All posts by jitu

চাঁদপুরে নানা আয়োজনে কলেজ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহতলী জিলানী চিশতী কলেজের প্রদর্শক (জীববিজ্ঞান) বিভাগের শিক্ষক মো: মুনজুর হোসেন পাটওয়ারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী বলেন, আজকের এই অনুষ্ঠানের বিদায়ী প্রদর্শক (জীববিজ্ঞান) মো: মুনজুর হোসেন পাটওয়ারী খুবই আন্তরিক মানুষ ছিলেন। তিনি এ প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৫বছর ৩মাস ১১দিন চাকুরী করেছেন। উনাকে বিদায় সংবর্ধণা দিতে পেরে আমরা আনন্দিত। তিনি দীর্ঘদিন সফলতার সাথে চাকুরী করে বিদায় নিচ্ছেন৷ অনেক ত্যাগ স্বীকার করেছেন এ প্রতিষ্ঠানের জন্য। তিনি প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ছিলেন। উনি এ প্রতিষ্ঠানকে নিজের পরিবারের মত আগলে রেখেছেন। প্রতিষ্ঠানের একাডেমিক বিষয়ের বাহিরেও প্রতিষ্ঠানের অন্য কাজ করেছেন। উনি শিক্ষক প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। মুনজুর সাহেব কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন৷ চাকুরীর নিয়ম অনুযায়ী সবাইকে একদিন বিদায় নিতে হয়, এটা চিরন্তন সত্য। তার অবসর জীবন ভালো কাটুক এ দোয়া করি।

কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের বিদায়ী প্রদর্শক (জীব বিজ্ঞান) মো: মুনজুর হোসেন পাটওয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, আমি এ কলেজে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করেছি। আমি স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী মহোদয়কে। রুশদী পরিবার ও সিনিয়র শিক্ষকরা আমাকে ভাগিনা বলে সম্বোধন করেছেন। আমাকে সম্মানিত করেছেন৷ নিজের রুটি রুজি এ প্রতিষ্ঠান থেকে পেয়েছি৷ আমি এ প্রতিষ্ঠানের কাছে ঋনি। অবসর জীবনে যেন ভালো থাকি, সুস্থ্য থাকি এবং হজ্ব করতে পারি, সবাই দোয়া করবেন। আমি সর্বোপরি সকলের কাছে কৃতজ্ঞ।

এ সময় বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, ফারজানা আক্তার, মো: জিয়াউর রহমান, মো: হানিফ মিয়া, মো: হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, মো: মাহবুবুর রহমান, মোসা: মনোয়ারা খাতুন, ফরিদা আক্তার, সুমা রানী পাল, মনোয়ারা আক্তার, মোছা: হাবিবা আক্তার রানী, লাইব্রেরী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার।

অনুষ্ঠানের শুরুতে কলেজের অবসর গ্রহনকারী প্রদর্শক (জীববিজ্ঞান) মো: মনজুর হোসেন পাটাওয়ারীকে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেয়ার মাধ্যমে বিদায় সংবর্ধনা দেন কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা

ডেস্ক রিপোর্ট:

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুসারে নির্বাচনী প্রচারণা ২০২৬ সালের ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) শুরু হবে। ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও সমর্থকরা।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের প্রচারণার তারিখ ঘোষণা করেন।

সিইসি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফ্রেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ওইদিন (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবার ভোট প্রদানের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি।

তাছাড়া এবার দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

সিইসি জানায়, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই দিনটি দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপরই কঠোরভাবে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া, যা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। এই সময় থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে পারবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যলটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

বিয়ে ও তালাকের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটালাইজ করা বাধ্যতামূলক করে হাইকোর্টের রায়

ডেস্ক রিপোর্ট:

বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়া ডিজিটালাইজ করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেন।

রিট আবেদনের শুনানিতে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ইশরাত হাসান এবং সহকারী আইনজীবী তানজিলা রহমান।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, বর্তমান ব্যবস্থায় বিয়ে ও তালাকের তথ্য কার্যকরভাবে যাচাই করা সম্ভব হয় না, যা পারিবারিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে এবং অনেক ক্ষেত্রে সন্তানের বৈধতা নিয়েও জটিলতা তৈরি হয়।

আদালত আরও উল্লেখ করে, কার্যকর ডিজিটাল ডেটাবেস না থাকায় প্রতারণার সুযোগ বেড়ে যায়, যা নাগরিকের সম্মান ও মৌলিক অধিকার—সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত মানবিক মর্যাদা—লঙ্ঘন করে।

রায়ে বলা হয়, ‘রাইট টু লাইফ শুধু বেঁচে থাকার অধিকার নয়, এটি মানবিক মর্যাদা রক্ষার অধিকারকেও অন্তর্ভুক্ত করে।’

নিবন্ধন সংক্রান্ত আইন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো পূর্ণাঙ্গ, অপারেশনাল ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে রায়ে পর্যবেক্ষণ দিয়েছে হাই কোর্ট।

রায়ের পর অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ‘আদালত নির্দেশনা দেন, বিয়ে ও তালাকের সকল তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে, যাতে প্রতিটি তথ্য সরকারি ব্যবস্থায় সুরক্ষিত থাকে, ডেটাবেস সম্পূর্ণ কার্যকর ও ব্যবহারযোগ্য হয় এবং নাগরিকরা, বিশেষ করে নারীরা, সহজেই তথ্য যাচাই করতে ও ডিজিটাল কপি সংগ্রহ করতে পারেন।’

আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে দ্রুততম সময়ে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইশরাত।

তিনি বলেন, ‘আদালতের এই সিদ্ধান্ত দেশের পরিবারের নিরাপত্তা, নারীর সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, আইনগত স্বচ্ছতা এবং সবচেয়ে বড় বিষয় বিয়ে ও তালাক সংক্রান্ত প্রতারণা বন্ধে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে কাজ করবে।’

তিনি মনে করেন, ডিজিটাল নিবন্ধন চালু হলে গোপন বিয়ে, একাধিক বিয়ে লুকানো, পূর্ববর্তী তথ্য গোপন, তালাক প্রমাণের জটিলতা–এসব সমস্যা ব্যাপকভাবে হ্রাস পাবে এবং নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা, সুবিচার প্রতিষ্ঠা ও সমাজে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনের পথ আরও ‘সুদৃঢ়’ হবে।

২০২১ সালের ৪ মার্চ চারজন ভুক্তভোগীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এই রিট মামলা করেন। তার আবেদনে বলা হয়, কেন্দ্রীয় কোনো ডিজিটাল ডেটাবেস না থাকায় আগের বিয়ে বা তালাকের সঠিক তথ্য যাচাই করা প্রায় অসম্ভব, এবং এই সুযোগকে কাজে লাগিয়েই বিয়ে-তালাক সংক্রান্ত প্রতারণা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে।

ওই আবেদন শুনে ২০২১ সালের ২২ মার্চ আদালত রুল জারি করে। কেন বিয়ে ও তালাকের তথ্য ডিজিটালি নিবন্ধনের জন্য কেন্দ্রীয় ওয়েবসাইট তৈরি করা হবে না, তা জানতে চাওয়া হয় সেই রুলে।

সেই রুল যথাযাথ ঘোষণা করে এবার রায় দিল হাইকোর্ট।

দাউদকান্দিতে যাত্রীবাহি বাস খাদে পড়ে আহত ২০

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের রায়পুর সিঙ্গুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লালসবুজ পরিবহনের একটি বাস ২৪ জন যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল। দুপুর পৌনে ১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত বাসযাত্রী জাহিদুল ইসলাম বলেন, আমাদের বাসটির সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডানপাশে খাদে পড়ে যায়। পানি কম থাকায় আল্লাহর অশেষ রহমতে আমরা বেচে আছি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি(ভারপ্রাপ্ত) জাকির হোসেন বলেন, নোয়াখালীগামী একটি বাস ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে গেলে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কুমিল্লায় ইমু–ফেসবুক ব্যবহার করে ব্ল্যাকমেইল: সাইবার টিমের অভিযানে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় ইমু ও ফেসবুকের মাধ্যমে এক পরিবারকে ব্ল্যাকমেইল ও মোটা অঙ্কের টাকা দাবির ঘটনায় মোঃ সোহানুর রহমান ওরফে ইয়াকুব ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার টিম।

পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর ভিক্টিমের ইমু অ্যাকাউন্টে ‘Accounts Found’ নামের একটি ভুয়া ইমু আইডি থেকে বার্তা পাঠিয়ে জানানো হয়—তার স্বামীর ফেসবুক ও মেসেঞ্জার চেক করতে, নইলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। পরে মেসেঞ্জার চেক করে দেখা যায়, অজ্ঞাত একটি ফেসবুক আইডি থেকে পাঠানো হয়েছে সংবেদনশীল ছবি ও ভিডিও। একই ধরনের কন্টেন্ট ভিকটিমের ইমুতেও পাঠানো হয়।

এরপর অজ্ঞাত প্রতারকরা ওই ছবি–ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছ থেকে ৬ লাখ টাকা দাবি করে। এমনকি স্থানীয় লোকজনকে একটি গ্রুপে যুক্ত করে মানহানিকর ছবি–ভিডিও পাঠিয়ে চাপ সৃষ্টি করতেই থাকে। পরবর্তীতে ‘Wahidul Siam’ নামের আরেকটি ইমু আইডি থেকেও একইভাবে হুমকি ও আপত্তিকর কন্টেন্ট পাঠানো হয়। টাকা আদায়ের উদ্দেশ্যে প্রতারকেরা 1Xbet অনলাইন অ্যাপের একটি অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ডও ভিকটিমকে পাঠায়।

ঘটনার পর জেলা পুলিশের সাইবার টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ভুয়া ফেসবুক ও ইমু অ্যাকাউন্টগুলোর তথ্য সংগ্রহ করে আসামি সোহানুর রহমানকে শনাক্ত করে। পরবর্তীতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তিতাস থানার দক্ষিণ বলরামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কুমিল্লায় হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশী হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগর।

১০ ডিসেম্বর বুধবার বিকালে কুমিল্লা টাউন হল গেটের সামনে তারা এসব কর্মসূচি পালন করেন। পরে তারা নগরীতে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগরীর সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ ভুঁইয়া। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির আহমেদ মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়নে’র সাবেক সহকারী মহাসচিব মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, নির্বাহী সদস্য ডা. নাছির উদ্দিন, এমদাদ হোসেন, ফাতেমা আক্তার, অফিস সম্পাদক অ্যাডভোকেট শামছুদ্দিন সহ অনেকে।

কুসিকের অধীনস্থ সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার উদ্যোগ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সিটি করপোরেশনের অধীনস্থ সকল কার্যালয় প্রাঙ্গণ শতভাগ তামাকমুক্ত করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসক মো. শাহ আলম।

বুধবার কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) ও তাবিনাজ (তামাকবিরোধী নারী জোট)-এর যৌথ আয়োজনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

শাহ আলম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। এ বিষয়ে আয়োজক সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে শিগগিরই বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে।

সভায় তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক ক্ষতি ও পরিবেশগত বিপর্যয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক হাসানুল হাসিব আল গালিব। তিনি পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ীদের ঝুঁকির বিষয় তুলে ধরেন।

বক্তারা বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন অফিসে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। সেখানে ধূমপান করা হলে অধূমপায়ীরাও পরোক্ষভাবে আক্রান্ত হন। তাই সবার নিরাপত্তায় অফিস প্রাঙ্গণকে তামাকমুক্ত ঘোষণা করা জরুরি।

সভায় জানানো হয়, ইতোমধ্যে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় তামাকমুক্ত ঘোষণা করেছে। কুমিল্লা সিটি করপোরেশনও দ্রুত এ উদ্যোগ বাস্তবায়ন করা করলে নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক পারভীন হাসান এবং কর্মসূচি কর্মকর্তা গোলাম মোস্তফা রনি।

সভায় সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হোমনা-তিতাস আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইঁয়ার গন মিছিল ও র‍্যালী

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়ার গন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) হোমনা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হোমনা বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে সামনে জনসভা ও হোমনা পৌর সদরে গন মিছিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব তারেক মুন্সি,হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহআলম হিমেলের সঞ্চালনায় হোমনা উপজেলা ও পৌর বিএনপির এবং তিতাস উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।