All posts by jitu

কুবিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশে উচ্চ শিক্ষার সমস্যা এবং সম্ভাবনা বিষয়ক আলোচনা সভা

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশে উচ্চশিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আইকিউএসির
(ইনস্টিটিউটশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল) উদ্যোগে বিভিন্ন বিভগের শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো.আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ”বর্তমান চতুর্থ শিল্প বিপ্লব চলছে। সামনে অনেক চ্যালেঞ্জ ও সম্ভাবনা উভয়ই রয়েছে। এসব চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে শিক্ষা ক্ষেত্রে কাজে লাগিয়ে শিক্ষা ক্ষেত্রকে আধুনিক করতে হবে।”

এছাড়াও কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মর্তুজা তালুকদার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা নিরসনে ঐক্যবদ্ধ আ’লীগ-বিএনপি- জাপা’র তরুণ রাজনীতিবিদরা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর জলবদ্ধতার নিরসন ও অপরিকল্পিত নগরীকে নতুন আঙ্গিকে সাজাতে চায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠন। এ সংগঠনটি জলাবদ্ধতা নিরসনের জন্য দীর্ঘ দু’ মাস নগরীতে কাজ করে যাচ্ছে। এতে তারা তেমন সুফল না পেলেও নগরীকে সাজাতে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের নিকট দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কিছু প্রস্তাব হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  নগরীতে কিছু চলমান কাজের কথা গুলো উল্লেখ করে পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তিন  রাজনৈতিক ফেলো মহানগর মহিলা দলের সহ-সভাপতি সুমাইয়া বিনতে হোসাইনি, মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক উম্মে সালমা লিজা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুহানা আক্তার পুষ্পা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লার অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক  বদরুল হুদা জেনু ।

প্রশ্নোত্তর পর্বে কথা বলেন কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরান, নাগরিক টিভি কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাঈদ, এখন টিভির কুমিল্লা ব্যাুরো খালেদ সাইফুল্লাহ,  বাংলাদেশ প্রতিদিনের  প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আবুল বাশার, মাস্টার ট্রেইনার জোৎসনা, রাশেদা আক্তার, কুমিল্লা মহানগর বিএনপি নেতা  রেজাউল হক আঁখি, কুমিল্লা মহানগর মহিলা লীগের নেত্রী তাহমিনা আক্তার, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহিলা কাউন্সিলর নেহারা বেগম।

বক্তারা বলেন, নগরীতে যে যে মেয়র এসেছে তারা নগরীর যানজট, জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা আদৌ বাস্তবায়নের রুপ নেয়নি। বর্তমান মেয়র আরফানুল হক রিফাত নির্বাচনের পূর্বে ১ বছরে যানজট ও জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দিলেও আজ ১ বছর ৪ দিন অতিক্রম করেছে। এখনো যানজট ও জলাবদ্ধতা দূর হয়নি। কবে নগরীতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গুলো বাস্তবায়ন হবে।

বক্তব্যে আরও বলেন, এখনই এই জলাবদ্ধতার মেগাপ্রকল্পের মাধ্যমে আদো স্থায়ীভাবে এবং দীর্ঘমেয়াদীভাবে সমস্যা সমাধান হবে কিনা তাও খতিয়ে দেখা উচিত। খাল-ড্রেনগুলিতে ময়লা-আবর্জনা, পলিথিনে ব্যাগ না ফেলা, ইত্যাদির বিষয়ে নাগরিক সচেতনতার জন্য সরকারীভাবে এবং স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগ নিতে হবে।

স্থানীয় প্রতিনিধিদের দায়িত্ব দিতে হবে জনগণকে এসব বিষয় নিয়ে সচেতন করা। এইভাবে জনগণের সম্পৃক্ততার মাধ্যমে গণ- সচেতনতার মাধ্যমে নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং উন্নত মানের ভবিষৎ নাগরিক সৃষ্টির জন্য আমরা উৎসাহিত করতে পারবো। তাহলে আমাদের কুমিল্লা নগর হতে পারবে বিশ্বমানের। কুমিল্লার নব নির্বাচিত মেয়র সাহেব এবং এমপিরা এই ব্যাপারে উদ্যোগ নিলে কোন বাঁধা থাকবে না বলে আমাদের মনে হয়। সিটি কর্পোরেশন সকল ড্রেন, খাল ও কালভার্ট এর নিয়মিত সংস্কার ওপরিষ্কার করা নিশ্চিত করতে হবে।

কুমিল্লার আমরাতলী ইউনিয়নে ৫২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা সদরে ৫২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন টহল ডিউটি করাকালে আমড়াতলী ইউনিয়নের আমড়াতলী বাজারগামী রাস্তার কালভার্টের পশ্চিম মাথায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা সদরের আমড়াতলী ইউনিয়নের মৃত চান মিয়ার ছেলে মো: আবুল হোসেন(৫৫) ও শহীদ মিয়া ওরফে প্রান বন্ধুর ছেলে মোহাম্মদ সুমন মিয়া (২৪)।

উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখিত ১নং আসামী মোঃ আবুল হোসেন এর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা এবং ২নং আসামী মোঃ সুমন মিয়ার বিরুদ্ধে পূর্বের ৫টি মাদক মামলা বিচারাধীন আছে।

সেন্টমার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে কি ক্ষমতায় আসতে চায় বিএনপি: প্রশ্ন প্রধানমন্ত্রীর

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের ছোট প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বিক্রি করে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল কীভাবে? তখন তো গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে? নাকি সেন্টমার্টিন দ্বীপ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়? আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এই দেশের কোনও সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় আসতে পারতাম। আর এখন যদি বলি সেন্টমার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারও কাছে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনও অসুবিধা নাই। কিন্তু আমার দ্বারা সেটা হবে না।

বুধবার (২১ জুন) বেলা সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে করা সংবাদ সম্মেলন এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠ করার পরে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনও জায়গায় কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে—এই ধরনের কাজ আমরা হতে দেবো না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি।’

স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, আদালতে ২ যুবকের দায় স্বীকার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গৃহবধূ (১৮) গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২ যুবক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (২১ জুন) বিকেলের দিকে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.এমদাদ হোসেনের আদালতে আসামিরা দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক প্রদান করে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে স্বীকারোক্তি দেয়া আসামিরা হলেন, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের একরামুল হকের ছেলে রিয়াদ (৩০) ও মুছাপুর ক্লোজারের রেগুলেটর মোড়ের আলা উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (২৮)। তবে এ মামলার প্রধান আসামি মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের নুর নবীর ছেলে জাহাঙ্গীর (৩৫) এখনও পলাতক রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ্ আলম। তিনি বলেন,বুধবার বিকেলে পুলিশ গণধর্ষণ মামলার ২ আসামি ১৬৪ ধারায় স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতে চাইলে তাদের নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.এমদাদ হোসেনের আদালতে হাজির করলে তিনি তাদের জবানবন্দি রেকর্ড করেন।

জানা যায়, মঙ্গলবার ২০ জুন রাত ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গৃহবধূ (১৮) গণধর্ষণের ঘটনার ৬ দিন পর ২ ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে মা-বাবা। খবর পেয়ে পুলিশ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মৌলভী বাজার থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গত রোববার ১৮ জুন এ ঘটনায় তিনজনকে আসামি করে ভুক্তভোগীর স্বামী মামলা দায়ের করেছেন। এর আগে,বুধবার ১৪ জুন বেলা ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পর্যটন এলাকা মুছাপুর স্লুইচ গেইটের পূর্ব পার্শ্বের বাগানে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত বুধবার ১৪জুন বেলা সাড়ে ১০টার দিকে গৃহবধূ (১৮) তার স্বামীর সাথে নোয়াখালীর সদর উপজেলা থেকে মোটরসাইকেল যোগে কোম্পানীগঞ্জের মুছাপুর স্লুইচ গেইট এলাকায় ঘুরতে আসে। সুইজ গেইট পার হয়ে পূর্বদিকে বাগানের পার্শ্বে রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলার সময় আসামি জাহাঙ্গীর, রিয়াদ ও জালাল উদ্দিন হাতে ছুরি ও লাঠিসোটা নিয়া ঘটনাস্থলে ভিকটিম ও তার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিতে থাকে। একপর্যায়ে তিন আসামি ভিকটিমের স্বামীকে গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে তার স্ত্রীকে বাগানে নিয়ে গণধর্ষণ করে। অপর আসামি জালাল উদ্দিন তখন ভিকটিমের স্বামীকে পাহারা দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন দলের কতিপয় নেতাদের ছত্রছায়ায় মুছাপুর ক্লোজার এলাকায় স্থানীয় জলদস্যু বাহিনী বালু উত্তোলন,খাস জায়গা দখল,ঘুরতে যাওয়া নারীদের ধর্ষণের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তবে স্থানীয় প্রশাসনের ব্যর্থতায় এগুলো কোন ভাবেই বন্ধ হচ্ছে না। এর আগেও একাধিক ঘুরতে নারী মুছারপুর ক্লোজারে ধর্ষণের শিকার হয় বলে জানা যায়। তবে মান সম্মানের ভয়ে কেউ এসব ঘটনায় মুখ খুলতে চায়না।

কুবিতে দুর্নীতি বিরোধী অভিযান- ২০২৩ উপলক্ষে র‍্যালি

চাঁদনী আক্তার, কুবিঃ

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে দুর্নীতি বিরোধী অভিযান- ২০২৩ উপলক্ষে এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটক হয়ে শিক্ষকদের ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।

র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির, ট্রেজারার অধ্যাপক মো. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী,
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, হল প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, নীতি এবং নৈতিকতা বহির্ভূত যেকোন কাজই হলো দুর্নীতি । সারা বছর ধরে চলমান দুর্নীতি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই দুর্নীতি বিরোধী র‍্যালি। এই র‍্যালির উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, শুধুমাত্র আর্থিক লেনদেন দুর্নীতির পরিচায়ক নয়। বরং প্রতিটি নাগরিক তার অর্পিত দায়িত্ব যথাযথ পালন না করাও দুর্নীতির অংশ। কাজেই সকলের উচিত পরিপূর্ণভাবে দুর্নীতিকে প্রতিরোধ করা।

স্কুলছাত্রী অদিতা হত্যা, গৃহশিক্ষক রনির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে চাঞ্চল্যকর অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় তার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনির (৩০) বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুরও নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিমের আদালত তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। এ সময় মামলার একমাত্র আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মামুনুর রশীদ লাভলু জানান,স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার একমাত্র অভিযুক্ত সাবেক গৃহশিক্ষক রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ২ জুলাই মামলার প্রধান সাক্ষী ও বাদী নিহত অদিতার মায়ের সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করা হয়। আসামিপক্ষ মামলাটির অব্যাহতি চাইলে আদালত তা নামঞ্জুর করে।

এর আগে, হত্যাকাণ্ডের প্রায় সাত মাসের মাথায় গত সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় কোর্ট পুলিশের কাছে অভিযোগপত্র হস্তান্তর করেন মামলার তদন্ত কর্মকর্তা চৌধুরী প্রমোজ।

উল্লেখ্য,উল্লেখ্য, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুরে নিজ বাসায় খুন হন নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ গিয়ে দেখে, মরদেহ অর্ধনগ্ন, গলা ও দুই হাতের রগ কাটা অবস্থায় বিছানায় পড়ে ছিল। ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ তাৎক্ষণিক অদিতার প্রাইভেট শিক্ষক আব্দুর রহিম রনিসহ তিন জনকে আটক করে। এ ঘটনায় নিহত অদিতার মা রাজিয়া সুলতানা বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পরে ২৪ সেপ্টেম্বর হত্যার দায় স্বীকার করে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এমদাদ আলীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রনি।

জবানবন্দিতে রনি জানান, ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার সময় রনি অদিতার বাসায় যায়। এরপর গল্পের এক পর্যায়ে অদিতাকে হেনস্তা করার চেষ্টা করে। তখন আদিতা রনির ঘাড় ও গলায় আঁচড় দেয়। এরপর রনি ওড়না দিয়ে অদিতার হাত বেঁধে ধর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় অদিতা ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে রনি তাকে বালিশচাপা দিয়ে হত্যা করে। ঘটনার মোড় ঘোরাতে রনি ঘরে থাকা ছুরি দিয়ে অদিতার হাত ও গলা কেটে দেয়। একই সঙ্গে ঘরে আলমিরাতে থাকা মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রাখে।

মুরাদনগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন: সেবা পেলেন প্রায় ২ হাজার মানুষ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩৫ ফিল্ড হাসপাতালের উদ্যোগে প্রায় ২ হাজার স্থানীয় অসহায় ও দুস্থ মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়েছে ।

বুধবার সকাল ৯ টা থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়।

বাংলাদেশ কুমিল্লা সেনাবাহিনীর মেডিকেল সার্ভিসের সহকারি পরিচালক কর্নেল আব্দুল হামিদ জানান, মাননীয় সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ এর বহিরাঙ্গণ অনুশীলনে, কুমিল্লা সেনানিবাসের সম্মানিত জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান স্যারের সরাসরি তত্ত্বাবধানে মুরাদনগরের বাখরনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলছে। ৩৫ ফিল্ড হাসপাতালের অধিনায়ক লেঃ কর্নেল ওয়াহিদা রহমান এবং তার অধিনস্থ অত্যন্ত সুদক্ষ এবং অভিজ্ঞ সকল মেডিকেল টিম এর পরিচালনায় পূর্বের ন্যায় আজও এখানে আনুমানিক ২ হাজার রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগ নির্নয়ের জন্য একটি রক্ত পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি সকল আগ্রহী মানুষের জন্য বিশেষ করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আরো একটি রক্তের গ্রুপ নির্ণয় কেন্দ্র সংযোজন করা হয়েছে। উল্লেখ্য, রক্ত পরীক্ষা শেষে সকল পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট যথাযথ রোগীর কাছে বিনামূল্যে হস্তান্তর করা হবে। গ্রাম বাংলার দুঃস্থ অসহায় পীড়িত মানুষের দ্বারপ্রান্তে দাড়িয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে তাদেরকে পীড়ামুক্ত সুস্থ্য সবল এবং সক্ষম নাগরিক হতে পুনর্বাসনে সহায়ক ভূমিকা পালন করে জাতির উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে, সহযোগিতা করাই আমাদের অন্যতম লক্ষ্য।

৩৫ ফিল্ড হাসপাতালের অধিনায়ক লেঃ কর্নেল ওয়াহিদা রহমান জানান, এখানে আসা বেশিরভাগই মেডিসিন রোগী, চর্ম রোগী ও অর্থপেডিক ও ডায়াবেটিকস রোগে আক্রান্ত। কিছু শিশু রোগীও আমরা পেয়েছি। আমরা অতীত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অবগত হয়ে এসব রোগের পর্যাপ্ত মেডিসিনও নিয়ে আসছি, যা রোগীদের মাঝে সরবরাহ করছি।

এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবায় আরো অংশগ্রহণ করেছেন মেজর ওয়াসিম, মেজর রেজওয়ানা, মেজর শাহাদাত, ক্যাপ্টেন স্নিগধা, ক্যাপ্টেন তিতলি প্রমূখ।