All posts by jitu

ফারাহ হোসেন গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেছেন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ডিএসবি’তে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ  হোসাইনের  মেয়ে  ফারাহ হোসেন আদৃলা হলি ক্রস স্কুল এন্ড কলেজে আয়োজিত শিক্ষা ও সাংস্কৃতিক  সপ্তাহ-২০২৩  এ  গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেছে।

ফারাহ হোসেন  গণিত অলিম্পিয়াডে (৮ম শ্রেণি) প্রথম স্থান অর্জন করেছে।

ফারাহ হোসেন হলি ক্রস স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

 

ভূমিকম্পে মৃত বেড়ে ২৯ হাজার, আশা ফুরাচ্ছে জীবিত উদ্ধারের

 

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমিকম্পে ‍তুরস্কে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৬০০ জনের বেশি মানুষের। পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় মৃত্যু হয় সাড়ে ৪ হাজারের বেশি।

তুরস্ক ও সিরিয়ায় ৬ ফেব্রুয়ারি স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ছাড়িয়েছে।

এমন বাস্তবতায় দেশ দুটিতে একেবারে ক্ষীণ হয়ে এসেছে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পের পাঁচ দিন পর শনিবারও ধ্বংসস্তূপ থেকে অনেককে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

তুরস্কে ৭.৮ মাত্রার এ ভূমিকম্প ১৯৩৯ সালের ভূকম্পনের পর সবচেয়ে সর্বনাশা। এতে প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

ভূমিকম্পে ‍তুরস্কে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৬০০ জনের বেশি মানুষের। পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় মৃত্যু হয় সাড়ে ৪ হাজারের বেশি।

তুরস্কের হাতাই প্রদেশের রাজধানী আনতাকিয়া থেকে আল জাজিরার রিপোর্টার বার্নার্ড স্মিথ জানান, ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও আশার আলো দেখেছেন অনেকে।

তিনি বলেন, ‘আমরা ভূমিকম্পের পর ১৩৫তম ঘণ্টায়। কিন্তু এখনও আশা কিছুটা বেঁচে আছে। ১৩২তম ঘণ্টায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে, যার কয়েক ঘণ্টা আগে একজন পুরুষ ও এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিতদের উদ্ধার অভিযান বন্ধ হয়নি।’

স্মিথ আরও বলেন, সরকার শহরের বিমানবন্দরটি ২৪ ঘণ্টার মধ্যে চালুর পরিকল্পনা করছে।

দিনে দুপুরে রাস্তায় সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

 

স্পোর্টস ডেস্ক:

রাস্তায় বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। তার জেরে খুন হতে হলো অস্ট্রিয়ার সাবেক ফুটবলারকে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যমের দৌলতে এ খবর প্রকাশ্যে এসেছে। দিনেদুপুরে রাস্তায় গুলি করা হয়েছে সাবেক এই ফুটবলারকে। আন্তর্জাতিক ফুটবলে অস্ট্রিয়ার হয়ে খেলেছেন তিনি।

পুলিশ সূত্রের খবর, রাজধানী ভিয়েনার একটি বারের বাইরে সাবেক বন্ধু তথা ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলেন ভকলান কাহরামান নামে ওই ফুটবলার। কোনো একটি বিষয় নিয়ে কিছুক্ষণের মধ্যেই তারা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। হঠাৎই বন্দুক বের করে গুলি চালিয়ে দেন ভলকানের সাবেক বন্ধু। তারপর নিজেকেও গুলি করার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।

অস্ট্রিয়ার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুখপাত্র ড্যানিয়েল ফুর্স্ট বলেছেন, ‘বেলা ১১টা ৪০ নাগাদ আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সব রকম চেষ্টা সত্ত্বেও ভলকানকে বাঁচানো যায়নি।’ ভলকান যে ক্লাবে খেলেছেন, সেই অস্ট্রিয়া ভিয়েনা টুইট করেছে, ‘যেখানেই থাক ভালো থেক ভলকান। যাদের রেখে গেলে, তারা যেন এই সময়টা কাটিয়ে ওঠার মতো শক্তি পায়।’

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

 

ডেস্ক রিপোর্ট:

দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। রোববার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দিয়েছে দলের একটি প্রতিনিধি দল।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সাহাবুদ্দিন চুপ্পু পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য।

তফসিল অনুযায়ী রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার কথা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ কমপ্লেক্সে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে।

দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছরের জন্য রাষ্ট্রপতি স্বীয় পদে অধিষ্ঠিত হবেন। আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। তার উত্তরসুরি কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। গত বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনীত করার একক ক্ষমতা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয়।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীকে ভোট দেবেন। আর রাষ্ট্রপতি পদে প্রার্থীর সমর্থক ও প্রস্তাবক হতে হয় সংসদ সদস্যদের মধ্য থেকে। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দেবে না বলে আগেই জানিয়েছে। আর সংসদে একক সংখ্যাগরিষ্ঠ থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন। যেহেতু অন্যকোনো দল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করার বিষয়ে কোনো আগ্রহ নেই। এবারও আওয়ামী লীগ যাকে মনোনীত করবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

পাবনার সন্তান মো. সাহাবুদ্দিন চুপ্‌পুর জন্ম ১৯৪৯ সালে। তিনি ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে সংঘটিত জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাবরণ করেন।

মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মো. সাহাবুদ্দিন চুপ্‌পু ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর হামলা হয়। ওই সময় হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনাও ঘটে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওসব ঘটনার তদন্তে ‘কমিশন’ গঠন করেন, যার প্রধান ছিলেন সাহাবুদ্দিন চুপ্‌পু।

সাহাবুদ্দিন চুপ্‌পু ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের পিতা এবং তার স্ত্রী প্রফেসর ড. রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব।

চান্দিনার বিভিন্ন ইউনিয়নে এলডিপি’র পদযাত্রা

 

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি।

শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন অংশ সহ উপজেলার প্রতিটি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করে এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দুপুরে মহাসড়কের মাধাইয়া বাস স্টেশনে কেরণখাল ও মাধাইয়া ইউনিয়ন এলডিপির উদ্যোগে উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের ভূইয়া’র নেতৃত্বে পদযাত্রা হয়। বিকেলে চান্দিনা-রহিমানগর সড়কের মহিচাইলে উপজেলা এলডিপি সভাপতি কে.এম শামসুল হক মাস্টারের নেতৃত্বে, শুহিলপুর ও বাতাঘাসী ইউনিয়নে উপজেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ এর নেতৃত্বে, নবাবপুর ও বরকরই ইউনয়নে এলডিপি নেতা মাওলানা জামাল উদ্দিনের নেতৃত্বে, জোয়াগ ইউনিয়নে এলডিপি নেতা সিরাজুল ইসলাম মাস্টারের নেতৃত্বে, মাইজখার ইউনিয়নে এলডিপি নেতা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে, বাড়েরা ইউনিয়নে এলডিপি নেতা আবদুস সামাদ কমিশনার, মোবারক হোসেন মোবা’র নেতৃত্বে, এতবারপুর ইউনিয়নে এলডিপি নেতা অধ্যাপক রুহুল আমিন এর নেতৃত্বে, বরকইট ইউনিয়নে এলডিপি নেতা অধ্যাপক আনোয়ার হোসেন এর নেতৃত্বে, গল্লাই ইউনিয়নে এলডিপি নেতা কাসেম মেম্বার, মিজান মেম্বার এর নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি পালিত হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক ছাত্রদল উপজেলা শাখার সভাপতি মো. রাজীব ভূইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল উপজেলা সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাক্কু, এলডিপি ও সহযোগী সংগঠনের নেতা অধ্যাপক মাহবুব, মনু মেম্বার, হারুন অর রশিদ, আমির, মাহফুজ, মজিব, আক্তার, ইব্রাহীম, তপন, আয়েত আলী মোল্লা, শাহ আলম মোল্লা, মোস্তফা, আহাম্মদ আলী, হুমায়ুন মুহুরী, খোকন, মশু মেম্বার, আলী মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার প্রমুখ।

চান্দিনায় উপজেলা আ’লীগের শান্তি সমাবেশ

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাধাইয়া বাজারে ওই শান্তি সমাবেশ হয়। সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে শান্তি র‍্যালি বের করা হয়।

সমাবেশে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আবদুল মান্নান জয়, সাধারণ সম্পাদক মো. রৌশন আলী মাস্টার।

চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন, সাইফুল ইসলাম মজুমদার শিপন চেয়ারম্যান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, খোরশেদ আলম, মেহেদী হাসান তালুকদার, ইমাম হোসেন সরকার, অহিদ উল্লাহ, আবু মুসা মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মো. আশেকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন – চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি প্রমুখ।

দাউদকান্দিতে বিএনপির ১০ দফা দাবিতে পদযাত্রা

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতিয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশে সারাদেশের ন্যায় দাউদকান্দিতে উপজেলা বিএনপির উদ্যোগে দশ দফা দাবীতে ইউনিয়ন পদযাত্রা করেছে।

শনিবার বিকাল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে দাউদকান্দি প্রেসক্লাব এলাকা হয়ে গৌরীপুর মতলব চাঁদপুর সড়ক প্রদক্ষিন করে। পরে মতলব সড়কের মুখে বেগম খা‌লেদা জিয়াসহ সকল নেতাকর্মী মু‌ক্তি ও গ্যাস,বিদ্যুৎ, চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গনতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ কেন্দ্রীয় ঘো‌ষিত ১০ দফা দাবিতে প্রতিবাদ সভা করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন এই সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষে দাউদকান্দি উপজেলা বিএনপি রাজপথে আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন হাজারী, জেলা ছাত্র দলের আহ্বায়ক আসিফ কবির, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হাজারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বাছেদ প্রমূখ।

দাউদকান্দিতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায়। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের পায়তারা চালাচ্ছে। সামনে জাতীয় নির্বাচন, আগামী দশটি মাস উন্নয়নের অগ্রযাত্রাকে যাতে কোন অশুভশক্তি নষ্ট করতে না পারে, তাই নেতাকর্মীদের পাড়া মহল্লায় পাহারা দেয়ার নির্দেশ দেন তিনি। ইঞ্জিঃ সবুর আরো বলেন, কুমিল্লা উত্তরের সকল উপজেলার মানুষ শান্তি চায়, সে জন্যই তারা সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ড. আব্দুল মান্নান জয়, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, কোষাধ্যক্ষ মেয়র নাইম ইউসুফ সেইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, জেলা পরিষদ সদস্য নাসিম ইউসুফ রেইন, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল প্রমূখ।

এদিকে দুপুরে দাউদকান্দি সদরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি।

সদরের গোবিন্দপুরে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের গোবিন্দপুরে  ছুরিকাঘাতে এক যুবক খুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরতলীর আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত যুবক গোবিন্দপুর পশ্চিমপাড়ার একটি বাড়ির ভাড়াটিয়া রাজিব (১৯)। তার বাড়ি রংপুরে।

এ ঘটনায় এক অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকও একই এলাকার ভাড়াটিয়া। তার নাম রাব্বি (১৭)। রাব্বিও কুমিল্লার বাইরের জেলার বাসিন্দা। তবে এখনও পরিচয় নিশ্চিত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গতকাল রাতে রাব্বি একাই রাজিবকে ছুরিকাঘাত করে। একাধিক ছুরিকাঘাতে রাজিব রক্তক্ষরণে মাটিতে পড়ে যায়। পরে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোর্শেদ বলেন, ঘটনার পর আমরা অভিযুক্ত রাব্বিকে আটক করেছি। সে আমাদের হেফাজতে আছে। এখনও তাদের বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। এবিষয়ে অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।

নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত ২০

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর ৫টি ইউনিয়নে বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে পুলিশী বাধা ও হামলার অভিযোগ উঠেছে। এতে অঙ্গ সংগঠনের অন্তত ২০ নেতাকর্মি আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলার চাটখিল উপজেলার সাহাপুর, হাটপুকুরিয়া ঘাটলাবাগ, পরকোর্ট ইউনিয়নে ও কবিরহাট উপজেলার ঘোষবাগ এবং সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল (৬০) সাহাপুর ইউনিয়নে বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবুল (৬০) জামাল হোসেন (৫০) যুবদল নেতা রুবেল হোসেন (২৮) বিএনপি নেতা হারুন মোল্লা (৬৫) বিএনপি নেতা সাইদুল হাসান (৩৫) ছাত্রদল নেতা সাব্বির হোসেন, ছাত্রদল নেতা একরাম সহ অন্তত ২০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব মো.শাহাজান রানা অভিযোগ করে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু হয়। সকাল ১০টার দিকে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজারে, হাটকুপুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বিনাতলা এলাকায় ও পরকোর্ট ইউনিয়নের দশঘরিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিরা হামলা চালায়। এতে কমপক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ জন নেতাকর্মি আহত হয়। এ ছাড়া বিভিন্ন উপজেলায় বিএনপি শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করে।

সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মো. সেলিম শাহী বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে সোনাপুর ইউনিয়নের খেলাফত বাজারে পদযাত্রার কর্মসূচি শুরু করলে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা ককটেল নিক্ষেপ করে। এ সময় তাদের হামলায় সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফিরোজ সহ তিনজন আহত হয়। পরে ক্ষমতাসীন দলের কয়েজন নেতা যুবদল নেতা ফিরোজের বাবার দোকানে হামলা ও লুটপাট চালায়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান বলেন, সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকির হাট বাজারে বেলা ১১টার দিকে সরকার দলের লেলিয়ে দাওয়া সন্ত্রাসীরা আমাদের কর্মসূচিতে বাধা দেয়। পরে পুলিশ এসে তাদের সাথে নিয়ে আমাদের কর্মসূচি পন্ড করার চেষ্টা চালায়।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কবিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর একরাম উদ্দিন বলেন, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে মজিদেরহাট বাজারে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়। এতে তাদের চারজন নেতাকর্মি আহত হয়।

অভিযোগের জবাবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খান সোহেল বলেন, বিএনপির কর্মসূচিতে হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা উস্কানিমূলক কার্যক্রম করতে চাইলে সেখানে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলামের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর তিনি মুঠোফোনে ম্যাসেজ দিতে বললে, তার হোয়াটস অ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো মন্তব্য করননি।