All posts by jitu

সদর দক্ষিণে ১৩ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের জোড়কানন এলাকা হতে ১৩ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ২০ মার্চ দুপুরে কুমিল্লার সদর দক্ষিণের জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার সদর দক্ষিণের ধনপুর গ্রামের আব্দুল ওদুদের ছেলে মোঃ মহিউদ্দিন (৩০) এবং একই থানার জয়নগর গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ হেলাল উদ্দিন (২২)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআরবি হসপিটালস লিমিটেডে“ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ও ফ্রি ডেন্টাল চেকআপ সেবার উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার:

বিআরবি হসপিটালস লিমিটেডে“ওয়ার্ল্ড ওরাল হেলথ ডেও ফ্রি ডেন্টাল চেকআপ সেবা ২০২৩” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালস লিমিটেডে জাঁকজমকপূর্ণ ভাবে“ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে ও ফ্রি ডেন্টাল চেকআপ সেবা-২০২৩” এর উদ্বোধন করেন বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বিআরবি হসপিটালসের কিডনি বিভাগের প্রধান স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো: নিজামউদ্দিন চৌধুরী।

আজ ২০ মার্চ সকালে সচেতনতামুলক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়ে আলোচনা সভাসহ নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মোফাজ্জেল হোসেন, স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ বাশার ও স্বনামধন্য নরমাল ডেলিভারি বিশেষজ্ঞ ডা. কাজী ফয়েজা আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কর্ণেল হুসাইন ফারুখ, পিএসসি (অবসরপ্রাপ্ত), প্রধান নির্বাহী কর্মকর্তা বিআরবি হসপিটালস লিমিটেড। উক্ত অনুষ্ঠানে বিআরবি হাসপাতালের কনসালটেন্টবৃন্দ, স্পেশালিস্ট, রেজিস্ট্রার, মেডিকেল অফিসার, নার্স, টেকনোলজিস্ট,অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা দিবসটির তাৎপর্য ও ব্যাপক সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দাঁতের যত্ন ও দাঁতের সমস্যায় দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ থাকার জন্য পরামর্শ প্রদান করেন“ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বিআরবি হসপিটালস আয়োজন করেছে ফ্রি ডেন্টাল চেকআপ সেবা-২০২৩। মাত্র ৫০০ টাকা রেজিস্ট্রেশনে বিনামূল্যে দাঁতের ডাক্তার দেখানোর সুযোগ, দাঁতের এক্সরে (জঠএ), ফ্রি গামট্রিটমেন্ট, ফ্রি ট্রিটমেন্টফিলিং,রিপোর্ট রিভিউ ও কাউন্সেলিং এবং দাঁতের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার উপর ৫০% ছাড় দিচ্ছে। ফ্রি ডেন্টাল চেকআপ সেবা ২০ মার্চ থেকে ২৩ই মার্চ পর্যন্ত চলবে। দাঁতের সমস্যায় রোগীরা প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে বিআরবি হসপিটালস ডেন্টাল সেন্টারে এসে এই সেবা নিতে পারবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ১০৬৪৭।

 

কুবির বাসের ধাক্কায় আহত শিক্ষার্থী লিন্ডা

 

চাঁদনী আক্তার ,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিআরটিসি বাসের ধাক্কায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবিকুন্নাহার লিন্ডা।

রবিবার (২০মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী ক্লাস শেষে বাসায় ফেরার সময় উল্টো দিক থেকে আসা একটি লাল বাস (১১ নং) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন।

কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে সিটি স্ক্যান করতে বলেন এবং একদিনের জন্য পর্যবেক্ষণে রাখার নির্দেশনা দেন।

এবিষয়ে পরিবহন কর্মকর্তা স্বপন চন্দ্র মজুমদার বলেন, আমি ঘটনা জানি না, তবে আমি খোঁজ নিচ্ছি। তদন্তের মাধ্যমে ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগরে নিখোঁজের ২ দিন পর নদী থেকে আনসার সদস্যের লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর গোমতী নদী থেকে সমীর চন্দ্র দাস (৪০) নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সমীর চন্দ্র দাস উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে।

সোমবার দুপুরে স্থানীয়রা উপজেলার জাহাপুর ইউনিয়ের বাখরাবাদ এলাকায় গোমতী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মুরাদনগর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী সোমা রানী দাশ বলেন, সমীর চন্দ্র দাস চট্টগ্রামে আনসার বিডিপিতে কর্মরত ছিলেন। বুধবার ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকেলে কবুতর বিক্রির জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায় তার স্থানীয় ডালিম নামে এক বন্ধু। কবুতর বিক্রি শেষে সমীর বাসায় আসলে পুনরায় আবার সন্ধ্যায় ডেকে নিয়ে যায় ডালিম।
রাত গভীর হলে নিহতের মোবাইলে একাধিক বার ফোন দিলে ফোনটি রিসিভ করেন ডালিম। এবং ডালিম জানায় সমীর সাথেই আছে কোন সমস্যা নেই। পরবর্তীতে আবার ফোন দিলে সে জানায় সমীর কিছুক্ষণ পর বাড়িতে আসবে।
পরে রাতে ডালিম সমীরের ব্যবহৃত জুতা ও মোবাইল ফোন নিয়ে বাড়িতে আসে। এবং আমাদেরকে জানায় সমীর গোমতী নদীর পাড়ে বন্ধুদের সাথে জুয়া খেলছিল। এ সময় অজ্ঞাত কেউ জুয়াড়িদের বরাবর টর্চ লাইট মারলে পুলিশ ভেবে জুয়ারীরা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়ে।

এ বিষয়ে জানতে ডালিমের ব্যক্তিগত মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি ।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

কুবি’র বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে মোতাসিম- রবিউল

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে প্রত্নতত্ত্ব বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত সভাপতি ও লোক প্রশাসন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মোঃ রবিউল হোসেন সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।

রবিবার (১৯মার্চ) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মোশাররফ ও সাধারণ সম্পাদক প্রিতম সেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মুজিবুর রহমান , তানজিনা আক্তার, মহিউদ্দিন মাহি , নাজমুল হাসান , তামান্না আক্তার, আবুল হাসান শফি, খাদিজা আক্তার, মোঃ সামিউল, সৌরভ দত্ত, নিরুপমা রায়, ও নাহিনুর রহমান কুলসুম।

এছাড়া নতুন কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম মোঃ সাইদুর রহমান, মোঃ আবদুল্লাহ (প্রত্নতত্ত্ব-১৩), মোঃ আরিফ গাজী, মোঃ মাহবুবুর রহমান, মেহেনাজ শারমিন রাফিয়া, মাসুম বিল্লাহ, ফয়সাল সজিব, তৌহিদা নাজনীন ইতু, মাহমুদুল হাসান ও সজিব ভৌমিক ।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত বাকিরা হলেন সাংগঠনিক সম্পাদক নুসরাত রশীদ সবুজ হোসেন, আবিদ হাসান, ফাতিমা আক্তার, ইসরাত জাহান শিফা (বাংলা-১৪) ফাহিমা আক্তার, অর্থ সম্পাদক নাজমুল হাসান জুয়েল, উপ-অর্থ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আসিফুর রহমান দীপু, উপ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন অপু, প্রচার সম্পাদক মেহেদী হাসান উপ-প্রচার সম্পাদক মীর হোসাইন বিন জামাল। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রনি, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবেদা খানম মুক্তা। ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা সুলতানা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক আফরোজা, আইন বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, উপ-আইন বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, উপ-সাহিত্য ও ক্রিড়া বিষয়ক সম্পাদক তানভীর হাসান ফাহিম। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইশরাত জাহান ইকরা ও উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনি রাণী দেবনাথ।
এছাড়া নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ১৫ তম ব্যাচের আট জনকে কার্যকরী সদস্য করা হয়।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য উক্ত সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপারকে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফুলেল শুভেচ্ছা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

তিনি গত শনিবার (১৮ মার্চ) চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসলে এ শুভেচ্ছা জানানো হয়। প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এর নেতৃত্বে সংগঠনের কার্যকরী সদস্য মোঃ জহির খাঁন এ শুভেচ্ছা জানান।

এ সময় প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার উপদেষ্টা শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, ঢাকা টাইলস হাউজের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম খান, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান ইবনে আমিন, প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৫ দফা দাবি আদায়ে অবশেষে আমরণ অনশনে কুবির ৪ শিক্ষার্থী

 

কুবি প্রতিনিধি:

দায়িত্বপালনে ব্যর্থতা ও শিক্ষার্থীদের ওপর হামলায় ইন্ধনের অভিযোগে ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর পদত্যাগ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁঁচ দফা দাবি আদায়ে অবশেষে আমরণ অনশনে বসেছেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের চার শিক্ষার্থী। টানা ১০দিন শান্তিপূর্ণ আন্দোলন করেও কোনো ফলাফল না আসায় শেষ পর্যন্ত অনশনের পথ বেঁচে নিয়েছেন তাঁরা। রোববার বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তাঁরা। পরে সন্ধ্যা ৭টায় অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন উপাচার্য। তবে দাবি আদায় না হলে অনশন ভাঙবেন না বলে জানান তাঁরা।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন গত ৮ মার্চ ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন তাজান্না ভূঁইয়া কনফেকশনারি দোকানের সামনে ‘প্রক্টর সমর্থিত’ ছাত্রলীগের ক্যাম্পাসের বাইরের অংশের হাতে হামলার শিকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, একই হলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী হৃদয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইমতিয়াজ শাহরিয়া ও কাজল হোসাইন।

এর আগে গত ১৬ মার্চ আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজিত ‘কনসার্ট ফর জাস্টিস’এ আজ দুপুর ১২টার মধ্যে তাঁদের দাবিসমূহ আদায়ের জন্য আল্টিমেটাম দেন। একই সময়ে প্রক্টরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন তাঁরা।

তাঁদের আল্টিমেটাম দেওয়া সময়ের মধ্যে উত্থাপিত কোনো দাবি পূরণ না হওয়ায় সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে অনশনে বসেন তাঁরা। সংবাদ সম্মেলনে অনশনকারী শিক্ষার্থী কাজল হোসাইন বলেন, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।

বিকেল সাড়ে ৫টায় অনশনকারী শিক্ষার্থীদেরকে দেখতে এসে সান্ত্বনা দিয়ে চলে যান কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান। তবে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়েই স্থান ত্যাগ করেন তিনি।

একই কাণ্ড ঘটিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনও। সন্ধ্যা ৭টায় বৃষ্টিতে ভিজছিলেন অনশনরতরা। সেসময় উপাচার্য আসলে দাবি আদায় হওয়া পর্যন্ত অনশনে অনড় থাকার ঘোষণা দেন তাঁরা। পরে অনশনরতরা অসুস্থ হলে তাঁদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার নির্দেশনা দিয়ে স্থান ত্যাগ করেন উপাচার্য। সেসময় উপস্থিত সাংবাদিকরা তাঁর মন্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্যই করবেন না বলে জানান।

দাউদকান্দিতে শিশুর লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে হত্যাকারীদের বিচারের দাবিতে ছয় বছরের শিশু তানিশার লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্বজনরা।

শনিবার রাতে ভুট্টা খেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হলে ময়না তদন্ত শেষো রবিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে চারটায় থানার সামনে লাশ নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভকারীরা লাশ নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকায় আধা ঘন্টা অবস্থান নেন । এসময় মহাসড়করর উভয় পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, মেয়র নাইম ইউসুফ সেইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির বিষয়ে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যান।

খুন হওয়া ওই শিশু তানিশা (৬) উপজেলার সদর উত্তর ইউনিয়নের কান্দারগাও গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে এবং স্থানীয় জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী ।

নিহতের স্বজনরা জানান, শনিবার(১৮ মার্চ) বিকাল ৩টার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না তানিশাকে । পরে তার চাচার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন করে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

চাচা ফয়সাল জানান, অপরিচিত নাম্বার থেকে আমার কাছে ফোন করে ভাতিজি তানিশা কোথায় জানতে চায়। বাড়ীতে আছে বললে, তারা বলে বাড়ীতে নেই, আমাদের কাছে আছে। নিতে হলে দুই লাখ টাকা লাগবে। পরে বিষয়টি আমাদের মেম্বারকে জানাই এবং বিকাশে তাদের মোবাইলে পচিঁশ হাজার টাকা পাঠাই । মেম্বার পুলিশকে জানায়। পুলিশ তাদের মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে স্থানীয় আহাম্মদ আলীর ছেলে মাহফুজ (২৫) কে রাতে আটক করে তার দেয়া তথ্য মতে শনিবার দিবাগত রাত ৩টায় বাড়ীর পাশের ভুট্টার জমি থেকে তানিশার মরদেহ উদ্ধার করা হয় এবং রতন, লিটন ও আশিককে আটক করে পুলিশ।

স্থানীয় মেম্বার শাজাহান মিয়া বলেন, শনিবার দিনের ৩টায় প্রাইভেট পড়তে গিয়ে তানিশা নিখোঁজ হয়। পরে জানতে পারি যে তাকে অপহরন করা হয়েছে। এরপর পুলিশের সহযোগিতায় শনিবার রাত ৩টায় ভূট্টা খেত থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়।

বিক্ষোভকারীরা বলেন, হত্যাকারী মাহফুজ, আশিক, লিটন ও রতনকে পুলিশ আটক করেছে। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানাচ্ছি।

নিহত শিশুটির মা শারমিন আক্তার, প্রতিদিন মেয়েটি পাশের বাড়ীর মোর্শেদা মেডামের কাছে প্রাইভেট পড়তো। কাল(শনিবার) প্রাইভেট পড়তে বের হয়ে গেলেও মেডামের কাছে যায়নি। পরে খবর পাই যে, মেয়েকে অপহরন করেছে, তারা দুই লাখ টাকা চায়। পচিশ হাজার টাকাও দেয়া হয়েছে। তারপরও তারা আমার মেয়েকে মেরে ফেলেছে বলে বার বার মূর্ছা যান। আমার মেয়ের হত্যাকারীদের ফাসি চাই, ফাসি চাই বলে মূর্ছা যান।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, আটক চারজনের নামসহ অজ্ঞাত কয়েকজনের নামে শিশুটির মা শারমিন আক্তার অভিযোগ দিয়েছে। আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

কুবিতে “ফান্ডামেন্টাল এন্ড সাপ্লাই চেইন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

চাঁদনী আক্তার ,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মার্কেটিং বিভাগের ১৩ তম আবর্তনের উদ্যোগে “ফান্ডামেন্টাল এন্ড সাপ্লাই চেইন : অ্যা পার্টিকুলার গাইড” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) বেলা সোয়া ১২ টায় ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী রবিন হোসাইন ও জাফরিন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিন এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মেরিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানির সাপ্লাই চেইন প্ল্যানিং এর প্রধান সায়েদ সাজ্জাদ আলি ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

কো-অর্ডিনেটর মাশিয়াত যাহিন বলেন, ‘এই সেশনের মাধ্যমে আপনারা পাঠ্যবইয়ের বাহিরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা লাভ করবেন। অতি শীঘ্রই আপনারা বিবিএ শেষ করবেন এবং এই সেশনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বর্তমান চাকরির বাজারে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবং কি কি স্কিল আপনাদের প্রয়োজন হবে।

অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন সাপ্লাই চেইনকে সংজ্ঞায়িত করে বলেন, ‘কোম্পানীর সিরিজগুলো শেষ পর্যন্ত ভোক্তাদের জন্য পণ্য এবং পরিষেবাগুলো সহজলভ্য করে। যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে সমস্ত ফাংশনগুলোর উৎপাদন, বিতরণ, উপকরণ, উপাদান, শেষ পণ্য এবং পরিষেবাগুলোর পুর্নব্যবহারযোগ্যতা।’ এসময় তিনি একটি ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে বিষয়টি শিক্ষার্থীদের নিকট আরোও পরিষ্কারভাবে তুলে ধরেন।

সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে বিশদ আলোচনা করে সায়েদ সাজ্জাদ আলি বলেন, সাপ্লাই চেইন ইজ এভরি হোয়ার। সাপ্লাই চেইনের একটা স্কোর মডেল আছে। এই মডেলে চারটা উপাদান হলো প্ল্যান, সোর্স, মেইক এন্ড মোর। ওভার দ্যা টপ (ওটিটি) প্ল্যাটফর্মে একটা সিরিজ রিলিজ হওয়ার পর সেই সিরিজটাকে তারা যে পার্টিকুলার প্রোডাক্ট বা সার্ভিস হিসবে রিলিজ দিয়েছে এটার স্ক্রিপ্টিং থেকে শুরু করে ফাইনাল টিজারটা রিলিজ করা পর্যন্ত পুরোটাই হলো একটা সাপ্লাই চেইন।

সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘এই সেশনটার মাধ্যমে আমরা প্র‍্যাক্টিক্যাল অনেক কিছু শিখতে পারলাম যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।’

এসময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মাহফুজুর রহমানসহ বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীবৃন্দ।

এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করা হয়।