All posts by jitu

কবিতা: সুখ

সাইফুল ইসলাম:

ঘুমন্ত শহরে,
আমি নির্ঘুম নিশাচর;
তোমায় খুঁজি।
জানি,সহজে তুমি
ধরা দিবে না আমায়।

তবুও তোমাকে পাওয়ার আশায়
ছটফট করে ঘুরে বেড়াই চারদিকে,
নিরবতার সঙ্গে।
তুমি তো কারও স্থায়ী
সঙ্গী নও।

তাই তো তোমাকে পেলেও
হারানোর ভয়ে,
যতটুকু জীবনে পাই
সেটাও পুরোপুরিভাবে
উপভোগ্য হয়ে ওঠে না,
এ জীবন ধারায়।

তুমি বার বার আমাদেরকে
ইশারায় বলতেছ,
তুমি যে আপেক্ষিক;
তবুও তোমার অপেক্ষায়
সকল মানুষ ব্যাকুল,
এ পৃথিবীর বুকে।

“রত্নগর্ভা মা” জাতীয় সম্মাননা পদক পেলেন দেবিদ্বারের আলহাজ্ব শাহানারা বেগম

স্টাফ রিপোর্টার:

“রত্নগর্ভা মা” ২০২২ জাতীয় সম্মাননা পদক পেলেন ড. ইঞ্জি: মোহাম্মদ তৌহিদুল হক মোল্লা’র মাতা আলহাজ মিসেস শাহানারা বেগম৷ তিনি কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা৷ তার স্বামীর নাম মরহুম হাজী মোহাম্মদ শামসুল হক মোল্লা৷

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ‘র উদ্যোগে ১ জানুয়ারির দুপুর দেড়টায় ঢাকার রমনার আইইবি মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।

আইইবি ‘র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি৷ বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর৷ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন প্রমুখ৷

অবসরপ্রাপ্ত সরকারি প্রাইমারি স্কুল শিক্ষিকা আলহাজ শাহানারা বেগম একজন অনুভূতিপ্রবণ, সংগ্রামী, সহনশীল, অতি-পরিশ্রমী, আত্ম-ত্যাগী, সর্বোপরি, অনুসরণযোগ্য নারী ব্যক্তিত্ব৷ তিনি প্রকৃতই মেধাবী, তীক্ষ্ণ-বুদ্ধি সম্পন্না, অদম্য-সাহসী, অসামান্য-প্রতিভাময়ী ও অনুপ্রেরণীয় নারীসত্তা৷ তিনি ৪ সন্তানের জননী৷ নিজের সব সন্তানকেই উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত করার কঠোর লড়াইয়ে সফল হয়েছেন তিনি৷ উনার ছোট ছেলে কম্পিউটার সাইন্টিস্ট ও ইঞ্জিনিয়ার আর ছোট মেয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা৷

জন্ম ও পড়াশুনা কুমিল্লা শহরে হলেও মাত্র ১৭ বছর বয়সে দেবিদ্বার গ্রামে বিয়ে হয়৷ সব ধরণের প্রতিকূলতাকে অগ্রাহ্য করে স্বামীর যৌথ সংসারে (শাশুড়ি, দুই ভাই এবং পরবর্তীতে মেজো ভাই-এর চার সন্তানের পরিবারবর্গ) ২২ বছর, ৪০ বছর সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা, ৪ ছেলেমেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করাসহ ৫২ বছর ধরে ঘর-সংসার ও গেরোস্থালীয় যাবতীয় কাজ দেখাশুনা করে আসছেন৷ দুর্দিনে স্বামী অসুস্থ হয়ে ৬ মাসের মেডিকেল লীভে বিনা বেতনে শয্যাশায়ী হলে স্বামীর সেবা, সন্তানদের দেখাশুনা, স্কুল ও গেরস্থালির কাজ করার পর কাপড়-সেলাই করে অতিরিক্ত অর্থ উপার্জন করে সেই টাকা দিয়ে দুই ছেলেকে এক কালারের কমপ্লিট স্যুট বানিয়ে দেন, অথচ নিজে কম-দামি কাপড় পড়েন৷

পড়াশুনার প্রতি উনার ঝোক ছিলো অত্যন্ত বেশী৷ স্বামী-সংসারে দ্বিতীয় ছেলের জন্মের পর, নভেম্বর ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মানবিক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন৷ এপ্রিল ১৯৬৬ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়, ফয়জুন্নেসা গভঃ গার্লস হাই স্কুল থেকে মানবিক বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেন এবং স্কুলের বিভিন্ন প্রোগ্রামে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন৷

জুন ১৯৬৭ সালে, তিনি গভঃ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, কুমিল্লা হতে এক বছরের প্রাইমারি ট্রেনিং কোর্সের পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং ১৯৬৬ – ১৯৬৭ সেশনে অনুষ্ঠিতব্য ‘মিউজিক্যাল চেয়ার’ ইভেন্টে তৃতীয় হন৷

তিনি ১.৯.১৯৬৮ইং তারিখে দেবিদ্বার মডেল প্রাইমারি স্কুল এ সহকারী শিক্ষিকা পদে যোগ দেন এবং ১৯৬৯ – ১৯৭০ শিক্ষাবর্ষের কুমিল্লা জেলার সেরা শিক্ষক হিসেবে পুরস্কৃত হন ৷

তিনি ১৯৮২ সালে অনুষ্ঠিত জনসংখ্যা শিক্ষা ওয়ার্কশপ সাফল্যের সাথে শেষ করার সনদপত্র পান৷

এই রত্মগর্ভা মায়ের সন্তানরা জানান, মায়ের নিজের জীবনে উচ্চতর শিক্ষার প্রসার ঘটেনি৷ তাই ছেলে-মেয়েদের জীবনে যেন তা পূর্ণ হয় সেদিকে সর্বদাই সজাগ, তৎপর ছিলেন৷ সন্তানদের সুশিক্ষা দিয়ে দেশে-বিদেশে আলোকিত ও বিকশিত করে তুলেছেন তিনি৷ বড় ছেলে রাশিয়ান স্কলারশিপে কৃষিবিজ্ঞান বিভাগে মাস্টার্স করেন৷ তার পথ ধরে ছোট ছেলেও ভিনদেশে চলে যান উচ্চ শিক্ষার জন্যে৷ মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ কমিউনিকেশন মিনস (এম.আই.আই.টি) থেকে সি.এস.ই. তে বি.এসসি (অনার্স), এম.এসসি, এম.ফিল, পি.এইচডি ডিগ্রী নিয়ে ১১ বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করে প্রথমে প্রাইভেট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে এবং পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শক্তিশালীকরণ প্রকল্পে ফুল-টাইম, সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স এ কাজ করেন৷ শক্তিশালীকরণ প্রকল্পের মেয়াদ শেষের কিছু দিন আগে কানাডিয়ান সরকার প্রদত্ত স্কিলড ক্যাটাগরিতে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার অফার পান৷ উন্নত জীবনের আশায় চলে যান কানাডাতে৷ নতুন দেশের নতুন সমাজে স্থান করার সংগ্রামে বেশ সময় চলে যায়৷ এদিকে আব্বা ইহলোক ত্যাগ করেন৷ মা হয়ে পড়লেন আরও নিঃসঙ্গ, আরও একা৷ বড় মেয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি. এ. (অনার্স), এম. এ. পাশ করেন৷ ছোট মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বি. এসসি. (অনার্স), এম.এসসি. পাশ করেন৷ মা যে স্কুলে পড়াশোনা করেছেন, উনার ছোট মেয়ে, সেই ফয়জুন্নেসা গভঃ গার্লস হাই স্কুল থেকে শিক্ষকতার যাত্রা শুরু করেন৷

গ্রামের নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বাড়ন্ত ছেলে-মেয়েদেরকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে আমাদের বাবা-মার এই অক্লান্ত পরিশ্রম, নিরন্তর চেষ্টা ও আত্মত্যাগ, সমাজে বিরল ও নজিরবিহীন৷ ভালো ও আলোকিত মনের মানুষ করে আমাদেরকে সাফল্যের শীর্ষচুড়ায় পৌছাতে বাবা-মার নিঃস্বার্থ প্রচেষ্টায় মাযের এই অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে৷

গোধূলি লগন

মোহাম্মদ খায়রুল আনাম:

নিস্প্রভ,ধূসর কুয়াশায় ঢাকা জীবনের গোধূলি লগন,
জীবন যবনিকার ওপারে পাড়ি দেয়ার শূন্য আয়োজন!

ঘুচে যাক,মুছে যাক সকল গ্লানি বেদনার বীণ,
সত্য-সুন্দরের আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি দিন।

দীপ্ত করো এপার-ওপার, মহান রাব্বুল ‘আলামিন,
কায়মনোবাক্যে এটুকু প্রার্থনা,আমিন, আমিন!!

চৌদ্দগ্রামে ক্রিকেট খেলোয়াড়কে কুপিয়ে জখম

ষ্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মোহাম্মদ মাসুম ওরফে সিক্সার মাসুম নামে এক খেলোয়াড়কে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের খেলোয়ারের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের মরকাটা গ্রামের চৌধুরী বাজার সংলগ্ন ক্রিকেট মাঠে। এ ঘটনায় শাহীন মজুমদারসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। আহত মাসুম কুমিল্লার সদর উপজেলার ধর্মপুর এলাকার আবুল কাশেমের পুত্র।

থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, গত শুক্রবার উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের মরকটা চৌধুরী বাজারের পাশের ক্রিকেট খেলার মাঠে দু’পক্ষের খেলা মাসুমের দল জয় লাভ করে। পরাজিত দলের খেলোয়াড় গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের আইয়ুব মজুমদারের ছেলে শাহিন ক্ষিপ্ত হয়ে মাসুমের দিকে এগিয়ে আসলে দু’জনের মধ্যে বাক-বিতন্ডার ঘটে। এক পর্যায়ে শাহীনের পক্ষে অজ্ঞাত ৮-১০ জন মাসুমকে এলোপাথাড়ি মারধর শুরু করে। এ সময় শাহীনের সাথে থাকা ছুরি দিয়ে মাসুমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। শোর চিৎকার করলে পাশে থাকা লোকজন এসে মাসুমকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি ঘটনায় অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে’।

ফের দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সামরিক মহড়া শুরু

অনলাইন ডেস্ক:

দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা আবার নতুন করে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার পাজু সামরিক কেন্দ্রে অনুষ্ঠানরত এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার এলিট ফোর্সের আর্মি টাইগার ব্রিগেড নামে একটি ইউনিট অংশ নিচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে তখন এই সামরিক মহড়া শুরু হল। যে সামরিক কেন্দ্রে মহড়া চলছে সেটি উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া সাম্প্রতিক ধারাবাহিকভাবে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। এর জবাবে আমেরিকার সেনাদের সঙ্গে যৌথভাবে যুদ্ধের লড়াইয়ের অভিজ্ঞতা অর্জনের জন্য এবং সামরিক প্রস্তুতি যাচাই করার জন্য যৌথভাবে সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়।

মহড়ায় দক্ষিণ কোরিয়ার এলিট ফোর্সের ৮০০ সেনা অংশ নিচ্ছে। এতে দক্ষিণ কোরিয়া তার কৃত্রিম গোয়েন্দা প্রযুক্তি এবং সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। অন্যদিকে আমেরিকার পদাতিক বাহিনীর স্ট্রাইকার ব্রিগেড এ মহড়ায় অংশ নিচ্ছে।

দক্ষিণ কোরিয়া সম্প্রতি কয়েকবার নিশ্চিত করেছে যে, তারা আমেরিকার কাছ থেকে পরমাণু অস্ত্র পাওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা আরও বেড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু অস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার কথা নাকচ করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ফিল্ডিং করতে গিয়ে হাত ভাঙা গেল পাইলটের

অনলাইন ডেস্ক:

ফিল্ডিং করতে গিয়ে আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি রাজশাহীর বাসায় আছেন। এর আগে শুক্রবার বিকাল চারটার দিকে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘রাজশাহী সিক্সার্স’ দলের হয়ে খেলছিলেন পাইলট।

শনিবার দুপুরে রাজশাহী সিক্সার্স দলের খেলোয়াড় শিবলী সাদিক জানান, পাইলট হাতে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে আছেন। তার বাম হাত ভেঙে গেছে। এদিন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের রাজশাহী সিক্সার্স বনাম বগুড়ার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের মধ্যেকার খেলা ছিল।

খালেদ মাসুদ পাইলট জানান, শেষ বলে জয়ের জন্য প্রতিপক্ষ দলের প্রয়োজন ছিলো মাত্র চার রান। শেষ বলে ব্যাটার চমৎকার একটি শটও খেলেন। যা বাউন্ডারি হওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ব্যাটারের সেই শটটি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। এতে করে তার দল এক রানে জয় পায়। কিন্তু তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন। তবে তার বাম হাতের হাড় ভেঙে গেছে। তাকে চিকিৎসক কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আগামী সোম বা মঙ্গলবার সার্জারি করতে হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে দলের বহিরে রোহিত-কোহলি

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি ভারতের দুই ব্যাটিং স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে।

চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তিনিই নিউজিল্যান্ডের বিপক্ষেও দলকে নেতৃত্ব দেবেন। তার ডেপুটি হিসেবে থাকবেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি দলে ফিরেছেন সম্প্রতি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭৯ রানের ইনিংস খেলা পৃথ্বিশ।

আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি হবে রাঁচি, লখনৌ এবং আহমেদাবাদে। এরপর সমান ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।ওয়ানডেতে যথারীতি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। থাকবেন বিরাট কোহলিও।

ভারতের টি-টোয়েন্টি দল
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাথি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বিশ, মুকেশ কুমার।

বিশ্বজয়ী আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

অনলাইন ডেস্ক:

এবার বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। উদযাপন করতে গিয়ে আর্জেন্টাইনরা সীমা লঙ্ঘন করেছে। সাথে তাদের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আছে ফিফার বাণিজ্যিক নীতিও ভঙ্গের অভিযোগও।

আর্জেন্টিনা দলের ‘আক্রমণাত্মক আচরণ’-এর বিরুদ্ধে ফিফা ‘শাস্তিমূলক কার্যক্রম’ শুরু করেছে।
অভিযোগ উঠেছে, লিওনেল মেসির দল ‘আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লের নীতিমালা লঙ্ঘন’ এবং ‘খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণ’ সম্পর্কিত ফিফার নীতিমাল ভেঙেছে। এ জন্য ডিসিপ্লিনারি বিধির ১১ ও ১২তম ধারা মতে তদন্ত শুরু করেছে ফিফা।

বাঁধভাঙা উল্লাসের সময় সবচেয়ে বেশি মাত্রা ছাড়িয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়ে গোল্ডেন গ্লাভস জয়ের পর অশ্লীল ভঙ্গি করেন তিনি। ড্রেসিংরুমে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও মজা করা হয় মার্তিনেজের নেতৃত্বে। দেশে ফিরেও এমবাপ্পেকে নিয়ে মার্তিনেজ বিদ্রূপ করেছেন। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এমন উদযাপনের প্রতিবাদ জানিয়ে চিঠিও পাঠিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে।মেসির দেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা।

সূত্র: ফিফা

সরকারের অত্যাচারে বিএনপির আন্দোলনে বাড়ছে অংশগ্রহণ: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অত্যাচার-নির্যাতন বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির আন্দোলনে মানুষের অংশগ্রহণও বাড়ছে। এখন পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী নিহত হয়েছেন। বিএনপির ৬০০ নেতাকর্মী গুম হয়েছেন। শীর্ষ নেতাসহ হাজারের ওপরে খুন, হাজারের ওপরে নেতাকর্মী কারাগারে বন্দি।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথসভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার অর্থনীতি খাত ফোকলা করে দিয়েছে, দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে। দেশের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। এ কারণেই রাজনৈতিক দলগুলো ১০ দফা ঘোষণা করেছে। ১০ দফার মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় বিএনপি।

যৌথসভায় ১৯ জানুয়ারি বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। আগামী ১৭ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে। মির্জা ফখরুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।

‘প্রিয়তমা-তোমাকে যেভাবে চাই’ বইয়ের মূল্য এক লাখ টাকা !

বেলাল হোসাইন:
তরুণ কবি ও গীতিকার রাকিবুল এহছান মিনারের প্রকাশিতব্য পঞ্চম কাব্যগ্রন্থ প্রিয়তমা তোমাকে যেভাবে চাই’ বইটির প্রথম কপির জন্য নিলামে এক লক্ষ টাকা দাম ঘোষণা করেছেন আমেরিকা প্রবাসী কমিউনিটি নেত্রী হোসনে আরা বেগম।

গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধায় বইটির নিলাম শেষ হয়।

নিলামের শুরুতে বইটির প্রথম কপি পাওয়ার জন্য ২২ হাজার টাকা ঘোষণা করেন সৌদি আরব প্রবাসী নাশিদ শিল্পী ফখরুল এবং ২১ হাজার ৯৯৯ টাকা দাম ঘোষণা করে এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকেন আমিনুল ইসলাম নাসির। নিলামে এখন পর্যন্ত প্রথম দিকে থাকা নিলামের সর্বোচ্চ তিনটি দামই তিনজন আলাদা ব্যক্তি থেকে এসেছে। বাংলাদেশের ইতিহাসে নিলামে একটি বইয়ের দাম এক লক্ষ উঠা একটি রেকর্ড। এর চাইতে বেশি দামে কোন বই বিক্রি কিংবা নিলামে উঠার কোন তথ্য পাওয়া যায়নি। ইসলামী সাহিত্যের প্রচার-প্রসারে এমন প্রতিযোগীতাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।

প্রকাশনী থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বইটির ক্রয়কৃত মূল্য ২৫০ টাকার আশেপাশে হবে। অনলাইনে রকমারি ডট কমেও আলোড়ন সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে জানান লেখক।

বইটির এক লক্ষ টাকা দাম হাকানোর বিষয়ে আমেরিকা প্রবাসী কমিউনিটি নেত্রী হোসনেআরা বেগম জানান, টাকা দিয়ে একটি সুস্থ্য সংস্কৃতির বইকে মুল্যায়ন করা যায়না। রাকিবুল ইসলাম মিনার আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। ইসলামী সংস্কৃতি বিকাশে লেখককে উৎসাহ দেয়ার জন্য এবং যেহেত্যু নিলামের সম্পূর্ণ টাকা মানবিক কাজে ব্যয় হবে তাই এক লক্ষ টাকা দাম হাকিয়েছি। অন্য কেউ এর চাইতে বেশি দাম হাকালেও কোন ধরনের আপসোস কিংবা আপত্তি থাকবেনা বলেও জানান তিনি।

তরুণ গীতিকার রাকিবুল ইসলাম মিনারের প্রথম প্রকাশনা ‘নিজেকে গড়ো’। এটি ২০১৯ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়। এছাড়াও ‘চেহারায় মানুষ’, ‘ছন্দে গাঁথা বারুদ’, ‘হৃদয়ের অগ্নুপাত’ শিরোনামে আরও তিনটি বই বের করেন।

রাকিবুল ইসলাম মিনার জানান, আমি ভেবেছিলাম বইটির নিলাম ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার পর্যন্ত যেতে পারে। তাও একদম শেষের দিকে এসে। সেখানে প্রথম ১০ মিনিটেই ১০ হাজার ব্রেক করে। নিলামে মাত্র তিন ঘন্টায় গিয়ে ১ লক্ষ টাকা বইটির প্রথম কপির দাম, আলহামদুলিল্লাহ্। মূল্যের দ্বিতীয় অবস্থানে ৬০ হাজার ও তৃতীয়তে ২২ হাজার। নিলাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটিই মানবিক কাজে ব্যায় করা হবে। সুস্থ্য সংস্কৃতির বইটির সাথে জড়িত সকল কলাকুলশীদের প্রতি ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি যেহেতু বইটির নিলাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই মানবিক কাজে ব্যয় করা হবে তাই বইটির ব্যাপক প্রচারের মাধ্যমে বিক্রিতে ভুমিকা রাখার জন্যও সকলকে আহ্বান জানান তিনি।

ছড়াকার, কবি ও সাহিত্যিক রাকিবুল এহছান মিনার ১৯৯৫ সালের ১ জুলাই ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার ৮ নং জায়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের ভূইয়া বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পড়ালেখায় তিনি ফেণীর সিলোনিয়া হাইস্কুল থেকে ২০১০ সালে মাধ্যমিক ও ফেনী সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছেন। প্রবাসে থেকেই মানবিক কাজে জড়িয়ে পড়েন। পথশিশু এবং বঞ্চিত অসহায় মানুষদের কল্যানে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘পথের ফুল ফাউন্ডেশন’ নামের একটি মানবিক সংগঠন। পথের ফুল ফাউন্ডেশন দেশের বিভিন্ন প্রান্তে গরীব ও অসহায় মানুষ এবং শিশুদের মাঝে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।