,

বরুড়ায় ডিবির ছদ্মবেশে ডাকাতির চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৮ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাত ১১টার দিকে উপজেলার খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২০ মে) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।

গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশের পোশাক পরে ও পরিচয় ব্যবহার করে স্থানীয় ডাকাতদের সহায়তায় বিভিন্ন সড়ক ও মহাসড়কে সংঘবদ্ধ ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বড় হরিপুরে একটি কবরস্থানের ভেতর অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে ২টি ‘ডিবি’ লেখা কোট, একটি হ্যান্ডকাফ, লেজার লাইট, ম্যাজিক স্টিক, হাতুড়ি, চাইনিজ কুড়াল সদৃশ ধারালো অস্ত্র, ছুরি ও স্টিল কাটার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর এলাকার খলিলুর রহমান, সোহাগ রানা, মোশাররফ মেলকার, রাঙ্গাবালী উপজেলার চরআন্ডা গ্রামের নুরুল হক, বাউফলের হারুন মল্লিক, বরিশালের পয়সার হাট এলাকার সুমন, বরগুনার আমতলী উপজেলার মাহতাব হোসেন মৃধা এবং ভোলার তজুমুদ্দিন উপজেলার আবুল কাশেম।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় বরুড়া থানায় ডাকাতি প্রস্তুতি মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।