All posts by jitu

চৌদ্দগ্রামে একরাতে শিক্ষা প্রতিষ্ঠান ও একাধিক দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে এক রাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে। মঙ্গলবার রাতে থানার এক’শ থেকে তিন’শ গজের মধ্যে এসব চুরির ঘটনা ঘটেছে। ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ীদের কারণে বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাওয়ায় ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের বিপরীতে মালেক মটরস্ ও মাহমুদ সাইদ স্টোর বন্ধ করে মালিকগণ বাড়িতে যায়। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরচক্র লাকসাম রোড এলাকা অবস্থিত চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের ৭টি পাখা, চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ মাইক্রোস্ট্যান্ডে মালেক মটরসের নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার গুরুত্বপূর্ণ মালামাল, মাহমুদ সাইদ স্টোরের বিস্কুট ও সিগারেটসহ ৩৫৮০০ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলে পরিচালক আবদুল্লাহ আল মামুন মিশু বলেন, ইয়াবা ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি বেড়েছে। গত রাতে স্কুলের ৭টি পাখা চুরি করেছে চোরচক্র। চোরচক্র দমনে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

মালেক মটরসের মালিক আবদুল কুদ্দুস বলেন, ‘দোকানের পিছনের টিন কেটে সংঘবদ্ধ চোরচক্র প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়’।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ কাওসার হোসেন বুধবার দুপুরে বলেন, ‘চুরির খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে যানজট

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোর থেকে এ যানজটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে চালক ও যাত্রীদের।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) ভোর থেকে মহাসড়কের কুমিল্লাগামী লেনের গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে দাউদকান্দির তালতলী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

যানজটের কারণ হিসেবে দায়িত্বরত হাইওয়ে পুলিশ জানান, যানবাহনের অতিরিক্ত চাপ, আঞ্চলিক সড়ক থেকে মহাসড়ক সংযোগস্থলে যানবাহন উঠানামা, পথচারীদের এলোপাতাড়ি পারাপার আর উল্টাপাল্টা গাড়ি চালককে দায়ী করছেন।

ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা বাসের চালক আবুল হাসেম বলেন, আজ সকাল ৬টায় ঢাকা থেকে বাস ছেড়েছি। চার ঘন্টায় হাসানপুর বসে আছি, আরও কতক্ষণ বসে থাকতে হবে জানিনা।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, মহাসড়কের কোথাও কোন দুর্ঘটনা না থাকলেও নিত্যদিনের এ যানজট নিরসনের আমাদের হিমসিম খেতে হচ্ছে। এর মূল কারণটি হলো গৌরীপুর বাসস্ট্যান্ডের একপাশে ভোর থেকেই বাজার বসে। বাজারে আসা লোকজন ফুটওভার ব্রিজ ব্যবহার না করে এলোপাতাড়িভাবে মহাসড়কের উপর দিয়ে চলাচল বা পারাপার হয়।

আরেকটি কারণ হলো, হোমনা থেকে কুমিল্লাগামী বাসগুলো সরাসরি মহাসড়কে উঠতে গিয়ে দূরপাল্লার যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হয়।

তিনি জানান, গৌরীপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ দু’টি টিম কাজ করছে।

ভালোবাসা দিবসে মুক্তি পেল ‘Bhalobashi Bolte Chai’র মিউজিক ভিডিও

স্টাফ রিপোর্টার:

বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে প্রেমের গান ‘Bhalobashi Bolte Chai’–এর মিউজিক ভিডিও। ভিডিওটিতে মডেল হয়েছেন সুষ্মিতা।

না–বলা ভালোবাসার গল্পে নির্মিত এই ভিডিওতে সুষ্মিতার অভিনয় বিশেষভাবে নজর কাড়ছে। প্রেমের আবেগ, দ্বিধা আর প্রকাশের মুহূর্তগুলো ফুটিয়ে তুলেছেন তিনি।

সুষ্মিতা বলেন, “গল্পটা শুনেই আমার ভালো লেগেছিল। খুব সহজ কিন্তু গভীর একটা অনুভূতি আছে এতে। ভালোবাসা প্রকাশ করার সাহসের গল্প—এমন কাজের অংশ হতে পেরে ভালো লাগছে।”

গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। সংগীতায়োজন করেছেন রুপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি. এফ. জামান।

উত্তরায় চিত্রায়িত ভিডিওটি ভালোবাসা দিবসে প্রকাশের পর দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। বসন্তের আবহে প্রেমের এই গল্পটি ইতোমধ্যে অনলাইনে আলোচনায় এসেছে।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন মন্ত্রী হওয়ায় তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে দোয়ার আয়োজন

সালাহউদ্দীন সোহেল:

কুমিল্লা সদর দক্ষিন উপজেলার বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী আমিন-উর-রশিদ (ইয়াছিন) বাংলাদেশ সরকারের কৃষি, মৎস ও প্রাণিজ সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বাচিত হওয়ায় বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও মাহফিল আয়োজন করা হয়।

১৮ ফেব্রুযারী বুধবার বিদ্যালয়ের হল রোমে সকল শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের উপস্হিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হাজারী বলেন,হাজী আমিনুর রশিদ ইয়াসিন শুধু একজন রাজনৈতিক ব্যাক্তিই নয় বরং তিনি একজন শিক্ষা অনুরাগী ব্যাক্তি।

তিনি ০১ জানুয়ারী ১৯৯৬ সালে তার মা আমেনা বেগমের নামে ওনার নানার বাড়ি বারপাড়া গ্রামে এ বিদ্যালয়টি স্হাপন করেন।
ওনার দিক নির্দেশনায় আমাদের এ বিদ্যালয় থেকে প্রতিবছর ছাত্রীরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহন করে কৃত্বিতের সাথে ফলাফল অর্জন করে আসছে।
আজ ওনি বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ন তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হয় আমি এ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

প্রাণপ্রিয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মন্ত্রী হওয়ার সংবাদে আনন্দ উচ্ছ্বাসিত বিদ্যালয় এর শিক্ষার্থীরাও তারা এখন মন্ত্রীকে ফুলদিয়ে বরণ করার অপেক্ষায়।

একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের নবায়নকে এগিয়ে নিয়ে যায় : ইইউ ইওএম

বিশেষ প্রতিবেদন:

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) এবং ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন (ইইউ ইওএম) এর প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের ওপর মিশনের প্রাথমিক বিবৃতি উপস্থাপন করেন। ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন টমাশ জদেখোভস্কি (এমইপি), মিশনের এ বিবৃতিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

“২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল নির্ভরযোগ্য এবং সুপরিচালিত, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার পথে যুগান্তকারী পদক্ষেপ। এই ঐতিহাসিক লড়াইটি ছিল প্রকৃত অর্থেই প্রতিযোগিতামূলক, যেখানে মৌলিক স্বাধীনতাকে সম্মান করা হয়েছে। নির্বাচনের আইনি কাঠামো অনেকাংশেই আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ ছিল এবং বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করেছে, যা অংশীজনদের আস্থা ধরে রেখেছে এবং নির্বাচনের সততা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করেছে,” বলেন প্রধান পর্যবেক্ষক ইজাবস।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের প্রতি জনআস্থা ও স্বচ্ছতা বৃদ্ধি এবং ভোটারদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার ক্ষেত্রে নাগরিক পর্যবেক্ষক, ফ্যাক্ট- চেকার, তরুণ ও নারী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইইউ ইওএম পর্যবেক্ষকগণ লক্ষ্য করেছেন যে নির্বাচন ছিল সুশৃঙ্খল, উৎসবমুখর ও শান্তিপূর্ণ । নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে ভোটকেন্দ্র খালা, ভোটগ্রহণ এবং ভোটগণনা কার্যক্রম পরিচালনা করেছেন। প্রক্রিয়ার প্রতিটি ধাপে রাজনৈতিক দলের এজেন্টদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা জোরদার করেছে। একই সঙ্গে রিটার্নিং অফিসারদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফলাফল-সংক্রান্ত নিয়মিত তথ্য প্রদান এবং গণমাধ্যমে প্রচার জনআস্থা বজায় রাখতে সহায়ক হয়েছে। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে অংশগ্রহণ সব ক্ষেত্রে নিশ্চিত করা হয়নি৷

প্রধান পর্যবেক্ষক জোর দিয়ে বলেন যে, নারীদের জন্য সীমিত রাজনৈতিক পরিসর তাদের সমান অংশগ্রহণকে ব্যাহত করেছে। এছাড়া কিছু এলাকায় বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা এবং বিভ্রান্তিকর তথ্যের কারণে সৃষ্ট বিক্ষুব্ধ জনতার আক্রমণের (মব আ্যাটাক) আশঙ্কা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে। ইতিবাচক উদ্যোগ না থাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘুরা এখনও রাজনৈতিক পরিসরে পর্যাপ্ত প্রতিনিধিত্বের সুযোগ থেকে বঞ্চিত। ইভার্স ইজাবস বলেন, “এখন সময় এসেছে সেই পুরোনো চর্চাগুলো পরিত্যাগ করার, যা বাংলাদেশের গণতন্ত্রের ক্রমবর্ধমান উত্তরণের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়, এবং সেই সাথে স্বাধীন প্রতিষ্ঠান, মানবাধিকার ও জবাবদিহিতা জোরদারের অভিপ্রায়ে একটি নতুন
পথরেখা নির্ধারণ করার। ”

টমাশ জদেখোভস্কি, ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদলের প্রধান, বলেন: “বাংলাদেশ এখন একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ে পদার্পণ করেছে। আমরা নতুন সংসদ ও সরকারকে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে অনুমোদিত সংস্কারগুলো বাস্তবায়নের আহ্বান জানাই ৷”

ইইউ ইওএম ২০২৫ সালের শেষ দিক থেকে বাংলাদেশে অবস্থান করছে এবং নির্বাচনের দিনে সব মিলিয়ে ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়ে কাজ করেছে। এ পর্যবেক্ষকেরা ইউরোপীয় ইউনিয়নের । সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন এবং নির্বাচনের দিন দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় মোতায়েন ছিলেন।

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিংয়ে ১৬ হাজার টাকার বেতনে পান ১২ হাজার, তাও ৮ মাসের বকেয়া

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিংয়ে কর্মচারীদের টানা ৮ মাস ধরে বেতন বন্ধ থাকায় চরম মানবেতর জীবনযাপন করছেন।
দীর্ঘদিন বেতন না পাওয়ায় কর্মচারীরা পরিবার নিয়ে দারিদ্র্য ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। কেউ কেউ সংসার চালাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আবার অনেকে মৌলিক চাহিদা পূরণ করতেও হিমশিম খাচ্ছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মেসার্স মিথিল ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতাধীন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহিদনগর ট্রমা সেন্টার ও দোনারচর ২০ শয্যা হাসপাতালে ২৫ জন আউটসোর্সিং কর্মচারী রয়েছেন। ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, বাবুর্চি সহকারী, আয়া, মালি, দারোয়ান ও জরুরি বিভাগে কাজ করছেন এসব কর্মচারীরা।
সরকার থেকে তাদের জন্য ১৬ হাজার টাকা বেতন বরাদ্দ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান বেতন দিচ্ছেন ১২ হাজার টাকা। কথা হয় হোসনেয়ারা নামে পরিচ্ছন্নতাকর্মীর সাথে। তিনি বলেন, আমার এক মেয়ে কলেজে আর এক ছেলে স্কুলে ৭ম শ্রেণীতে পড়ে। ৮ মাস বেতন নেই, ছেলে মেয়ের স্কুল কলেজের খরচও দিতে পারছি না। যে হাতে ভাত খাই, সেই হাত দিয়েই মানুষের ময়লা-আবর্জনা পরিষ্কার করি। ১২ হাজার টাকা বেতন পাই, তবুও ঠিকমতে প্রতিমাসে বেতন পাই না। বেতন হওয়ার আগে আমাদের স্বাক্ষর করা চেকের পাতা ঠিকাদার নিয়ে নেয়। পরে ব্যাংকে ১২ হাজার টাকা ব্যাংকে পাঠিয়ে দেয়।

ফরিদা নামে কাজ করা আরেকজন বলেন, আমি বাবুর্চির সহকারী হিসেবে অনেকদিন কাজ করছি। বেতন কত জানি না। ১২ হাজার টাকা পাই, তাও আজ ৭-৮ মাস পাইনা। সামনে রোজা, ছেলেদের নিয়ে কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় আছি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, আউটসোর্সিংয়ে কাজ করা ২৫ জনের মধ্যে ৬ জন অন্য উপজেলায় নিয়ে গেছে। কর্মরতদের বিষয়ে আমাদের কোনো বরাদ্দ নেই। বেতন বকেয়ার বিষয়টি ঠিকাদারকে বারবারই তাগাদা দিয়েও কোন সুরাহা হচ্ছে না। নিয়মমতে, ঠিকাদার প্রতি মাসে বেতন চালিয়ে যাবে, বরাদ্দ পেলে ঠিকাদার মন্ত্রণালয় থেকে পাস করিয়ে নিবে।

ঠিকাদার মোঃ রনি মিয়া বলেন, মন্ত্রণালয় থেকে পাশ না হওয়ায় তাদের ৭-৮ মাসের বেতন বকেয়া রয়েছে। ১৬ হাজার টাকার স্থলে ১২ হাজার টাকা দেয়া হচ্ছে কেনো এমন প্রশ্নে তিনি বলেন, ভাই জানেনইতো বেতন পাশ করাইতে বিভিন্ন অফিস খরচ আছে।

কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ মুঠোফোনে বলেন, প্রতিটি কর্মচারীর বেতন ১৬ হাজার টাকা। বেতনের টাকা কম দেয়ায় বিষয়টি শুনেছি, কিন্তু কেউ লিখিতভাবে আমাদের জানালে অবশ্যই ব্যবস্থা নিব।

মন্ত্রিপরিষদে ডাক পেলেন হাজী ইয়াছিন

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা থেকে মন্ত্রীপরিষদে ডাক পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে তাকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ইয়াছিন নিজেই।

বেলা ১২টার দিকে ইয়াছিনের ছোট ভাই কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে হাজী আমিনুর রশিদ ইয়াছিন ভাইকে ফোন করা হয়েছে। তাকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, ইয়াছিন ভাই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত রয়েছেন।

এদিকে সকাল থেকেই ইয়াছিন মন্ত্রিপরিষদ ডাক পেয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে তিনি মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বলে তার নিকটজনরা জানান।

এদিকে ইয়াছিনের সমর্থক এবং অনুসারীরা তার মন্ত্রিত্বের ডাক পাওয়ার বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাছাড়া কুমিল্লার স্থানীয় গণমাধ্যমগুলোতেও ডাক পেয়েছেন ইয়াছিন শিরোনামে সংবাদ প্রকাশিত হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ সদর আসন থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছিলেন হাজী আমিনুর রশীদ ইয়াছিন। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মাঠে নামেন তিনি। পরে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে তাকে নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান জানান। তারেক রহমান এসময় তাকে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচন পরিচালনার সমন্বয়ের দায়িত্ব দেন। দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত তিনি যথাযথভাবে পালন করেন এবং পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য ভূমিকা রাখেন। এতে দলের চেয়ারম্যানসহ হাই কমান্ড তার প্রতি সন্তুষ্ট হন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ইয়াছিন ভাইকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে আমরা খবর পেয়েছি।

হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী এবং দুই শিশুকে গলা কেটে করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার মনিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (২৫), ছেলে হোসাইন (৪), পাশের ঘরের আব্দুস সাত্তারের ছেলে জোবায়ের (৬)।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হোমনা থানার ওসি মোরশেদুল আলম।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী জহিরুল ইসলামের ঘরের দরজা খোলা দেখে আশপাশের লোক এসে দেখে তিনটি লাশ পড়ে আছে। এ সময় স্থানীয়রা প্রবাসীর স্ত্রী এবং দুই শিশুর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

হোমনা থানার ওসি মোরশেদুল আলম জানান, প্রবাসীর স্ত্রীসহ দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্ত করে দেখছি।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৭ জন। আজ রোববার বিকাল ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জিংলাতুলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আবুদুর রাজ্জাক মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৭) ও অটোচালক দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন(৩৭)।

স্থানীয়রা জানান, ঢাক থেকে ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস দাউদকান্দির জিংলাতুলি এলাকায় পৌঁছালে পৃথক আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশাসহ এ দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকসাসহ সড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। অন্য বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় উদ্ধারকারী কবির মিয়া বলেন, আমরা কয়েকজন মাছের প্রজেক্টে কাজ করছিলাম। সড়কে আওয়াজ শুনে তাকিয়ে দেখি কয়েকটি পল্টি খেয়ে বাসটি আমাদের প্রজেক্টে পড়ছে। দৌড়ে এসে কয়েকজনকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যাই। অটোচালক ঘটনাস্থলেই মারা যায়। আর প্রজেক্টটি শুকনো ছিল,পানি থাকলে হয়তো আরো বেশি প্রান যেতো।

বাসটির যাত্রী আহত সীমান্ত বলেন, ঢাকা থেকে ইকোনো বাসে নোয়াখালী যাচ্ছিলাম। বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি অটোকে গাছের সাথে মেরে দিয়েছে। আর ৩/৪টি পল্টি খেয়ে আমাদের বাসটি নিচে পড়েছে।হাসপাতালে দেখি আমার সামনের সিটে বসা লোকটি মারা গেছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দিলরুবা শারমিন জানান, এ ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসলে দু’জন মারা যায় । তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসেন বলেন, বাস দূর্ঘটনার খবর পেয়ে আমাদের দু’টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত বা নিহত কাউকে পাইনি। আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোসহ খাদে পড়ে যায়। এতে দুইজন নিহত হয়েছেন।