All posts by jitu

দেশকে গণতান্ত্রিক, অর্থনৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে চাই: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

গণতান্ত্রিক, অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।

দীর্ঘ ১৭ বছর পর বেলা পৌঁনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তাঁকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে।

ঢাকায় অবতরণের আগে বিমানটি সিলেটে অবতরণ করেছিল। দেশে ফেরার সময় তারেক রহমানের সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বিমানবন্দর থেকে তারেক রহমান যান জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। হাসপাতাল থেকে যাবেন গুলশান-২ নম্বরের বাসভবনে।

এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।

কোন রকম তদন্ত ছাড়া সদর দক্ষিণ মডেল থানায় সাংবাদিক শাহ ফয়সাল কারীমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের

স্টাফ রিপোর্টার:

দৈনিক আজকের কুমিল্লা ও দৈনিক ভোরের কথার কুমিল্লা জেলা প্রতিনিধি এবং সদর দক্ষিণ উপজেলা বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক শাহ ফয়সাল কারীমের বিরুদ্ধে কোন রকম তদন্ত ছাড়াই সদর দক্ষিণ মডেল থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে ।

২০ ডিসেম্বর রাতে মামলা দুটি দায়ের করা হয়। দুটি মামলায় তাকে তিন নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনা জানার পর সাংবাদিক শাহ ফয়সাল কারীম সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফাকে এ বিষয়ে অবহিত করলে ওসি জানান, তদন্ত করে মামলা থেকে নাম বাদ দিবেন বলে আশ্বাস দেন।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াছমিন রিমা, সহ – সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরান বলেন যুগ যুগ ধরে সাংবাদিকদের উপরে এরকম মিথ্যা অপবাদ ও মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে, অতি দ্রুত প্রশাসন যেন মামলা প্রত্যাহার করে।বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু জানান, একজন সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়া জঘন্যতম অপরাধ। আশা করি অবিলম্বে প্রশাসন এ মিথ্যা মামলা প্রত্যাহার করবেন। কুমিল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা রিপোর্টার্স ক্লাব, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ও ইউথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

কুমিল্লা চকবাজার থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চকবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আলম মিয়া (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আলম মিয়া কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মতিনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২৫ বিএনপি নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লালমাইতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা দিতে নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছিলেন।

বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় নীলাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।

আহতরা সবাই নোয়াখালী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সমর্থিত নেতাকর্মী। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল খান জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ওপর উঠে যায়। এ সময় বাসাটিতে থাকা অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে নোয়াখালীতে ২২ জন এবং গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি

ডেস্ক রিপোর্ট:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপ ফুলের মালা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করেছেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

বৃহস্পতিবার দেশের মাটিতের পা রাখার পর তিনিই প্রথম তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে দেন।

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। অভ্যর্থনা লাউঞ্জে এসে তিনি প্রথমে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন। এরপর যথাক্রমে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, গয়েশ্বর রায়, নজরুল ইসলাম, আমির খসরু, ইকবাল মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও রুহুল কবির রিজভীর সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন।

তিনি সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আবেগঘন বার্তায় লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। একই দিন বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

চৌদ্দগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশে সাংবাদিকের দোকানের টাকা লুট

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি দিন-দুপুরে প্রতারণার মাধ্যমে বিকাশে সাংবাদিকের মালিকানাধীন দোকানের ৬০ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আনন্দ টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি মিজানুর রহমান মিনুর ভাই ফারুক আহাম্মদ খোকন বাদি হয়ে অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বুধবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাউসার।

অভিযোগে উল্লেখ করা হয়, সাংবাদিক মিজানুর রহমান মিনুর ভাই উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফারুক আহাম্মদ খোকন দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে ‘মিজান টেলিকম’ বিকাশ দোকান দিয়ে ব্যবসা করে আসছে। বুধবার দুপুরে ১২.৪০ ঘটিকায় পুলিশের পোষাক পরিহিত অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে দোকানের আসে। তারা মোটর সাইকেল একটু দূরে রেখে পুলিশ পরিচয় দিয়ে দুইটি বিকাশ নাম্বারে টাকা পাঠানোর কথা বলে।

তারা বিকাশ পার্সোনাল ০১৮৮২৫৯৬৬৫৩ ও এজেন্ট ০১৬২৬০৫১০৮২ নাম্বার দেয়। ফারুক আহাম্মদ খোকন তখন পুলিশের কথানুসারে পার্সোনাল নাম্বারে ১০ হাজার টাকা ও এজেন্ট নাম্বারে ৫০ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানো শেষে পুলিশ পোশাক পরিহিত ব্যক্তি মোবাইল ফোনে কথা বলার বান করে দৌঁড়ে পালিয়ে যায়। তিনি চিৎকার করে দোকান থেকে বের হলেও মোটর সাইকেল চালিয়ে তারা দ্রুত চৌদ্দগ্রামের দিকে চলে যায়। তাদের ব্যবহৃত দুইটি নাম্বার বন্ধ। ঘটনাটি সিসি ক্যামেরায় রেকর্ড রয়েছে। পরবর্তীতে ৯৯৯-এ কল করলে আইনের আশ্রয় নিতে বলা হয়।

ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের সুমন হোসেন ও পাশের দোকানদার মোঃ শাহজাহান বলেন, প্রকাশ্যে দিন-দুপুরে পুলিশের পোশাক পরিহিত দুই ব্যক্তি মিজান টেলিকমে ঢুকে বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা লুট করেছে। পরে তারা মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে প্রতারকচক্র এ সাহস করেছে।

বুধবার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাউসার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে’।

হোমনায় যৌথ বাহিনীর অভিযান: দুটি পিস্তল ও বুলেটসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দুটি পিস্তল ও বুলেটসহ সোহাগ (৩২) নামের একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬ টায় বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী হোমনা উপজেলার মাথাভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ওই এলাকার তারু মিয়ার ছেলে অস্ত্রধারী মোঃ সোহাগকে আটক করা হয়। তার কাছ থেকে ০২ টি পিস্তল এবং ১৪ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর সূত্র জানায়।

আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র হোমনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202-এ (Boeing 787-9 Dreamliner) চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24.com জানাচ্ছে, সে বিমানটি ইতোমধ্যেই দেশের আকাশে ঢুকে পড়েছে।

দেশের আকাশে ঢোকার পর তারেক রহমান একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানেই লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটি আছে সুনামগঞ্জের ঠিক ওপরে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছে এই ফ্লাইটটি। বিমান ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সিলেটে এক ঘণ্টার একটি যাত্রাবিরতি দেবে। আর কিছুক্ষণের মধ্যেই সিলেটের মাটি ছোঁবে এই বিমান।

সিলেটে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। ঢাকায় নেমে একাধিক কর্মসূচি আছে তার।

প্রথমবারের মতো কোরআন ছুঁয়ে শপথ নিয়ে মার্কিন বিচারপতি হলেন বাংলাদেশি নারী

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের প্রধান ধর্ম হলো খ্রিস্টধর্ম। প্রথা অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট থেকে শুরু বিচারপতি এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা খ্রীষ্টানদের ধর্মীয়গ্রন্থ বাইবেল ছুঁয়ে শপথ নেন। তবে সেই প্রথা ভেঙ্গে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হলো বিশ্ব।

প্রথম মুসলিম হিসেবে মুসলমানদের ধর্মীয়গ্রন্থ পবিত্র কোরআনে হাত রেখে শপথ নিলেন একজন বিচারপতি। এর আগে আর কখনো দেখা যায়নি মার্কিন বিচারব্যবস্থার দীর্ঘ পথচলায় এমন তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। আর এই নজিরবিহীন ইতিহাস স্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী সোমা সাঈদ।

তার এই শপথ গ্রহণ যুক্তরাষ্ট্রে ধর্মীয় বৈচিত্র্যের একটি নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে। যে প্রাপ্তির পর সংশ্লিষ্ট দেশের ৫০টি অঙ্গরাজ্যজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশির মাঝে বইছে প্রাণবন্ত আলোচনা, মিষ্টি বিতরণ ও আনন্দ-উচ্ছ্বাস। এভাবে শপথ নিতে সোমা সাঈদ নিজেও ছিলেন বেশ উচ্ছ্বসিত।

গেল সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটিস্থ কুইন্স সিভিল কোর্ট হাউসে উচ্চপদস্থ বিচারপতি, কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পবিত্র কোরআনে হাত রেখে নিউইয়র্কের স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন সোমা সাঈদ। তিনি এখন মার্কিন বিচারাঙ্গনের চেয়ারে বসে বিচারকার্য পরিচালনা করবেন।

এ উপলক্ষে ওই কোর্ট হাউসে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গেল ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যজুড়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে বিচারপতি নির্বাচিত হন সোমা। মূলত মার্কিন বিচারক নির্বাচিত হয়ে থাকেন স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক এবং বিচারপতিরা দলীয় ও সাধারণ নির্বাচনে জনগণের ভোটে।

সোমা সাঈদ কেবল মেধাসম্পন্ন ব্যক্তিত্বই নন, বরং বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত এক মুখ। এর আগেও ২০২১ সালে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।