All posts by jitu

চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে বিএনপি বিজয়ী

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মাত্র ২টি পদে জয়লাভ করেছে। এতে সভাপতি পদে অ্যাড. এ.টি.এম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. এ. জেড.এম রফিকুল হাসান রিপন বিজয়ী হয়েছেন।

বুধবার রাত ১২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. কামাল উদ্দিন আহমেদ।

এর পূর্বে বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দু’প্যানেলে ১৫টি পদে ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে ৩৪০ জন ভোটারের মধ্যে ৩৩৪ জন ভোট প্রদান করে।

নোয়াখালীতে এতিমের ক্যাপিটেশন গ্র্যান্ট প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার করিমের নেছা সাহেবানী এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতীর যোগসাজশে দুটি বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে এতিমের টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলার পদুয়া গ্রামের বাসিন্দা হারুনুর রশীদ নোয়াখালী ও লক্ষীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লক্ষীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরও একই লিখিত অভিযোগ দেন তিনি। লিখিত অভিযোগের অনুলিপি দেওয়া হয়, দুর্নীতি দমন কমিশন নোয়াখালী ও লক্ষীপুর, জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা প্রেসক্লাব বরাবর।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতী কবিরহাট উপজেলার পদুয়া গ্রামের করমবক্স বাজার সংলগ্ন করিমের নেছা সাহেবানী এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এবং পাশ্ববর্তী লক্ষীপুর জেলার সদর উপজেলার খালেকগঞ্জ বাজার সংলগ্ন শাহ জকিউদ্দিন হোসাইনী এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার অন্যতম পরিচালক। এই দুটি প্রতিষ্ঠান তিনি পারবিারিক সূত্র ধরে দায়িত্ব পেয়ে একক নিয়ন্ত্রণে পরিচালনা করে আসছেন। দীর্ঘ কয়েক বছর ধরে মাসুক চিশতীর যোগসাজশে দুটি মাদরাসার মধ্যে সমন্বয় করে ক্যাপিটেশন গ্র্যান্টভুক্ত ভুয়া এতিমের তালিকা তৈরী করা হয়। ওই দুটি মাদরাসার গ্র্যান্টভুক্ত এতিমদের তালিকায় এক ছাত্রের নাম দুটি তালিকায় দুইবার ব্যবহার করে ভুয়া এতিমের নাম ভাঙ্গিয়ে সরকারি টাকা আত্মসাত করে আসছেন তিনি। দুটি এতিমখানার গ্র্যান্টভুক্ত এতিমদের তালিকায় দেখা যায় যায় অনেক ছাত্রের নাম দুটি এতিমখানার তালিকায় হয়েছে। এতে করে অভিযুক্ত মাসুক চিশতী দুটি এতিমখানার মাধ্যমে এতিমের নামে টাকা তুলে গত কয়েক বছরে সরকারের কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে আসছেন। দুটি এতিমখানায় নামমাত্র এতিম থাকলেও খাতা-কলমে ১১৫জনের ওপরে দেখানো হয়েছে।

এতিমখানায় সরেজমিন দেখা গেছে, বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রকল্পে এতিম ছাত্রদের তালিকা তৈরী, অর্থ গ্রহণে ও বন্টনে মানা হয়নি সরকারি নীতিমাল। এদের অনেকের বাবা-মা আছেন। তাদেরও গ্র্যান্ট ক্যাপিটেশন এতিম হিসেবে দেখানো হয়েছে। গ্র্যান্টভুক্ত এতিম শিক্ষার্থীরা নিজেদের বাড়ি থেকে খাবার নিয়ে আসে এবং তারা তাদের ভর্তি থেকে শুরু সকল শিক্ষা কার্যক্রম তাদের টাকায় চালিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, কবিরহাটের করিমের নেছা সাহেবানী এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় কোনো এতিম ছাত্রনেই। এতিমখানার কর্মকর্তারা এতিমের নামে সরকারি অর্থ বরাদ্দ নিয়ে অর্থ আত্মসাত করছেন। তবে এতিমখানা পরিচালকের দাবি, এতিমরা ছুটিতে রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে করিমের নেছা সাহেবানী এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মাসুক চিশতী বলেন, অনেক জায়গায় অসহায়দেরকে প্রত্যয়ন পত্র থাকলে এতিম হিসেবে গণ্য করা হয়। তার প্রতিষ্ঠানে এতিম আছে, এতিমের বাহিরেও আছে। লুকোচুরি করার কিছুই নেই। এতিমের বাহিরে কত জন আছে এতিমখানায় গেলে তা দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি। দুটি এতিমখানায় শতাধিক ছাত্রের উপরে গ্র্যান্ট ক্যাপিটেশন ভাতা পাচ্ছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই দুটি মাদরাসার সভাপতি আমি নয়। দুটি এতিমখানা, মাদরাসা,মসজিদসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের শাহ মোহাইমেন কমপ্লেক্সের অধীনে পরিচালিত হয়ে আসছে। আমি শাহ মোহাইমেন কমপ্লেক্সের সভাপতির দায়িত্ব পালন করছি। কিছু লোক জ্ঞাতি হিংসা থেকে এই গুলো প্রচার করছে বলে তিনি অভিযোগ করেন।

কবিরহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মো.হাফিজুর রহমান বলেন, আমি এখানে নতুন এসেছি। আমার কাছে কোনো তথ্য নেই। এর আগে, উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্বে রাসেল এই বিষয়ে বলতে পারবেন বলে তিনি জানান। তবে তিনি গণমাধ্যম কর্মিদের বলেন, কারো যেন ক্ষতি না হয়।

লক্ষীপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.শরীফ হোসেন বলেন, ইতিমধ্যে সদর উপজেলায় একটি বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রকল্পে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযোগ সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এর বাহিরে এই কর্মকর্তা কোনো তথ্য ও মন্তব্য করতে রাজি হননি।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা বলেন, এই বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা সহকারী কমিশনার (ভূর্মি) কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এই বিষয়ে জানতে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চৌদ্দগ্রামে পিকআপ- কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান ও পিকআপ মিনিট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহত রাকিব হোসেন (১৮) কাভার্ডভ্যানের হেলপার এবং অপর ব্যক্তি অজ্ঞাত খেজুর বোঝাই পিকআপের চালক। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব চট্টগ্রাম জেলার খুলশী থানার সেগুন বাগান এলাকার মো. আরমান হোসেনের ছেলে। অপর নিহত পিকআপ ড্রাইভারের পরিচয় এখনো জানা যায়নি।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মো. লোকমান হোসাইন জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর বোঝাই একটি পিকআপ পেছন থেকে কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি সামনে থাকা অজ্ঞাত আরেকটি গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যান হেলপার রাকিব হোসেন মারা যান। সামনে থাকা অজ্ঞাত গাড়িটির পিছনে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানের গুরুতর আহত ড্রাইভারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

তৃণমূল নেতাকর্মীদের অসন্তোষের মুখে দেবীদ্বার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটি স্থগিত

স্টাফ রিপোর্টার:
অনিয়মের অভিযোগ ও তৃণমূল নেতাকর্মীদের চরম অসন্তোষের মুখে কুমিল্লার দেবীদ্বার উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটি স্থগিত করে উপজেলা আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়েছে কুমিল্লা উত্তর জেলা আ’লীগ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের নির্দেশে দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রাজীব এ কমিটি স্থগিত ঘোষণা করে চিঠি দেন।

দেবিদ্বার উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক উল্লেখ করেন, বিগত বছরের ২ সেপ্টেম্বর দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে নেতা নির্বাচিত হয় এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি করার জন্য স্থানীয় এম.পি রাজী মোহাম্মদ ফখরুল মুন্সি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক রোশান আলী মাষ্টার, নবনির্বাচিত সভাপতি এ কে এম শফিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭ জনকে দায়িত্ব প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। কিন্তু আপনারা কোন সমন্বয় না করে চলতি বছরের গত ১৫ জানুয়ারি মনগড়া একটি কমিটি উপস্থাপন করেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতিকে মিথ্যা তথ্য প্রদান করে বলেন উপরোক্ত ৭ জনের সাথে সমন্বয় করে কমিটি করেছেন।

কিন্তু উল্লেখিত ৭ জনের মধ্যে ৫ জন সমন্বয়হীনতার কথা জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর অভিযোগ দাখিল করলে জেলা আওয়ামী লীগের সভাপতি তৎক্ষনাৎ দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি প্রকাশ না করার জন্য আপনাদেরকে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেন। কিন্তু আপনারা জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশনা অমান্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি প্রকাশ করেন। এই কার্যনির্বাহী কমিটি প্রকাশ হওয়ার পর স্থানীয় এম.পি, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃনমূল কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এবং এলাকায় কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। এমতাবস্থায় দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নির্বাচিত নেতৃবৃন্দ ব্যতিত প্রকাশিত কার্যনির্বাহী কমিটি স্থগিত করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে উল্লেখিত ৭ জনকে নিয়ে সমন্বয় করে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি গঠন করে সংগঠনকে গতিশীল করার জন্য নির্দেশনা প্রদান করা হল।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন কমিটি স্থগিত ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকা পুর বাজারের পশ্চিম পাশের কৃষি জমি থেকে মাটি কেটে টাক্টরে করে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজনকে এক লক্ষ টাকা  করে জরিমানা আদায় করে।

জানা গেছে, বুধবার বিকালে বুড়িচং উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালায় উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর কালিকা পুর এলাকায়। কালিকা পুর বাজারের পশ্চিম পাশের কৃষি জমি থেকে মাটি কেটে টাক্টর যোগে অন্যত্র বিক্রি করে। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাতে নাতে ওই এলাকার মাটি ব্যবসায়ী আব্দুল মান্নান কে কৃষি জমির মাটি কাটা অবস্থায় টাক্টর সহ আটক করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম কৃষি জমির মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আদায় করে।

অপর দিকে একই এলাকার রেললাইন এর পাশে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অপরাধে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ২টি মাটি ভর্তি ড্রামট্রাক জব্দ করে থানা হেফাজতে দেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের সদস্য গণ।

গণতন্ত্রের নির্বাচন কিংবা সশস্ত্র লড়াই নয়! ঈমানদারগণের সমাজ গঠনই আন্দোলন

স্টাফ রিপোর্টার:

“মানব জীবনে দুর্ভোগ ও অশান্তির কারণ এবং কল্যাণ ও শান্তির উপায়” বিষয়ে ২৪ জানুয়ারী  কুমিল্লা প্রেসক্লাব ভবনের ৩য় তলায় ইসলামী সমাজের উদ্যোগে অনুষ্ঠিত “কল্যাণ ও শান্তি সমাবেশে” ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন,দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য জাতির মানুষের জীবনে বিপর্যয় সৃষ্টি করছে এবং ধর্মের নামেও সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গিবাদী অপতৎপরতার বিস্তার ঘটছে।

সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় “মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বকে” চরম দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন,গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সার্বভৌমত্ব,আইন-বিধান ও কর্তৃত্ব মানুষেরই মানা হয় বিধায়;মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্বদানকারী সকল প্রকার নেতাগণ দুর্নীতিবাজ।

তিনি বলেন, দুর্নীতিবাজ নেতাদের নেতৃত্বে দেশ ও জাতির মানুষ আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে সংঘাত ও সংঘর্ষে লিপ্ত এবং দূর্বলের উপর শক্তিমানের শোষন ও জুলুম চলছে, ক্ষমতাসীনদের লুট-পাট ও অরাজকতা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করছে। তিনি বলেন, দেশে চলমান সংঘাতময় অবস্থা এবং সকল প্রকার ক্ষতি থেকে রক্ষা পেয়ে জাতি, ধর্ম,বর্ণ,গোত্র ও দল-মত নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত ব্যবস্থা ‘ইসলাম আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন,যারা আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকবে তারা আখিরাতে আল্লাহর রহমতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করবে। তিনি আরো বলেন,“গণতন্ত্রের অধীনে নির্বাচন কিংবা সশস্ত্র লড়াই নয়! ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে ঈমানদারগণের সমাজ গঠন আন্দোলনই ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি। ইসলাম প্রতিষ্ঠায় সকলকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামী সমাজ চট্রগ্রাম বিভাগীয় অঞ্চল ২ এর সহকারী দায়িত্বশীল জনাব সৈয়দ মুহাম্মাদ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত “কল্যাণ ও শান্তি সমাবেশে” বক্তব্য রাখেন মুহাম্মাদ ইয়াছিন,মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা,মোহাম্মাদ আজমুল হক,মুহাম্মাদ আমীর হোসাইন,মুহাম্মাদ নুরুদ্দিন,আবু জাফর মোহাম্মাদ সালেহ প্রমূখ।

বক্তারা বলেন, ইসলামী সমাজের নেতা ও কর্মীগণ আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সকলকে তারা ইসলামী সমাজে শামিল হওয়ার আন্তরিক আহ্বান জানান।

ক্রেতা সেজে গণধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করলো পুলিশ

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সদর উপজেলায় ২০ বছর পর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. কামাল হোসেন (৫০) উপজেলার উত্তর শুল্যকিয়া গ্রামের ছেরাজুল হকের ছেলে।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, একই দিন দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০১ সালের ১০ সেপ্টেম্বর আসামি মো. কামাল হোসেনসহ তিন ধর্ষকের বিরুদ্ধে সুধারাম থানায় এক নারীকে গণধর্ষণে অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর ২০০৩ সালে তিন আসামিকে যাবজ্জীবন সাজা দেন আদালত। দুই আসামি কারাগারে থাকলেও মামলার পর থেকে কামাল পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জমির ক্রেতা সেজে কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি আরোহী যুবক মারা গেছে। এ সময় সিএনজি চালকসহ আরো ৩ আরোহী আহত হয়।

নিহত আমিন উল্যাহ মাসুদ (৩৬) জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আবুল বাসারের ছেলে। তিনি পেশায় সেলাই মেশিন মেকানিক ছিলেন।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুবর্ণচর টু সোনাপুর সড়কের মন্নান নগরের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা বিশাদ জানান, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজেন্ডার থেকে বিকেলের দিকে যাত্রীবাহী একটি সিএনজি নোয়াখালীর সোনাপুর বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যায় সিএনজিটি মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে আসস্মিক গাড়ির সামনে একটি কুকুর এসে পড়ে। তখন গাড়ির বেপরোয়া গতি থাকায় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায় সিএনজি। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী আমিন উল্যাহ মাসুদ মারা যায়। এতে আরো তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষে নিহত যুবকের মরদেহ এবং দুর্ঘটনার শিকার সিএনজি থানায় নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আন্দোলনের মধ্য দিয়ে আ’লীগের কালো হাত ভেঙে দেওয়া হবে : শাহজাহান

 

ইসতিয়াক আহমেদ:

আওয়ামীলীগ বলে আমাদের আন্দোলনের হাত ভেঙ্গে দিবে। আমরা বলি আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই সরকারের কালো হাত ভেঙ্গে দিব। এই সরকার অল্প সময়ের মধ্যে বিদায় নিবে। দরকার পড়লে আমাদের আরো কর্মীরা শাহাদাত বরণ করবে, তারপরও এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করবো। কুমিল্লায় ১০ দফা দাবির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান।

বুধবার বিকেলে কুমিল্লা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে কুমিল্লা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই সময় তিনি আরো বলেন, যদি স্বেচ্ছায় এই সরকার পদত্যাগ না করে তাহলে এই সরকারকে বাধ্য করা হবে পদত্যাগ করার জন্য। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির আন্দোলন বন্ধ করা হবে না। দেশের মানুষ শুনতে চায় কবে হাসিন পদত্যাগ করবে? আমরা আন্দোলনের মধ্যে দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন করবো।

সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিমউদ্দিন জসিম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা-৪ আসনের সাবেক সাংসদ ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লা-১০ আসনের সাবেক সাংসদ গফুর ভূঁইয়া উপস্থিত ছিলেন