All posts by jitu

তিতাসে নদী খননের নামে বালু বিক্রি, হুমকির মুখে ফসলী জমি

 

মো: জুয়েল রানা, তিতাস :
কুমিল্লার তিতাসে নদী খননের অজুহাতে লক্ষ লক্ষ টাকার বালু বিক্রির অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে।

নদী অতিরিক্ত গভীর করে বালু উত্তোলনের কারনে তিতাস নদীর দুই পাড় ভাঙন দেখা দিলে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মজিদপুর, বন্দরামপুর ও একলারামপুর গ্রামের সংক্ষুব্ধ হাজারো জনতা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ড্রেজার মেশিন, লোহার পাইপ ও ড্রামে ইটপাটকেল ছুঁড়ে মারতে দেখা যায়। এসময় ড্রেজার শ্রমিকদের সংক্ষুব্ধ জনতার রোষানলে ড্রেজারের লোহার পাইপ খুলে ফলে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, নদীর বালু-মাটি দিয়ে দুইপাশের সুরক্ষা বাঁধসহ পানির লেভেল গভীর করার বিধান থাকলেও তা না মেনে প্রায় ১৮-২২ ফুট গভীর করে চুক্তিভিত্তিক টাকার বিনিময়ে জমি ভরাট করছেন এবং অপরিকল্পতি ভাবে বালু-মাটি উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ফসলি জমির ভাঙনের সৃষ্টি হয়েছে। তাছারা পাশ্ববর্তী কড়িকান্দি-মজিদপুর রাস্তাও ভাঙনের কবলে পড়তে পারে বলেও অভিযোগ করেন।

নির্দেশনা অনুযায়ি নদী খননের মাটি ও বালু দিয়ে দুই পাড়ে শক্ত ও সুরক্ষা বাঁধ ও পানির লেভেল থেকে কোথাও ৮ কোথাও ১০ ফুট গভীর করার নির্দেশনা রয়েছে। এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কিংবা সার্ভেয়ারদের নির্ধারিত সীমানা ও সিডিউল অনুযায়ী নদী খনন করার কথা আছে কিন্তু তিতাস নদীর বন্দরামপুর ও কড়িকান্দি মৌজার একলারামপুর নামক স্থানে ড্রেজার বসানো হলেও নদী খননের কোন নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না।

জমির মালিক নিজাম,নাছির উদ্দিন, বাচ্ছু মিয়া,জাহাঙ্গীর মুন্সী, হক সাহেব’সহ অনেকেই অভিযোগ করে বলেন, নদীর পানির লেভেল থেকে ১০ ফুটের যায়গায় প্রায় ১৮-২২ ফুট গভীর করে খননের ফলে আমাদের পৈত্রিক সম্পত্তি নদীগর্ভে বিলিন হবার পথে। অথচ আমাদের স্বার্থ জলাঞ্জলী দিয়ে নদী খননের নামে কোটি টাকার মাটি ও বালু বাণিজ্যের কাজ শুরু করেছে জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলামসহ কিছু লোকজন।
টাকার বিনিময়ে বালু উত্তোলন করে রাস্তার পাশে একলারামপুর গ্রামের শাহাজুদ্দিনের জমি ভরট করে পাহাড়সম করছেন নজরুল। এখন নিষেদ করলে তারা সরকারি কাজের দোহাই দিচ্ছে।

তিতাস নদী সংলগ্ন একলারামপুর এলাকায় ড্রেজার চালককে পাওয়া গেলেও তারা বিস্তারিত কিছুই জানাতে পারেনি। তারা বলেন আমরা হুকুমের গোলাম মাত্র। যা হুকুম আসে আমরা তাই করতে বাধ্য।

এবিষয়ে জেলা যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে সাইড দেখাশোনা করি, মুল দায়িত্ব আছে কন্ট্রাক্টর ফারুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ বলেন, এ বিষ‌য়ে আ‌মি বিস্তা‌রিত পা‌নি উন্নয়ন বো‌র্ডের সা‌থে কথা ব‌লে সমস্যার সমাধান করার ব্যবস্থা গ্রহন কর‌বো।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালী উল্লাহ বলেন, নদীপথ সচল করতে ২০২০- ২০২১ অর্থবছরে তিতাস উপজেলার প্রায় ৪৫ কিলোমিটার তিতাস নদীসহ, খাল খনন ও ব্রিজের গোড়ায় ব্লক বিছানোর জন্য অনুমোদন দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে প্রায় ৭৬ কোটি টাকা। গতবছর তিতাস নদী খননের কাজ শেষ না হওয়া এবার খননের কাজ পেয়েছে রহমান ইঞ্জিনিয়ারিং ও নিয়াজ ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজটির দায় দায়িত্ব তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তার।

ব্রাহ্মণপাড়ায় নামায শেষে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন যুবলীগ নেতা রুমি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার  ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বরুইয়ারপার জামে মসজিদে জুম-আর সালাত আদায় করে মুসল্লিদের সামনে বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার জন্য দোয়া করেছেন যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক এহতেশামুল হক রুমি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জুম্মার সালাত আদায় শেষে যুবলীগ নেতা রুমির উদ্যোগে ১৯৭৫ সালের ১৫’ই আগষ্ট নিহত বাঙ্গালী জাতির পিতা, ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও তার সহধর্মীনি বেগম আরজু মনি সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের জন্য ও বুড়িচং-ব্রাহ্মনপাড়া’র মরহুম জননেতা সাবেক সফল আইনমন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুল মতিন খসরু সাহেবের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

পরে  সমবেত মুসল্লীদের উদ্দেশ্যে সাম্প্রতিক গুজব ব্যাংকের আমানতকারীদের টাকা না থাকার গুজবের বিষয়টি ব্যাখ্যা করে ব্যাংক সমূহে যে ১লাখ ৬৯ হাজার কোটি টাকা উদ্বৃত রয়েছে ও বানিজ্যিক এল সি খুলতে নিষেধাজ্ঞা নেই তা জানাই। পাঠ্যবই নিয়ে প্রচারিত গুজবে বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণির বাংলা পাঠ্যবই থেকে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনী বাদ দেয়া হয়েছে।কিন্তু প্রকৃতপক্ষে দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ের ৭১ পৃষ্ঠায় ‘সবাই মিলে কাজ করি’ শিরোনামে মহানবী (সা.) এর জীবনীটি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে হযরত আবু বকর (রা.) এর জীবনী বাদ দেয়া হয়েছে বলে গুজবে দাবি করা হচ্ছে।কিন্তু প্রকৃতপক্ষে বাংলা বইয়ের ৯৯ পৃষ্ঠায় ‘হযরত আবু বকর (রা) এর জীবনী’ আলোচনা করা হয়েছে।
চতুর্থ শ্রেণির বাংলা বইয়ে ‘হযরত ওমর (রা) এর জীবনী’ বাদ দেয়া হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। তবে বাংলা বইয়ের ৯৭ নম্বর পৃষ্ঠায় খলিফা হযরত ওমর (রা.) এর জীবনী তুলে ধরা হয়েছে।

পঞ্চম শ্রেণির বাংলা বই থেকে হযরত মুহম্মদ (সা.) এর বিদায় হজের সংক্ষিপ্ত ভাষণটি বাদ দেয়া হয়েছে।তার বদলে ‘বই’ নামে একটি কবিতা সংযুক্ত করা হয়েছে যেটি কোরআনবিরোধী। কিন্তু বাস্তবতা হচ্ছে বইয়ের ৯৫ নম্বর পৃষ্ঠায় ‘বিদায় হজ’ গল্পটি অর্ন্তভুক্ত করা হয়েছে। এছাড়া পঞ্চম শ্রেণিতে ‘বই’ নামে কোনো কবিতাই নেই।
ষষ্ঠ শ্রেনী বইয়ে ‘লাল গরু’ নামে একটি গল্প সংযুক্ত করা হয়েছে যেখানে মুসলিমদের বাধ্য করা হচ্ছে গরুকে ‘মা’ বলতে। পাশাপাশি সেখানো হচ্ছে গরু জবাই করা মহা অন্যায়।অথচ ক্লাস সিক্সের বইয়ে ‘লাল গরু’ নামে কোনো গল্পই নেই।

এছাড়া ষষ্ঠ শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বইয়ে ‘বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে’ বলে আরও একটি গুজব ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে ‘মানুষ ও সমাজ এলো কোথা থেকে’ শিরোনামের একটি অধ্যায়ে মানুষের আদি ও বর্তমান রূপের বিবর্তনের একটি ছবি দেয়া হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।একইসঙ্গে অধ্যায়টিতে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এমন কোনো কথাই বলা হয়নি।

ক্লাস সেভেনের বইয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যয়ের রচিত ‘লালো’ নামে একটি গল্প রয়েছে যা মুসলমানদের কালীপূজা করতে উৎসাহিত করছে। কিন্তু প্রকৃত বিষয়টি হচ্ছে সেভেনের বইয়ে ‘লালো’ নামে কোনো গল্পই নেই।
অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে হিন্দুধর্মের রামায়ণ অন্তর্ভুক্ত করা হয়েছে যা শিক্ষার্থীদের হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট করছে। অথচ অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে রামায়ণ কাহিনীর বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই।
দেশের পাঠ্যপুস্তক থেকে ইসলাম ধর্ম বাদ দিয়ে শিক্ষার্থীদের নাস্তিক বানানোর চেষ্টা করা হচ্ছে— এমন দাবি করে সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি গোষ্ঠী। এর মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে ধর্মীয় উগ্রবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে তারা এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরন তুলে ধরি, মেট্রোরেল নির্মাণ,এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী টানেল।

২০২২ সালে খাদ্য উৎপাদনের পরিমান ৪ কোটি ৬৫ হাজার ৮২ হাজার টন,মাছ উৎপাদনে বিশ্বে-প্রথম,ধান উৎপাদনে বিশ্বে-তৃতীয়,ইলিশ উৎপাদনে বিশ্বে-প্রথম। বৎসরের প্রথম দিবসে স্কুল,কলেজ,মাদ্রাসার একযোগে সমগ্র বাংলাদেশে বিনামূল্যে ৩৪ কোটি পাঠ্যবই বিতরণ। ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম এবং গৃহহীনদের জন্য জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহার ৭ লক্ষ ৬৩ হাজার পরিবারকে গৃহনির্মাণ সহ ৫২ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার বিষয়টি অবহিত করি,এবং পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করার প্রক্রিয়াটি চলমান।

পূর্বে ১০ টাকা বর্তমানে ১৫ টাকা কেজি দরে ৫০ লক্ষ দরিদ্র পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি করে চাউল বিতরন,বিনামূলে ১০ লক্ষ ৫০ হাজার দুস্হ অসহায় মহিলাকে ভিজিডির আওতায় দুই বৎসর মেয়াদে ৩০ কেজি চাউল বিতরন,টিসিবির মাধ্যমে এক কোটি লোককে ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা।

বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,মুক্তিযোদ্ধা ভাতা,মাতৃকালীন ভাতা,জেলে ভাতা,তাঁতী ভাতা,
কারুকাজ শিল্প ভাতা ও মঙ্গার কারনে ৪০ দিনের কর্মসূচি ব্যবস্হা,প্রত্যকে ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে স্বাস্হ্য সেবা প্রদান,কৃষকে বিনামূল্যে সার,বীজ ও কৃষি উপকরন সামগ্রী প্রদান,এবং সমসাময়িক গুজব সন্ত্রাসের বিরুদ্ধে সত্যিকারের বাস্তব চিত্র তুলে ধরেন যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক এহতেশামুল হক রুমি।

ভাসানচর পরিদর্শনে চার দেশের রাষ্ট্রদূত

 

নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত ৪ দেশের রাষ্ট্রদূত নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে জাপান,চায়না, ফ্রান্স, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল ভাসানচর পৌঁছান।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি , সকাল ১১টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ৪ দেশের রাষ্ট্রদূত সহ প্রতিনিধি দল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এ সময় ভাসানচরের বিভিন্ন ওয়্যার হাউজে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। দুপুর সাড়ে ৩ টার দিকে ভাসানচর পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

এর আগে, সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে ভাসানচর পৌঁছান জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট।

একই সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক, পরিচালক-১৪ ডা. মোহাম্মদ মহিবুল হাসান।

ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হলেন যারা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজ এর ২৩-তম আন্ত: হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় জয়নুল হাউজ চ্যাম্পিয়ন ও জগদীশ হাউজ রানারআপ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্রীড়া প্রতিযোগিতা ও দ্বিতীয় পর্বে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় ২৫ মিটার চকলেট দৌড়ে (বালিকা) প্রথম হয়েছেন জয়নুল হাউসের রাফা বিনতে রাব্বি, দ্বিতীয় হয়েছেন জগদীশ হাউসের জান্নাতুল মাওয়া ও তৃতীয় হয়েছেন রোকেয়া হাউসের আরফা মনি।

২৫ মিটার ব্যাঙ দৌড়ে (বালক) প্রথম হয়েছেন জয়নুল হাউসের সামস আল দ্বীন, দ্বিতীয় হয়েছেন জগদীশ হাউসের তালহা হক আদি ও তৃতীয় হয়েছেন রোকেয়া হাউসের নাহিন রাহাদ তাওসিফ।

ভারসাম্য দৌড়ে  (বালিকা) প্রথম হয়েছেন জয়নুল হাউসের রাবেয়া সুলতানা , দ্বিতীয় হয়েছেন জয়নুল হাউসের আফসানা আকতার ও তৃতীয় হয়েছেন জগদীশ হাউসের ইসরাত জাহান তারিন।

এবং ৪০০ মিটার রিলে দৌড়ে (বালক) প্রথম হয়েছেন জয়নুল হাউসের তাহমিদ, মিনহাজ, আহনাফ ও সায়ান।  দ্বিতীয় হয়েছেন জগদীশ হাউসের ফাহাদ, তাহসিন, আলিফ ও আরমান এবং তৃতীয় হয়েছেন রোকেয়া হাউসের ইয়াসিন, রাহাত, তানজিদ ও আবিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও ৩৩ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাব্বি আহসান, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ফারজানা আফরোজ।

অনুষ্ঠানে কুমিল্লা সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজামেহার চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জিতলেন খান বাড়ি ক্রিকেট একাদশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে রাজামেহার চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জিতলেন খান বাড়ি ক্রিকেট একাদশ।

দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম রাজামেহার স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয় রাজামেহার চ্যাম্পিয়নস্ ট্রফির চতুর্থ আসর।

উক্ত আসরে অংশগ্রহণ করেন রাজামেহার প্রিমিয়ার লিগের তৃতীয় বারের শিরোপা জয়ী রাজামেহার খান বাড়ি ক্রিকেট একাদশ । তার বিপক্ষে খেলতে নামে রাজামেহার লিজেন্ড একাদশ । ম্যাচে ২ উইকেটে জয় তুলে নেয় খান বাড়ি ক্রিকেট একাদশ।

প্রথমে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় খান বাড়ি ক্রিকেট একাদশ । প্রথমে ব্যাটিং করে লিজেন্ড একাদশ সুবিধা করতে পারে নি ।  পরবর্তীতে ২ উইকেট হাতে রেখে নির্দিষ্ট ওভারের আগে জয় তুলে নেয় খান বাড়ি ক্রিকেট একাদশ। ম্যাচ সেরা পুরস্কার পান খান বাড়ি ক্রিকেট একাদশের রফিক খান।

খান বাড়ি ক্রিকেট একাদশের সফল অধিনায়ক ফাইজুল খানের নেতৃত্বে মোট ৪ টি শিরোপা জয়ী হয়।

খেলাটির সার্বিক ব্যবস্থা করে দেন রাজামেহার এর কৃতি সন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রাজামেহার স্কুলের সাবেক সভাপতি  আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, শহরে কিংবা গ্রামে যেকোনো জায়গায় পড়ালেখার পাশাপাশি তরুণরা খেলাকে বেশি  প্রাধান্য দিতে পারে। এতে করে সমাজ ও দেশ উন্নতি সাধন করবে।

কুবিতে আইটি প্যালেসের পৃষ্ঠপোষকতায় কুসান’র নবীনবরণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটে’র (কুসান) নবীন বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের ৩০৫ নম্বর রুমে নবীন বরণ অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসাইন, কুমিল্লা আইটি প্যালেসের সত্ত্বাধিকারী নজরুল আমিন, ময়নামতি স্কুল এন্ড কলেজের শিক্ষক ইয়াসির আরাফাত সুজন ও সংগঠনটির সভাপতি রিয়াজুদ্দিন অন্তর।

অনুষ্ঠানের শুরুতেই নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এরপর নিজেদের অনুভূতি ব্যক্ত করেন নবীন শিক্ষার্থীরা। সবশেষ নবীনদের উদ্দেশ্যে অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও চড়ুইভাতির মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠান।

প্রসঙ্গত, কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট ২০১৫ সালে গঠিত হয়। এবারের নবীনবরণে কুমিল্লার আইটি প্যালেসের পৃষ্ঠপোষকতায় ২৫ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।

বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পুরস্কার হিসেবে যা পেলেন

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের নবম আসরের পর্দা নামলো।বৃহস্পতিবার রাতে শেরে বাংলায় মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে শিরোপা জিতলো ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হলো কুমিল্লা। সবমিলিয়ে এই টুর্নামেন্টে রেকর্ড ৪ বারের শিরোপাজয়ী দল এখন তারা। চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো পেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স? এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল বেশ বড় অংকের অর্থ পুরস্কার। ইমরুল কায়েসের দল পাচ্ছে ২ কোটি টাকা।

শিরোপা জিততে না পারলেও মাশরাফির সিলেট স্ট্রাইকার্স পাচ্ছে চ্যাম্পিয়নদের অর্ধেক। কেননা রানার্সআপ দলের জন্য বরাদ্দ ১ কোটি টাকা।

এদিকে টুর্নামেন্টসেরা পারফরমার হয়ে ১০ লাখ টাকা জিতে নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। শুধু তাই নয়, সবচেয়ে বেশি রান করায় আরও ৫ লাখ টাকা পাচ্ছেন শান্ত। সর্বাধিক উইকেট শিকারির পুরস্কারও ৫ লাখ টাকা। এবারের আসরে যৌথভাবে সর্বাধিক উইকেটশিকারি হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এবং রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ।

বইমেলায় পুলিশ কর্মকর্তা নাজমুল হাসানের কাব্যগ্রন্থ ‌‘নির্জন শোভাযাত্রা’

স্টাফ রিপোর্টার:

অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো কুমিল্লার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কবি নাজমুল হাসানের প্রথম কবিতার বই ‌‘নির্জন শোভাযাত্রা’। বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।

বইটির প্রকাশক রবীন আসান জানান, মেলার প্রথম দিনে বইটি এনেছে শ্রাবণ প্রকাশনী। পাঠকের বিপুল সাড়া পেয়েছেন কাব্যগ্রন্থটি। প্রথম মুদ্রণ প্রায় শেষের পথে। দ্বিতীয় মুদ্রণের কথা ভাবছেন তিনি।

তিনি আরও জানান, মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রঙ্গনে (টিএসসি গেটের কাছে) শ্রাবণ প্রকাশনীর স্টল নম্বর ৬৭-৬৮-৬৯ থেকে বইটি কিনতে পারবেন পাঠকরা। এছাড়া অনলাইনেও পাওয়া যাবে। বইটি মূল্য রাখা হয়েছে মাত্র ২৫০ টাকা। তবে মেলা উপলক্ষে ২৫% ছাড়ে বইটি কিনতে পারছেন পাঠকরা।

কবিতা সম্পর্কে বইটির ফ্ল্যাপে লেখা রয়েছে, ‘নাজমুল হাসানের কবিতা জীবনবোধ ও সৌন্দর্যচেতনায় অনন্য।
শব্দ নির্বাচনে কবি ভীষণ সচেতন। কবিতায় দুর্বোধ্যতা তার পছন্দ নয় । ভাষা ও বিষয়বস্তু নির্বাচনে নাজমুল হাসানের দায়বোধ লক্ষণীয় । তার কবিতায় বোধ-বোধি, চিন্তা-দর্শন ও মন-মননের ছাপ স্পষ্ট। সহজ-সরল প্রাঞ্জল শব্দের ব্যবহার অথচ গভীর ব্যঞ্জনায় ঋদ্ধ।

কবিতা তো জীবনবোধের নান্দনিক প্রকাশ। নাজমুলের ‘নির্জন শোভাযাত্রা’ গ্রন্থভুক্ত প্রতিটি কবিতা যেন এক-একটি আখ্যান। যেখানে মধ্যবিত্ত জীবন, দ্রোহ-দহন, প্রেম-অভিমান, বিষণ্নতা কিংবা স্বপ্নের স্পষ্ট অথচ স্বকীয় উচ্চারণ । কবি যেতে চেয়েছেন জীবনের গহন গভীরে।

কবিতায় নাজমুল হাসান সমাজের অসঙ্গতি, মানুষের নৈতিক অবক্ষয় চিত্রিত করেছেন। একই সাথে সহজিয়া ভাষায় রচিত কবিতাগুলো মানুষ, মানুষের মন, প্রকৃতি ও জগৎকে দেখার নিজস্বতায় উদ্ভাসিত’।