All posts by jitu

নোয়াখালীতে পেঁয়াজ বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে একটি আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ জুন) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের রাজন সাহা আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এ অভিযান পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে রাজন সাহার পেঁয়াজের আড়তকে বেশি দামে পেয়াজ বিক্রির দায়ে ১০টাকা জরিমানা করা হয়। একই দিনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ৭৫/৮৫/৮৮/৯০ টাকা কেজি প্রতি পেঁয়াজ বিক্রি করা হয়। যার ফলে পেঁয়াজের বাজারে অরাজকতা সৃষ্টি হয়। অভিযানে হাজী আমিন উল্লাহ পেঁয়াজের আড়তকে ন্যায্য মুল্যে পেয়াজ বিক্রির নির্দেশনা দেয়া হয়।

এ সময় অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা।

কুবিতে সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের বিচার দাবি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ। সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সাংবাদিক সমিতির আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করেন তারা। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে একাত্মতা পোষণ করেন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ডিবেটিং সোসাইটি, রক্তদাতা সংগঠন বন্ধু, ছায়া জাতিসংঘ সংস্থা, অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র,প্লাটফর্ম, রোভার স্কাউটস, প্রথম আলো বন্ধুসভা, অভয়ারণ্য, তরুণ কলাম লেখক ফোরাম, লিও ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আইটি সোসাইটি, সাইন্স ক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেহ ইউসুফ আকাশের সঞ্চালনায় নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের দর্পণ হয়ে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের অনিয়ম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়কে দেশের কাছে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন তারা। কিন্তু একের পর এক সাংবাদিকদের সাথে এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয়ে যদি সাংবাদিকরা নিরাপদে চলতে না পারে, এই বিশ্ববিদ্যালয় কতটা অনিরাপদ হয়ে আছে সেটা প্রশাসনের উপলব্ধি করা উচিত। যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করে রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা উচিত।

এ সময় অভয়ারণ্য’র সভাপতি আবদুল্লাহ আল সিফাত বলেন, ফ্রিডম অফ প্রেসের উপর এই ধরনের হামলা সত্যি ন্যাক্কারজনক। যারাই এই অপরাধের সাথে জড়িত সে যেই হোক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিচার হয় সেটা আমি প্রত্যাশা করি। আমরা কখনও আশা করি নাই এই ধরনের কোন ঘটনা ঘটতে পারে। সেটা যে কোন ধরনের সংগঠনের সাথে হতে পারতো। এই ধরনের ঘটনা না যেন আর না ঘটে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি।

রক্তদাতা সংগঠন বন্ধুর সভাপতি আব্দুল্লাহিল মারুফ বলেন, বিশ্ববিদ্যালয় একটি পরিবার। সংগঠন সমূহ ভ্রাতৃতুল্য। সংগঠন সমূহ সবসময় সুসম্পর্কের পরিচয় দিয়েছে।

সাংবাদিক সমিতি অফিস নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। যেটি সকল সংগঠনের জন্য হুমকি স্বরূপ। আমরা সাংবাদিক সমিতির আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এ ঘঠনার সুষ্ঠু বিচার দাবি করছি৷

দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস বলেন, গত ২৯ তারিখের পর থেকে বিভিন্নভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সদস্যদের হুমকি-ধামকি দিয়ে আসছিল ছাত্রলীগের একটি গ্রুপের নেতাকর্মীরা৷ তাদের এই হুমকি-ধামকির বহিঃপ্রকাশ হচ্ছে অফিস ভাঙচুর। যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও স্বাধীন সাংবাদিকতার জন্য।

মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মাহি বলেন, গত ২৯ তারিখের ঘটনার পর থেকে ছাত্রলীগের একটি অংশ প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছিল৷ সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলার ঘটনা তারই বহিঃপ্রকাশ। আগের ঘটনার পর প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দেয়ার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ হয়নি। পদক্ষেপ গ্রহণ করা হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হত না। আমরা প্রশাসনকে ২৪ ঘন্টা সময় দিয়ে বলতে চাই। দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় দেশের সাংবাদিক সমাজকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।

প্রসঙ্গত, এর আগে সংবাদ সংগ্রহ করতে গেলে গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রুদ্র ইকবালকে হেনস্তা করেন ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীরা।

এ ঘটনায় সংবাদ প্রকাশের জেরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সংবাদকর্মীদের উদ্দেশ্য সাবেক ছাত্রলীগ নেতা রেজা-ই -এলাহী দেখে নেয়ার হুমকি দেন। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন ‘গুণ্ডামির কি দেখেছে? সাংবাদিকরা এখনও আমাকে চিনে না, আমি কে?’ ’এই ক্যাম্পাস কারো বাপের না’।

ঘটনার জেরে রবিবার (৪ জুন) রাতে সাংবাদিক সমিতির অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক নেতা রেজা ই এলাহী সমর্থিত মাহি হাসনাইন, মমিন শুভ, নুর উদ্দিন হোসাইন, স্বজন বরণ বিশ্বাস, আমিরুল বিশ্বাস, সাদ্দাম হোসাইন, আব্দুল্লাহ আল কাফি, দ্বীপ চৌধুরী, নুর মোহাম্মদ, রাকেশ দাস, রাশেদ ইবনে নূর, রিয়া দাশ, সেলিম রেজা, এস কে মাসুম, রাকিব হোসাইনসহ বিভিন্ন নেতাকর্মীরা কর্মরত সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন। এসময় এসকে মাসুম নামে একজনকে বলতে দেখা যায়, ‘সাংবাদিকদের এখন থেকে সরাসরি একশন হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী জানিয়েছেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি। আমরা মামলার জন্য কথা বলেছি। দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে।

১০ জুন সমাবেশ ও মিছিলের ঘোষণা জামায়াতের

অনলাইন ডেস্ক:

আজ ৫ জুন পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি না মেলায় কর্মসূচি স্থগিত করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী। একই সাথে নতুন কর্মসূচির ঘোষণা করেছে জামায়াত। আগামী ১০ জুন (শনিবার) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করবে দলটি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে সোমবার এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ জুন বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। সমাবেশকে ঘিরে প্রশাসনেরও সহযোগিতা চেয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, মহানগরী মজলিসে শুরা আশরাফুল আলম ইমন প্রমুখ নেতৃবৃন্দ।

হৃদরোগীদের বাড়তেছে ডেঙ্গু: করণীয় কী?

ডা. মাহবুবর রহমান:

ঢাকায় বাড়ছে ডেঙ্গুজ্বর আতঙ্ক। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গতকাল একদিনে ডেঙ্গু কেড়ে নিয়েছে তিনজনের প্রাণ। ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগেই ইতিমধ্যে মারা গেছেন ১৬ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮৭ জন। গতকাল আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৭ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৮৭ জন এবং ১০ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের হাসপাতালে। জানুয়ারি মাসে আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন, মারা গেছেন ছয়জন। ফেব্রুয়ারি মাসে আক্রান্ত হয়েছেন ১৬৬ জন, মারা গেছেন তিনজন। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ১১১ জন। এপ্রিলে ১৪৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন। মে মাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬ জন, মারা গেছেন দুজন, জুন মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫৪ জন, মারা গেছেন তিনজন।

ডেঙ্গু মৌসুমে কারও জ্বর হলে সেটা গুরুত্বের সঙ্গে নিতে হবে। ঘরে বসে অপেক্ষা না করে চিকিৎসককে দিয়ে নিশ্চিত হতে হবে। সামান্য পরীক্ষা-নিরীক্ষা করেই ডেঙ্গু রোগ নির্ণয় করা সম্ভব। তীব্র জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, সারা শরীর ব্যথা, মেরুদণ্ড ব্যথা, খাবার অরুচি, বমি এসব ডেঙ্গুর লক্ষণ। সাধারণত চার পাঁচ দিন একটানা জ্বর শেষে হঠাৎ জ্বর কমে যায় এবং পঞ্চম বা ষষ্ঠ দিনে গায়ে লাল লাল এক ধরনের দানা ওঠে এবং দ্বিতীয়বারের মতো আবার জ্বর দেখা দেয়। তবে ডেঙ্গুর প্রকৃতি এবং পরিণতি সবক্ষেত্রে, সবার ক্ষেত্রে একরকম হয় না। কারও কারও ক্ষেত্রে পরিস্থিতি দ্রুত খারাপ দিকে মোড় নিতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ উচ্চ ঝুঁকিতে পড়ে যেতে পারেন।

পরীক্ষা করবেন : জ্বরের প্রথম বা দ্বিতীয় দিনে CBC এবং Dengue NS1 Ag পরীক্ষা করলেই বেশিরভাগ ক্ষেত্রে রোগ ধরা পড়ে। জ্বরের পঞ্চম দিন থেকে CBC, Dengue IgM Ab, SGPT পরীক্ষা করতে হবে।

কী করবেন : আতঙ্কিত হবেন না। আতঙ্ক আপনার কোনো উপকারে আসবে না। রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসক আপনাকে উপদেশ দেবেন। রক্তের কাউন্ট স্বাভাবিক থাকলে বিশ্রাম নেবেন। জ্বরে মানুষের শরীর থেকে পানি উড়ে গিয়ে পানিশূন্য হয়ে যেতে পারে। তাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন লিভার, কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রচুর তরল খাদ্য গ্রহণ করতে হবে। জ্বর কমাতে শুধু প্যারাসিটামল দেওয়া যেতে পারে। সাবধান জ্বর বা শরীর ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ মুখে বা মলদ্বারে দেওয়া যাবে না।

ব্যথানাশক কেন নয় : ডেঙ্গু জ্বরে রক্তের জমাটবাঁধার প্রধান উপাদান অণুচক্রিকা কমে যেতে পারে। অণুচক্রিকা দেহের স্বাভাবিক রক্তপ্রবাহে একটি নিখুঁত ভারসাম্য রক্ষা করে। ডেঙ্গু জ্বরে সেই ভারসাম্যটি ভেঙে পড়তে পারে। মনে রাখতে হবে, প্রায় সব ধরনের ব্যথানাশক ওষুধ অণুচক্রিকার বিরুদ্ধে কাজ তরে। ফলে মড়ার উপর খাঁড়ার ঘা’র মতো কমতে থাকা অণুচক্রিকা ব্যথানাশকের আক্রমণে দ্রুত অকার্যকর হয়ে রোগীকে রক্তক্ষরণের ঝুঁকিতে ফেলে দিতে পারে।

হাসপাতালে কখন ভর্তি হবেন : ডেঙ্গু ধরা পড়ার পর থেকে প্রতিদিন রক্তের CBC পরীক্ষা করতে হবে। যদি দেখা যায় অণুচক্রিকা স্থিতিশীল রয়েছে, রোগী মুখে পর্যাপ্ত খেতে পারছেন তাহলে দুশ্চিন্তার কিছু নেই। বাড়িতে বসেই চিকিৎসা নিতে পারবেন। যদি অণুচক্রিকা দ্রুত হ্রাস পেতে থাকে এবং রোগীর রক্তচাপ কমতে থাকে, নাড়ির গতি বাড়তে থাকে, মুখে পর্যাপ্ত খেতে পারেন না তাহলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আর যদি দেখা যায় অণুচক্রিকা ধীরগতিতে কমছে তাহলে বাড়িতে বসে প্রতিদিন CBC করতে হবে। অণুচক্রিকা বাড়তে শুরু করলে আর ভয় নেই। ধীরে ধীরে রোগী ভালো হয়ে যাবেন।

হৃদরোগীরা কী করবেন : যারা হৃদরোগে আক্রান্ত তাদের অনির্দিষ্টকালের জন্য রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়। এই ওষুধগুলো রক্তের অণুচক্রিকার বিরুদ্ধে কাজ করে এদের কার্যক্ষমতাকে হ্রাস করে দেয়। এটি দরকার হয় রক্তনালির ভিতর অনাকাক্সিক্ষত রক্ত যাতে জমাট বাঁধতে না পারে। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে ইতিমধ্যে কমতে থাকা অণুচক্রিকা যেখানে রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দেয় সেখানে এই জাতীয় পাতলা করার ওষুধ রক্তক্ষরণের আশঙ্কাকে অনেকগুণ বৃদ্ধি করে। সুতরাং হৃদরোগীরা ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রক্তপাতলা করার সব ওষুধ সঙ্গে সঙ্গে সাময়িকভাবে বন্ধ করে দিতে হবে।

ডাক্তারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তার নির্দেশমতো চলতে হবে এবং যখনই অণুচক্রিকা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে তখন ডাক্তার সবদিক বিবেচনা করে পুনরায় রক্ত পাতলা করার ওষুধ শুরু করার পরামর্শ দিবেন। এছাড়া প্রায়শই দেখা যায়, হৃদরোগীদের অনেকের হৃদরোগ ছাড়াও উচ্চরক্তচাপ, হার্ট ফেইলুরের ওষুধ খেতে হয়। এসব ওষুধ রক্তচাপকে আরও কমিয়ে দিতে পারে। তাই এসব ওষুধ ডাক্তারের সঙ্গে পরামর্শক্রমে সাময়িক বন্ধ রাখতে হবে। যাদের ডায়াবেটিস আছে ডেঙ্গু তাদের রক্তের সুগার ওঠানামা করতে পারে। ওষুধ/ইনসুলিন নেওয়ার আগে রক্তের সুগার পরীক্ষা করে ডোজ অ্যাডজাস্ট করতে হবে।

লেখক : সিনিয়র কার্ডিওলজিস্ট, ল্যাবএইড কার্ডিয়াক হসপিটাল, ধানমণ্ডি, ঢাকা।

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধস, নিহত ১৯

অনলাইন ডেস্ক:

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে প্রদেশের দক্ষিণে লেশান শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, খনির শ্রমিকরা যেখানে থাকত, তার ওপর পাহাড় ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। মূলত ওই এলাকায় দুর্ঘটনার আগে থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল।

বৃষ্টিপ্রধান গ্রীষ্মকালে চীনের গ্রামীণ এবং পার্বত্য অঞ্চলে ভূমিধস একটি নিয়মিত সমস্যা। দুর্ঘটনা কবলিত এলাকাটি প্রাদেশিক রাজধানী চেংডু থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে একটি পার্বত্য অঞ্চলে অবস্থিত। নদীঘেরা পাহাড়ি এলাকাটিতে প্রায় ৪০ হাজার মানুষের বাস। যাদের জীবিকা মূলত বনায়ন, বিদ্যুৎ উৎপাদন, কৃষি এবং অন্যান্য শিল্পের ওপর নির্ভরশীল।

ঘন জঙ্গলবেষ্টিত সিচুয়ানের বেশিরভাগ এলাকাই দুর্যোগপূর্ণ। ২০১৭ সালে প্রবল বর্ষণের ফলে প্রদেশটিতে ভয়াবহ ভূমিধসে জিনমোর নামে একটি পাহড়ি গ্রাম পুরোপুরি মাটিচাপা পড়েছিল। ওই ঘটনায় ৬০টির বেশি বাড়িঘর মাটিচাপা পড়ে। ২০১৯ সালেও ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে একটি রেলওয়ে সেকশন ও সেখানে কর্তব্যরত লোকজন চাপা পড়েছিলেন।

সূত্র: রয়টার্স, এপি

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার সময় পেছাল ৬৫ বার

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৬৫ বার পেছানো হলো।

সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা আশঙ্কা করেন দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের টাকা চুরি করেছে।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করছে সিআইডি।

সূত্র : বাসস।

সৌদি আরবের লিগে রোনালদোর সঙ্গী হচ্ছেন মেসিসহ আরো ৮ জন

 

স্পোর্টস ডেস্কঃ

আবারও দেখা যেতে পারে মেসি-রোনালদোর দ্বৈরথ। স্প্যানিশ লিগে এ লড়াই দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকতেন ফুটবলপ্রেমীরা। ইতিমধ্যে ইউরোপ ছেড়ে সৌদি আরবের লিগে খেলছেন রোনালদো। শীঘ্রই সেই লিগে তার সঙ্গী হতে পারেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি! তবে শুধু মেসি নয়, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বিশ্ব ফুটবলের আরো বড় কিছু নাম যোগ হতে পারে সৌদির প্রো লিগে।

লিওনেল মেসি : পিএসজির হয়ে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টার লিওনেল মেসি। তাকে সৌদি আরবের ক্লাব আল হিলাল মোটা অঙ্কের টাকায় দলে নিতে চায় বলে গুঞ্জন আছে। কিছু মিডিয়ার মতে, আল হিলালের প্রস্তাবে নাকি রাজিও হয়ে গেছেন মেসি।

করিম বেনজেমা : এই ফরাসি সুপারস্টারও গতকাল রাতে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন।
৩৫৪ গোল করা এই তারকার সঙ্গে ১৪ বছরের সম্পর্ক চুকিয়ে দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে রিয়াল। শোনা যাচ্ছে, সৌদি ক্লাব আল ইতিহাদ ৩৫ বছর বয়সী করিম বেনজেমার ব্যাপারে আগ্রহী। আগামী সপ্তাহে চুক্তির ঘোষণাও আসতে পারে।

সার্জিও রামোস : পার্ক দে প্রিন্সেসে মেসির সঙ্গেই শেষ ম্যাচ খেলেছেন সার্জিও রামোস।
৩৭ বছর বয়সী এই তারকা ডিফেন্ডারকে নিয়ে বিশ্বের অনেক ক্লাবই আগ্রহ দেখাচ্ছে। যাদের মাঝে সৌদি আরবের একটি ক্লাব আছে বলেও শোনা যাচ্ছে।

অ্যালেক্সিস সানচেজ : ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইন্টার মিলানের হয়ে দুঃসময় কাটানো অ্যালেক্সিস সানচেজ ফ্রান্সের মার্সেইয়ে গিয়ে যেন নিজেকে ফিরে পেয়েছেন। ৩৪ বছর বয়সী এই চিলিয়ান ফরোয়ার্ড মার্সেইয়ের হয়ে ৪৪ ম্যাচে ১৮টি গোল করেছেন। শোনা যাচ্ছে, সানচেজকে টানতে সৌদি আরবের লিগ কর্তৃপক্ষ নাকি চেষ্টা চালাচ্ছে।

সার্জিও বুসকেটস : রামোসের সঙ্গে ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার বুসকেটস তো ক্যারিয়ারের পুরোটাই বার্সেলোনায় কাটিয়ে দিলেন। যিনি সম্প্রতি বার্সার হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। ৩৪ বছর বয়সী এই তারকাকে নাকি দলে নিতে চায় সৌদির ক্লাব আল হিলাল। যদিও এখনো কোনো পক্ষই বিষয়টি স্বীকার করেনি।

জর্দি আলবা : বার্সেলোনার সঙ্গে ইতিমধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে স্প্যানিশ তারকা জর্দি আলবার। ক্যাম্প ন্যুতে বুসকেটসের সঙ্গেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এই তারকা লেফট ব্যাককেও নাকি দলে নিতে চায় আল হিলাল।

পিয়ের এমরিক অবামেয়াং : চেলসির এই গ্যাবোনিজ স্ট্রাইকার চলতি মৌসুমে দুঃসময় কাটাচ্ছেন। ৩৩ বছর বয়সী অবামেয়াংকে চেলসি ছেড়ে দেবে বলেই শোনা যাচ্ছে। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে সৌদি আরব।

এন’গোলো কন্তে : আরো এক বিশ্বকাপজয়ী ফুটবলার এন’গোলো কন্তে যেতে পারেন সৌদি প্রো লিগের কোনো ক্লাবে। ইনজুরি এবং ফিটনেস সমস্যার কারণে চেলসির সঙ্গে তার সাত বছরের সম্পর্ক হয়তো শেষ হতে যাচ্ছে। যদি ৩২ বছর বয়সী এই ফুটবলার চোটের সঙ্গে লড়াইয়ে জিততে পারেন, তাহলে মধ্যপ্রাচ্য থেকে প্রস্তাব আসতেই পারে।

লাগো আসপাস : সেল্টা ভিগোর এই স্প্যানিশ ফরোয়ার্ডকে বলা হয় ‘চিরসবুজ ফুটবলার’। ৩৫ বছর বয়সে তিনি দারুণ পারফরম্যান্সের মাধ্যমে সেল্টা ভিগোর কিংবদন্তি বনে গেছেন। সর্বশেষ আট মৌসুমে করেছেন ১৪৬ গোল। শোনা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর নাকি এই ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর চেষ্টা করছে।

জয়ের পর শাস্তি পেয়েছে আফগানিস্তান

অনলাইন ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে আফগানিস্তান। দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

হাম্বানতোতায় গত শুক্রবার হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে এক ওভার কম বল করে আফগানিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি রবিবার (৪ জুন) এক বিবৃতিতে আফগানদের শাস্তির বিষয়টি জানায়। তাদের এই শাস্তি দেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, শ্রীলঙ্কাকে ২৬৮ রানে থামিয়ে ওই ম্যাচে ৬ উইকেটে জেতে আফগানিস্তান। রবিবার (৪ জুন) দ্বিতীয় ম্যাচে তাদের ১৩২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।

মেসির বিদায়ে ফলোয়ার কমতে শুরু করলো পিএসজির

অনলাইন ডেস্ক:

চলতি মৌসুমেই পিএসজি থেকে বিদায় নেবেন মেসি-এমন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে বহু অনুসারী ছেড়ে যাচ্ছেন ফরাসি ক্লাবটিকে। এই সংখ্যাটা ১০ লাখের কাছাকাছি।

গত শনিবার রাতে পার্ক দ্য প্রিন্সেসে নিজের বিদায়ী ম্যাচ খেলেছেন মেসি। শেষটা অবশ্য মধুর হয়নি তার। ক্লেরমঁর বিপক্ষে ৩-২ গোলে হেরে মৌসুম শেষ করেছে পিএসজি। শেষ ম্যাচেও সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে মেসিকে। কিন্তু মেসির ভক্তসংখ্যা তো শুধু পিএসজিতে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে লাখো সমর্থক পিএসজির প্রোফাইল আনফলো করতে শুরু করেছেন।

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ক্লাবটিতে যোগ দেয়ার পর বিশ্বজুড়ে পিএসজির ফলোয়ার বাড়তে থাকে বিদ্যুতের গতিতে।

প্রায় সাড়ে ৬৯.৯ মিলিয়নের বেশি ফলোয়ার ছিল শুধু ইনস্টাগ্রামেই। কিন্তু এখন সেই সংখ্যা নেমে এসেছে সাড়ে ৬৮.৭ মিলিয়নের ঘরে। এছাড়া ফেসবুক ও টুইটারেও ফলোয়ার কমেছে পিএসজির। তাছাড়া মেসির জার্সি বিক্রি করে যে বিপুল অঙ্কের অর্থ আয় করতো পিএসজি, সেই পথও এখন বন্ধ হয়ে গেল।

পিএসজি ছাড়ার পর মেসির পরবর্তী সম্ভাব্য গন্তব্য সৌদি আরবের আল-হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটি নাকি প্রায় ৫০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। যদিও আলোচনায় আছে তার বার্সায় ফেরার সম্ভাবনাও। এমনকি আসরে নেমেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি এবং প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবও।

সূত্র : ডেইলি মেইল।