All posts by jitu

নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ীতে উপজেলা ছাত্রলীগের বর্তমানে দুটি কমিটি রয়েছে। তারা আলাদা আলাদা ভাবে কার্যক্রম চালাচ্ছে। পুরনো কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিন। গত বছর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়। ওই দিনই নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের নতুন একটি কমিটি ঘোষণা করে। কমিটিতে আরিফ হোসেনকে সভাপতি ও রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়। ছাত্রলীগের বিবদমান অপর গ্রুপ অভিযোগ করে, জেলা ছাত্রলীগ টাকা নিয়ে এই কমিটি দেয়। যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ জেলা কমিটি ভেঙ্গে দিছে। সে ক্ষেত্রে জেলা ছাত্রলীগের এই কমিটি দিতে পারেনা। এরপর আরিফ-রাসেলের নতুন এই কমিটিকে কেন্দ্রীয় কমিটি বৈধ ঘোষণা করেছে বলে দাবি করে তারা। এই বৈধতার আলোকে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আফম বাবু ও জেলা পরিষদের সদস্য বাহার প্রমূখ। সেখানে ভিডিও কনফারেন্সে নতুন উপজেলা ছাত্রলীগের কমিটিকে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা বৈধ ঘোষণা করে বক্তব্য রাখার কথা ছিল। এমন খবর পেয়ে সেখানে উপজেলা ছাত্রলীগের পুরনো কমিটির সভাপতি সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল তাদের অনুসারীদের নিয়ে সভাস্থলে গিয়ে সভা পন্ড করে দেয়। ওই সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের পুরনো কমিটির সাধারাণ শ্যামল উদ্দিন বলেন, সংঘর্ষ ধাওয়া ও পাল্টা ধাওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে আমাদের ৩-৪জন নেতাকর্মি আহত আছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত শিবির থেকে আগত নেতারা আজকে ছাত্রলীগের নামে সভা করতে চেয়েছিল। ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মিরা বিষয়টি টের পেয়ে সভা বন্ধ করে দেয়। এই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সাধারাণ রাসেল মাহমুদ বলেন,আমরা আমাদের কার্যক্রম করছি। প্রতিপক্ষ নেতারা বিবাহিত ও বাচ্চা-কাচ্চা আছে। তারা ৮-১০ বছর আগের কমিটির নেতা ছিল। জেলা ছাত্রলীগ তাদের কমিটি বিলুপ্ত করে গত বছরের ১৫ মে সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে। অপর এক প্রশ্নের জবাবে, এই ছাত্রলীগ নেতা বলেন, বিএনপি জামায়াতের সাথে হাত করে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতারা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় আমাদের ৩-৪জন ছাত্রলীগ নেতা আহত হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের সংঘর্ষের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এখানে কেন্দ্র একটি কমিটি দিয়েছে। উপজেলা ছাত্রলীগের পুরনো কমিটি বাদ দিয়ে নতুন কমিটি দেওয়া হয়েছিল। আজকের সভায় ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় কমিটি সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে বৈধ কমিটি হিসেবে ঘোষণা দেওয়ার কথা ছিল। উপজেলা ছাত্রলীগের বিবদমান অপর গ্রুপ বলতেছে তারা এ সভা করতে দেবেনা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক সাংবাদিকদের জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জবি শিক্ষার্থী

 

ডেস্ক রিপোর্টঃ

হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় আহমাদ কাবীর। তার আগের নাম ছিল অর্ণব দাস। এর মাধ্যমে আড়াই বছর আগে করা ইসলাম ধর্ম গ্রহণের প্রতিজ্ঞা অবশেষে পূরণ করতে সক্ষম হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের এই শিক্ষার্থী।

সদ্য ইসলাম গ্রহণ করা আহমাদ কাবীর বলেন, ২০১৬ সালে মেজো বোনের ইসলাম গ্রহণের পর ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হতে থাকে। এরপর মুসলিম বন্ধুদের কাছ থেকে ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ জন্মায়। সেখান থেকেই ২০২০ সালের মাঝামাঝি সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিই। কিন্তু পরিবেশ অনুকূলে না থাকায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর সিদ্ধান্ত নেওয়ার চিন্তা-ভাবনা করতে থাকি। অবশেষে আল্লাহর ওপর ভরসা রেখে গত ১০ মার্চ ইসলাম ধর্ম গ্রহণ করি।

তার জন্মস্থান রাজধানীর বাড্ডার বড় বেরাইদে ৪২নং ওয়ার্ডে। তিনি বাবা-মার একমাত্র ছেলে সন্তান এবং ভাই-বোনদের মধ্যে সবার ছোট। বাবা ইন্দ্রজিত দাস দক্ষিণ বাড্ডায় মাছের ব্যবসা করেন। মা পারুল দাস ২০০৮ সালেই মারা গেছেন।

ইসলাম গ্রহণের পর আহমাদ কাবীর তার জন্মস্থান বেরাইদেই এক বন্ধুর বাসায় আছেন। ইসলাম গ্রহণের পর কাবীরকে এলাকার মুরব্বি, বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়েরা সব রকমের সহযোগিতা করেন বলে জানান তিনি।

আহমাদ কাবীর আরও বলেন, ‘আমার বোন ইসলাম গ্রহণ করার পরপরই আমার মধ্যে একটা কৌতুহল জাগে। আমি ইসলাম সম্পর্কে জানার জন্য অনেক বই, কিতাব পড়ি। আল্লাহ ও তার প্রেরিত রাসূল সম্পর্কে জানি। আমি সত্যতা পাই ইসলাম ধর্মের। এরপর ইসলাম সম্পর্কে আরও জানতে ওয়াজ শুনতাম। একপর্যায়ে ইসলামের প্রতি ভালোবাসা জন্মে। তখন থেকেই লুকিয়ে নামাজ পড়তাম আমি। প্রায় দুই বছর এলাকার বাইরে গিয়ে লুকিয়ে নামাজ পড়েছি।’

তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের আগে থেকেই নামাজ পড়তাম। ধর্মীয় নিয়ম-কানুন মানতাম। ইসলাম ধর্ম গ্রহণ ও ভালোবাসা জন্মানোর কারণ জানিয়ে তিনি বলেন, গত তিন মাস আগে আমি পরপর তিন দিন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছি যে, আমি নামাজরত অবস্থায় আছি এবং সালাত আদায় করছি।’

ইসলাম গ্রহণের পর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা- জানতে চাইলে কাবীর বলেন, ‘হ্যাঁ, আমার বাবা ও বোনদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা আমাকে আগের ধর্মে ফিরে যেতে বলে। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করেন এবং আমি যেন আল্লাহর প্রিয় একজন মানুষ হতে পারি।’

দাউদকান্দিতে তিশা পরিবহনের বাস চাপায় নিহত ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে বাস চাপায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় শিশুসহ আরও ২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দির রায়পুর দিঘীরপাড় এলাকায় কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মহিলা মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন পুরুষ যাত্রী মারা যায়।

মারাত্মক আহতরা হলেন, অটোরিক্সার শিশু যাত্রী নুসরাত জাহান (৭) এবং অটোচালক মাজারুল (৩৮)। আহত দুই জনকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্খাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫) ।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, দূর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল

 

আন্তর্জাতিক ডেস্কঃ

‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে কারাদণ্ড পাওয়া রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার (২৪ মার্চ) লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

এর আগে বৃহস্পতিবার( ২৩মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানিকর মামলায় ২ বছরের সাজা দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে আপিল করার জন্য তাকে ৩০ দিনের জামিন দিয়েছে আদালত। গুজরাটের সুরাটের একটি আদালত রাহুলের বিরুদ্ধে এই রায় দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিতর্কিত মন্তব্য করেন রাহুল। তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের এক বিধায়ক। সুরাটের আদালতে সেই মামলার শুনানি চলছিল চার বছর ধরে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে মামলার রায়কে কেন্দ্র করে গুজরাটের সুরাতে গিয়ে পৌঁছান রাহুল গান্ধী। সেখানে তাকে স্বাগত জানান রাজ্যের নেতারা।

রাহুলের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় ব্যানার–ফেস্টুন নিয়ে অবস্থান নেন গুজরাট রাজ্যের কংগ্রেস নেতা–কর্মী ও সমর্থকেরা। কারও কারও হাতে রাহুলকে ‘শের–ই–হিন্দুস্তান’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ।

গ্রেফতারকৃত ইয়াছিন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের ফয়েজ উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত আগুন রমজামানের ছেলে।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০০৬ সালের ১৫ জুন রাত ১১টার থেকে পরের দিন সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোন সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মধ্যম একলাশপুর গ্রামের ফয়েজ উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আসামিরা ভিকটিম ইকবাল হোসেন সেন্টুকে হত্যা করে। পরবর্তীতে তার মা রওশন আরা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এজাহার দায়ের করলে বেগমগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে মো. ইয়াছিন আরাফাত মহ সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

এসপি আরো বলেন, আদালত মামলার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ শেষে আসামি মো. ইয়াছিন আরাফাতসহ সাত জনের প্রত্যেককে দন্ড বিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতার এড়াতে আসামি মো. ইয়াছিন আরাফাত দীর্ঘদিন পলাতক ছিল।

কুমিল্লার বাঙ্গরায় ৫৬ কেজি গাঁজা ও দেশিয় অস্ত্রসহ আটক ৭

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজাসহ ৭ জনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৭টি দেশিয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ মার্চ) ভোরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামের মৃত আঃ লতিফ ভূইয়া ওরফে মনির আলীর ছেলে দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হক (৪০), একই গ্রামের ধনুু মিয়ার ছেলে সোহেল (২৮), রুক্কু মিয়ার ছেলে মোঃ আরিফ (২৮), জসিম উদ্দিনের ছেলে উজ্জল (২২), মৃত সুন্দর আলী ভূইয়ার ছেলে নুরু ভূইয়া (৩৫), বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার মাইজ খার দক্ষিণ খার গ্রামের মোঃ হারেছ মিয়ার ছেলে তারেকুল ইসলাম ওরফে বাবু (২২) ও একই গ্রামের মৃত ভুট্টু মিয়া ওরফে স্বপন মিয়ার ছেলে মোহাম্মদ চৌধূরী (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরীর নেতৃত্বে একদল পুলিশ দূর্বাজ ভূইয়ার বাড়িতে তল্লাসি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করেন। দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার হেফাজতে থাকা ৭টি দেশিয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকা ৭ জনকে আটক করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধূরী বলেন, ৭ জনের বিরুদ্ধে মাদক আইনে এবং পৃথকভাবে দূর্বাজ ভূইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা নগরীতে রমজানের প্রথম দিনেই ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে রমজানের প্রথম দিনেই ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ৪ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে নগরীর বাদশা মিয়ার বাজা‌রে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এই তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় জুমু প‌ল্ট্রি হাউজ‌কে ১ হাজার টাকা, অ‌তি‌রিক্ত মূ‌ল্যে চি‌নি বি‌ক্রি করায় তাশ‌রিফ স্টোর‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌তি‌রিক্ত মূ‌ল্যে সয়া‌বিন তেল বি‌ক্রি করায় মাহদী এন্টারপ্রাইজ‌কে ৫ হাজার টাকা এবং একই অ‌ভি‌যো‌গে খান স্টোর‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নে হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে ব‌্যবসায়ী ও ভোক্তা সাধারণ‌দের করণীয় ও পালনীয় বিষ‌য়ে স‌চেতন করা হয়। বাজারকে স্থি‌তিশীল রাখ‌তে ব‌্যবসায়ী‌দের ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতা‌দের প্রয়োজনের অ‌তি‌রিক্ত ক্রয় না কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

এসময় সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

 

বেগমগঞ্জে পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্য আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় প্রতারক পাসপোর্ট দালাল চক্রের সদস্যদের থেকে নগদ ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ১৪টি পাসপোর্ট, ২০৪ টি পাসপোর্ট ডেলিভারী রিসিট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য মো. সিরাজ উদ্দিন (৪৫) আসাদুজ্জামান (৩৫) মো.আব্দুর রহিম (৫২) মো.মোসলেহ উদ্দিন (৪৫) মো.জুয়েল রানা (২৭) মাঈন উদ্দিন (৪২) মো. মহিন উদ্দিন (৩৭) মো.হারুন-অর-রশিদ (৪৫) গাজী আনোয়ার আহম্মেদ ওরপে হৃদয় (২৭) মো.মাহবুবুর রহমান (২৫) ও আজিজুল হাকিম (২৭)।

এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জেলার বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১ পাসপোর্ট দালালকে আটক করা হয়। আটককৃতরা নোয়াখালী জেলার পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরষ্পর যোগসাজসে জনসাধারণের কাছ থেকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়াও নোয়াখালী জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় সিন্ডিকেট তৈরি করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সিন্ডিকেটের মাধ্যম ছাড়া জনসাধারণকে পাসপোর্ট করতে বিভিন্ন ধরণের বাধার সম্মূখীন হতে হয়। র‍্যাব-১১ কর্তৃক দালালচক্র বিরোধী অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভাবে সংসার চালাতে না পেরে স্ত্রী ও ছেলেকে হ’ত্যার পর পৃথিবী ছাড়লেন বাবা

 

ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

চুনারঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পরিবারের সজ্জুল হকের (৪৫) লাশ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। আর তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) লাশ বাড়ির ভেতরে ছিল। এই দম্পতির আরও তিন সন্তান জীবিত আছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধী। সজ্জুল মিয়া একজন হতদরিদ্র। তাই তার পক্ষে সংসার চালাতে কষ্ট হচ্ছিল। এ জন্য স্ত্রী ও ইয়াছিনকে মারার পর হয়তো সজ্জুল হক আত্মহত্যা করতে পারেন। লাশ তিনটির সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, সজ্জুল হকের তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে। হয়তো তাকেও গলায় রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

সদর দক্ষিণে ৩০ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা হতে ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সদর দক্ষিণ উপজেলার কালিরবাজার রাস্তার মাথা হতে ৩০ কেজি গাঁজাসহ শাহআলম নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটক হওয়া শাহ আলম (৩০) সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার মৃত. আকবরের ছেলে ।

এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।