিদের ওপর হামলা ও সরকারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই জেলার ৯টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মিরা জনসমাবেশে জড়ো হয়। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে হাসনা মওদুদ অনুসারী বিপুলসংখ্যক নেতাকর্মি এই জনসমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, নির্দলীয় সরকার ছাড়া শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। টেকনাফ থেকে তেতুলিয়া এক দফা এক দাফি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। সমাবেশে বক্তরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বহার হিরণ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান রিপন, নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ নাছের, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমূখ।

এ সময় জেলা শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব উপস্থিত ছিলেন।