All posts by jitu

সড়ক দুর্ঘটনার শিকার মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক:

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন টালিউডের ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। গাড়িবহর নিয়ে শনিবার বাঁকুড়া থেকে আসানসোল যাচ্ছিলেন তিনি। পথে বিষ্ণুপুর পার করার পর দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মিঠুন ও তাঁর সঙ্গে থাকা সবাই ভালো আছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। বাঁকুড়ায় রাজনৈতিক কর্মসূচি শেষে ফিরছিলেন মিঠুন।

নিরাপত্তার কারণে তাঁর গাড়ির সামনে-পেছনে ছিল নিরাপত্তারক্ষীর গাড়ি। প্রথম গাড়িটির সামনে হঠাৎ একটি সাইকেল ঢুকে পড়ে। সেই সাইকেল আরোহীকে বাঁচাতে সামনের গাড়ি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মিঠুনের গাড়ি সেই গাড়িতে ধাক্কা দেয়। মিঠুনের গাড়ির পেছনে থাকা গাড়িটিও ধাক্কা দেয় মিঠুনের গাড়িতে।

সামনের ও পেছনের গাড়ির মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিঠুনের গাড়ি। এতে গাড়ির সামনের অংশ খুলে পড়ে। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি নিয়েই আসানসোলে পৌঁছান মিঠুন। অভিনয় ও সঞ্চালনা ছাড়াও অনেক দিন ধরেই রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।

সম্প্রতি রিয়েলিটি শো ‘সারেগামাপা লিটল চ্যাম্প’-এর একটি পর্বে হাজির হয়েছিলেন তিনি। মিঠুনকে বড় পর্দায় শেষ দেখা গেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে। ছবিটি চিত্রসমালোচক থেকে সিনেমাপ্রেমীদের অনেকেই ছবিটির প্রশংসা করেন। বক্স অফিসেও ভালো ব্যবসা করে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটি।

পরিষ্কার কথা, তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হবে না: কুমিল্লায় ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

দেশের মানুষ আর ভাঙা নৌকায় উঠতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি আরও বলেন, উনি (শেখ হাসিনা) আবার নির্বাচন করার ঘোষণা দিয়ে নৌকায় ভোট চেয়েছেন। শিল্পী আব্বাস উদ্দিনের একটা গান ছিল- আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।

‘বাংলাদেশের সব মানুষ এখন এই গান গাইতে শুরু করেছে। ভুলে যান ওই নৌকার কথা, ভুলে যান। মানুষ এখন আপনাদের বিদায় দেখতে চায়। দয়া করে সময় থাকতেই মানে মানে কেটে পড়ুন। তা না হলে এই বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় করবে, কীভাবে করবে, সেটা আপনারা জানেন। অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে।’

১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ হবেই উল্লেখ করে তিনি বলেন, এ সমাবেশ যাতে না হতে পারে, সেজন্য গায়েবি মামলা দেওয়া শুরু করেছে। আমাদের কথা খুব পরিষ্কার- আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে, দাবি নিয়ে আন্দোলন করছি। সেখানে আপনারা বিভিন্ন রকম কথা বলবেন, ধোঁয়া তুলবেন, এটা হয় না।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়। নেতাদের কারাগারে নিক্ষেপ করে দ্রুত সাজা দিয়ে নির্বাচনি বৈতরণি পার হতে চায় সরকার। গোমতী নামে বিভাগ কুমিল্লার মানুষ মেনে নেবে না বলেও জানান তিনি।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। কুমিল্লার টাউন হল মাঠে বেলা ১১টায় এ গণসমাবেশ শুরু হয়। পরিবহণ ধর্মঘট না থাকায় কোনো ভোগান্তি ছিল না। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ এবং মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী-সমর্থক সকাল থেকেই মিছিল নিয়ে বিভাগীয় গণসমাবেশে যোগদান করেন। কাকডাকা ভোর থেকেই নগরীর টাউন হল মাঠের দিকে নেতাকর্মীদের ঢল নামে।

সকাল ১০টার মধ্যেই পূবালী চত্বর এবং আশপাশের সড়কগুলো সমাগত নেতাকর্মীদের পদভারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু সমাবেশ ততটা শৃঙ্খল ছিল না। মঞ্চে অনেকেই উঠে পড়েন। রোদের কারণে অনেক নেতাকর্র্মী মাঠ ছেড়ে বেরিয়ে যান। এতে মাঠের অনেক অংশ ফাঁকা ছিল।যদিও বিকালে তা পূর্ণ হয়ে যায়।

প্রধানমন্ত্রীর যশোর সমাবেশের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, উনি সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে, রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করে, হাজার হাজার বাস-ট্রাক নিয়ে যশোরে সভা করেছেন। এই সভায় তিনি ঘোষণা দিয়েছেন- আওয়ামী লীগ এলে জনগণ শান্তি পায়। কিন্তু দেশের মানুষ শান্তিতে নেই।

তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এই সরকারকে পদত্যাগ করতে হবে, দীর্ঘ ১৫ বছর ধরে এই দানবীয় সরকার আমাদের সব অর্জন কেড়ে নিয়েছে। এই সরকার আমাদের ভাতে মারছে, পানিতে মারছে, সব পর্যায়ে কর্মসংস্থান শেষ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের যন্ত্রণায় গোটা দেশ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে। তিনি বলেন, আজ মানুষ মুক্তি চায়, মুক্তির জন্যই আজ এখানে আপনারা সমবেত হয়েছেন।

মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, ১৫ বছরে সবকিছু ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতি ধংস করে দিয়েছে, বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে, ব্যবসা-বাণিজ্য শেষ করে দিয়েছে, কৃষিব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, প্রশাসন শেষ হয়ে গেছে। এ অবস্থায় দেশ চলতে পারে না।

তিনি বলেন, সরকার জোর করে দুইবার নির্বাচন করেছে। ২০১৪ সালে কেউ ভোট দিতে যাননি, ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন, আর ২০১৮ সালে তো আগের রাতেই ভোট শেষ। আবার পুরোনো খেলা শুরু করেছে। সরাসরি তো ভোট দিতে সাহস নেই। কারণ তারা জানে ভোট যদি সুষ্ঠু হয়, ভোট যদি সবাই দিতে পারে, তাহলে আওয়ামী লীগের জামানত থাকবে না। সেজন্য ওরা ফন্দিফিকির বের করেছে। বলছে, আগের মতো ভোট হবে। অর্থাৎ ওরা থাকবে ক্ষমতায়, শেখ হাসিনা থাকবেন প্রধানমন্ত্রী, এমপিরা থাকবেন এমপি, মন্ত্রীরা থাকবেন মন্ত্রী। আর আমরা ভোট দেব। আবার নাকি ইভিএমে ভোট হবে। যেমন খুশি তেমন চুরি করবে। এটার জন্য তারা আবার গায়েবি মামলা দেওয়া শুরু করেছে। রাজশাহীতে গত ১১ দিনে ৩৫টি গায়েবি মামলা করেছে আর সারা দেশে ১০৪টার মতো মামলা দিয়েছে।

নেতাদের দ্রুত সাজা দিয়ে নির্বাচনি বৈতরণি পার হতে চায় উল্লেখ করে তিনি বলেন, সবার নামে অসংখ্য মামলা রয়েছে। শুধু তাই নয়, মিথ্যা মামলা দিয়ে তাদের দ্রুত বিচার করতে চাচ্ছে। অর্থাৎ খালেদা জিয়াকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে আটক করে রেখেছে, তাদেরও কারাগারে নিক্ষেপ করে সহজেই নির্বাচনি বৈতরণি পার হতে চায়। ওইভাবে ওদের নির্বাচনি বৈতরণি পার হতে দেশের মানুষ দেবে না। এদেশে কোনো নির্বাচন হবে না- যতক্ষণ না শেখ হাসিনা পদত্যাগ করছে, যতক্ষণ না সংসদ বিলুপ্ত করা হচ্ছে, যতক্ষণ না তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেওয়া হয়। পরিষ্কার কথা- তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, রাশেদা বেগম হীরা, লায়ন হারুন রশিদ, জেড খান মো. রিয়াজ উদ্দীন নসু, খালেদ মাহবুব শ্যামল, আবুল কালাম আজাদ, জাকারিয়া তাহের সুমন, ড. শাহিদা রফিক, বোরহান উদ্দিন, মঞ্জুরুল আহসান মুন্সি, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জান, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য সচিব হাফিজুর রহমান মোল্লা কচি, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম প্রমুখ।

জিতলেই শেষ ষোলোর টিকেট পাবে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করে ফ্রান্স। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়নরা। ফুটবল বিশ্বকাপে তিনবার ফাইনালে খেলে দুইবার শিরোপা জিতে নেয় ফ্রান্স। বিশ্বকাপের সবশেষ আসরে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরাসিরা।

অন্যদিকে ডেনমার্ক নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে। ক্রিস্টিয়ান এরিকসেনদের সাদামাটা পারফরম্যান্সে সমর্থকরা হতাশ হলেও ড্যানিশদের নিয়ে সতর্ক ফ্রান্স।

রাশিয়া বিশ্বকাপেও একই গ্রুপে ছিল ফ্রান্স ও ডেনর্মাক। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এছাড়া বিশ্বকাপের আগে উয়েফা নেশন্স লিগে ড্যানিশদের কাছে দুবার হেরেছে ফরাসিরা। এরিকসেনদের মুখোমুখি হওয়ার আগে তাই সতীর্থদের সতর্কবার্তা দিলেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

তিনি বলেছেন, আধুনিক ফুটবলের ছোট দল বলে কিছু নেই। এখন সবাই টেকনিক্যালি ও টেকটিক্যালি অনেক কাজ করে। আমরা দেখেছি, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরব টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে কতটা অবিশ্বাস্য ছিল। ডেনমার্কের বিপক্ষেও আমরা এটা দেখেছি। সম্প্রতি তাদের বিপক্ষে আমাদের ভুগতে হয়েছে। নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি তাই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বিএনপিকে নিরাপদ স্থানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক:

রাজধানীর নয়াপল্টনে ১০ ডিসেম্বরের বিএনপির গণসমাবেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না। সরকার যেখানে ভালো ও নিরাপদ মনে করেছে সেখানেই তাদের অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের আয়োজিত ‘দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২২’ উদ্বোধন অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পালিয়ে যাওয়া জঙ্গিদের অবস্থান দ্রুতই জানা যাবে।

মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই উপযুক্ত মনে করেছেন। এজন্য সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। আমাদের আওয়ামী লীগের কিছু দলীয় প্রোগ্রাম রয়েছে, সেগুলো শেষ হয়ে যাবে। এরপর বিএনপি সেখানে সমাবেশ করতে পারবে।

বিএনপি বলছে, সরকার পল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হবে- এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনো অফিসিয়াল অনুমতি এখনো আসেনি। বিএনপি আমাদের কাছে এসেছিল। তারা তিনটি জায়গার কথা বলেছিল। তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যান।

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কিনা- এ প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনাদের কাছেই আমার জিজ্ঞাসা, এতবড় গ্যাদারিং তারা কোথায় করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে, সেখানে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না।

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনার মূলহোতা জঙ্গি জিয়াউল হক এখনো ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ধরা হচ্ছে না এটা ঠিক নয়। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৌশলে তিনি আড়ালে-আবডালে অবস্থান করছেন।

আনসার আল ইসলামের প্রধান সমন্বয়ক মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হকের নাম ৯ বছর ধরেই শোনা যাচ্ছে। কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তার অবস্থান কি শনাক্ত করা গেছে? এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিনিয়তই জঙ্গি মেজর জিয়া তার অবস্থান পরিবর্তন করছেন। আমরা তার অবস্থান শনাক্ত করছি আবার তিনি পরিবর্তন করে ফেলছেন। তবে আশা করছি, খুব শিগগিরই থাকে ধরা সম্ভব হবে।

জিয়াকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব আধুনিক যন্ত্রপাতি বা কৌশল ব্যবহার করে জঙ্গিরাও সেই জিনিসগুলো ধারণ করে। এসব ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তবে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ২০ নভেম্বর পুলিশের মুখে স্প্রে ছিটিয়ে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। ঘটনার পর পর রাজধানীতে রেড অ্যালার্ট জারি হয়। ঢাকার অলিগলিতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় পুলিশ। সারা দেশে সতর্কতা জারি করা হয়। ঘটনার পর অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ জানান, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মাস্টারমাইন্ড আনসার আল ইসলামের মূলহোতা মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক।

সৌদি আরব হারায় চাপ বাড়ালো আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক:
পুরো ম্যাচে খেললো সৌদি আরব। কিন্তু গোল আদায় করে নিলো পোল্যান্ড। জিয়েলিনস্কি এবং রবার্ট লেওয়ানডস্কির গোলে ২-০ ব্যবধানে সৌদি আরবকে হারিয়ে আর্জেন্টিনার ওপর চাপ বাড়ালো পোল্যান্ড। এই গ্রুপের পরের ম্যাচে মেক্সিকোর সঙ্গে অবশ্যই জিততে হবে আর্জেন্টিনাকে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে ওই ম্যাচে জিততেই হবে লিওনেল মেসিদের।

প্রথম ম্যচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল সৌদি আরব। একই গ্রুপে পরের ম্যাচে পোল্যান্ড এবং মেক্সিকো গোলশূন্য ড্র করে। যার ফলে, আর্জেন্টিনার ওপর এমনিতেই চাপ বেড়ে যায়। আজ সৌদি আরব জিতলে আর্জেন্টিনার জন্য সুবিধা হতো। কিন্তু পোল্যান্ড জেতার কারণে হিসেবটা জটিল হয়ে গেলো।

‘সি’ গ্রুপে এখন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো পোল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সৌদি আরব এবং আগের ম্যাচ ড্র করার কারণে মেক্সিকোর পয়েন্ট ১। তারা তৃতীয় এবং শেষ দলটি আর্জেন্টিনা।

দ্বিতীয় রাউন্ডে যেতে হলে মেক্সিকোর বিপক্ষে জিততেই হবে। ড্র করা কোনোভাবেই নিরাপদ নয় আর তাদের জন্য। অথচ, প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছিলো মেক্সিকানরা, সেটাই আর্জেন্টিনার জন্য বিপজ্জনক। মেক্সিকো গোলরক্ষক গুইয়ার্মো ওচোয়া রবার্ট লেওয়ানডস্কির পেনাল্টি শট ফিরিয়ে দিয়েছিলেন।

ম্যাচের শুরু থেকে দারুণ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সৌদি আরব। একের পর এক আক্রমণে পোলিশ রক্ষণদুর্গ তছনছ করে দিতে থাকে। বেশ কয়েকবার গোলের দারুণ সুযোগও তৈরি করে তারা। কিন্তু শেষ মুহূর্তে সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তারা। বিশেষ করে পোল্যান্ডের গোলরক্ষক ওজিয়েক সিজিসনি সৌদি আরবের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন।

১৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো সৌদি। মোহাম্মদ কানো সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের মধ্যে নিয়ে গিয়ে শট নেন। কিন্তু সিজিসনি অসাধারণ দক্ষতায় বলটি রক্ষা করেন। এ সময় কিছুক্ষণ দু’দলের খেলোয়াড়রাই শারীরিক প্রতিদ্বন্দ্বীতায় মেতে ওঠে। প্রচুর ফাউল হয়। যে কারণে রেফারিকে ৮ মিনিটের মধ্যে চারবার হলুদ কার্ড বের করে দেখাতে হয়।

২৬ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল পোল্যান্ড। জিয়েলনস্কি কর্নার কিক নিলে ভেসে আসা বলে হেড করেন বিয়েলিক। তবে সৌদি ডিফেন্ডার আল সেহরি সেটিকে জালে প্রবেশ করতে দেননি।

৩৯ মিনিটে গোল করেন জিয়েলিনস্কি। একটি প্রতি আক্রমণে বল নিয়ে দ্রুত সৌদির বক্সের মধ্যে প্রবেশ করেন রবার্ট লেওয়ানডস্কি। ডিফেন্ডারদের সঙ্গে কাটিয়ে শেষে বল দেন জিয়েলিনস্কিকে। দারুণ এক শটে তিনি বলটি সৌদির জালে প্রবেশ করান।

৪৪ মিনিটে পেনাল্টি পায় সৌদি আরব। আল সেহরিকে ফাউল করেন বিয়েলেক্স। ভিএআর দেখে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক নিতে আসেন সালেম আল দাওসারি। কিন্তু গোলরক্ষক ওজিয়েক সিজিসনি বাম পাশে ঝাঁপিয়ে পড়ে বলটি ঠেকিয়ে দেন। ফিরতি বলে শট নেন আরেক সৌদি ফুটবলার। কিন্তু সেটিকেও অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক ওজিয়েক সিজিসনি।

দ্বিতীয়ার্ধেও অসাধারণ খেলেছিল সৌদি আরব। কিন্তু তাদের ভালো খেলা কোনো কাজে আসেনি। বরং, এই অর্ধেও গোল হজম করতে হয়েছিলো তাদের। ম্যাচের ৮২তম মিনিটে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। বিশ্বকাপে লেওয়ানডস্কির এটাই প্রথম গোল। গত আসরেও খেলেছিলেন তিনি। কিন্তু কোনো গোল করতে পারেননি। এবারও মেক্সিকোর বিপক্ষে গোল তো দুরে থাক, পেনাল্টি পর্যন্ত মিস করেছিলেন তিনি।

ম্যাচের ৫৬ এবং ৬০ মিনিটের মাথায় দুর্দান্ত দুটি সুযোগ পেয়েছিলেন সালেম আল দাওসারি। কিন্তু ৫৬তম মিনিটে তার দুর্দান্ত শটটি ঠেকিয়ে গোল পোল্যান্ড গোলরক্ষক এবং ৬০ মিনিটের মাথায় তার কাছ থেকে বল পেয়ে একদম গোলমুখ থেকে আল বিরাকান বলটিকে পোস্টের ওপারে পাঠিয়ে দেন।

আর্জেন্টিনা-মেক্সিকোর লড়াই, দেখুন পরিসংখ্যান

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে চাপে আছে আর্জেন্টিনা। শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মেক্সিকো। বিশ্বকাপ জয়ের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে লিওনেল মেসিদের। বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা এই ম্যাচকে ফাইনালের মতোই গুরুত্ব দিচ্ছে।

‘সি’ গ্রুপের চার দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। আর্জেন্টিনার অবস্থান সবার নিচে। এখন বাকি দুই ম্যাচে একটি হার কিংবা ড্রও বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে পারে আর্জেন্টিনার।
এমন সমীকরণ নিয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে লুসাইল স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। শেষ ষোলোতে জায়গা করে নিতে জয়ের কোনো বিকল্প নেই মেসিদের।

তবে ফটুবলপ্রেমীরা মনে করছেন, দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফিফা র‌্যাংকিং হিসেবে আর্জেন্টিনা বেশ এগিয়ে। আর্জেন্টিনার র‌্যাংকিং ৩, আর মেক্সিকোর ১৩।

মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য বেশ এগিয়ে আর্জেন্টিনা। মেক্সিকো তাদের বেশ পরিচিত প্রতিপক্ষ। দুই দল ম্যাচ খেলেছে ৩৫টি। এর মধ্যে আর্জেন্টিনার জয় ১৬টিতেই, আর ড্র ১৪ ম্যাচ। বাকি পাঁচ ম্যাচ জিতেছে মেক্সিকো।

তবে বিশ্বকাপে এর আগে আর্জেন্টিনাকে একবারও হারাতে পারেনি মেক্সিকো। তিনবার দেখা হয়েছে দুই দলের, তিনবারই জিতেছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০১০ বিশ্বকাপে শেষ ষোলোতে মেক্সিকোকে ৩-১ গোলে হারায় আর্জেন্টাইনরা।

আর্জেন্টিনা ও মেক্সিকোর সবশেষ দেখা হয়েছিল প্রীতি ম্যাচে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সে ম্যাচে লতারো মার্টিনেজের হ্যাটট্রিকে মেক্সিকানদের ৪-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা।

কুমিল্লা সদরে অসহায়দের মাঝে বিজিবির উদ্যোগে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার:

উপ-শাখা সীপকস (সেক্টর),কুমিল্লার ব্যবস্থাপনায় ত্রাণ হিসেবে ৮০০টি বিতরণের পরিকল্পনা গ্রহণের অংশ হিসেবে  শনিবার ( ২৬ নভেম্বর ) বেলা ১১ টায় সদরের কালিবাজারের নার্গিস আফজল বহুমুখী কারিগরি কলেজ প্রাঙ্গনে অসহায়-নি:স্বদের মাঝে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইজি কমান্ডারের পত্নী শামীমা সুলতানা, উপ-শাখা সীপকস্‌ (সেক্টর), কুমিল্লার ভারপ্রাপ্ত কোষাধক্ষ্য তানিয়া ইসলাম এবং ভারপ্রাপ্ত সমন্বয়কারী অফিসার।

উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর ২০২২ তারিখ কুমিল্লা ব্যাটালিয়নের (১০বিজিবি) বিবিরবাজার বিওপি ও ২৯ নভেম্বর সুলতান ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বড়জ্বালা বিওপির সীমান্তবর্তী দুঃস্থ্য মানুষের মাঝে উপ-শাখা সীপকস (সেক্টর), কুমিল্লার পক্ষ হতে আরো ৫০০টি কম্বল বিতরণ করা হবে।

শীত তাড়ানোর ভেষজ টোটকা

ডেস্ক রিপোর্ট:

তাপমাত্রা যত নামতে থাকে ততই হাত-পা অসাড় হয়ে যায়, চলাফেরা করতে ইচ্ছে করে না। অতিরিক্ত ঠাণ্ডায় কাজ করাও সমস্যা হয়। বেশি ঠাণ্ডায় আবার দেখা দিতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা। তাই শীতে উষ্ণতা পেতে এবং চনমনে থাকতে গরম পোশাক ব্যবহারের পাশাপাশি খেতে হবে এমন কিছু খাবার, যেগুলো শরীর গরম রাখতে সাহায্য করবে। সাধারণভাবে যে খাবারগুলো হজম হতে বেশি সময় নেয় তা আপনার শরীরের তাপমাত্রা বাড়াতে এবং আপনাকে উষ্ণ বোধ করতে সাহায্য করতে পারে।

আদা চা:

গরম আদা চা আপনাকে ঠাণ্ডার দিনে গরম অনুভব করাতে সাহায্য করে। আদা স্বাস্থ্যের জন্য ভালো বলে পরিচিত এবং তা থার্মোজেনেসিসকে (এটি একটি ডায়াফোরটিক, যার মানে এটি আপনার শরীরকে ভেতর থেকে গরম করতে সাহায্য করবে) উদ্দীপিত করতে পারে। শীতে আপনাকে উষ্ণ রাখা আদা চা পান করার অনেকগুলো স্বাস্থ্য উপকারের মধ্যে একটি মাত্র।

মধু:

অল্প গরম পানিতে প্রতিদিন এক চা চামচ মধু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সাহায্য করে। মধু আপনাকে সর্দি-কাশি থেকে দূরে রাখতে সাহায্য করে। মধু প্রকৃতিগতভাবে উষ্ণ খাবার। নিয়মিত মধু পান করা এই শীতে আপনার শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করবে।

বিভিন্ন তরল খাবার:

শরীরকে উষ্ণ রাখতে এই শীতে ধোঁয়া ওঠা মসলা চা কিংবা কফির জুড়ি মেলা ভার। পাশাপাশি রাখতে পারেন বিভিন্ন সবজি ও চিকেন দিয়ে তৈরি স্যুপ। দিনের সব ক্লান্তি মুছে ফেলতে দিনের শেষ ভাগে রাখতে পারেন এক গ্লাস কুসুম গরম দুধ।

জলপান করা : এই শীতে আপনার শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করার একটি সহজ উপায় হলো পানি পান করা। পানি আপনার শরীরকে সর্বোত্তমভাবে কাজ করতে সাহায্য করে এবং আপনার অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ডিহাইড্রেশনের কারণে আপনার শরীরের তাপমাত্রা কমে যায়, যা হাইপোথার্মিয়া হতে পারে। সাত সকালে সাধারণত পিপাসা লাগে না। এ সময় মন না চাইলেও নিয়ম করে পানি পান করতে হবে।

বিভিন্ন মসলা:

শরীরের উষ্ণতা বজায় রাখতে মসলা একটি কার্যকর উপাদান। যেহেতু আমাদের রন্ধনপ্রণালীতে প্রায়ই মসলা ব্যবহার করি, তাই এটি সহজেই আমাদের দৈনন্দিন খাদ্যের অংশ হয়ে ওঠে। তেমন কিছু মসলা হলো আদা, জিরা, গোলমরিচ এবং দারচিনি ইত্যাদি। আদা আমাদের চা, স্যুপ বা যেকোনো তরকারিতেও ব্যবহার করা যেতে পারে। জিরা দীর্ঘ সময়ের জন্য আপনার শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। তাই আপনার খাবার প্রস্তুতের সময় জিরা যোগ করতে পারেন। সালাদ এবং নানা রেসিপিতে দারচিনির গুঁড়া যোগ করা যেতে পারে। কারণ এটি স্বাদ বাড়ায় এবং বিপাক হার বাড়ায়।

গুড় : এটি হজমশক্তির উন্নতিতে সাহায্য করে এবং আপনাকে উষ্ণ রাখে। এ ছাড়া এটির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যেমন—এটি কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, বিপাককে বাড়িয়ে তোলে। খাবারের পর অল্প পরিমাণে খাওয়া যেতে পারে।

ঘি : আয়ুর্বেদ অনুসারে, দেশি ঘি হলো সবচেয়ে সহজে হজমযোগ্য চর্বিগুলোর মধ্যে একটি, যা রান্নার পাশাপাশি তরকারিতে স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। ঘি আপনার শরীরের পিত্ত (তাপ উপাদান) নিরাময়ের একটি প্রাকৃতিক উপায়।

ঘির অসংখ্য উপকারিতা রয়েছে। যেমন—এটি হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং টক্সিন নির্গমনে সহায়তা করে। এটি আপনাকে উষ্ণ রাখে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। দেশি ঘিতে ভাজা পেঁয়াজ খেলে গলা ব্যথার উপশম হয়।

লেখক : পুষ্টিবিদ, গুলশান ডায়াবেটিক কেয়ার