মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনায় তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০২৬
news-image

রাসেল আহমেদ, হোমনা:

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে হোমনা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
মেলা উপলক্ষে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের মেলায় আগত সেবাপ্রার্থীদের ভূমি সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, প্রকৌশলী সৈয়দ মো. মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শফিকুল ইসলাম, পুলিশের উপ পরিদর্শক মো. মীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় বিভিন্ন সেবামূলক বুথ স্থাপন করা হয়েছে। মেলা থেকে নাগরিকেরা সরাসরি ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন রেজিস্ট্রেশন সহায়তা এবং ‘ভূমি পরামর্শক’ বুথ থেকে ভূমি সংক্রান্ত জটিলতার আইনি পরামর্শ ও তাৎক্ষণিক সেবা পাচ্ছেন।

আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন।