All posts by jitu

আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার:

আজ ৯ ফেব্রুয়ারী সোমবার) বিশিষ্ট সাংবাদিক, দৈনিক যুগান্তর কুমিল্লা প্রতিনিধি, শিশু-কিশোর সংগঠক, অংকন ও প্রচ্ছদ শিল্পী, সমাজসেবক, শিক্ষানুরাগী প্রয়াত নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী।

এউপলক্ষে ময়নামতি সিন্দুরিয়াপাড়া গ্রামে কবর জিয়ারত, দোয়া এবং ময়নামতি সাহেবের বাজার আবিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও এতিমদের মাঝে খাবার বিতরনের ব্যবস্থা করা হয়েছে।

মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারী সংবাদ সংগ্রহে দাউদকান্দি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় পালকি সিনেমা হলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সহযোহী যুগান্তর স্বজন সমাবেশ সদস্য ফারুকসহ নিহত হয়েছিলেন।

যে কোন পরিস্থিতিতেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর : কর্নেল মেহেদী হাসান

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোট প্রদান প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি কিংবা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা রোধ করাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লক্ষ্য বলে জানিয়েছে ৩৩ পদাতিক ডিভিশন।

রবিবার দুপুরে ৩৩ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ, কর্নেল কে এম মেহেদী হাসান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। নির্বাচনকে সামনে রেখে ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান আরও জোরদার করা হয়েছে।

ডিভিশন সূত্রে জানা গেছে, চলমান অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।

৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, যেকোনো পরিস্থিতিতেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ জনগণসহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইউনিট মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিতাসে পৃথক অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, আটক ১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িত অভিযোগে একজনকে আটক করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানাযায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। অস্ত্র বহনকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫টি ইস্টেনগান, থানায় ব্যবহৃত ৪টি লোডার/কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন, ৮টি পিস্তলের খালি অ্যামুনিশন এবং ১টি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে ধারণা পুলিশের ।

একই রাতে দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে অভিযান চালিয়ে এসহাক মোল্লা জুয়েল একজনকে আটক করেছেন। জুয়েল ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, পাঁচটি দেশীয় অস্ত্র (চাকু), তিনটি লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সাবেক যুবলীগ নেতা জুয়েল মোল্লা ২৪ এর ৫আগষ্টের পর গা- ঢাকা দিয়েছিলেন। পরে স্থানীয় বিএনপিতে যোগদানের মাধ্যমে এলাকায় বিচরণ শুরু করেন। তার নামে এলাকায় অগ্নিসংযোগ, লুটপাট ও মারামারিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

তিতাস থানার ওসি মোঃ আরিফ হোসাইন দেশ রূপান্তরকে বলেন, যৌথবাহিনীর অভিযানে মজিদপুর ইউনিয়নের পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এবং ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রাম থেকে বিদেশী অস্ত্রসহ এসহাক মোল্লা জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আর অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এনডিইউবি ক্রিকেটের চ্যাম্পিয়ন ইংলিশ সাথে ছিল ফ্যান্টাসী কিংডম ও আল্টিমেট স্পোর্টস

নিজস্ব প্রতিবেদক:

এক হাই ভোল্টেজ ফাইনালে ল ডিপার্টমেন্টকে ২উইকেটে হারিয়ে ৪র্থবারের মতো এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল ইংলিশ ডিপার্টমেন্ট।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ল। কিন্তু ইংরেজি বিভাগের পেসারদের কৌশলী বোলিংয়ের কাছে ধরাশায়ী হয় পুরো টুর্নামেন্টে তাদের ফর্মে থাকা টপ অর্ডার ব্যাটাররা। যেন ছক করেই মাঠে নেমেছিল ইংলিশ। ধাক্কা সামলে পরবর্তীতে সিয়ামের ব্যাটে ভর করে ল ১০৫ রানের টার্গেট দেয় ইংলিশকে।

কিন্তু প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট হারায় ইংলিশ। ইংলিশের অধিনায়ক নীল তখন এগ্রেসিভ ব্যাট করে ম্যাচে আধিপত্য নিয়ে নেন। কিন্তু ভুল বুঝাবুঝিতে নাঈম রান আউট হওয়ার পর একের পর উইকেট পতনের মিছিল শুরু হয় ইংলিশের ব্যাটিং শিবিরে। ম্যাচ যখন নাগালের বাইরে তখন টেল এন্ডার সাব্বির একপ্রান্ত আকড়ে নীলকে স্ট্রাইক দিয়ে খেলতে থাকেন। নীল তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একাই টেনে নিয়ে যান ইনিংস এবং ম্যাচের নিয়ন্ত্রণ নেন। টানটান উত্তেজনার শেষ ওভারে ১ বল বাকি থাকতেই ৬ মেরে ২ উইকেটে বিজয় নিশ্চিত করেন তিনি। ২১ বলে ৬৪ রান করে তিনি প্লেয়ার অব দ্য ফাইনাল হন।

উৎসবে মেতে ওঠে ইংলিশ টিমের সমর্থকরা। এরই সাথে সমাপ্তি ঘটে ২০২৬ এর আসরের। টানা ৬ বারের ফাইনাল খেলার ও যৌথভাবে সর্বোচ্চ ৪টি ট্রফি জিতে রেকর্ড বইতে আধিপত্য এখন ইংলিশ টিমের।পুরো টূনামেন্টে ইংলিশ ঈগলস এর পাশে ছিল বাংলাদেশের অন্যতম শীর্ষ গ্রুপ কনকর্ড এর ফ্যান্টাসি কিংডম ও লন্ডন ভিওিক বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস অনলাইন ও ডিজিটাল নিউজ পোর্টাল আল্টিমেট স্পোর্টস। টানা ৬ বার ফাইনাল খেলা ও ৪ বার কাপ নেয়া এ টিমের নানা সময়ে কোচ,ম্যানেজারের দ্বায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী।

শিক্ষিত তরুণ তরুণীদের সুযোগ দিতে চাঁদপুরে চাকরি মেলা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ‘চাকরির মেলা ২০২৬’ শীর্ষক এক কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়। Empowering Engineers, Connecting Careers স্লোগানে আয়োজিত এ মেলায় শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসংস্থানের সুযোগ এবং ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে।

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের স্কিল জবস এর উদ্যোগে চাঁদপুরে এই প্রথম অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহত্তম ক্যারিয়ার ফেয়ার- ২০২৬। এই চাকুরি মেলায় অংশগ্রহণ করেন ক্যারিয়ার ফেয়ারে পাঁচ শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও প্রতিষ্ঠানের শেষ পর্বের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আজিজুল হক। তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনই ভবিষ্যতের চাবিকাঠি। এই মেলায় উপস্থিত প্রতিটি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের হাতে এমন একটি সোপান তুলে দিচ্ছে যার মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা যাচাই করতে পারে, নতুন দক্ষতা অর্জন করতে পারে এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আত্মবিশ্বাস ও নৈতিক দক্ষতা বৃদ্ধি করবে।

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক সিনথিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অল পলিটেকনিক ইনস্টিটিউট আন্ডার ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ডেপুটি ডিরেক্টর কে. এম. পারভেজ ববি, চাঁদপুর ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খান, চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ চৌধুরী, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জহিরুল ইসলাম ফরহাদ, ডিআইইটি পলিটেকনিক ইনস্টিটিউটের মো. আব্দুল হাকিম, মুন্সিরহাট হাই স্কুলের অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক গোফরান হোসেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর মেরিন একাডেমির ইন্সট্রাক্টর রবিন মিত্র এবং হাজিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মো. সাহাজালাল। উদ্বোধন ও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সুবিধার্থে মেলা কেন্দ্রে মোট ২০টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে বিভিন্ন কোম্পানি সরাসরি চাকরির সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। শিক্ষার্থীরা রেজুমে জমা দিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

দেবিদ্বারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

দেবিদ্বার পৌরসভার ফুলগাছ তলা এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে ‘ফিউচার এন্টারপ্রাইজ’ নামক ওই প্রতিষ্ঠানকে আইনটির ৪০ ধারায় এ জরিমানা করা হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভোক্তা অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোটকেন্দ্রের তথ্য ৪ পদ্ধতিতে জানা যাবে

ডেস্ক রিপোর্ট:

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোট প্রদান সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য ৪টি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

এ জন্য প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

এ ছাড়া ভোটাররা হটলাইন নম্বর ১০৫-এ কল করেও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে এবং এতে কোনো খরচ লাগবে না।

এসএমএসের মাধ্যমেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecs.gov.bd ব্যবহার করেও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করলে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। আবার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।

ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান ও যাতায়াতের পথ দেখার সুবিধাও রয়েছে।

কুমিল্লায় মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রমিজ উদ্দিন উপজেলার রাজপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়ার মৃত মোহাব্বত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার স্থানীয় শংকুচাইল বাজারের একটি চা দোকানে বসেছিলেন রমিজ উদ্দিন। ওই সময় চিহ্নিত মাদক কারবারি মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রমিজ উদ্দিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে মাদক কারবারিরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।

ওসি লুৎফুর রহমান জানায়, রমিজ উদ্দিনের মৃত্যুর ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার এবং নিহতের ভাই মিজানকে থানায় আনা হয়েছে। মরদেহ ঢাকা থেকে এলাকায় আনার প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৌদিতে গাড়ির ধাক্কায় কুমিল্লা প্রবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি। নিহতের নাম শাহীন মিয়া (৪০)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আব্দুল কাদেরের ছেলে।

সহকর্মী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের দাম্মাম–আপকিক–আলহাসা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সৌদি স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ৩টা ৪০ মিনিট) একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন শাহীন মিয়া।

শাহীন মিয়া সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠান সিইউসি কোম্পানিতে কাজ করতেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন একই প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মী মো. সুমন মিয়া। তিনি জানান, দুর্ঘটনার পরপরই শাহীন মিয়ার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে বিদেশে কাজ করে পরিবারের ভরণপোষণ করতেন শাহীন মিয়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ও সন্তানরা দিশেহারা হয়ে পড়েছেন।

পরিবারের সদস্যরা জানায়, মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় অর্থ তাদের কাছে নেই। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহায়তা কামনা করেছেন যাতে দ্রুত মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে লম্বা হাটি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সরকারি খাস জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমি ক্রয় করেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বশির মিয়া নামে একজন গুরুতর আহত হয়। তার স্বজনরা আহত অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ও সরকারি খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।