All posts by jitu

তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবলীগ নেতা হত্যা মামলার আসামি মো. আবদুল লতিফ ভূঁইয়াকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

সোমবার রাতে উপজেলার মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিহত লতিফ ভূঁইয়া উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন। তিনি একই উপজেলার মানিককান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে মানিককান্দি গ্রামে যুবলীগ নেতা জহিরুল ইসলামের জ্যাঠাতো ভাই জাহাঙ্গীর আলম মোল্লাকে লক্ষ্য করে গুলি ছোড়েন লতিফ ভূঁইয়া। জাহাঙ্গীর আলম প্রাণে বেঁচে গেলেও গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন লতিফকে ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয় এবং কুপিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ ভূঁইয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথেই রাত পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহত লতিফ ভূঁইয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

২০২২ সালের ৬ ডিসেম্বর মৎস্য প্রকল্পে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লাকে হত্যা করা হয়েছিল। লতিফ ভূঁইয়া ওই মামলার অন্যতম আসামি ছিলেন। পাঁচ মাস কারাবাস শেষে সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। জামিনে আসার পর পুনরায় হামলা চালাতে গিয়ে তিনি স্থানীয়দের হাতে আটক ও হামলার শিকার হন।

হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনা উপজেলার ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের সম্মান, নিরাপত্তা, ন্যায্য দাবি অপদস্ত ও হয়রানি বন্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ই মে) সকাল ১০টায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে র‍্যালী শুরু করে হোমনার বিভিন্ন প্রধান রাস্তা প্রদক্ষিণ করে হোমনা উপজেলা চত্বরে এসে শেষ করা হয়।

প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভরা সম্মান চাই,ন্যায্য অধিকার চাই,আমরা উচ্চ শিক্ষিত,আমরা নম্র ও মার্জিত, আমরা অপমানিত নই, আমরা পেশাজীবি, আমরা কোম্পানির প্রতিনিধি। সম্মান আমাদের অধিকার, ভিক্ষা নয়। এই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা মডেল ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন সহ আউয়াল,ইসমাইল হোসেন,রমিজ উদ্দিন, মাহবুব আলম, সাব্বির এছাড়া আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় উপজেলায় কর্মরত ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভগণ অংশ গ্রহন করেন।

বক্তারা কর্মক্ষেত্রে শারীরিক, মানষিক ও মৌখিক হয়রানি বন্ধ, সম্মানজনক আচরন নিশ্চিত, ন্যায্য বেতন প্রদান, অযৌক্তিক চাপ প্রয়োগ বন্ধ, মিথ্যা অভিযোগে হয়রানি বন্ধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়াও দৈনিক কর্মঘন্টা নির্ধারণ ও সপ্তাহিক ছুটি বাধ্যতামূলক করার দাবিও তুলে ধরা হয়।

বক্তারা বলেন দেশের সাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রতিবাদ সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন পেশাজীবীদের অধিকার আদায়ে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন।

কুমিল্লায় দেলোয়ার হত্যার ঘটনায় যুবলীগ নেতাসহ ২৩ জনকে আসামি করে মামলা

কুমিল্লায় দেলোয়ার হত্যার ঘটনায় যুবলীগ নেতাসহ ২৩ জনকে আসামি করে মামলা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেলোয়ার মৃধা (৩৫) হত্যার ঘটনায় ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড় ভাই আব্দুল বাতেন মৃধা। এর মধ্যে ১৫ জনের নাম উল্লেখ এবং আরো ৮ জনকে অজ্ঞাত রেখে মামলা করেছেন।

উক্ত মামলায় চন্দনপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো.নাছির উদ্দিন মেম্বারকে প্রধান আসামি করা হয়েছে।

নিহতের বড় ভাই উপজেলার চালিভাংগা ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির।

মেঘনা থানা ওসি শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদি আব্দুল বাতেন মৃধা জানান, চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে আমার জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করে ইউপি সদস্য নাছির উদ্দীন। এতে আমি বলি জমির মাঝখান দিয়ে না নিয়ে এক পাশ দিয়ে নেওয়ার জন্য। এতেই নাছির ক্ষিপ্ত হয়।

তারই জেরে ৯ মে (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে আমার ছোট ভাই দেলোয়ার পুরান বাড়ি থেকে নতুন বাড়ি আসার পথে আগে থেকে ওতপেতে থাকা নাছির মেম্বার ও তার শ্যালক হালিমসহ তাদের সহযোগিরা মিলে পরিকল্পিতভাবে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

এ বিষয়ে মামলার প্রধান আসামি নাছির মেম্বারের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মেঘনা থানা ভারপ্রাপ্ত ওসি শহিদুল ইসলাম জানান, দেলোয়ার হত্যার ঘটনায় তারই বড় ভাই আব্দুল বাতেন মৃধা বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে আরো ৭/৮ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা করেছেন। আমরা আসামি ধরার জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছেন।

প্রসঙ্গত, গত ৯ মে রাত আনুমানিক বারোটায় মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে গ্রামীণ রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চালিভাংগা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মতিন মৃধা এবং চন্দনপুর ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাছির উদ্দীন গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে দেলোয়ারকে কুপিয়ে হত্যা করে যুবলীগ নেতা নাছির। এ সময় নাছির উদ্দীন, হালিম, আব্দুল আজিজ ও মো. কামাল উদ্দিন গুরুতর আহত হয়েছেন।

কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকা পড়ল চোর!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা আদালত এলাকায় একটি বাসায় চুরি করতে গিয়ে গ্রিলে আটকে যায় এক চোর। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আজ সোমবার সকালে আদালত এলাকার পূর্ব পাশের একটি বাসায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই ব্যক্তি বাসাটির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু একপর্যায়ে গ্রিলের ফাঁকে তার শরীর আটকে যায় এবং সে ভেতরে ঢুকতে বা বাইরে বের হতে পারেনি। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সেখানে জড়ো হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রিলে আটকে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে আটক অবস্থায় থানায় নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১১ মে) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় দুপুর ১২টায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী।

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফকে জমি হস্তান্তর করতে সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।

এর আগে একাধিকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে বিএসএফকে জমি না দেয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গেল শনিবার শপথগ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। আজকের বৈঠক ঘিরে রোববার থেকেই বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে সবরকম নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে।

এদিকে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি আনা হয়েছিল ঝাড়খন্ড থেকে। ঘাতকদের সন্ধানে এরইমধ্যে উত্তর প্রদেশে পৌঁছেছে পুলিশের একটি দল।

বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা

স্টাফ রিপোর্টার:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের এইচএফসি ফেজ-আউট ম্যানেজমেন্ট প্ল্যান (স্টেজ-২) ইউনেপ কম্পোনেন্ট প্রকল্পের আওতায় কুমিল্লায় মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে নগরীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক।

তিনি বলেন, কুমিল্লার পরিবেশগত বিভিন্ন সমস্যা কর্মশালায় উঠে এসেছে। এসব বিষয়ে ধাপে ধাপে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ ও কার্যক্রমে সহযোগিতা করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব, পরিদর্শক জোবায়ের হোসেন, সিনিয়র কেমিস্ট মো. শফিকুল ইসলাম ও আব্দুস সালাম।

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুর বাশার ভূঁইয়া, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান এবং রসায়ন বিভাগের প্রভাষক মো. তায়েদ মজুমদারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মশালায় বক্তারা এসির ব্যবহার কমানো, বহুতল ভবন নির্মাণে আইন মেনে চলা এবং উন্মুক্ত ডাস্টবিন ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কুমিল্লায় বায়ুদূষণকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

ফেনীতে মাদকের টাকা না পেয়ে মাকে খুন

ডেস্ক রিপোর্ট:

ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে রাফি (২১) নামে এক মাদকাসক্ত মাদকের বিরুদ্ধে টাকা না পাওয়ায় মা লাকি বেগমকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে বাবা মো. মোস্তফা ও বোন মিথিলাকে (১৮) ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

রোববার (১০ মে) রাত ১০টায় এ ঘটনা ঘটে।

পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে মাকে মৃত অবস্থায় দেখে। এবং জখম বাবা-বোনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ রাফিকে আটক করে। রাফি সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারেন্টডেন্টের বাড়ির মো. মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার সময় রাফি মা লাকি বেগমের নিকট নেশার টাকা চাইলে মা টাকা দিতে অস্বীকৃতি জানায়। তাতে ছেলে রাফি মাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। বাবা ও বোন বাধা দিলে তাদেরকেও ছুরিকাঘাত করে। মা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাবা ও বোনের অবস্থা সংকটাপন্ন বিধায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয়রা রাফিকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘাতক ও মাদকাসক্ত রাফিকে আটক করে।

জানা যায়, উপজেলা সদর থেকে কুমিল্লা জেলার প্রান্তসীমায় সিন্দুরপুর ইউনিয়ন অবস্থিত। তাই মাদক সেবনকারীদের জন্য নিরাপদ রুট এ অঞ্চল।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি বেগম যুগান্তরকে ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমিসহ ওসি ফয়জুল আমিন নোমান ঘটনাস্থলে গিয়ে হৃদয়বিদারক এ ঘটনায় ঘাতক রাফিকে আটক করে থানায় নিয়ে আসি। সোমবার বিজ্ঞ আদালতে তাকে প্রেরণের জন্য প্রক্রিয়াধীন আছে।

হোমনায় ইয়াবাসহ আটক যুবক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনায় ইয়াবাসহ হাসান সরকার (২৭) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

রবিবার রাত বারোটার দিকে উপজেলার ৪ নং চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক হাসান সরকার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। রামকৃষ্ণপুর জিরো পয়েন্টের ‘মক্কা-মদিনা এসএস গ্যালারি’ দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনক চলাফেরার সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানায়, হাসান সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবককে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

রোববার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন: উপজেলার মোচাগড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৫) এবং একই গ্রামের হানিফ মিয়ার ছেলে অরবিন (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজারে ইউএনও এবিএম সারোয়ার রাব্বি’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদক সেবন ও মাদকদ্রব্য সাথে রাখার দায়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তদের রাতেই মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরদিন সকালে তাদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হবে।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সন্ধ্যার মধ্যেই কুমিল্লাসহ ৯ জেলায় ঝড়ের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:

বৈশাখের বিদায়লগ্নে গরমের দাপটের মধ্যেই দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। তবে এর মধ্যেই বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সোমবার (১১ মে) সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এই অবস্থায় মঙ্গলবার (১২ মে) সকাল ৯টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেটে ৫১ মিলিমিটার ছাড়াও মাদারীপুরে ৪৬, কক্সবাজারে ৪২, নারায়ণগঞ্জে ৩৯, নরসিংদীতে ৩৭, ঢাকায় ৩২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।