All posts by jitu

হিন্দি ছবি না এনে আমাদের দিয়ে বলিউডের ছবির মত ছবি বানান: জায়েদ খান

 

বিনোদন ডেস্কঃ

শুরু থেকেই দেশে হিন্দি সিনেমা আমদানির বিরোধিতা করে আসছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। দুই বছর আগে শিল্পী সমিতির সেক্রেটারি থাকাকালীনও জায়েদ কমিটির সবাইকে ডেকে হিন্দি ছবির পক্ষে না যেতে মতামত দিয়েছিলেন। ফের তার মুখে সেই প্রতিবাদ। বললেন, দেশের হলে হিন্দি ছবি না এনে আমাদের দিয়ে ‘পাঠান’-এর মত ছবি তৈরি করুন।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ দেশে পাঠান আনার কি প্রয়োজন? তার চেয়ে পাঠান না এনে আমাকে বা আমাদেরকে দিয়ে পাঠানের মত তৈরি করুণ। আমাদের দিয়ে বলিউডের ছবির মত ছবি বানান।’

জায়েদ খান বলেন, ‘এক কোটি টাকা বাজেটের সিনেমা কখনোই একশ’ কোটির সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারবে না। দেশীয় সংস্কৃতির বিকাশ লাভে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে। সবসময় চাইবো হিন্দি ছবি যাতে এখানে না আসে।’

তিনি মনে করেন, শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হিন্দি ছবি বাংলাদেশে এলে এদেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, ‘পাঠান’ এলে ‘ওরা সাতজন’ নামে যে সিনেমাটি রিলিজ হলো সেটার অবস্থা কী হতো? কোনো হল পেত? আর আমাদের দেশে হল নামে যেসব গোটাউন আছে সেগুলো ঠিক করে ভালো পরিবেশ দেন, দেখবেন দর্শক বাংলা ছবি দেখতে আসবে। এক পাঠান নিয়ে লাফিয়ে লাভ নেই। সব ছবি হিট হয় না। শেহজাদা, সেলফি সবগুলো ফ্লপ গেছে।’

এই চিত্রনায়ক বলেন, ‘গত ১৬ দিন মুম্বাই ছিলাম কাজে। সেখানে ক’দিনে হিন্দি শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হলো, সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাকে তৈরি করেন।’

ইউক্রেনজুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। উত্তরের খারকিভ থেকে দক্ষিণের ওদেসা, পশ্চিমের জাইটোমি থেকে রাজধানী কিয়েভেও হামলা হয়েছে। ৮০টি হামলায় অন্ত্যত ৯ জন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জনিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, খারকিভ ও ওদেসায় চালানো হামলায় বিভিন্ন ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়টি এলাকা বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানী কিয়েভেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

টেলিগ্রামে এ ব্যাপারে গভর্নর মার্চেঙ্কো বলেছেন, ‘বড় হামলার ক্ষেপণাস্ত্র একটি বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক ভবনে আঘাত হেনেছে।’

তবে তিনি জানিয়েছেন, বিমানবিধ্বংসী ইউনিট কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কিন্তু সামনে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইতিমধ্যে এই হামলার এক বছর পেরিয়ে গেছে। চলমান এই যুদ্ধে উভয় পক্ষে লাখো সেনা হতাহত হয়েছেন। যুদ্ধে ইউক্রেনের হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো ইউক্রেনীয়।

নিষেধ অমান্য করে মাছ ধরায় ২৯ জেলে আটক

 

ডেস্ক রিপোর্টঃ

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে চাঁদপুরে ২৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ১৮৮ কেজি জাটকা ইলিশ, পাঁচটি নৌকা ও ২৮ লাখ ৫৬ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার (৮ মার্চ) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। পৃথক স্থান থেকে ২৯ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৮ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৬ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা ও ১২ জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বাকি ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছাড়া পায়।

কুমিল্লার দুই উপজেলায় র‌্যাবের অভিযানে ৫ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম ও মেঘনা উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ৮৪ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৮ মার্চ রাতে চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে উপজেলার জামপুর নোয়াবাজার গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ ফারুক হোসেন (২৬)।

পৃথক আরেকটি অভিযানে ৯ মার্চ সকালে মেঘনা উপজেলার বড় সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬৪ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার সদর উপজেলার মাস্টারপাড়া গ্রামের মৃত বিশু ওরাও এর ছেলে লাবণ ওরাও (৩২), একই উপজেলার সিত্রাপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে হিরা মন্ডল (৩০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ সবুজ (৩৯) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউস গ্রামের নুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে পৃথক থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর উত্তরায় অস্ত্রের মুখে ভ্যান গাড়ি আটকে ডাচ বাংলর ব্যাংকের প্রায় সাড়ে ১১ কোটি টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ৯ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে তুরাগ থানার উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, প্রতিষ্ঠানটি দাবি করেছে ছিনতাইকারী দলটি প্রায় সাড়ে ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে।

পুলিশসূত্রে জানা গেছে, সকালের দিকে টাকা বহনকারী ওই গাড়িটি ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা জমা করতে ঢাকা থেকে সাভার ইপিজেড এলাকার একটি বুথে যাচ্ছিল। সাড়ে ৭টার দিকে তুরাগ থানার উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এলে সশস্ত্র একটি চক্র গাড়িটি জিম্মি করে টাকার বাক্সটি ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ জানায়,খবর পেয়ে উত্তরা বিভাগের উপকমিশনার, ওসিসহ ডিএমপির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

একটি সিকিউরিটি কোম্পানি ডাচ বাংলা ব্যাংকের বুথগুলোয় টাকা রাখার কাজটি করে।

গাঁজাসহ আটক আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনরা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে গাঁজাসহ আটক দুই কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটককৃত ২ মাদক কারবারিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরায়েজী বাজার এলাকা থেকে ছিনিয়ে নেয় তাদের স্বজনেরা।

ছিনিয়ে নেওয়া মাদক কারবারিরা হলেন, ওই এলাকার মাদক কারবারি মো. লিটন (২৫) ও মো. মাইনুদ্দিনকে (৩০)। তাদের মধ্যে মো. লিটনকে রাত ৮টার দিকে পুলিশ আটক করলেও মাইনুদ্দিন এখনো পলাতক আছেন।
স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টি, ফরায়েজী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ আসামি লিটন ও মাইনুদ্দিনকে আটক করা হয়।

পরে আসামিদের স্বজনরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ওপর আক্রমণ করে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে এবং পলাতক আসামি লিটনকে আটক করে। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

বুড়িচংয়ে ৭ মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় ৭ মামলার কুখ্যাত আসামী, চিহ্নিত মাদক ব্যবসায়ি মোহাম্মদ মানিককে (৩৫) পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুড়িচং থানায় ৩ জনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়।

এরই ধারাবাহিকতায় ৮ মার্চ বুড়িচং থানার এসআই আবদুল বাতেন সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামী মানিককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃত মানিক উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের মোঃ জজু মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের এক প্রবাসীর মেয়েকে বন্ধুরা মিলে ব্ল্যাকমেইল করে অশ্লীল ছবি তুলতে বাধ্য করায় এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে, লিফলেট ও পোস্টারিং করে ছড়িয়ে দেয়।এই অশ্লীল ছবি লোকমুখে জানাজানি হলে তা দেখতে পেয়ে প্রবাসীর মেয়ে ও স্ত্রী আত্মহত্যা করতে যায়। যা পরিবারের লোকজন দেখতে পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং আসামি পক্ষকে বিষয়টি অবগত করে। এতে মামলার আসামিরা বিভিন্ন মাধ্যমে বাদিকে ভয়ভীতি ও হুমকি দেয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির হোসেন জানান, পর্নোগ্রাফি আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা এই পর্যন্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছি। বাকি অপরাধীদের গ্রেফতারের বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

ফেব্রুয়ারিতে সড়কে ঝড়লো ৪৮৭ প্রাণ, মোটরসাইকেলেই ৪০ ভাগ

 

ডেস্ক রিপোর্টঃ

সারাদেশে গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৭১২ জন। নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ মানুষ মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। অপরদিকে মোট নিহতের ২২ দশমিক ১৭ শতাংশ মানুষ পথচারী।

বুধবার (৮ মার্চ) রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলা হয়, ফেব্রুয়ারিতে সারা দেশে ৪৩৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ঘটেছে ২৩টি দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। নিহতদের মধ্যে ৫৪ জন নারী ও ৬৮ শিশু রয়েছে।

তাদের তথ্যে ওঠে আসে, ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় ১০৮ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমিক ১৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭২ জন, অর্থাৎ ১৪ দশমিক ৭৮ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৮৩টি। এতে নিহত হয়েছেন ১৯৬ জন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ৬৮ শতাংশ।

একই সময়ে ১৭টি রেলপথ দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৫ জন আহত ও ৩০ হাজার লিটার জ্বালানি তেল নষ্ট হয়েছে। আর ৯টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত ও সাত জন আহত হয়েছে।

গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদনে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১১৩টি দুর্ঘটনায় ১২১ জন নিহত হয়েছেন। রাজধানীতে ২৩টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

সরকারের ব্যর্থতায় রাজধানী এখন বিস্ফোরণের নগরী: মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

সম্প্রতি রাজধানীতে একাধিক বিস্ফোরণের ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে দুর্ভাগ্য আমাদের। এই সরকারের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী একটি বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে। বিপজ্জনক নগরীতে পরিণত হয়েছে। গত কয়েক দিন ধরে শুধু বিস্ফোরণ হচ্ছে।

বুধবার (৮ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক র‌্যালিপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এই র‌্যালির আয়োজন করে।

ফখরুল বলেন, যে ভবনে বিস্ফোরণ হচ্ছে সেই ভবনে নির্মাণ কাজ, রক্ষণাবেক্ষণ তা দেখাশোনা হয় না। গ্যাস জমে থেকে সাইন্সল্যাবে বিস্ফোরণের তিনজন লোক মারা গেলেন। গতকাল ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ফলে ১৭ জন মানুষ মারা গিয়েছেন। যাদের মধ্যে দুজন মহিলা রয়েছেন। এর আগে চট্টগ্রামে বিস্ফোরণ হলো সেখানে সাতজন লোক মারা গেলেন। কেন হচ্ছে এসব? সরকারের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, যাদের এগুলো দেখার কথা, নজরদারিতে রাখার কথা, তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির সাথে জড়িত। যার কারণে এই ভবনগুলোতে কোনো নিরাপত্তা নেই, বিস্ফোরণ প্রতিরোধ করার, আগুনকে প্রতিরোধ করার কোনো ব্যবস্থা না থাকার কারণে আজকে এভাবে ভয়াবহ বিস্ফোরণে মানুষ প্রাণ হারাচ্ছে। ঢাকা মহানগর এর সবচাইতে বিপজ্জনক একটি নগরে পরিণত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, শুধু তাই নয়, ঢাকা মহানগরের যে বাতাস সেটাকে বলা হচ্ছে পৃথিবীর সবচাইতে দূষিত বাতাস। মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ডে প্রকাশিত ইকোনোমিক্স পত্রিকা, তারা বলছে দূষিত মহানগরকে ছাড়িয়ে এখন দুর্নীতির যে বাতাস এটা এখন বাংলাদেশকে পুরোপুরি গ্রাস করে ফেলছে।

ফখরুল বলেন, আজকে আওয়ামী লীগের আমলে নারীরা যেভাবে নির্যাতিত হচ্ছেন অতীতে কখনো এরকম নির্যাতন হচ্ছে বলে আমার জানা নেই।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নায়েবা ইউসুফ, দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার প্রমুখ।

বহিষ্কারের পরেই ছাত্রদলের দ্বারা মারধরের শিকার কুবি ছাত্রলীগের ৩ কর্মী

 

কুবি প্রতিনিধিঃ

স্থানীয় ছাত্রদল নেতা ও বহিরাগতদের দিয়ে নিজেদেরই ৩ নেতাকে বেধড়ক মারধর করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেকটি পক্ষ।

বুধবার (৮ মার্চ) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আল আমিন কনফেকশনারির সামনে এ ঘটনা ঘটে।

মারধরকারীরা হলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের ২৪ নম্বর ওয়ার্ডের নেতা রনি মজুমদার এবং কুবি শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাস, অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী কাওসার হোসেনসহ ১০-১২ জন ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সালমান, সাদ্দাম, সায়েমসহ কয়েকজন আল আমিনের দোকানে বসে নাস্তা করছিলেন। এমন সময়ে রেজা-ই-এলাহী সমর্থিত ১২ থেকে ১৫ জন নেতাকর্মী অতর্কিত হামলা চালায়।

মারধরের শিকার ছাত্রলীগ নেতারা হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয় ও বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি সাইদুল ইসলাম রোহান।

এতে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হলে সাধারণ সম্পাদক এনায়েত মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহসভাপতি সাইদুল ইসলাম রোহানের হাত ভেঙে গেলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে গত ৩০ জানুয়ারি রাত ১০টায় রেজা-ইএলাহী সমর্থিত বিপ্লব চন্দ্র দাসহ ছাত্রলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উঠতে গেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাঁধা প্রদান করেন। পরে এক সহকারী প্রক্টরের সাথে বাগবিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর জেরে গতকাল ৭ ই মার্চ এনায়েত উল্লাহ এবং সালাম চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে। বহিস্কারের পরদিনই এ মারধর পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এবং এর মধ্যে ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানারও যোগসাজেশ রয়েছে বলে দাবি করে তারা তার পদত্যাগ দাবিতে ক্যাম্পাস গেইটে অবস্থান নেন।

এ বিষয়ে হত্যা মামলার আসামি বিপ্লব চন্দ্র দাসের মন্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন।

ভুক্তভোগী সালমান চৌধুরী জানান, আমাকে বিপ্লব চন্দ্র দাস ডেকে নিয়ে যায় এবং প্রশাসন বহিষ্কার করলেও কেন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি জানতে চেয়ে আমাকে এবং হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহকে মারধর শুরু করেন।

এদিকে বিষয়টিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইন্ধন হিসেবে মন্তব্য করে কাজী নজরুল ইসলাম হলের সাবেক সভাপতি ইমরান হোসেন বলেন, খুনি বিপ্লব ও ছাত্রদলের লোকজন কিভাবে একজন হল ছাত্রলীগের সেক্রেটারিকে মারধর করে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধনে তারা আজ আমাদের ওপর হামলা চালিয়েছে। আধা ঘন্টার মধ্যে যদি এর সমাধান না আসে তাহলে আমরা প্রক্টরের পদত্যাগ চাই।

এর আগে ২০২২ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর সামনে দিয়েই শতাধিক বহিরাগত নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে অস্ত্রের মহড়া দেয় ছাত্রলীগের একটি অংশ। ক্যাম্পাসে প্রবেশের পরই ফাঁকা গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এ অংশের নেতৃত্বে ছিলেন খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি এবং মারধরকারী বিপ্লব চন্দ্র দাস।

এবিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক এস এম আতিকুউল্লাহ বলেন, বিষয়টি নিয়ে আমি উপাচার্য স্যারের সাথে কথা বলেছি। বহিরাগতরা যেহেতু আক্রমণ করেছে তাই আমরা তাদেরকে যতদ্রুত সম্ভব গ্রেপ্তার করব।

প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, এসব বিষয়ে আমার কোন ইন্ধন নেই। যারা এমনটি বলছে তারা এটিকে প্রমাণ করতে হবে। প্রশাসন কেন ব্যাবস্থা নিচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি তারা এটা তাদের বিষয়।