All posts by jitu

সৌদি আরবে বেকারিতে দ্বগ্ধ হয়ে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

সৌদি আরবে অগ্নিকান্ডে দ্বগ্ধ হয়ে মোঃ আলাউদ্দিন (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার বাংলাদেশ সময়ে রাত ৮.৩০ঘটিকায় স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

নিহত আলাউদ্দিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের প্রবাস ফেরৎ আবুল কালামের ছেলে। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই আশিক হোসাইন। আলাউদ্দিন গত ২৭শে নভেম্বর ভোরে সৌদি আরবের কর্মস্থল বেকারীতে আগুনের চুলা জ্বালানোর সময় আগুনে দ্বগ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে সৌদি আরবের কিং সৌদ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করানো হয়।

পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের কিং সৌদ মেডিকেল সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন রবিবার সৌদি সময় বিকাল ৫টায় মৃত্যুবরণ করেন। আলাউদ্দিনের পিতা-মাতা, ভাই-বোনসহ ১ সন্তান ও স্ত্রী রেখে যান।

নিহতের বড় ভাই সৌদি প্রবাসী বিএনপি নেতা আশিক হোসাইন বলেন, ছোট ভাইকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। দ্রæততর সময়ে তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।

কুমিল্লায় পৌনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) গেল এক সপ্তাহে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে।

সোমবার সকালে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।

বিজিবি জানান, ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় সীমান্তবর্তী এলাকা চিরুনি তল্লাশি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিজিবি সদস্যরা ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, কসমেটিকস সামগ্রী, ওষধ, আতশবাজি, গরু, সিএনজি, পিকআপসহ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রায় ৯৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী। এ ছাড়া মাদকদ্রব্যের তালিকায় রয়েছে বিদেশি মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপ।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন। সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এই তৎপরতা আরও জোরদার করা হবে।

৮ ডিসেম্বর যেভাবে হানাদার মুক্ত হয় কুমিল্লা

ডেস্ক রিপোর্ট:

আজ ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে কুমিল্লা পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয়। দীর্ঘ নয় মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীসহ সর্বস্তরের জনগণের উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে এই অঞ্চল।

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নুরে আলম ভূইয়া জানায়, ৭ ডিসেম্বর রাতে মিত্রবাহিনীর ৬১ ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মাহেন্দ্রপাল সিং, বাংলাদেশের মেজর আইন উদ্দিন, ক্যাপ্টেন আশরাফ, লে. হারুন ও মুক্তিযোদ্ধা রেজাউর রহমান বুলবুল, মো. শাহ আলম ও সফিউল আহমেদ বাবুলদের নেতৃত্বে বিমান বন্দরের পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে আক্রমণ করে।

রাতের মধ্যে বিমান বন্দরের যৌথবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে পাক হানাদার সেনাদের প্রধান ঘাঁটির পতন হয়। অনেক পাকিস্তানি সেনা নিহত হন। তখন নির্যাতিত অনেকে এসে তাদের মরদেহের মুখে থুতু ছিটায়। কুমিল্লা বিমানবন্দরের ঘাঁটিতে কয়েকজন পাক হানাদার সেনা আত্মসমর্পণ করে। কিছু সেনা বিমানবন্দরের ঘাঁটি ত্যাগ করে শেষ রাতে বরুড়ার দিকে ও সেনানিবাসে ফিরে যায়। পরদিন ৮ ডিসেম্বর কুমিল্লা পাক হানাদার সেনা মুক্ত হয়।

এদিন ভোরে মুক্তি সেনারা শহরের চকবাজার টমছমব্রিজ ও গোমতী পাড়ের ভাটপাড়া দিয়ে আনন্দ উল্লাস করে শহরে প্রবেশ করে। তখন রাস্তায় জনতার ঢল নামে। কুমিল্লার জনগণ সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন।

পরে এদিন বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন পশ্চিম পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা ও কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমেদ আলী জাতীয় পতাকা উত্তোলন করেন।

তিতাসে যৌথবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার তিতাস উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। এ সময় ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি রামদা এবং ইয়াবা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

রোববার (০৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন।

পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

ভোরে তিতাস উপজেলার শাহাপুর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শাহাপুর এলাকা থেকে একটি ৯ মি.মি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি রামদা এবং ইয়াবা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ অস্ত্র ব্যবসায়ী ৩ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সরঞ্জামাদি যথাযথ প্রক্রিয়ায় তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি জানায়, যৌথবাহিনীর অভিযানে আটককৃত আসামী, উদ্ধারকৃত অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

কুমিল্লায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, যুবক কারাগারে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবিদ্বারে একা থাকায় ঘরে ঢুকে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ফয়সাল (২০) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) গ্রামের বাড়ির ভিকটিমের ঘরে একা থাকার সুযোগে ফয়সাল সেখানে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার নানা প্রলোভন দেখায় ও চাপ সৃষ্টি করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্ত ফয়সালকে আটক করে পুলিশে খবর দেন। রাত ৯টায় দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে এবং ভিকটিমের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন।

ফয়সাল উপজেলার দক্ষিণ নারায়ণপুর গ্রামের মো. জিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক হেলপার।

এ ব্যাপারে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈনুদ্দীন জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সত্যতা স্বীকার করে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

হোমনায় ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কমিটি গঠন; সভাপতি হেলাল উদ্দিন আশরাফী

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দুলালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হেলাল উদ্দিন আশরাফী কে সভাপতি ও হোমনা পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কাইয়ুম উদ্দিন কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধায় বাতাকান্দি সবুজ বাংলা রেস্টুরেন্টে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করা হয়।

ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম খান ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন ৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবদুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন।

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল আলম, কোষাধক্ষ্য মোঃ আবু ছালেহ মুসা, দপ্তর সম্পাদক মোঃ বাকি উদ্দিন।

নব নির্বাচিত কমিটির সভাপতি হেলাল উদ্দিন আশরাফী বলেন, ভূমি সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। জনগণ যাতে খুব সহজেই ভূমি সেবা পেতে পারে তার জন্য আমরা সর্বদা কাজ করে যাবো। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি সচেষ্ট থাকবো।

ভারতীয় হাই কমিশন মৈত্রী দিবস ২০২৫ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ৬ ডিসেম্বরে মৈত্রী দিবস-২০২৫ এর ৫৪তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।

মৈত্রী দিবস ১৯৭১ সালের সেই দিনটিকে স্মরণ করে যখন ভারত বাংলাদেশের প্রকৃত মুক্তিলাভের দশ দিন আগে বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল, যা ছিল বাংলাদেশের প্রতি ভারতের এক ঐতিহাসিক সমর্থনের নিদর্শন, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও আন্তর্জাতিক স্বীকৃতিকে অধিকতর ত্বরান্বিত করেছিল।

মাননীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা এই অনুষ্ঠানে যোগদান করে বক্তব্য প্রদানকালে এই দিনটিকে ভারত ও বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন, যা কখনও মুছে ফেলা যাবে না। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিক কল্যাণমূলক একটি সম্পর্ক চায়, যেখানে দুই দেশের জনগণই প্রধান অংশীদার। তিনি আস্থা প্রকাশ করেন যে, উভয় পক্ষই অতীতের যৌথ ত্যাগের দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং ভবিষ্যতের জন্য আমাদের নতুন আকাঙ্ক্ষার দিকনির্দেশনায় পরিচালিত হয়ে আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে ও আরও ঘনিষ্ঠ সম্পর্ক বিনির্মাণ করবে।

এই উদ্‌যাপনে বাংলাদেশের শিল্পীবৃন্দের পরিবেশনায় উভয় দেশের অভিন্ন সাংস্কৃতিক বন্ধন ও শৈল্পিক সমৃদ্ধিকে উপস্থাপন করে একটি হৃদয়স্পর্শী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই পরিবেশনাসমূহের মাঝে অন্তর্ভুক্ত ছিল থিয়েটার ও নৃত্যনাট্য পরিবেশনা এবং একটি মিউজিক্যাল ব্যান্ড। “৭১ ইন সাইলেন্স” শিরোনামের প্রথম পরিবেশনাটি ছিল সুন্দরম প্রোডাকশনের একটি প্রতিবন্ধী-অন্তর্ভুক্ত থিয়েটার পরিবেশনা, যা পরিচালনা করেন রমেশ মায়াপ্পন। এই চিন্তা-উদ্দীপক পরিবেশনাটি শারীরিক গল্প বলার কৌশলের মাধ্যমে যুদ্ধের সূচনা ও তার পরিণতিকে চিত্রিত করে বাংলাদেশের জন্মের গল্পকে বর্ণনা করে।

এরপর বাংলাদেশের খ্যাতনামা নৃত্য পরিচালক আনিসুল ইসলাম হিরোর নির্দেশনায় সৃষ্টি কালচারাল সেন্টার কর্তৃক একটি নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের প্রাণবন্ত সাংস্কৃতিক পরম্পরা এবং ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের চিত্রকে তুলে ধরে।

এই অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে ১৯৯০-এর দশকের শেষের দিকে ঢাকায় প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় বাংলাদেশি রক ব্যান্ড, শিরোনামহীন ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে, যাঁরা তাঁদের প্রাণোচ্ছল ও উদ্দীপনাময় সঙ্গীতধারার জন্য পরিচিত।

এই অনুষ্ঠানটিতে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুক্তিযোদ্ধাগণ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ, তরুণ প্রজন্ম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৈত্রী দিবস কেবলমাত্র একটি ঐতিহাসিক স্মরণোৎসবের চেয়েও বেশি কিছু, এটি দুই প্রতিবেশী দেশের অভিন্ন ইতিহাস, মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতার মূর্ত প্রতীক। এর উদ্‌যাপন হলো যৌথ ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ অংশীদারত্বের প্রতি এক নবায়িত অঙ্গীকার।

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ব্রাহ্মণপাড়া ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সেই মর্মে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়া ও সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ৫ ডিসেম্বর রাতে এ কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন।

উল্লেখ্য যে, বিভিন্ন সূত্রমতে, ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ,সিনিয়র সহ সভাপতি রিমন হোসেন ব্রাহ্মণপাড়ার ড্রেজার ব্যবসায়ী আব্দুল আলীমের কাছে চাদা দাবি করছে। চাঁদা না দিলে মারধর করার হুমকিও প্রদান করে ছাত্রদলের দুই নেতা। আর এই বিষয়ে ড্রেজার ব্যবসায়ী ব্যক্তিগতভাবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের কাছেও বিচার দেন।

এছাড়া উপজেলা দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে মৌখিকভাবে তিনটি ইউনিয়নের ছাত্রদলের কমিটি ঘোষণা করেন, যে কমিটিগুলোতে ছাত্রলীগের একজন নেতাকে সিনিয়র সহ-সভাপতি পদে স্থান দেন। তা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ইউনিয়ন তিনটি হল সাহেবাবাদ ইউনিয়ন, দুলালপুর ইউনিয়ন ও মালাপাড়া ইউনিয়ন। মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাতুল হাসান ভূঁইয়াকে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। এর প্রতিবাদ করায় উপজেলা ছাত্রদল নেতা আহমেদ ভূঁইয়া সোহেলকে মুঠোফোনে পা কেটে ফেলার হুমকি দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়া।

বিভিন্ন সূত্রমতে, উপরোক্ত ঘটনাবলীর কারণেই তাদের শোকজ করা হয়েছে বলে জানা গেছে।

তিতাসে ৩ নারী নিহত, ৩ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট:

তিতাসে নদীতে গোসল করতে গিয়ে নিয়ন্ত্রণহীন ট্রাক্টর-ট্রলির নিচে চাপা পড়ে একই পরিবারের তিন নারীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় গাড়ির চালক, হেলপার ও গাড়ির মালিককে আসামি করা হয়েছে। নিহত রিনা বেগমের স্বামী শুক্কুর আলী গত বৃহস্পতিবার রাতে তিতাস থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ট্রাক্টরের চালক ছিলেন হৃদয় (২১)। তার বাড়ি পিরোজপুরের কামারকাঠী এলাকায়। দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ট্রাক্টর-ট্রলিটি জব্দ করা হয়েছে।

নিহত তিনজনই একই পরিবারের সদস্য। রিনা বেগমের স্বামী শুক্কুর আলী বাদী হয়ে গাড়ির চালক, হেলপার ও মালিককে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ৪ ডিসেম্বর দুপুরে নদীর ঘাটে গোসল করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলি উল্টে ওই তিন নারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কুমিল্লায় বিচ্ছিন্ন অঙ্গ প্রতিস্থাপনে চিকিৎসকদের সফলতার গল্প

স্টাফ রিপোর্টার:

দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করে সফল হয়েছেন কুমিল্লার একদল চিকিৎসক। একটি নয়, দুটি নয়, অঙ্গ প্রতিস্থাপনের এমন বেশ কয়েকটি জটিল অপারেশনে সফলতার গল্প রীতিমতো সাড়া ফেলেছে। যেন একটির পর একটি যুক্ত হচ্ছে সফলতার পালক। কুমিল্লার বরুড়া উপজেলার আদমসার গ্রামের নজির আহমেদ। পেশায় একজন করাতকল শ্রমিক। সম্প্রতি করাতকলে গাছের গুঁড়ি নামানোর সময় করাতে লেগে তার ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতটিসহ দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার জটিল অস্ত্রোপচারে বিচ্ছিন্ন হাতটি সফলভাবে জোড়া লাগাতে সক্ষম হন চিকিৎসকরা। সেই হাতে অপারেশনের ২৪ ঘন্টার মধ্যে ফিরেছে প্রাণ। একই উপজেলার নানুয়া বাজার, হরিসপুর এলাকার ভ্যান চালক নোমান হোসেন। সম্প্রতি ভ্যানগাড়ীতে করে গাছ চেড়াই করতে করাতকলে নিয়ে যান। গাছেরগুঁড়ি করাতে রাখার সময় তার হাতটি করাতে লেগে কবজির উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত নোমানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুমিল্লা শহরের ট্রমা হাসপাতালে। বার্ণ এবং প্লাস্টিক সার্জারী বিভাগের চিকিৎসকদের পরামর্শে নোমানের বিচ্ছিন্ন হাতটি দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। অতঃপর বিশেষজ্ঞ চিকিৎসকদল দীর্ঘ অস্ত্রোপচারে মাধ্যমে বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগান সফলভাবে।

শুধু ভ্যান চালক নোমান হোসেন আর করাতকল শ্রমিক নজির আহমেদের হাতই নয়। পায়ের আঙ্গুল এনে হাতে প্রতিস্থাপন করেও সফল হয়েছেন কুমিল্লার ওই চিকিৎসকদল। গাজীপুর জেলার কাপাসিয়ার আশরাফুল আলম সৌদি আরবে গাড়ী চালাতেন। সেখানে সড়ক দুর্ঘটনায় হারান তার বাম হাতের বৃদ্ধাঙুলটি। এর পর থেকে গাড়ি চালাতে অক্ষম হয়ে দেশে ফেরেন আশরাফুল। খোঁজ পেয়ে তিনি কুমিল্লার এই চিকিৎসক দলের স্মরণাপন্ন হলে, তারা আশরাফুলের পায়ের একটি আঙ্গুল অস্ত্রোপচারের মাধ্যমে হাতে প্রতিস্থাপন করে দেন। টানা প্রায় সাত ঘণ্টার অস্ত্রোপচারের পর এখানেও সফলতা পান চিকিৎসক দল।

কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম মামুন এবং তার সাথে থাকা অর্থোপেডিক সার্জন ডা. সাইফ মাহমুদ, ট্রমা সেন্টারের সিনিয়র ওটি ইনচার্জ জহিরুল ইসলাম, ডা. আরিফুর রহমান, ডা. রহমত উল্লাহ এবং ডা. এনামুল হকের সমন্বিত এই সফলতার গল্প ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। কুমিল্লায় এ ধরণের জটিল অস্ত্রোপচার এই প্রথম। এটি তাদের একটি বড় সাফল্য এবং একই সঙ্গে দেশের চিকিৎসাবিজ্ঞানেও এটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন সিংশ্লিষ্ট চিকিৎসকরা। তারা মেনে করেন, এ ধরনের জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ। রোগী যতো দ্রুত হাসপাতালে আসবেন ততোই জোড়া লাগার সম্ভবনা বেশি। কুমিল্লা ট্রমা সেন্টারের পরিচালক ও অর্থোপেডিক সার্জারী বিশেষজ্ঞ বলেন- রোগীদের সেবা দিতে আগ্রহী আমরা । কারণ সেবাই আমাদের কাজ, কিন্তু মাঝে মাঝে কিছু রোগীর স্বজনরা বুঝতে চায়না তারা খুব তারাহুড়ো করে, এতে অনেক বিব্রতকর হতে হয়। জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমদ বলেন, কুমিল্লার মতো একটি জেলা শহরে এতো জটিল অস্ত্রোপচার চিকিৎসাসেবায় একটি মাইলফলক। দেশেই এমন অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ থাকলে বিদেশে ব্যয়বহুল চিকিৎসার প্রতি মানুষ ঝোক দিন দিন কমে আসবে।