All posts by jitu

বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় ১০০ গুণ বেশি উন্নয়ন হবে: সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় ১০০ গুণ বেশি উন্নয়ন হবে, সঙ্গে এলাকায় শান্তিও প্রতিষ্ঠিত হবে, এমনই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় চতুর্থ দিনের মতো নির্বাচনী গণসংযোগ করেছেন তিনি। তারই অংশ হিসেবে ছাদখোলা গাড়িতে করে কোনাখালীতে গিয়েছিলেন তিনি। সেখানে এসব কথা জানান বিএনপি নেতা।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন হবে, দয়া করে আপনারা সবাই ধানের শীষের পক্ষে রায় দিন, ভোট দিন। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার প্রতিষ্ঠা করলে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।’

চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। গত ২ ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন দলের এই অন্যতম শীর্ষ নেতা।

প্রচারণায় আর বাকি আছে এক দিন। তা শেষ করে আগামী ৭ই ডিসেম্বর (রোববার) তিনি রাজধানীতে ফিরে আসবেন।

ইয়ুথ মিডিয়া ক্রিকেটের ফাইনালে টিম ধর্মসাগরকে হারিয়ে টিম গোমতী চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ১৭-তম মিডিয়া ক্রিকেটের ইয়ুথ গ্রুপের ফাইনালে টিম ধর্মসাগরকে ৪ উইকেটে হারিয়ে টিম গোমতী চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাটিয়ের সিদ্ধান্ত নেন টিম ধর্মসাগরের অধিনায়ক আশিকুর রহমান। প্রথমে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করেন। দলের পক্ষে রনি ৪১ রান, ইকরাম ২৬ রান, নিমেল ১২ রান, অপু ৫ রান, সাজু ৪ রান, আশিকুর রহমান অপরাজিত ১২ রান ও মোতালেব ১ রানে অপরাজিত থাকেন। টিম গোমতীর পক্ষে হৃদয় ৩ উইকেট ও রুহুল আমিন ১টি উইকেট পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে টিম গোমতী ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে হৃদয় সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া শান্ত ৫ রান, রুহুল আমিন ১৩ রান, শাহাদাত ৪ রান, রুবেল মিয়া ১৬ রান, ফেরদৌস মিঠু ৬ রান ও হাবিবুর রহমান ২ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্স করে হৃদয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জিতলেন মিডিয়া ওয়ারিয়র্স

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭–তম মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জার্নালিস্ট ইউনাইটেডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে মিডিয়া ওয়ারিয়র্স।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন মিডিয়া ওয়ারিয়র্সের অধিনায়ক জহিরুল হক বাবু।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় জার্নালিস্ট ইউনাইটেড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন সুমন আহমেদ সোহান। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কার মার। এছাড়া আলমগীর ৩২, বিপ্লব হাসান ২৫, জুয়েল ১০, আকিবুল হারেছ ৯ ও শাহ ইমরান অপরাজিত ৩ রান করেন।

মিডিয়া ওয়ারিয়র্সের পক্ষে জহিরুল হক বাবু, তামজিদ হোসেন লিপু, মাহিন, হাসান ফরহাদ ও গাজী রুবেল একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মিডিয়া ওয়ারিয়র্স। দলের পক্ষে সোহরাব সুমন অপরাজিত ৪৯, মাহিন অপরাজিত ৩৮, ইশতিয়াক আহমেদ ২৪, হাসান ফরহাদ ২৩, গাজী রুবেল ১৭ ও তামজীদ হোসেন লিপু ৭ রান করেন।

জার্নালিস্ট ইউনাইটেডের পক্ষে শাহ ইমরান, সোহান, বিপ্লব ও হারেস একটি করে উইকেট পান।

অলরাউন্ড পারফরম্যান্সের জন্য মাহিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আসিফ তরুনাভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া ও দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার শহীদ উল্লাহ।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

এ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন দেশ টিভির প্রতিনিধি সুমন কবির এবং এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ।

টমছমব্রিজ মুরগির বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার টমছমব্রিজ মুরগির বাজারে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে মুরগির ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়েও বেশি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখা হয়।

মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ইনসাফ ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকা, ঈষান ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকা, শাওন ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা, মা-বাবার দোয়া ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা, রায়হান ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকাসহ আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের ডাকাতি মামলার আসামি চৌদ্দগ্রামে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম ফিশারিঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল ওরফে রবিউল হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় র‌্যাবের চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রুবেল লক্ষীপুরের রামগতি উপজেলার মোহাম্মদপুর বাজার এলাকার আব্দুল মমিনের ছেলে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, চট্টগ্রামের কোতোয়ালী থানায় ৭ সেপ্টেম্ব দায়ের হওয়া ডাকাতি মামলার এজাহারনামীয় আসামি রুবেল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা এলাকায় আত্মগোপনে ছিলেন। এরপর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর রুবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চট্টগ্রাম সদরঘাট নৌ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ দেবিদ্বার হানাদার মুক্ত দিবস

স্টাফ রিপোর্টার:

আজ ৪ ডিসেম্বর কুমিল্লার দেবিদ্বার মুক্ত দিবস। ১৯৭১ সালের রক্তঝরা এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে দেবিদ্বার মুক্ত হয়েছিল।

১৯৭১ সলের রক্তঝরা দিনগুলোতে মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে হানাদারমুক্ত হয়েছিল কুমিল্লার বিভিন্ন অঞ্চল। তারই ধারাবাহিকতায় দেবিদ্বার এলাকা হানাদারমুক্ত হয়েছিল ৪ ডিসেম্বর। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে ৩ ডিসেম্বর বিকেল থেকেই হানাদারদের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালানো হয়েছিল।

মিত্রবাহিনীর ২৩ মাউন্টেন ডিভিশনের জেনারেল আর ডি হিরার নেতৃত্বে বৃহত্তর কুমিল্লায় এ অভিযান পরিচালিত হয়। ওই দিন রাতে মুক্তিবাহিনী মাইন বিস্ফোরণে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ সেতুটি উড়িয়ে দেয়। মিত্রবাহিনীর একটি ট্যাংক বহর বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা হয়ে দেবিদ্বারে আসে। হানাদাররা ওই রাতেই দেবিদ্বার ছেড়ে কুমিল্লা সেনানিবাসে পালিয়ে যায়। ধীরে ধীরে মুক্তিবাহিনীর বিভিন্ন গ্রুপ দেবীদ্বার সদরের দিকে অগ্রসর হতে থাকে।

পাক সেনারা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে ওই রাতেই পালিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে চলে যাওয়ার সংবাদে ৪ ডিসেম্বর ভোর থেকেই বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন গ্রুপগুলো এবং হাজার হাজার জনতা স্বাধীন বাংলার পতাকা নিয়ে উপজেলা সদর অভিমুখে আসতে থাকে এবং ‘জয়বাংলা’ স্লোগানে বিজয়ের উল্লাসে উপজেলা সদর প্রকম্পিত করে তোলে।

দেবিদ্বার মুক্ত দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলে কর্মসুচি পালন করবে। বৃহস্পতিবার সকাল ১০টায় র‌্যালি, মুক্তিযুদ্ধ চত্বর ও গণকবরে শহীদদের পুষ্পমাল্য অর্পণ ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাব। আমরা সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করেছি।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

কুমিল্লায় ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কড়িকান্দি রাজাপুর সড়কের তিতাস নদীর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকতা খালেদ সাইফুল্লাহ বলেন, দুপুরের দিকে তিন নারী ঘাটে নেমে গোসল করছিলেন। এ সময় বালুভর্তি একটি ট্রলি কড়িকান্দি রাজাপুর সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং গোসলরত তিন নারীর ওপর সরাসরি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি উদ্ধার করে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে। ট্রলির চালক গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহতরা হলেন তিতাস উপজেলার কড়িকান্দি রাজাপুর এলাকার শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।

বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রে শ্রোতা সম্পৃক্ততা বৃদ্ধির কৌশল নিয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রে শ্রোতা সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কেন্দ্রের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম। তিনি বেতারের প্রতি শৈশবের টান তুলে ধরে বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এখন প্রয়োজন শ্রোতাবান্ধব অনুষ্ঠান। তিনি নিউমিডিয়ার ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাসুদা কামাল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। তারা সেমিনারের বিষয়কে সময়োপযোগী উল্লেখ করে শ্রোতাদের প্রয়োজন অনুযায়ী নতুন ধারার অনুষ্ঠান তৈরি করার ওপর গুরুত্ব দেন।

সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন আঞ্চলিক প্রকৌশলী ফারুক আহমেদ ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক ড. তাপস চন্দ্র বোস। তারা বেতারকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠান নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো. ইমরান হোসেন।

সমাপনী বক্তব্যে আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য বলেন, বেতার একসময় দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন পরিবর্তিত সময়ে শ্রোতাদের কাছে পৌঁছাতে হলে তাদের চাহিদা অনুযায়ী আধুনিক ও আকর্ষণীয় অনুষ্ঠান তৈরি করতে হবে।

বাংলাদেশ বেতারের উপস্থাপক বিশিষ্ট বাচিকশিল্পী মাহতাব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বাচিক শিল্পী, বিভিন্ন শ্রোতা ক্লাবের সদস্য, শিল্পী, কলা-কুশলী ও বেতারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় চৌদ্দগ্রামের বিভিন্ন মসজিদে দোয়া

স্টাফ রিপোর্টার:

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতা কামনায় কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে এবং আবারডিন সিটি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলাউদ্দিন হোসাইনীর সার্বিক সহযোগিতায় গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদ, খাটরা জামে মসজিদ,চাপাচৌ মধ‍্যমপাড়া জামে মসজিদ, কর্তাম জামে মসজিদ, ফুলেরনাওড়ী জামে মসজিদ ও খাটরা পূর্ব পাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বাদ আছর বিভিন্ন মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব আলী হোসেন পন্ডিত, গুনবতী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জনাব আবদুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আশ্রাফী, গুনবতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মফিজুর রহমান, সাবেক গুনবতী কলেজ ছাত্রদল সভাপতি জোবায়রুল ইসলাম পলাশ, সাবেক গুনবতী ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইফুল আলম জুয়েল, গুনবতী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আজাদ আল মাহমুদ,ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, ইউনিয়ন কৃষকদল সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, ইউনিয়ন মৎসজীবি দলের আহবায়ক তখন, উপজেলা ছাত্রদল নেতা আসিফ, ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি শাহাদাত সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ এবং সাধারন মুসল্লীরা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থ্যতা এবং দ্রুত রোগমুক্তি কামনা করেন।