All posts by jitu

”কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্বমানের হয়ে উঠবে” : কুবি উপাচার্য

 

চাঁদনী আক্তার,কুবি প্রতিনিধি

‘যোগ্যতা নিশ্চিতকরণ, সুন্দর আচরণ, সুশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং যথাযথ তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে একটি বিশ্ববিদ্যালয় আধুনিকতার দিকে এগিয়ে যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই শর্তগুলো নিশ্চিতকরণের দ্বারা বিশ্বমানের হয়ে গড়ে উঠবে। ‘ বুধবার (২৪ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে স্টকহোল্ডারদের নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ড এ এফ এম আবদুল মঈন।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. হাবিবুর রহমানের সঞ্চালনায় শুদ্ধাচার ও সুশাসন নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, প্রভোস্ট, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অভিভাবকরা। এসময় তারা নিজেদের মতামত প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, ” শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটা ভাল সম্পর্ক গড়ে ওঠার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ঘাটতি চিহ্নিতকরণ ও তার সমাধান এবং তথ্য প্রযুক্তির যথাযথ প্রয়োগের দ্বারা বিশ্ববিদ্যালয়ে নতুন পরিবেশ সৃষ্টি হবে’।

দেবিদ্বারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ভোষনা গ্রামে সাত বছরের এক শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী মহিউদ্দিন(২১) নামে এক ব্যাক্তিকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ ।

দেবিদ্বার থানা পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয় ।

১৯ মে (শুক্রবার) সন্ধ্যায় পৌরসভার ভোষনা এলাকার বড়বাড়ীর নজরুল ইসলাম ছেলে এবং (শিল্পপতি গোলাম মোস্তফা ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স জাকির হোসেনের ভাতিজা) একই বাড়ির ইউছুব মিয়ার ৭ বছরের শিশু কন্যাকে ঘরের পেছনের রাস্তায় খেলাধূলা করার সময় জোরপূর্বক বাড়ীর পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে বিষয়টি এলাকায় প্রকাশ পায় ও গুঞ্জন সৃষ্টি হয়। অসুস্থ শিশুটিকে ১৯ মে (শুক্রবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ধর্ষিত শিশুর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি ধর্ষিত হওয়ার পর থেকেই গ্রামের কথিত একাধিক দালাল সর্দাররা ধর্ষক পরিবারের পক্ষ নিয়ে ধর্ষণের বিষয়টি টাকার বিনিময়ে ধামাচাপা দিতে মরিয়া হয়ে ভিক্টিমের বাবা ইউছুব মিয়া কে চাপ সৃষ্টি করলে ধর্ষণের খবরটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে এবং চাঞ্চল্যকর সৃষ্টি হয়।

ভিকটিমের বাবা মোঃ ইউছুব ঘটনার দিন হাসপাতালে সাংবাদিকদের কাছে বিষয়টি অস্বীকার করলেও ঘটনায় পর তিনি থানায় মামলা করেন । তিনি জানান,যদি বাড়াবাড়ি করি অথবা মামলা মোকদ্দমা করি তাহলে আমাকে ও আমার পরিবারের সকলকে গ্রাম ছাড়া করবে বলেও হুমকি-ধমকি দিলে বিষয়টি গোপন করতে বাধ্য হই । কয়েকজন সাংবাদিকের সহায়তায় থানায় মামলা করি। মামলা করার পর ধর্ষক মহি উদ্দিন কে পুলিশ গ্রেফতার করেছে । আমি আইনের মাধ্যমে আমার (৭) সাত বছরের অবুঝ কন্যা শিশুকে ধর্ষনকারীর কঠিন শাস্তি কামনা করি এবং তার ফাঁসি চাই।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার পরিদর্শক(তদন্ত) খাদেমুল বাহার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

চাঁদপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু!

 

মাসুদ হোসেন:

চাঁদপুর সদর উপজেলায় বজ্রপাতে মোঃ হাসান মিজি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন দিনমজুর।

মঙ্গলবার (২৩ মে) বিকাল ৩টার সময় উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম ছোট সুন্দর গফুর মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি এ বাড়ির মৃত কলিমউদ্দিন মিজির ছেলে।

নিহত হাসান মিজির ভাতিজা রামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মারুফ মিজি জানান, এদিন দুপুরে বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে গিয়ে হঠাৎ বজ্রপাতে সেখানেই মারা যান। অসহায় এই দিনমজুর হাসান মিজি এক ছেল ও দুই মেয়ে সন্তানের জনক। কৃষি কাজ করেই চলছিল তার সংসার। তিনি স্ত্রী-সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।

বিষয়টি নিশ্চিত করে রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী জানান, প্রাথমিক ভাবে জানা যায় হাসান মিজি বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান। তখন প্রচন্ড ঝড় শুরু হয়। ওই সময় তিনি বৃষ্টি উপেক্ষা করে বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ তার বাড়িতে রয়েছে।

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ পূর্তি উদযাপন

কুবি প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৩মে) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় ও ছাত্রপরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার ৩১১ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরমা দত্ত। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান।

এ সময় কোষাধ্যক্ষ ড. আসাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বিশ্বে শান্তি স্থাপনের অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করা হয়েছে। আমরা বিশ্বের বিভিন্ন নেতাদের পড়াশোনা করি কিন্তু যখন বঙ্গবন্ধু নিয়ে পড়াশোনা করতে বলা হয় তখন একদলের চুলকানি শুরু হয়।

উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির বলেন, দেশ স্বাধীন হওয়ার প্রথম আন্তর্জাতিক পুরস্কার ছিল ‘জুলিও কুরি ‘। এর আগে বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থায়ও তিনি বিশ্ববন্ধু উপাধি পান। মুজিব সবসময় নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন।

উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বঙ্গবন্ধুর দর্শন শুধু বাংলাদেশের জন্য না সারাবিশ্বের জন্য ছিল। বঙ্গবন্ধু বলেছিলেন সারা বিশ্বের মানুষ দুভাগে বিভক্ত। শোষক, শোষিত। আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও তার বাবার মতো দেশের শান্তি স্থাপনের জন্য কাজ করেন, রোহিঙ্গাদের জায়গা দিয়ে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে দেশের শান্তি স্থাপন করেন।

প্রধান বক্তার বক্তব্যে আরমা দত্ত বলেন, বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত, শোষিতের পক্ষে। সারাজীবন তিনি সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর শান্তির বাণী ছড়িয়ে পড়ুক দেশ ও বিশ্ববাসীর কাছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও কর্মতৎপরতায় বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা সদা তৎপর।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ , বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যেসব কারণে শিশুদের অ্যালার্জি দেখা দিতে পারে

অনলাইন ডেস্ক:

অ্যালার্জি যে শুধু ত্বকে সীমাবদ্ধ, তা নয়। হাঁচি, কাশি, শ্বাসকষ্ট—এগুলোও একধরনের অ্যালার্জির প্রকাশ।

আমাদের দেশে শিশুদের খুব সাধারণ একটি সমস্যা হলো অ্যালার্জি। যেকোনো বয়সেই অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির উপসর্গ নানাভাবে দেখা দেয়। মূলত ত্বকে নানা ধরনের চুলকানি, ফুসকুড়ি থেকে অ্যালার্জির সমস্যা নজরে আসে। তবে অ্যালার্জি যে শুধু ত্বকে সীমাবদ্ধ, তা নয়। হাঁচি, কাশি, শ্বাসকষ্ট—এগুলোও একধরনের অ্যালার্জির প্রকাশ। এ ছাড়া অনেক সময় নানা ধরনের খাবারে পেটের সমস্যা হওয়াও খাবার থেকে হওয়া অ্যালার্জির বহিঃপ্রকাশ।

সাধারণত যাদের অ্যালার্জি থাকে, ছোটবেলা থেকেই তাদের উপসর্গ দেখা দেয়। সদ্যঃপ্রসূত শিশুদের ক্ষেত্রে গরম কাপড় থেকেও ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে। কিছুদিন পরপরই শিশুদের ত্বকে ফুসকুড়ি, লাল হয়ে যাওয়া, চুলকানি, হাঁচি, কাশিজনিত সমস্যা হলে বুঝতে হবে শিশুটি অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছে। অনেক শিশুর ধুলাবালু, পুরোনো কাপড়, বইয়ের সংস্পর্শে এলে অ্যালার্জি দেখা দেয়। অ্যালার্জি হবে, এমন খাওয়া না দেওয়াই ভালো

অ্যালার্জির প্রকারভেদ:

একজিমা: হাত, গাল, মাথার ত্বক, পায়ে একজিমা হতে পারে। সাধারণত এটি একটি প্রদাহজনিত রোগ। শিশুদের র‍্যাশ বা দানা, ফুসকুড়ি, চুলকানি হতে পারে।

আর্টিক্যারিয়া: নানা রকমের খাবার, ধুলায় হঠাৎ আর্টিক্যারিয়া দেখা দেয়। এ ক্ষেত্রে শিশুর গায়ে লাল লাল চাকা দেখা দেয়। প্রচণ্ড চুলকানি হতে থাকে। অনেক সময় শিশুর শ্বাসকষ্ট শুরু হতে পারে।

মিলিয়ারিয়া: গরমে শিশুর র‍্যাশ হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে অ্যালার্জি বংশানুক্রমিকভাবে হয়ে থাকে। কিছু খাবার যেমন চিংড়ি মাছ, বেগুন, গরুর মাংস ইত্যাদিতে অ্যালার্জি হতে পারে। তবে মনে রাখতে হবে এসব খাবার ছাড়া অন্য খাবারেও অ্যালার্জি হতে পারে। এটা একেক জনের জন্য একেক রকম। অনেক শিশুর ধুলাবালুতে অ্যালার্জি হয়, বিশেষ করে, আসবাবের নিচে পুরোনো ধুলা বা আলমারি থেকে বের করা কাপড় থেকে অ্যালার্জি হতে পারে।
শিশুকে পরান সুতির পোশাক

অ্যালার্জি সমস্যার সমাধানের প্রথম পদক্ষেপ হলো যেসব জিনিসে অ্যালার্জি রয়েছে, তা পরিহার করা। যেসব খাবারের কারণে অ্যালার্জি হতে পারে, তা না খাওয়া। ধুলাবালু থেকে দূরে থাকা, ধুলায় গেলে মাস্ক পরিধান করা। পুরোনো জামাকাপড় পরার আগে আয়রন করা বা রোদে দিয়ে পরা। পোষা প্রাণী বাসায় না রাখাই ভালো। সুতির কাপড় পরিধান করতে হবে। অ্যালার্জি বেড়ে গেলে অ্যান্টি-হিস্টামিন জাতীয় ওষুধ সেবন করতে হবে, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে হবে।

লেখক: ডা. রাহনুমা আমিন মেডিকেল অফিসার, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

বেলগ্রদ অঞ্চলে প্রবেশ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর, অভিযোগ রাশিয়ার

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার বেলগ্রদ অঞ্চলের ভেতর ঢুকে পড়েছে। রুশ সরকার বলছে, ওই অঞ্চলে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিচ্ছন্নতা অভিযান চলছে।

স্থানীয় গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ বলেছেন, হামলাকারীরা সীমান্ত পার হয়ে গ্রেভোরনস্কি এলাকায় হামলা চালিয়েছে। রাশিয়ার বাহিনী হামলাকারীদের খুঁজছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন, হামলার বিষয়ে প্রেসিডেন্টকে জানানো হয়েছে।

ইউক্রেন এই হামলার দায় নেয়নি। ইউক্রেন বলছে, দুটি আধা সামরিক বাহিনীর রুশ নাগরিকেরা এই হামলায় জড়িত।

গভর্নর গ্লাদকভ আরও বলেন, একটি গ্রামে গোলা হামলায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেভরন শহরে হামলায় তিনজন আহত হয়েছেন। সংঘর্ষে তিনটি বাড়ি ও স্থানীয় প্রশাসনিক ভবন বিধ্বস্ত হয়েছে। গ্লাদকভ বলেছেন, পরিস্থিতি খুবই উত্তেজনাকর।

কিয়েভ বলছে, হামলায় ইউক্রেনভিত্তিক রাশিয়ার সরকারবিরোধী লিবার্টি অব রাশিয়া লিজিয়ন ও রাশিয়ান ভলান্টিয়ার কর্পস জড়িত। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেছেন, বাখমুত থেকে দৃষ্টি ঘোরাতেই এই হামলা হয়েছে।

রাশিয়ান তদন্তকারীরা বলেছেন, তারা একটি ‘সন্ত্রাসমূলক’ কর্মকাণ্ডের তদন্ত শুরু করেছেন।

সূত্র: আল জাজিরা।

এলপিএলে গল গ্ল্যাডিয়েটর্সে খেলবেন সাকিব

অনলাইন ডেস্ক:

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিলাম থেকে নাম প্রত্যাহার করে সাকিব নাম লিখিয়েছিলেন সরাসরি চুক্তি করতে ইচ্ছুক ক্রিকেটারদের তালিকায়।

সেখান থেকেই সাকিবের সাথে সরাসরি চুক্তি করেছে গল গ্ল্যাডিয়েটর্স। সাকিবের সঙ্গে গল গ্ল্যাডিয়েটর্সে শ্রীলঙ্কার দাসুন শানাকা ও ভানুকা রাজাপক্ষেরও খেলা নিশ্চিত হয়ে গেছে।

তবে সাকিব সতীর্থ লিটন ও আফিফের এলপিএলে দল পাওয়ার বিষয়টি ঝুলে আছে নিলামে। ১১ জুন কলম্বোতে হবে এলপিএলের নিলাম। খেলা শুরু হবে ৩১ জুলাই থেকে।

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্য হলেন এমপি রাজী

স্টাফ রিপোর্টার:

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছেন  কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের   সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ।

জাতীয় সংসদের স্পীকার এই গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক ও ডেপুটি স্পীকার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন।

এই মৈত্রী গ্রুপের অন্যান্য সদস্যরা হলেন আ. ফ.ম  রুহুল হক এমপি, মো: জিল্লুর হাকিম এমপি, এম আব্দুল লতিফ এমপি, ফজলে হোসেন বাদশাহ এমপি, তানভীর  ইমাম এমপি, মো: শফিউল ইসলাম এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, বেগম খাদিজাতুল আনোয়ার এমপি ও বেগম অপরাজিতা হক এমপি ।

বিশ্বকাপ ফাইনালের রেফারিই থাকছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে

অনলাইন ডেস্ক:

গেল ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করা পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক এবার আরো এক গুরু দায়িত্ব পেলেন। আগামী ১০ জুন ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটির পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি।

এক মৌসুমে বিশ্বকাপের ফাইনাল ও ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের ফাইনাল খেলা পরিচালনার বিরল দায়িত্ব পেয়ে দারুণ খুশি মার্সিনিয়াক। দোহায় ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উত্তেজনাকর ম্যাচটি দারুণভাবে সামলানোর কারণে পুরো বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলেন ৪২ বছর বয়সী মার্সিনিয়াক। তারই উপহার হিসেবে এবার পেলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দায়িত্ব। এর আগে ২০১০ সালে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ পরিচালনার প্রথম দায়িত্বটি পেয়েছিলেন ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব।

চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট দলের খেলা নক আউট পর্বে পরিচালনা করেছেন মার্সিনিয়াক। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ৪-০ গোলের জয় ও শেষ ১৬’তে ইন্টার মিলানের সাথে পোর্তোর গোলশূন্য ড্র হওয়া ম্যাচটিতে মার্সিনিয়াক রেফারির ভূমিকায় ছিলেন।

চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আরো তিনটি ফাইনালের জন্য উয়েফা রেফারি নির্বাচন করেছে। আগামী ১ জুন হাঙ্গেরির বুদাপেস্টে সেভিয়া বনাম রোমার মধ্যকার ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের এন্থনি টেইলর। ৭ জুন প্রাগে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে লড়বে ফিওরেন্টিনা ও ওয়েস্ট হ্যাম। এই ম্যাচটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৭ বছর বয়সী স্প্যানিশ কার্লোস ডেল সেরো গ্রাডে। এই প্রথম ইউরোপীয়ান কোন ফাইনালে রেফারির দায়িত্ব পেলেন গ্রাডে।

এছাড়া আগামী ৩ জুন নেদারল্যান্ডের এইনডোভেনে বার্সেলোনা বনাম উল্ফসবার্গের মধ্যকার নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করবেন ওয়েলসের চেলির ফস্টার। এই ম্যাচে ইতালির ভিডিও রিভিউ বিশেষজ্ঞ মাসিমিলিয়ানো ইরাতি ছাড়া বাকি সব ম্যাচ অফিসিয়ালই নারী।

আওয়ামী লীগ আধুনিক রাজনৈতিক দল নয় : ফখরুল

অনলাইন ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এরা সব সময় রক্ত তৃষ্ণায় কাতর থাকে। এই দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে। এই দলটির পরতে পরতে জড়িয়ে আছে মানবাত্মার অবমাননার বিভিন্ন দিক। মঙ্গলবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

গত শনিবার দলের কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে রাজবাড়ী জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণের আগে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাসভবনে আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের সামনেই হামলা চালায়। পুলিশ দিনভর আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাসভবনে গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে।

পরবর্তীতে সভাস্থলে যাওয়ার সময় পুলিশ নেতাকর্মীদের ওপর টিয়ারগ্যাস ও গুলিবর্ষণ ছাড়াও বেপরোয়া লাঠিচার্জ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বহু নেতাকর্মীকে গ্রেফতার করে। পরে ১৭ জন নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মহিলা দলনেত্রী ও রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজিকে ১ নম্বর আসামি করে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, জেলা যুবদল সভাপতি খায়রুল আনাম বকুল, যুবদল নেতা অ্যাডভোকেট নেকবর হোসেন মনি, কাউসার আহমেদ, জেলা ছাত্রদল নেতা নুরুল ইসলাম ও ইদ্রিস আলী শেখসহ ৪১ জনকে আসামি এবং অজ্ঞাত ১২০ জনকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, দেশব্যাপী পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে দোর্দণ্ড প্রতাপ শুরু করেছে বর্তমান শাসকগোষ্ঠী। দেশে এখন জবাবদিহিতাহীন নির্মম দুঃশাসন বিরাজমান বলেই সন্ত্রাসীদের বেপরোয়া বিস্তারলাভ ঘটেছে। তাদের সৃষ্ট অবসন্ন গণতন্ত্রে মানুষকে বন্দি করে রাখা হয়েছে। দেশে ন্যায়বিচার মহাশূন্যে বিলীন হয়ে গেছে। বিচারহীনতার কারণেই সন্ত্রাসীরা বেআইনি কাজ করতে উৎসাহিত হচ্ছে। এরা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দূরে থাকুক বরং ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করে জনগণের ওপর রক্তাক্ত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, গত শনিবার দলীয় কর্মসূচি পালনকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাসভবনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, গুলিবর্ষণ, লাঠিচার্জ ও নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা সরকারের বর্বরতম পরিকল্পনারই অংশ। আমি এই বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।