All posts by jitu

কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত চারজনের মধ্যে দু’জন নারায়ণগঞ্জের, একজনের মৌলভীবাজারের ও আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মরদেহ রাখা হয়েছে স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে। আর রাহাতকে শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।

অন্যদিকে আহত মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান আপুকে দোহা হামাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এই দুজনের বাড়ি নারায়ণগঞ্জে।

জানা যায়, আল শামাল মহাসড়কে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। আর হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, তিনজনের মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

শেখ হাসিনা আছেন বলেই কৃষিতে এত উন্নতি : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা আছেন বলেই কৃষিতে আমরা অনেক উন্নতি করেছি। ধু ধু মাঠে এখন ফসল হয়, আমের বাগানে আম হয়। জমিতে সেচ ও সারের ব্যবস্থা করা হয়েছে। গরিব মানুষ খাদ্যবান্ধব কর্মসূচিতে বিনামূল্যে চাল পাচ্ছে, ওএমএসে স্বল্পমূল্যে চাল আটা পাচ্ছে। কৃষকও এখন ফসলের নায্য মূল্য পাচ্ছে।

রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়িয়েছে। প্রতিটি ইউনিয়নে এখন ছয়/সাত হাজার মানুষ প্রত্যক্ষভাবে সরকারি সুবিধা ভোগ করছে। ভবিষ্যতে সরকার সামাজিক নিরাপত্তার আওতা আরো বাড়াবে।

তিনি বলেন, এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে বর্তমান সরকারের অনুদান পৌঁছায়নি। উন্নয়ন হয়েছে সব ক্ষেত্রে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকেই দেশের রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য এ কম্বল দিয়েছেন। প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা শীতার্ত মানুষের কাছে এ শীতবস্ত্র পৌঁছে দেবে। এসময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণকালে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জ্বল হোসেন, ত্রিশুলের সভাপতি ও খাদ্যমন্ত্রীর কনিষ্ঠ কন্যা তৃণা মজুমদার ও গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার ২০টি ইউনিয়নে ১০ হাজার কম্বল,পাঁচ হাজার চাদর ও এক হাজার সোয়েটার বিতরণ করা হবে।

ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা জোড়দার রাশিয়ার, নিহত ১২

অনলাইন ডেস্ক:

ইউক্রেনজুড়ে নতুন করে শুরু করা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। দানিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ওই হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। কিয়েভ, খারকিভ এবং ওডেসা শহরের ওপরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একাধিক শহরের বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত করার পর ইউক্রেনের বেশিরভাগ এলাকা এখন জরুরি ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

এর আগে যুক্তরাজ্য জানিয়েছিল, ইউক্রেনের প্রতিরক্ষা জোরালো করতে সহায়তার অংশ হিসেবে তারা দেশটিকে ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধাস্ত্র চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক সরবরাহ করবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, রাশিয়ান বাহিনীকে হটিয়ে দিতে সহায়তা করবে এসব ট্যাঙ্ক।

তবে এর পাল্টা জবাবে রাশিয়া বলেছে, ইউক্রেনকে আরও অস্ত্র দেয়া হলে তা রাশিয়ার অভিযানকে আরও ব্যাপক করে তুলবে এবং তাতে অনেক বেশি সাধারণ মানুষ হতাহত হবে। গত শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সরবরাহ করে, তাহলেই বেসামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার হামলা ঠেকানো সম্ভব। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এজন্য (রাশিয়ার হামলা ঠেকানো) কী করা দরকার? আমাদের পশ্চিমা বন্ধু দেশগুলোর গুদামে যেসব অস্ত্র রয়েছে আর আমাদের সৈন্যরা যেসব অস্ত্রের জন্য অপেক্ষা করছে, সেগুলো দরকার।

তিনি জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী ২০ থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে দানিপ্রো শহরে। সেখানকার একটি নয় তলা ভবনের প্রবেশমুখে ক্ষেপণাস্ত্র আঘাত করলে বেশ কয়েকটি তলা ধূলিসাৎ হয়ে যায়।

ইউক্রেনেরে কর্মকর্তারা জানিয়েছেন, ওই আঘাতে অন্তত ৭৩ জন আহত হয়েছে যাদের মধ্যে ১৪টি শিশুও রয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। জেলেনস্কি জানিয়েছে, দানিপ্রো শহরের বিধ্বস্ত ভবনে সারারাত ধরে ধ্বংসস্তূপ সরানো আর উদ্ধার অভিযান চলেছে। বিধ্বস্ত ভবন থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ছয়টি শিশু রয়েছে।

কিন্তু শহরের বিদ্যুৎ অবকাঠামোর কাছাকাছি না হওয়ার পরেও কেন এই ভবনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা করা হলেও হয়তো এটি রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য নির্ধারণে ত্রুটিপূর্ণ ছিল। অথবা রাশিয়ার যেসব ক্ষেপণাস্ত্র ইউক্রেন ভূপাতিত করেছে, এটি তার একটিও হতে পারে, যদিও সেই সম্ভাবনা কম।

সূত্র : বিবিসি

৪ দিন ধরে সন্ধান নেই ‘মোল্লার বই.কমের’ সিইও এর

অনলাইন ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাহমুদুল হাসান জাফর (২৮) নামে এক বই বিক্রেতা চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। ফেসবুকে ‘মোল্লার বই.কম’ নামের একটি পেজ চালান তিনি। যে কারণে সারাদেশের বইপ্রেমীদের কাছে মোল্লা জাফর নামে পরিচিত তিনি। যাত্রাবাড়ীতে তার দোকানের নামও মোল্লার বই.কম।

গত মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি যাত্রাবাড়ীর কুতুবখালীর মাদরাসা মার্কেট থেকে ক্রেতার বই পৌঁছে দেওয়ার জন্য বের হন মাহমুদুল। এরপর তিনি আর বাসায় ফেরেননি এবং কারও সঙ্গে যোগাযোগও করেননি বলে জানিয়েছে পরিবার। বুধবার (১১ জানুয়ারি) নিখোঁজ মাহমুদুলের বাবা মাওলানা জাফর আহম্মেদ যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিখোঁজ বই বিক্রেতা মাহমুদুল হাসানকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছেন। রবিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর চিকিৎসকের পারমর্শে তাকে হাসপাতাল ভর্তি করানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে শায়রুল কবির বলেন, কতদিন হাসপাতালে থাকবেন সেটা তো আমরা বলতে পারব না। উনার চিকিৎসকরা বলতে পারবেন।

প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন এবং অনেকেই আহত হন। এ ঘটনায় পরদিন গভীর রাতে নিজ নিজ বাসা থেকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। ৯ ডিসেম্বর তাদের পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এক মাস কারাগারে বন্দি থাকার পর গত ৯ জানুয়ারি সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তারা।

সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

অনলাইন ডেস্ক:

সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৫) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া কিশোরগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী এবং কুড়িগ্রামের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিভারপুল কোচ

অনলাইন ডেস্ক:

মৌসুমের মাঝপথ কেটে গেলেও ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান সেভাবে গড়তে পারেনি লিভারপুল। গতকাল ব্রাইটনের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর টেবিলের নয়ে নেমে গেছে তারা।

এমন বাজে পারফরম্যান্সের পর হাত জোড় করে সমর্থকদের দিকে চেয়ে ক্ষমা চান কোচ ইউর্গেন ক্লপ। সংবাদ সম্মেলনেও নিজেকে লুকাতে পারলেন না। তিনি বলেন, ‘বাজে, খুবই বাজে। আমি এর চেয়ে বাজে ম্যাচ মনে করতে পারছি না। সত্যিই পারছি না। ব্রাইটন খুবই ভালো খেলেছে। জয় তাদের প্রাপ্য। একটি খুবই সুশৃঙ্খল দলের বিপক্ষে খুবই বিশৃঙ্খল দলের লড়াই ছিল এটি। অবশ্যই আমরা খুবই চিন্তিত। এরকম একটা ম্যাচের পর কীভাবে চিন্তিত না হয়ে থাকতে পারি?’

নিজেদের মাঠে প্রথমার্ধে দাপট দেখিয়েও কোনো গোল করতে পারেনি ব্রাইটন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় তারা। ৪৬ মিনিটে মাক আলিস্তারের ক্রস থেকে ডেডলক ভাঙেন সোলি মার্ক। সাত মিনিট পর লিভারপুলকে আবারও শাস্তি দেন এই ফরোয়ার্ড। কোণাকুণি শটে লিভারপুল গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করেন তিনি। ৮১ মিনিটে মার্কের অ্যাসিস্ট থেকে ব্যবধান ৩-০ করেন ড্যানি ওয়েলব্যাক।

নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

অনলাইন ডেস্ক:

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এটিআর ৭২ উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। রবিবার সকালে উড়োজাহাজটি কাসকি জেলার বিধ্বস্ত হয়। আজ রবিবার কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উড়োজাহাজে মোট ৬৮ যাত্রী ও ৪ ক্রু সদস্য ছিল। পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাউলা। হেলিকপ্টারে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। এসব ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সে জায়গা অনেক আগুন ও ধোঁয়ায় পূর্ণ হয়ে গেছে।

দেবিদ্বারের ফতেহাবাদে উচ্চদরে সার বিক্রির অভিযোগ সাব ডিলারের বিরুদ্ধে

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাব ডিলার ইউনুছ মেম্বারের বিরুদ্ধে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগ উঠেছে।

সরকারি ন্যায্যমূল্য অনুযায়ী, ইউরিয়া সার কেজি ১৬ টাকা, টিএসপি সার কেজি ২২ টাকা, পটাশ/এমপিও সার কেজি ১৫ টাকা, ফসফেট সার কেজি ২২ টাকা দরে বিক্রির নিয়ম থাকলেও এই সাব ডিলার বেশ বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করছে। সারের দরমূল্য ঝুলিয়ে রাখার কথা থাকলেও এই সাব ডিলার এই নিয়ম তোয়াক্কা না করে বেশি মূল্যে সার বিক্রি করছেন। এ নিয়ে কৃষকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এছাড়া কীটনাশক ও বীজও বেশি দামে বিক্রি করছে।

স্থানীয় সূত্র জানায়, বেশিমূল্যে সার বিক্রির পাশাপাশি নিম্নমানের বীজ বিক্রি করা হচ্ছে। কীটনাশকের মান নিয়েও জনঅসন্তোষ রয়েছে। ইউরিয়া কেজি প্রতি ২৫/২৭ টাকা, টিএসপি কেজি প্রতি ৩০ টাকা, পটাশ/এমপিও সার কেজি ৩০ টাকা দরে বিক্রি করছেন এই সাব ডিলার।

নুরপুর গ্রামের কৃষক হালিম মিয়া জানান, সার তো বেশি দামে বিক্রি করে। তাছাড়া বীজের ক্ষেত্রেও অনিয়ম হচ্ছে। নাম ছাড়া বীজের নামে বিক্রি করলেও আমাদের দেয়া ৫৮ বীজ দেয়া হয়। এই বীজে গতবারও ফলন খারাপ হয়েছে।

নুরপুর গ্রামের কৃষক জয়দল জানান, বাংলা বিএডিসি সার ২২ টাকার জায়গায় ৩৮ টাকা দরে আমি কিনছি। ইউরিয়া সার কিনছি ২৭ টাকা কেজি দরে।

জানা যায়, নুরপুর স্কুলের সামনে, জিয়ামদ্দিন হাজী বাড়ির আনোয়ারের বসতভিটা ও কুটনা উত্তর পাড়ার ওয়াসি সাহেবের বাড়ির পাশে এবং জাহের সরকারের দোকানের পাশে সাব ডিলার ইউনুছ মেম্বারের সার বিক্রির দোকানগুলো অবস্থিত।

এ বিষয়ে ইউনুছ মেম্বার জানান, আমি প্রায় ১৫ বছর দরে সার নিয়ে কাজ করছি। বেশি দামে সার বিক্রি করার অভিযোগ মিথ্যে। আমি ন্যায্য মূল্যে সার বিক্রি করি। আর ৫৮ বীজ আমি সরবরাহ করি না।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলার কৃষি কর্মকর্তা মো: মাহবুবুল হাসান ( তিনি মূলত বি-পাড়া উপজেলার কৃষি কর্মকর্তা, দেবিদ্বার উপজেলায় অতিরিক্ত দায়িত্বে আছেন) মুঠোফোনে জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ নেই আমার কাছে। যেহেতু এখন শুনেছি। আমি মাঠ পর্যায়ে তদন্ত করবো। দোষী প্রমাণিত হলে সাব ডিলারকে আইনের আওতায় আনবো। কারণ আমাদের কাছে কৃষকের স্বার্থ সবার আগে।

মুরাদনগরে প্রাথমিক শিক্ষকদের আইসিটি বিষয়ক কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষকদের মাল্টিমিডিয়া ও আইসিটি মাধ্যমে ক্লাস নেওয়া এবং চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে সকল শিক্ষকদের আইসিটি ট্রেনিং ফর স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজিত কর্মশালার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লা হারুন এফসিএ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, মুরাদনগর প্রসক্লাবের আহ্বায়ক আবুল খায়ের, সহকারি শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজী উল হক চৌধুরী, মুরাদনগর উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আইসিটি বিষয়ক সম্পাদক ফয়জুল্লা মনির প্রমূখ।